১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা রুটের দুই আন্তনগর ট্রেন

পাবনা প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে নতুন দুটি আন্তনগর ট্রেনের উদ্বোধন করা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম দফায় বৃহস্পতিবার থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রচলিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

তবে ১৯ নভেম্বর বিকেল সাড়ে চারটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটির টিকিট অনলাইনে পাওয়া যাবে না। ওই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী দিনে ট্রেনটি পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। সময়সূচি অনুযায়ী, ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২১ নভেম্বর সকাল আটটায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি উভয় পথে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

এদিকে, ট্রেন দুটির উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে বৃহস্পতিবার সকালে পাবনা জেলা পরিষদের রশীদ হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। সঞ্চালনা করেন আবুল বাসার খান জুয়েল।

সভায় জেলার বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বহুল প্রতীক্ষিত এই রেলসেবা চালু হলে পাবনাবাসীর যাতায়াত সহজ ও আরামদায়ক হবে। পাশাপাশি জেলার শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। ট্রেন দুটির চলাচল নির্বিঘ্ন রাখতে সুষ্ঠু ব্যবস্থাপনা ও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।