ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের কিরিয়াত গাত শহরে ইনটেলের একটি সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের পর সেখানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে তুর্কি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য জানিয়েছে। ইসরায়েলি পুলিশের ধারণা, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে। রাসায়নিকের উৎস শনাক্ত করতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড নামের একটি গ্যাস জড়িত থাকতে পারে। সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে ব্যবহৃত এ গ্যাসের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় বিশেষায়িত বিপজ্জনক রাসায়নিক মোকাবিলা দল ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির তথ্য অনুযায়ী, দমকলকর্মীরা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের আটটি ইউনিট এবং আশপাশের স্টেশন থেকে বিশেষায়িত রাসায়নিক মোকাবিলা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
কিরিয়াত গাতের এ কারখানায় সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন করা হয়। বিস্ফোরণের কারণ এবং রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার প্রকৃত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।