ইরান বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ওপর নতুন করে সামরিক হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বছরের শুরু পর্যন্ত অপেক্ষা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি সুপারট্যাঙ্কারে আগুন লাগার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। চলমান যুদ্ধের প্রভাব বিশ্ব জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। অন্যদিকে যুদ্ধের ব্যয় ৪৮৩০ কোটি ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে পেন্টাগন।
ইরান যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও হুথিদের মধ্যে হামলা-পাল্টাহামলা এবং হুমকি জোরদার হয়েছে। সৌদি রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করেছে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের একটি বিদ্যুৎকেন্দ্র, জেদ্দা বন্দর এবং লোহিত সাগর উপকূলের অন্যান্য বন্দরে হামলার হুমকি দিয়েছে তারা। এর আগে হুথিদের ছোড়া পাঁচটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে আগামী বছরের শুরুতে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বছরের শুরু হওয়ার পর এ বিষয়ে আপনার সঙ্গে কথা বলব।’
চীনে সফর শেষে বৃহস্পতিবার ওয়াশিংটনে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিন প্রচারিত ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘১ জানুয়ারির পর কী ঘটে, তা দেখা যাবে।’
অ্যাক্সিওস ও ইসরায়েলের নিউজ ১২-এর এক সাংবাদিককে দেওয়া পৃথক সাক্ষাৎকারেও একই সময়সীমার কথা উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে আমি তাড়াহুড়ো করছি না।’
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ব্যয় ৪৮৩০ কোটি ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এ তথ্য জানান পেন্টাগনের উপকম্পট্রোলার আর্থার মিলার। তিনি বলেন, গত ১৩ নভেম্বর পর্যন্ত যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৩ বিলিয়ন ডলারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এ ব্যয় হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এসব ঘাঁটির কয়েকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তার হিসাবও এতে নেই।
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে দুটি সুপারট্যাঙ্কারে আগুন লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, অনুমোদনহীন পথে চলাচলের সময় জাহাজ দুটি মাইনে আঘাত পায়।
আইআরজিসির দাবি, ট্যাঙ্কার দুটি চার মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহন করছিল। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও নজরদারি ড্রোনের সুরক্ষায় এগুলো হরমুজ প্রণালির দক্ষিণ অংশ দিয়ে চলাচল করছিল।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে তেহরানের অনুমোদন নেওয়ার জন্য জাহাজগুলোকে নিয়মিত সতর্ক করে আসছে ইরান। বৃহস্পতিবারও দেশটি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করা তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বিশ্ব জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির মতে, এই সংঘাত বিশ্ব জ্বালানি খাতে স্থায়ী ক্ষতচিহ্ন রেখে যাবে।
যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা, ইরানের বন্দর অবরোধ এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, ‘সৌদি শত্রুদের রাজধানী রিয়াদে অবস্থিত কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টকে আমরা আমাদের বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করছি। তাই সেখানকার সব কর্মচারী, শ্রমিক ও নাগরিককে অবিলম্বে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদের ব্যবসায়িক এলাকায় একটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার পর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানায়।
শুক্রবার সকালে জোট জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী রিয়াদও হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল। তবে এসব হামলার বিষয়ে হুথিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বা দায় স্বীকার করেনি।
এদিকে ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার পর সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শুখাইক বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে হুথিরা। শুক্রবার এক্সে দেওয়া পোস্টে ইয়াহিয়া সারি বলেন, সৌদি বাহিনী সা’দা ও মোখা বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। এর জবাবে শুখাইক বিদ্যুৎকেন্দ্রকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু ঘোষণা করা হচ্ছে। তিনি বিদ্যুৎকেন্দ্রটির কর্মচারী ও শ্রমিকদের অবিলম্বে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আশপাশের বাসিন্দাদের ওই এলাকায় না যাওয়ার আহ্বান জানান।
এর আগে হুথিদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ জানায়, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের উত্তরাঞ্চলের সা’দা শহরের উত্তরে কাহজা এলাকায় এবং লোহিত সাগর উপকূলের মোখা শহরের বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া তায়েজ গভর্নরেটের আল-আবুস এলাকাতেও বিমান হামলার খবর দিয়েছে হুথিদের গণমাধ্যম।
ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। লোহিত সাগর উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান সমুদ্রবন্দর। বন্দরটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সম্ভাব্য হামলার আগে জোটের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার ইয়েমেনের বন্দরনগরী মোখা ও তায়েজ প্রদেশে বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, মোখার একটি বিশ্রামাগারে বিমান হামলায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। তায়েজ প্রদেশে সড়ক মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকদের লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় পাঁচজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
এসব হামলা সৌদি আরবসমর্থিত বাহিনী চালিয়েছে বলে দাবি করেন আনিস আল-আসবাহি। তবে তার এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানাতেও বিমান হামলা চালানো হয়েছে।