ফ্রান্সে শিবিরে চোটের হানা, ইতালির বিপক্ষে নেই এমবাপ্পে
খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক বিরতিতে একের পর এক চোটের ধাক্কায় বিপর্যস্ত ফ্রান্স। এবার পরোপুরি ফিট না হওয়ায় ইতালির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন কোচ জিনেদিন জিদান।
গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে জয়সূচক গোল করার সময় বাঁ হাঁটুতে চোট পান এমবাপ্পে। এরপর থেকে ফ্রান্সের শেষ তিনটি ম্যাচে তিনি খেলতে পারেননি। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, রিয়ালের এই স্ট্রাইকার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। ফলে বুধবার জাতীয় দলের অনুশীলনেও তিনি অংশ নিতে পারেননি।
‘লেকিপ’-এর প্রতিবেদন অনুযায়ী জিদান বলেছেন, পুরোপুরি ফিট না হওয়ায় ইতালির বিপক্ষে ম্যাচে এমবাপ্পে খেলছে না। সে সামান্য ব্যথা অনুভব করছে, তাই বরাবরের মতোই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। খেলোয়াড়দের হারিয়ে ফেলাটা দুঃখজনক, তবে এটি খেলারই অংশ। আশা করি, গুরুতর কিছু নয় এবং রবিবার তাকে আবার দলে ফিরে পাব।
রবিবার ফ্রান্স আবারও তুরস্কের মুখোমুখি হবে। চোট পাওয়া মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনির বদলি হিসেবে প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলে ডাক পেয়েছেন পিএসজির মিডফিল্ডার মায়ুলু। চুয়ামেনির আগে চোটের কারণে দল ছেড়েছেন পিয়েরে কালুলু ও মার্কাস থুরাম। নেশনস লিগে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স।