ছোট পর্দায় প্রথম ফিকশন ধারাবাহিকে কোয়েল মল্লিক, আসছে ‘ডিয়ার নাইনটিজ’

বিনোদন ডেস্ক: বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার ছোট পর্দায় নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন। প্রথমবারের মতো ফিকশন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তাঁর অভিনীত নতুন ধারাবাহিক ‘ডিয়ার নাইনটিজ’ আগামী ২৩ নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সনি আট-এ প্রচারিত হবে।

সুরিন্দর ফিল্ম প্রযোজিত এই ধারাবাহিকের গল্প সাজানো হয়েছে নব্বইয়ের দশকের স্মৃতি, আবেগ ও জীবনযাপনকে ঘিরে। স্মার্টফোন কিংবা ইন্টারনেটবিহীন সেই সময়ের সহজ-সরল জীবন, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, শৈশবের আনন্দ ও নানা স্মৃতির গল্প উঠে আসবে এতে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এর আগে কয়েকটি নন-ফিকশন অনুষ্ঠানে কাজ করলেও ফিকশন ধারাবাহিকে অভিনয় তাঁর জন্য নতুন অভিজ্ঞতা।

নব্বইয়ের দশকের স্মৃতি তুলে ধরে কোয়েল বলেন, সেই সময়ের জীবন ছিল অনেক সহজ ও আবেগনির্ভর। ছাদে আচার তৈরি, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সাইকেল চালানো, ট্রানজিস্টারে গান শোনা কিংবা চিঠি লেখার মতো ছোট ছোট বিষয়গুলো মানুষের জীবনে গভীর আনন্দ এনে দিত। সেই সময়ের জীবন ও স্মৃতিকে পর্দায় তুলে ধরার ভাবনাই তাঁকে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত করেছে।

‘ডিয়ার নাইনটিজ’-এ অপরাজিতা নামে একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন কোয়েল। গল্পে অপরাজিতা একজন পরিচিত লেখিকা, যার লেখা ‘ডিয়ার নাইনটিজ’ বইটি বেস্টসেলার। বইয়ের গল্পের সূত্র ধরে তিনি ফিরে যান নিজের সেই স্কুলে, যেখানে লেখালেখির যাত্রা শুরু হয়েছিল। সেখানে নিজের জীবনের নানা ঘটনা ও স্মৃতি ভাগ করে নেন তিনি। অপরাজিতার স্মৃতিচারণের মধ্য দিয়ে দর্শকদেরও ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নব্বইয়ের দশকে।

তবে ধারাবাহিকের সব পর্বে কোয়েলকে দেখা যাবে না। তাঁর চরিত্রের উপস্থিতি থাকবে মূলত গল্পের ফ্ল্যাশব্যাক অংশে। ইতিমধ্যে কয়েকটি পর্বের শুটিংও করেছেন অভিনেত্রী।

কোয়েলের কাছে অভিনয়ের মাধ্যমের চেয়ে গল্প ও মানসম্মত কনটেন্ট বেশি গুরুত্বপূর্ণ। তাঁর আশা, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা দর্শকদের কাছে এই ধারাবাহিক পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনবে। পাশাপাশি নতুন প্রজন্মও সেই সময়ের জীবনযাপন, সংস্কৃতি ও সম্পর্কের ধরন সম্পর্কে জানতে পারবে।

ছোট পর্দায় নতুন কাজের পাশাপাশি বড় পর্দা নিয়েও ব্যস্ত রয়েছেন কোয়েল। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা—পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্পর্ধা’। ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য।

কোয়েলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্বার্থপর’ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। নতুন সিনেমা দুটি নিয়েও আশাবাদী এই অভিনেত্রী।