ডিসেম্বরে ৬৪ জেলায় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা সরকারের
বিনোদন ডেস্ক : দেশের ঐতিহ্যবাহী পরিবেশনাশিল্প যাত্রাপালা ও সার্কাসের হারানো ঐতিহ্য ও জনপ্রিয়তা পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে সরকার। এ শিল্পের মানোন্নয়ন, শিল্পীদের কর্মসংস্থান এবং প্রদর্শনীর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরে দেশের ৬৪ জেলায় একযোগে জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উৎসবে যাত্রাপালা ও সার্কাস প্রদর্শনীর সুযোগ রাখা হবে।
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘পরিবেশনাধর্মী শিল্প: সার্কাস ও যাত্রাপালা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একসময় গ্রামবাংলার মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল যাত্রাপালা ও সার্কাস। সময়ের পরিবর্তন এবং বিনোদনের নতুন মাধ্যমের বিস্তারে এসব শিল্পের প্রতি মানুষের আগ্রহ কমেছে। সামাজিক মর্যাদা ও পারিবারিক দর্শক ফিরিয়ে আনতে যাত্রা ও সার্কাসের পরিবেশনায় সময়োপযোগী পরিবর্তন আনতে হবে। তবে যাত্রার নিজস্ব আঙ্গিক ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করা সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাত্রা ও সার্কাস পুনরুজ্জীবনে সরকার কাজ করছে। আগামী ডিসেম্বরে ৬৪ জেলায় জাতীয় সাংস্কৃতিক উৎসবে যাত্রা ও সার্কাস প্রদর্শনী থাকবে।
এতে অংশগ্রহণের জন্য দলগুলোর প্রতিনিধিদের আগামী পাঁচ দিনের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, যাত্রা ও সার্কাস প্রদর্শনীর অনুমতি, নিরাপত্তা এবং অন্যান্য প্রতিবন্ধকতা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমিতে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, সংস্কৃতি সচিব ইয়াসমিন বেগম রুচিশীল, সৃজনশীল ও কাহিনিনির্ভর পরিবেশনার মাধ্যমে পরিবারসহ এসব আয়োজন উপভোগের পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন।
সভাপতির বক্তব্যে শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ বলেন, যাত্রা ও সার্কাস দলের বাস্তব অবস্থা, আর্থিক সংকট এবং মাঠপর্যায়ের প্রতিবন্ধকতা চিহ্নিত করে মানোন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টি যাত্রাদল ও ১২টি সার্কাস দলের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও শিল্পীরা অংশ নেন। তারা প্রদর্শনীর অনুমতি না পাওয়া, আর্থিক সংকট ও স্থানীয় পর্যায়ে নানা অনিশ্চয়তার কথা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান রুবাইয়া জাবীন প্রিয়তা।