ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতায় সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় মিরপুর প্রেসক্লাবের

নাজমুল আলম নাছিম: সাংবাদিকদের কল্যাণ, অধিকার ও পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মিরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আজ আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা ও আলোচনা সভায় সংগঠনের নেতারা সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং পেশাগত বিভিন্ন প্রতিকূলতায় একে অপরের পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলম, সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সাইমন, দপ্তর সম্পাদক এম এ গাফফার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, সহ-সভাপতি মো. মকসুদুল আলম খোকন ও জাকির হোসেন শান্ত উপস্থিত ছিলেন।

এ ছাড়া সহ-দপ্তর সম্পাদক সেকান্দার আলী, সদস্য মো. সিরাজুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক এ ওয়াই এম কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নাজমুল আলম নাছিম, সদস্য বজলু, জাহিদ, স্বাধীন, মো. আজিজুল হকসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মিরপুর প্রেসক্লাব কেবল একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়; এটি সাংবাদিকদের পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব, সহযোগিতা ও মানবিক সম্পর্কের একটি সম্মিলিত পরিসর। সংগঠনের সদস্যরা একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ান এবং পেশাগত দায়িত্ব পালনে সাহস ও অনুপ্রেরণা জোগান। এই পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধই সংগঠনের অন্যতম শক্তি।

বক্তারা আরও বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ অবস্থায় সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করতে হবে।

তারা বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক আস্থা এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। এ সময় মিরপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি ক্লাবের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।