‘বড় ছাড়ে’ থার্ড টার্মিনাল পাচ্ছে জাপান

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের সিকিউরিপোর্ট, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন, সংযুক্ত আরব আমিরাতের ডনাটা এবং সিংগাপুরের স্যাটসকে টেক্কা দিয়ে অবশেষে বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। টার্মিনালটির অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। একই সঙ্গে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব পরবর্তী সময়ে অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়ে বেবিচক চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল। এখন মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে চুক্তি সম্পাদনের বিষয়টি চূড়ান্ত হবে।

তবে জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া বড় ধরনের ছাড় ও শর্তগুলো নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা এবং অসন্তোষ বিরাজ করছে। তাড়াহুড়ো করে চুক্তি চূড়ান্ত করতে গিয়ে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

তাদের ভাষ্য, শাহজালাল বিমানবন্দরের আয় থেকেই বেবিচক ও দেশের এভিয়েশন খাতের মূল ব্যয় নির্বাহ হয়। পর্যাপ্ত প্রস্তুতি ও ট্রায়াল অপারেশন ছাড়া তড়িঘড়ি করে ১৬ ডিসেম্বর টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে দীর্ঘমেয়াদি অসম শর্ত মেনে নিলে তা দেশের এভিয়েশন খাতের সক্ষমতা ও ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করবে।

বেবিচক সূত্রে জানা যায়, জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলির মধ্যে চারটি শর্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। এগুলোর মধ্যে প্রথম শর্ত হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে। অর্থাত্ বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অংশীদারদের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের দায়িত্ব ও সংশ্লিষ্ট ঝুঁকি বহন করতে হবে বাংলাদেশ বিমানকেই। এক্ষেত্রে তারা আয়ের অংশ পাবে কি না তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

দ্বিতীয়ত, রাজস্ব ভাগাভাগির বিষয়। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি পক্ষ ২৭ শতাংশ রাজস্ব বাংলাদেশকে দেওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনাল প্রস্তুতি পর্বের নির্দিষ্ট মেয়াদে, অর্থাত্ ওপিসিটি চলাকালীন আট মাসের জন্য, তারা মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব পরিশোধের প্রস্তাব দিয়েছে। এতে নির্ধারিত হারের তুলনায় ১৪ শতাংশ কম রাজস্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

তৃতীয়ত, আইনি সুরক্ষা ও দেশের আইন প্রয়োগের বিষয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। জাপানি পক্ষ এ ক্ষেত্রে বিশেষ আইনি সুবিধা ও দায়মুক্তি চেয়েছে। এর বিপরীতে বাংলাদেশ জানিয়েছে, সরকার যদি দেশের সব বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য সাধারণ কোনো আইন প্রণয়ন করে কিংবা বিদ্যমান আইন পরিবর্তন করে, তাহলে সেই আইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাত্ দেশের আইন ও সাধারণ আইনি পরিবর্তনের বাইরে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সরকার একমত নয়। জাপানি পক্ষের অবস্থান হলো দেশের সাধারণ কোনো আইনি পরিবর্তন তাদের ওপর প্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে তাদের বিশেষ আইনি সুরক্ষা, দায়মুক্তি বা ছাড় দিতে হবে।

চতুর্থত, থার্ড টার্মিনাল প্রকল্পের ত্রুটি সংশোধন বা ত্রুটি শনাক্তের পর তা জানানোর নির্ধারিত সময়সীমা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি) ১২ মাস ।

বেবিচক সূত্রে আরো জানা গেছে, থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ওঅ্যান্ডএম চুক্তির প্রস্তাব তৈরি করা হয়েছে। বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদনের পর ক্রয় প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর সঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত সংযুক্ত প্রত্যয়নপত্র দুটিতে ক্রয় প্রক্রিয়ার আইনগত ও বিধিগত অনুসরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্ত নিয়ে এর আগে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্তেও সম্মত হয়েছে বেবিচক। তবে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকার বিষয়টিও আলোচনায় আসে। ফলে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামো ব্যবহারের সুযোগ সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, দেশের স্বার্থবিরোধী একটা চুক্তি হলো। থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অফ করে দেওয়ার মতো মতো জটিল শর্ত মেনে নিয়ে এমন চুক্তিতে না গিয়ে বরং বেবিচকের অর্গানোগ্রাম সংশোধন করে জনবল বাড়ানো হলে বেবিচকই রাজস্ব পেত। এখন জাপানই লাভবান হবে।

এই কর্মকর্তা আরো জানান,  বর্তমানে শাহজালালের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও বাস্তবে এই দুই টার্মিনাল দিয়ে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। জটিল এসব শর্তে দেশ উপকৃত হবে না। বরং চুক্তির স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া দরকার।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। সরকারও এমন ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রস্তুতি নিচ্ছে। এজন্য সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেনসের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন (সফট লঞ্চিং) করা হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পের শুরুতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করার সময় এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ার কারণে দ্বিতীয় সংশোধনীতে এর ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর একনেক সভায় তৃতীয় সংশোধনীতে আরো ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়, যার ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা।