মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ডেস্ক নিউজ : মুন্সীগঞ্জ সদরে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে আনুমানিক ২ লাখ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত এসব কারেন্ট জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (২৩ আগস্ট) উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। জেলার সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে মুক্তারপুর নৌপুলিশ।
অভিযানের বিষয়ে উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।