‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও’—গণপূর্তের শামসুল আরেফীনের বিরুদ্ধে ঘুষ, সিন্ডিকেট ও অবৈধ সম্পদের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ ঘুষ ছাড়া ঠিকাদারি কাজ পাওয়া কঠিন, আর কমিশন না দিলে আটকে থাকে বিল—এমন নানা অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল (ই/এম) শাখার উপবিভাগীয় প্রকৌশলী মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে অর্থ আদায়, নিজের পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, পর্দার আড়ালে ঠিকাদারি ব্যবসা পরিচালনা এবং প্রকল্পের অর্থ ভাগাভাগির সঙ্গে জড়িত তিনি। রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের একটি অংশের সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় গুরুত্বপূর্ণ পদে থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগ-৪-এর অধীন ই/এম উপবিভাগ-৮-এর দায়িত্বে রয়েছেন শামসুল আরেফীন। তার পদায়ন, বদলি এবং বিভিন্ন প্রকল্পে ভূমিকা নিয়ে অধিদপ্তরের ভেতরে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, স্বনামে-বেনামে ঠিকাদারি পরিচালনা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে বলেও জানা গেছে।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় গণপূর্তের ই/এম বিভাগ-৬-এ কর্মরত থাকাকালে শামসুল আরেফীনের প্রভাব সবচেয়ে বেশি ছিল। ওই সময় বিভাগের নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে বিভিন্ন উন্নয়নকাজে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টার এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন প্রকল্পের প্রাক্কলন তৈরি, ঠিকাদার নির্বাচন, কাজের তদারকি ও বিল অনুমোদনের ক্ষেত্রে তার প্রভাব ছিল বলে দাবি করেছেন কয়েকজন ঠিকাদার।

ঠিকাদারদের অভিযোগ, প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপে নিজের পছন্দের লোকদের সুবিধা দেওয়ার চেষ্টা করতেন শামসুল আরেফীন। কাজ পাওয়ার জন্য ঠিকাদারদের কাছ থেকে অর্থ দাবি করা হতো। আবার কাজ শেষ হওয়ার পর বিল ছাড় করাতেও কমিশন দিতে হতো। নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে নথিপত্রে নানা সমস্যা দেখিয়ে বিল আটকে রাখা হতো। এভাবে ঠিকাদারদের ওপর চাপ তৈরি করে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, ওই সময়ে নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে ঠিকাদারদের ওপর প্রভাব বিস্তার করতেন তিনি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ-সমর্থিত ঠিকাদারদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও রয়েছে। এই চক্রের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে বেনামে ঠিকাদারি পরিচালনা এবং কাজের বরাদ্দ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

শুধু প্রকল্পের কাজ নিয়ন্ত্রণ নয়, নিজের পদায়ন ও কর্মস্থল ধরে রাখতেও বিপুল অর্থ ব্যয় করার অভিযোগ উঠেছে শামসুল আরেফীনের বিরুদ্ধে। সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের শেষদিকে প্রায় অর্ধকোটি টাকা লেনদেনের মাধ্যমে তিনি ই/এম উপবিভাগ-৮-এর দায়িত্ব নেন। পরবর্তী সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায় দেড় বছরের মাথায় তাকে ই/এম উপবিভাগ-৩-এ বদলি করা হয়। কিন্তু সেই বদলির পরও ঢাকায় নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যান তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় শামসুল আরেফীনের ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, ওই সময় ধানমন্ডি কলেজ রোড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন দমনের তৎপরতায় অংশ নেন তিনি। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিপুল অর্থ ব্যয় করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পাশাপাশি অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কথিত শান্তি মিছিল, সভা ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে চাপ দেওয়া হতো বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পরও নিজের অবস্থান ধরে রাখতে নতুন পরিচয় ও প্রভাব ব্যবহার করার অভিযোগ উঠেছে এই প্রকৌশলীর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মাদ সোহেল মনজুরের নিকটাত্মীয় পরিচয় দিয়ে সহকর্মী প্রকৌশলীদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন তিনি। পরে গণপূর্তের ই/এম শাখার একটি প্রভাবশালী সিন্ডিকেটকে ম্যানেজ করে কথিত লটারির মাধ্যমে আবারও ই/এম উপবিভাগ-৮-এ পদায়ন পান। এরপর আগের মতোই বিভিন্ন কাজ ও প্রশাসনিক সিদ্ধান্তে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি ক্ষোভ রয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। একাধিক ঠিকাদারের অভিযোগ, কাজের অনুমোদন থেকে শুরু করে চূড়ান্ত বিল ছাড় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো। টাকা না দিলে ফাইল আটকে রাখা, কাজের কাগজপত্রে আপত্তি তোলা এবং বিল পরিশোধে অযথা দেরি করার মতো ঘটনা ঘটত। একজন ঠিকাদারের ভাষ্য অনুযায়ী, শামসুল আরেফীন প্রায়ই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম উল্লেখ করে বলতেন, ‘উপরের লোকজন ঠিক আছে, শুধু টাকা দাও।’ তার দাবি, এভাবে অর্থ দেওয়ার পরও অনেক ঠিকাদার কাজ কিংবা পাওনা টাকা কোনোটিই পাননি।

ঢাকায় দীর্ঘদিন অবস্থান করাও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের অন্যতম বিষয়। প্রশাসনিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর কর্মকর্তাদের কর্মস্থল পরিবর্তন এবং ঢাকার বাইরে পদায়নের বিধান থাকলেও বিভিন্ন কৌশলে তিনি ঢাকায় অবস্থান ধরে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তাকে কুমিল্লায় বদলি করা হয়েছিল বলে সূত্রের দাবি। কিন্তু পরবর্তী সময়ে আবার ঢাকায় একই ধরনের দায়িত্বে ফিরে আসেন তিনি। অভিযোগকারীদের মতে, বদলি ও পদায়নের ক্ষেত্রে একটি শক্তিশালী চক্রের সহযোগিতা পাওয়ায় বারবার নিজের পছন্দের কর্মস্থলে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে শামসুল আরেফীনের সম্পদের পরিমাণ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, সরকারি চাকরির বেতনের সঙ্গে তার কথিত সম্পদের কোনো সামঞ্জস্য নেই। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তার নিজের এবং নিকটাত্মীয়দের নামে একাধিক ফ্ল্যাট, প্লট ও অন্যান্য সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসব সম্পদের অর্থের উৎস কী, কীভাবে সম্পত্তিগুলো কেনা হয়েছে এবং আয়কর নথিতে সেগুলোর হিসাব রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দুদকের অনুসন্ধান-সংক্রান্ত সূত্রের দাবি, শামসুল আরেফীনের বিরুদ্ধে স্বনামে-বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনা, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ যাচাই করা হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, কোনো কর্মকর্তা যদি ঊর্ধ্বতন ব্যক্তিদের নাম ব্যবহার করে ঠিকাদারদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকেন, তাহলে তার দায় তাকেই বহন করতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে কাউকে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, কোনো কর্মকর্তার ব্যক্তিগত অনিয়ম বা দুর্নীতির দায় প্রতিষ্ঠান নেবে না। অধিদপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক তদন্ত করা হয়। মো. শামসুল আরেফীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার বদলি-পদায়নের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুদক অনুসন্ধান করছে এবং প্রয়োজনীয় তথ্য ও দাপ্তরিক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী মো. শামসুল আরেফীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

গণপূর্ত অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজ, প্রকল্পের অর্থ এবং কর্মকর্তাদের পদায়ন নিয়ে এ ধরনের অভিযোগ প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও জনআস্থাকে প্রশ্নের মুখে ফেলছে। বিশেষ করে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক প্রভাব এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে সরকারি কাজ নিয়ন্ত্রণের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, শামসুল আরেফীনের নিয়োগ ও পদায়নের নথি, প্রকল্পের কাজের হিসাব, ঠিকাদারদের বিল, ব্যাংক লেনদেন এবং সম্পদের উৎস যাচাই করা হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র সামনে আসতে পারে।