আতঙ্ক তৈরি করতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করছে নিষিদ্ধ সংগঠন: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গ্রুপ কাজ করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রোববার (৮ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ কথা জানান।

এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর পেছনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

আকতার হোসেন বলেন, জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এই কাজগুলো করছে। দেশজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি জনসাধারণে যেন আতঙ্ক সৃষ্টি না হয়, সে ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।