ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে শান্ত, ৮৪ ধাপ এগোলেন তামিম
ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ায় মাটিতে ব্যক্তিগত ক্যারিয়ারের টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি পেয়েছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। এ পারফরম্যান্সের সুবাদে আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন তিনি। ৮৪ ধাপ এগিয়ে কার্টিস ক্যাম্ফারের সঙ্গে যৌথভাবে ৮৮ নম্বরে আছেন তানজিদ।
তার পাশাপাশি অজিদের বিপক্ষে বাংলাদেশের হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করতে না পারলেও বাংলাদেশকে বড় লিড নেওয়ার ভিত গড়ে দেন টেস্ট অধিনায়ক। হ্যাজেলউডের বলে আউট হওয়ার আগে খেলেছেন ৮৪ রানের ইনিংস।
এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন শান্ত। ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক আছেন ২০ নম্বরে। বাংলাদেশের টেস্ট ব্যাটারদের মধ্যে শান্তর ওপরে কেবল মুশফিকুর রহিম। ১৮ নম্বরে আছেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। ডারউইনে প্রথম টেস্টে ডাক মেরেছিলেন লিটন দাস। রান না পাওয়ায় ৫ ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।
তানজিদের সঙ্গে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশের বিপদ সামাল দেওয়ার পাশাপাশি দলকে ভালো অবস্থানে নিয়ে যান মুমিনুল হক। তবে হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে বাঁহাতি ব্যাটারকে ফিরতে হয় ৪৯ রানে। দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৩০ রান। এমন ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন মুমিনুল। ছোট ছোট ইনিংসে ৩ ধাপ এগিয়ে সাদমান ইসলাম উঠেছেন ৫৮ নম্বরে।
দ্রুতই শান্ত, মুশফিক ও লিটনের বিদায়ের পর টেইলএন্ডারদের সঙ্গে নিয়ে বাংলাদেশের লিড ২২৮ রান পর্যন্ত নিয়ে যান মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে উঠে এসেছেন তিনি। অস্ট্রেলিয়া সফরে না থাকা এক ধাপ পিছিয়ে গেছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে (১১ নম্বরে) আছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন মিরাজ। ডারউইন টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৫৫ রানে নিয়েছিলৈন ৬ উইকেট। দ্বিতীয় তিন উইকেট নিয়েছিলেন ৫৬ রানে। ম্যাচে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হাসান। বর্তমানে ৩৮ নম্বরে আছেন ডানহাতি পেসার। তাসকিন আহমেদ এক ধাপ ও ইবাদত হোসেন এগিয়েছেন ৪ ধাপ।
ডারউইনে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট নিলেও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি মিরাজের। আগের মতোই তিনে আছেন স্পিন বোলিং এই অলরাউন্ডার। এদিকে সতীর্থ জো রুটকে পেছনে ফেলে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন হ্যারি ব্রুক। বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ভারতের জসপ্রিত বুমরাহ।