১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স
বিনোদন ডেস্ক : ইউটিউব ও টিকটকের মতো ভিডিও প্ল্যাটফর্মগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় টিকতে না পেরে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের শীর্ষ স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৬ শতাংশ বা ১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী সংকোচনের ঘটনা।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় নেটফ্লিক্সের কো-সিইও গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস জানান, প্রতিষ্ঠানের প্রোডাক্ট, টেকনোলজি, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস (এইচআর) বিভাগেই ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। ব্যবসায়িক লক্ষ্য অর্জন এবং ভবিষ্যৎ কৌশল বাস্তবায়নে জনবল ও সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতেই এই কৃচ্ছ্রতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
বাজার বিশ্লেষকদের মতে, বিনা মূল্যে কনটেন্ট দেখার সুযোগ থাকায় বিশ্বজুড়ে সাধারণ দর্শকেরা এখন ইউটিউব ও টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোর দিকে ব্যাপকভাবে ঝুঁকছেন। এর ফলে নেটফ্লিক্সে ব্যবহারকারীদের সময় কাটানোর হার (এনগেজমেন্ট) আশঙ্কাজনকভাবে কমে গেছে। এতে বিজ্ঞাপনী সুবিধা ও দর্শক ধরে রাখার দ্বিমুখী লড়াইয়ে চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। কেবল সাবস্ক্রিপশনভিত্তিক আয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে প্ল্যাটফর্মটির প্রবৃদ্ধিও একপ্রকার স্থবিরতায় পৌঁছেছে।