অ্যামাজন থেকে বেরিয়ে এলো বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাইলো খাবার
আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের জীবন ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন অধিকারকর্মীরা। ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের (Awa) বিরল কিছু ছবি প্রকাশের পর তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আভা আদিবাসীর ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। এ সময় তারা খাবার চেয়েছিল।
আভারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদিবাসী জনগোষ্ঠী। ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাইয়ের তথ্য অনুযায়ী, মারানিয়াও রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে তাদের বসবাস। এ জনগোষ্ঠীর কিছু সদস্য এখনো বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ না করে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ফুনাই জানিয়েছে, আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডের একটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন আভাদের যোগাযোগের ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তবে সংস্থাটি জানিয়েছে, সরকারের নীতিমালা অনুযায়ী বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।