চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি

খেলাধুলা ডেস্কঃ আগামী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মধ্যেই ২০৩২-৩৫ মেয়াদের জন্য একটি নতুন ক্যালেন্ডার প্রস্তুত করছে আইসিসি। এই সময়ে মধ্যে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি। বর্তমানে বালিতে আইসিসির সদস্য দেশগুলোর প্রতিনিধিরা বৈঠকে মিলিত হয়েছেন। আশা করা হচ্ছে, সেখানে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী চক্রের সময়সূচি অনুমোদিত হবে।

বর্তমান চক্রের মতোই নতুন ক্যালেন্ডারেও প্রতি বছর একটি করে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থাকবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একটি ওয়ানডে বিশ্বকাপ। তবে আইসিসি এখনও টুর্নামেন্টগুলোর ভেন্যু বা আয়োজক দেশ চূড়ান্ত করেনি।

পরবর্তী বৈশ্বিক চক্রটি শুরু হবে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। টুর্নামেন্টটি অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, আইসিসি এখনও এর ভেন্যু চূড়ান্ত করেনি। ২০৩৩ সালের জন্য দুটি বড় ইভেন্টের পরিকল্পনা রয়েছে। জুন মাসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অক্টোবর মাসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল অংশ নেবে, তবে এর ফরম্যাট ও ভেন্যু এখনও নিশ্চিত করা হয়নি।

২০৩৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য জুন মাস নির্ধারণ করাটা অনেকের নজর কেড়েছে, কারণ সাধারণত বছরের এই সময়ে ইংল্যান্ডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের স্বত্ব আগেই ইংল্যান্ডকে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, তারা ২০৩৩ সালেও এই সুযোগ পায় কি না।

২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আইসিসি এখনও এর আয়োজক দেশের নাম প্রকাশ করেনি। একই ধরনের অনিশ্চয়তা রয়েছে ২০৩৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপ নিয়েও, কারণ এই ইভেন্টগুলোর জন্য এখনও কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।

বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি সভায় ২০২৭-২৯ ও ২০২৯-৩১ চক্রের জন্য ডব্লিউটিসি (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ)-এর ম্যাচআপগুলো নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্তগুলো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী দুটি আসরের রূপরেখা তৈরিতে সহায়তা করবে।

সভার আলোচ্যসূচিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগের ক্রমবর্ধমান সংখ্যা। আইসিসি বোর্ড ‘ফ্র্যাঞ্চাইজি লিগ রিভিউ গ্রুপ’-এর সুপারিশগুলো পর্যালোচনা করবে; এই দলটি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ অনুমোদনের নিয়মাবলি আরও উন্নত করার উপায় নিয়ে কাজ করছে।

ক্রিকেট ক্যালেন্ডারে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ যুক্ত হওয়ার প্রেক্ষাপটে আইসিসি নিশ্চিত করতে চায়, এই টুর্নামেন্টগুলোর প্রসার যেন সামগ্রিক ক্রিকেট কাঠামোর ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলে। বিসিবি সভাপতি তামিম ইকবাল এই রিভিউ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও এই প্যানেলের একজন সদস্য।

আইসিসি সদস্য দেশগুলো বর্তমান চক্রের জন্য রাজস্ব বণ্টনের বিষয়টি অনুমোদন করবে বলে আশা করা হচ্ছে। সদস্য বোর্ডগুলোর মধ্যে বিতরণের জন্য প্রায় ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রয়েছে। বিদ্যমান রাজস্ব বণ্টন সূত্র অনুযায়ী এই অর্থ ভাগ করে দেওয়া হবে। ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার অনুমোদনের পাশাপাশি, বালি সভায় নেওয়া হতে যাওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে এটি অন্যতম একটি বড় সিদ্ধান্ত হবে।