নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১১ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন এ দণ্ড দেন। এসময় জেলেদের কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার মিটার জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়- উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ১১ জেলেকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইন বলেন, মা ইলিশ রক্ষায় সরকার নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ নির্দেশনা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।

নিষেধাজ্ঞা কার্যকর করতে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেঘনা নদীতে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।