উত্তরার সড়কে প্রায় ৪ ঘণ্টা অবরোধ পোশাকশ্রমিকদের, ধাওয়া দিয়ে সরাল পুলিশ
ডেস্ক নিউজ : বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় পৌনে চার ঘণ্টা অবরোধের পর সড়ক থেকে পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আটটা থেকে পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা ময়মনসিংহ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, পোশাকশ্রমিকেরা দীর্ঘ সময় সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অনুরোধের পরও তারা রাস্তা থেকে সরে না যাওয়ায় ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর দুপুর পৌনে ১২টার দিকে রাস্তায় যান চলাচল শুরু হয়।
পুলিশ ও পোশাকশ্রমিকেরা জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে একাধিক পোশাক কারখানা শ্রমিকেরা বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর সড়কের দুপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই দাবিতে গতকাল ও মঙ্গলবারও তারা বিক্ষোভ করেন।