সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে, সমবায় কাঠামোর আমূল পরিবর্তন করে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আইনের কারণেই সমবায় আন্দোলন এগিয়ে যেতে পারছে না। আইন পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
ছোট বেলায় নিজ শহরে সমবায়ের সমৃদ্ধ কার্যক্রম দেখেছেন বলে জানান রাষ্ট্রপতি। কিন্তু, ক্রমেই সেই জৌলুশ হারিয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান তার স্বনির্ভর বাংলাদেশ উদ্যোগের সঙ্গে সমবায় আন্দোলনকে একীভূত করতে চেয়েছিলেন।
এছাড়াও, মিল্কভিটার মতো সফল সমবায় প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাতে আরও অভিনবত্ব আনার পরামর্শও দেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, দুর্নীতির কারণে সমবায় সমিতিগুলো নষ্ট হয়ে গেছে। কয়েকটা মাত্র গ্রামে সফলভাবে কাজ করতে পেরেছে।
বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে রাষ্ট্রপতি বলেন, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান যে দীর্ঘ পথ র্যালিতে অতিক্রম করেছেন এবং যে সমস্ত কথাগুলো তিনি জাতির সামনে তুলে ধরেছেন, সেগুলোকে সামনে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যেতে চাই; তাহলে অনেক প্রতিবন্ধকতাকে এড়িয়ে যেয়ে আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, আমাদের জ্বালানি সংকট, যুদ্ধ, বিগত দিনগুলোতে অর্থ পাচারের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, এর মধ্য থেকে যদি আমরা উপরে উঠতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
যে সব ষড়যন্ত্র, চক্রান্ত আছে দেশকে পেছনে ফেলার, সেগুলোকে কাটিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, যোগ করেন রাষ্ট্রপতি।