মালিকানা আড়াল করে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ, আওয়ামী লীগ নেতা ফরিদকে ঘিরে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় ৬১ কোটি টাকার তিনটি ঠিকাদারি কাজ পেয়েছে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির আড়ালে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিজের সম্পৃক্ততা আড়াল করতে প্রতিষ্ঠানটির নাম, ঠিকানা ও ট্রেড লাইসেন্সে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। প্রথমে স্ত্রীর নামে এবং পরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নামে ট্রেড লাইসেন্স নেওয়ার উদ্যোগও দেখা গেছে। তবে এসব পরিবর্তনের পরও প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যবস্থাপনায় ফরিদ আহমেদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ফরিদ আহমেদের আগের প্রতিষ্ঠান ছিল মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। নতুন নাম ও পরিবর্তিত পরিচয়ে আবারও ঠিকাদারি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে তিনটি প্যাকেজের কাজ পায় ইউটোপিয়া। এসব কাজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।

দরপত্রের নথি অনুযায়ী, ইউটোপিয়ার চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফরিদ আহমেদের স্ত্রী রামিহা আহমেদ (রোজা) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন ফরিদ নিজেই। প্রতিষ্ঠানে ফরিদের মালিকানা ৬০ শতাংশ এবং তাঁর স্ত্রীর ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসনিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সিইও আবুবকর সিদ্দীককে। এ ছাড়া ব্যবস্থাপক শাহীন আলমকেও বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, দরপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এভাবে প্রতিষ্ঠানের প্রকৃত নিয়ন্ত্রণ ও মালিকানার বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছে।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় পাওয়া তিনটি কাজের মধ্যে রয়েছে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহন। এর মধ্যে অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডের কাজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা। অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের কাজ পেয়েছে ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকায়। অন্যদিকে অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ডের কাজের মূল্য ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকা। সব মিলিয়ে তিনটি প্যাকেজে ৬০ কোটি টাকার বেশি কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি।

তবে কাজ পাওয়ার পর থেকেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চুক্তিতে যতসংখ্যক কর্মী নিয়োগের কথা রয়েছে, বাস্তবে তার চেয়ে কম কর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে। পাশাপাশি কর্মীদের চুক্তি অনুযায়ী বেতন না দিয়ে কম মজুরি দেওয়ার অভিযোগও রয়েছে। এতে শ্রমিকদের প্রাপ্য অর্থের একটি অংশ আত্মসাতের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু রাখার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা যথাযথভাবে অনুসরণ করছে না। এ কারণে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে ইউটোপিয়াকে লিখিত নোটিশও দেওয়া হয়েছে।

ডিএনসিসির দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ছিলেন তৎকালীন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী। ইউটোপিয়াকে কীভাবে দরপত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হলো, জানতে চাইলে ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের মালিকানা অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে এবং নতুন মালিক প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউটোপিয়া রেখেছেন। কোম্পানি আইনে নাম কিংবা মালিকানা পরিবর্তন হলেও প্রতিষ্ঠানের আগের দায় ও অধিকার বহাল থাকে। এসব বিষয় যাচাই করেই প্রতিষ্ঠানটিকে যোগ্য ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। তবে প্রতিষ্ঠানটি কার কাছে বিক্রি হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে ই-জিপির নথিতে ফরিদ আহমেদ ও তাঁর স্ত্রীর নাম থাকায় মালিকানা হস্তান্তরের দাবিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের পরিচয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। নথি অনুযায়ী, ওই বছরের ১৯ আগস্ট মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেড লাইসেন্সে নিজের নামের পরিবর্তে স্ত্রী রামিহা আহমেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে প্রতিষ্ঠানের শেয়ারসংক্রান্ত তথ্যও উল্লেখ ছিল। সেখানে রামিহা আহমেদের নামে ২ হাজার এবং ফরিদ আহমেদের নামে ৩ হাজার শেয়ার থাকার তথ্য দেওয়া হয়।

এর পরদিন, অর্থাৎ ২০ আগস্ট প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের আবেদন করেন ফরিদ আহমেদ। আগে প্রতিষ্ঠানটির ঠিকানা ছিল ভাটারার খিলবাড়িরটেক এলাকায়। পরে তা গুলশান থানাধীন শাহজাদপুরে স্থানান্তরের আবেদন করা হয়। এরপর যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নথি অনুযায়ী, ২০২৫ সালের ২২ জানুয়ারি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নাম পরিবর্তন করে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রাখা হয়।

প্রতিষ্ঠানের পরিচয় পরিবর্তনের পরও ট্রেড লাইসেন্সে নাম পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকে। ২০২৫ সালের ১২ এপ্রিল স্ত্রী রামিহা আহমেদের পরিবর্তে সিইও আবুবকর সিদ্দীকের নামে ট্রেড লাইসেন্স করার আবেদন করা হয়। তবে ওই আবেদনের সঙ্গে যুক্ত বোর্ড সভার কার্যবিবরণীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফরিদ আহমেদের নাম উল্লেখ ছিল। সর্বশেষ গত ১৭ মে আবারও ট্রেড লাইসেন্সে আবুবকর সিদ্দীকের নাম পরিবর্তন করে রামিহা আহমেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স স্ত্রীর নামেই রয়েছে। অথচ কোম্পানির নথিতে ফরিদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ট্রেড লাইসেন্সে একের পর এক নাম পরিবর্তনের পেছনে প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণ আড়াল করার উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরজেএসসির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৭ আগস্ট মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটি পরের বছর থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঠিকাদারি কাজ পেতে শুরু করে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ১২টি কাজ পায়। এসব কাজের সম্মিলিত চুক্তিমূল্য ছিল ৮৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকা।

প্রতিষ্ঠানটি ২০২১ সালেই ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে চারটি কাজ পায়। এসব কাজের মধ্যে ছিল সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য শ্রমিক সরবরাহ। চারটি কাজের মোট মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা। পরবর্তী সময়ে বর্জ্য সংগ্রহ, খাল পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রমেও কর্মী সরবরাহের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি।

২০২২ সালে অঞ্চল-৩ ও ৫-এর বর্জ্য সংগ্রহের কাজ প্রায় সাড়ে ৬ কোটি টাকায় পায় মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট। ২০২৩ সালে সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কারের কাজ পায় প্রায় সোয়া ২ কোটি টাকায়। একই বছর মশক নিধন কার্যক্রমে কর্মী সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার চুক্তি হয়। ২০২৪ সালে অঞ্চল-২ ও ৪-এর বিশেষ বর্জ্য সংগ্রহের কাজ পায় প্রায় ৭ কোটি টাকায়।

এসব কাজের ক্ষেত্রেও কর্মীসংখ্যা ও বেতন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী পর্যাপ্ত কর্মী নিয়োগ না করে কমসংখ্যক লোক দিয়ে কাজ করানো হতো। একই সঙ্গে কর্মীদের নির্ধারিত মজুরির চেয়ে কম টাকা দেওয়া হতো। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

শুধু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগেই নয়, ডিএনসিসির প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা থেকেও বিভিন্ন কাজ পেয়েছিল প্রতিষ্ঠানটি। ২০২২ সালে প্রায় অর্ধকোটি টাকায় দক্ষ ও অদক্ষ শ্রমিক সরবরাহের কাজ পায় তারা। ২০২৩ সালে একই ধরনের আরও একটি কাজ পায় ৬০ লাখ টাকায়। ওই বছর সড়কের রোড মার্কিংয়ের কাজে শ্রমিক সরবরাহের জন্যও প্রায় অর্ধকোটি টাকার চুক্তি হয়। এ ছাড়া ২০২২ সালে ১৯ লাখ টাকার ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের কাজও পেয়েছিল মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট।

ফরিদ আহমেদের প্রতিষ্ঠানকে ঘিরে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী এ বিষয়ে তথ্য দিলেও প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে ২০২৩ সালের ২৬ অক্টোবরের একটি চিঠিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই চিঠিতে বলা হয়, ২৯ অক্টোবর ই-জিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিদের জন্য দরপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তালিকার ২২ নম্বরে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে মো. আলামীনের নাম উল্লেখ ছিল।

অভিযোগের বিষয়টি হলো, আলামীন নিজেই ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশল শাখায় কম্পিউটার কর্মী হিসেবে কাজ করতেন। অর্থাৎ সিটি করপোরেশনের একজন কর্মী একই সঙ্গে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আলামীন স্থায়ী কর্মী ছিলেন না। ২০১৮-১৯ সালের দিকে নন-স্কেলভুক্ত কর্মী হিসেবে তাঁর নিয়োগ হয় এবং গত বছর তিনি স্কেলভুক্ত হন। তিনি করপোরেশনের একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর আত্মীয় হিসেবেও পরিচিত।

এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি জানান, আগে বর্জ্য ব্যবস্থাপনার কাজের জন্য ঠিকাদার খুঁজে বের করতে হতো। অনেক ঠিকাদার ই-জিপির নিয়ম ও দরপত্র প্রক্রিয়া বুঝতেন না। তাঁদের সহায়তার জন্যই আলামীনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তবে আলামিনের বক্তব্য জানতে ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা সম্পর্কে জানতে চাইলে ইউটোপিয়ার সিইও আবুবকর সিদ্দীক বলেন, বিষয়টি এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। সরাসরি দেখা করলে বিস্তারিত জানাতে পারবেন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি কেনার চেষ্টা করেছিলেন। কিন্তু ফরিদ আহমেদ উপস্থিত না হওয়ায় মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে প্রতিষ্ঠানটি এখনো ফরিদের নামেই রয়েছে। তবে ইউটোপিয়ার নামে আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখান থেকেই প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে ফরিদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন, ট্রেড লাইসেন্সে বারবার নাম পরিবর্তন এবং ডিএনসিসির কাজ পাওয়ার বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ই-জিপি প্রক্রিয়ার মাধ্যমে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা যাচাই করা হয়। কোন প্রতিষ্ঠান কাজ পাবে, তা নির্ধারণে প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ থাকে না। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।

প্রতিষ্ঠানটির মালিকানা আড়াল করার অভিযোগ সম্পর্কে প্রশাসক বলেন, ইউটোপিয়ার প্রকৃত মালিকানা সম্পর্কে তাঁর জানা ছিল না। এ ধরনের কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর মতে, ই-জিপিতে মূলত প্রতিষ্ঠানের দরপত্রসংক্রান্ত যোগ্যতা যাচাই করা হয়; মালিকের রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো অপরাধের তথ্য সেখানে সাধারণত থাকে না।

সব মিলিয়ে, একই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পরিবর্তন, ট্রেড লাইসেন্সে একাধিক ব্যক্তির নাম ব্যবহার, মালিকানা হস্তান্তর নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং ডিএনসিসির বিপুল অঙ্কের ঠিকাদারি কাজ পাওয়ার বিষয়গুলো নতুন করে প্রশ্ন তৈরি করেছে। পাশাপাশি চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগ না করা, শ্রমিকদের কম মজুরি দেওয়া এবং বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা অনুসরণ না করার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা, ঠিকাদারি কার্যক্রম এবং সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য বের করে আনার দাবি উঠেছে।