ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে হারায় চাপ ছিল ভুটানের ওপর। সেমিফাইনালের রেসে টিকতে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্টের বিকল্প ছিল না। দলটি জিততে না পারলেও লঙ্কানদের কাছ ছিনিয়ে নিয়েছে এক পয়েন্ট। তাতে পাকিস্তানের পর সাফে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
রবিবার রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলায় ২-২ গোলে ড্র করেছে ভুটান ও শ্রীলঙ্কা। এই ড্রয়ে দুই দলেরই আশা বেঁচে থাকল। এই গ্রুপে তিন পয়েন্ট পেয়ে বাংলাদেশ সেরা চারের একটি স্পট নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ খেলায় নিশ্চিত হবে সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে কোন দল।
এদিন শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল শ্রীলঙ্কা। ১৩তম মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না দলটি। উল্টো ৩৪তম মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই দূরপাল্লার শটে সমতা ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে ২–১ ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েও শুরুতে কাজে লাগাতে পারেনি ভুটান। ৬৮তম মিনিটে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিয়েলশেন।
তবে ৭৬তম মিনিটে দুর্দান্ত এক গোলে সেই আক্ষেপ ঘোচান ভুটানের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২–২ সমতায় শেষ হয় ম্যাচ।
এখন এই গ্রুপের শেষ খেলায় বাংলাদেশের জয়ের আশায় থাকবে ভুটান। কেননা বাংলাদেশ জিতলেই শেষ চারের টিকিট পেতে পারে তারা। লঙ্কানদের সামনে সহজ সমীকরণ, ড্র করলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে উঠবে।