বাংলাদেশে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

ডেস্ক নিউজঃ মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রভাব সরেজমিন মূল্যায়ন করতে সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। আজ বুধবার থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি, দেশটির অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক অবস্থা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করবেন কেলি ই. কারি। পাশাপাশি এসব সংকট মোকাবিলায় ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, এ মুহূর্তে তারা তার সফরের আয়োজন করতে প্রস্তুত নয়। এ কারণে বাংলাদেশের পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রভাব মূল্যায়নে তিনি বাংলাদেশ সফর করছেন।

সফরকালে সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তি এবং বেঁচে ফেরা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ ছাড়া ঢাকায় একাধিক বৈঠকের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

আগামী ১৮ নভেম্বর সফর শেষে এক সংবাদ সম্মেলনে নিজের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন তুলে ধরবেন কেলি ই. কারি। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক এই বিশেষ র‌্যাপোর্টিয়ার আগামী ২০২৭ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।