পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক : আপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
রেসকিউ ১১২২ কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এ হামলা হয়। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি হামলাটিকে ‘ফিতনা আল-হিন্দুস্তান খাওয়ারিজ’-এর ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।
পুলিশের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। এক বিবৃতিতে সংগঠনটি হামলার দায় স্বীকার করে।