ট্রেনযাত্রীর ব্যাগ নিয়ে উধাও ছিনতাইকারীরা, লঞ্চ টার্মিনালের পন্টুন থেকে ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
চাঁদপুরে ট্রেনযাত্রীর হাতব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা ট্রেনে এক নারী যাত্রীর হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী নারীর এক স্বজন চাঁদপুর জিআরপি থানায় মামলা করেন।
পরে ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তদন্তের একপর্যায়ে প্রথমে দুজনকে আটক করা হয়। এরপর গত শনিবার রাতে কিশোরগঞ্জ থেকে আরও একজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের পুরোনো লঞ্চ টার্মিনালের পন্টুনের ভেতর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, একটি মুঠোফোন ও নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটক তিনজনই পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। সংবাদ সম্মেলনে এক নারী যাত্রীর কাছে এত স্বর্ণালংকার থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রামে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে ওই নারী আরও কয়েকজনের সঙ্গে যাচ্ছিলেন। তার হাতব্যাগে অন্য নারীদের স্বর্ণালংকারও ছিল।
তবে বাদীর অভিযোগ অনুযায়ী, ছিনতাই হওয়া আরও কিছু স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদপুর জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কেলা জাহিদ (২১), গরু জাহিদ (২০) ও রাব্বি (২৪)। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।