গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ
বিনোদন ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের জুহুতে গুলিকাণ্ডের প্রায় এক মাস পর আবারও প্রকাশ্য মঞ্চে ফিরলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানে লাল ধুতির আদলে তৈরি বিশেষ পোশাকে ‘দেবা শ্রী গণেশা’ গানে নেচে দর্শকদের নজর কাড়েন তিনি। মঞ্চে ফেরার অনুভূতি জানিয়েছেন।
পারফর্ম করার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি তুলে ধরেন ‘বাঘি’খ্যাত এই অভিনেতা। তিনি লেখেন, ‘আবারও মঞ্চে ফিরতে পেরে আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও অমৃতা ফড়ণবিসজিকে ধন্যবাদ। আমার কাছে এটি অনেক বড় সম্মান।’
অনুষ্ঠানে টাইগারের সাজপোশাক ছিল চোখে পড়ার মতো। লাল ধুতির আদলে তৈরি ট্রাউজার্স পরে মঞ্চে ওঠেন তিনি। তার নাচের ছন্দ ও প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে।
গুলিকাণ্ডের পর প্রায় এক মাস সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকটাই নীরব ছিলেন টাইগার। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নতুন গান ‘তেনু লেকে জানা’র টিজার প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আরও একটি সুযোগ, আরও একটি নাচ।’
টাইগারের এই পোস্টে মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বোন কৃষ্ণা শ্রফ। তিনি লিখেছেন, ‘হি ইজ ব্যাক’ অর্থাৎ টাইগার আবার ফিরেছেন।
গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় গুলির ওই ঘটনা ঘটে। একটি ফুটবল মাঠ থেকে টাইগারের গাড়ি বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি সেটি লক্ষ্য করে গুলি চালায়।
সৌভাগ্যবশত ওই ঘটনায় অক্ষত ছিলেন টাইগার। তবে তার গাড়ির চালক আহত হন। ঘটনাটি ঘিরে বলিউডে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এরপর থেকেই প্রকাশ্য অনুষ্ঠানে টাইগারের ফেরা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ছিল।
এদিকে নতুন সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন টাইগার। করণ জোহরের প্রযোজনায় ‘লাগ জা গলে’ সিনেমায় দেখা যাবে তাকে। রাজ মেহতা পরিচালিত এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন জাহ্নবী কাপুর ও লক্ষ্য লালওয়ানি। আগামী বছরের ১৪ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এছাড়া রেমো ডি’সুজার পরিচালনায় আরও একটি সিনেমায় কাজ করবেন তিনি।