টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিংয়ের প্রতি কৃতজ্ঞতা ডিএনসিসি প্রশাসকের

খেলাধুলা ডেস্কঃ দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান বসুন্ধরা হাউজিং লিমিটেডের মতো করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় ‘বসুন্ধরা হাউজিং ডিএনসিসি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে আলোর মুখ দেখতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আয়োজনকে সফলভাবে শুরু ও শেষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং লিমিটেডের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি তার বক্তব্যে উঠে আসে দখলমুক্ত মাঠে ফুটবল ফেরানো, মাদকমুক্ত সমাজ গঠন এবং আগামী প্রজন্মের জন্য খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়।

উদ্বোধনী মঞ্চে ডিএনসিসি প্রশাসক টুর্নামেন্ট আয়োজনের নেপথ্যে থাকা পৃষ্ঠপোষকদের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরেন।

বসুন্ধরা হাউজিং লিমিটেডসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, ‘আজকের ডিএনসিসি ফুটবল টুর্নামেন্টকে সফলভাবে শেষ করার জন্য এবং শুরু করার জন্য যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন স্পন্সর দিয়ে টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং লিমিটেড, রূপায়ন গ্রুপ, মেঘনা গ্রুপ, অ্যাসিউর গ্রুপ, আশিয়ান সিটি, টি স্পোর্টস অ্যান্ড শেরাটন হোটেলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

নগরবাসীর প্রাত্যহিক নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি তরুণসমাজকে খেলার মাঠে ফেরানোর গুরুত্বও উঠে আসে প্রশাসকের বক্তব্যে।

তিনি জানান, ডিএনসিসি কেবল রাস্তাঘাট উন্নয়ন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা মশক নিধন করে ‘ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা’ উপহার দেওয়ার কাজেই সীমাবদ্ধ থাকতে চায় না।
যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং মাদকের ভয়াল থাবা থেকে দূরে সরিয়ে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা যে যেখানে দায়িত্ব পালন করছি সবার আগে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা আগামী দিনে এই খেলোয়াড় হিসেবে তারা যাতে সেখানে পেশা হিসেবে নিয়ে উপার্জন করতে পারে এবং একটা সংসারের হাল ধরতে পারে সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করব।

দেশের ক্রীড়াঙ্গন নিয়ে বর্তমান সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খেলাধুলাকে প্রাধান্য দিয়ে দখল হয়ে যাওয়া খালি জায়গা উদ্ধার করে খেলার জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে একাধিক জরুরি বৈঠক ও মাঠ পরিদর্শন শেষে ইতোমধ্যে অনেক মাঠ খেলার উপযোগী করে সংস্কার করা হয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আগামী ৪ ডিসেম্বর থেকে ডিএনসিসির বিভিন্ন জোনে একযোগে খেলা শুরু হবে জানিয়ে তিনি বিশেষ ঘোষণায় বলেন, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই বাংলাদেশের ফুটবলের সোনালি দিনের নায়কদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ডিএনসিসি প্রশাসক। অনুষ্ঠানে উপস্থিত কায়সার হামিদ, কানন, সাব্বির ও আলফাজদের মতো কীর্তিমান ফুটবলারদের কথা স্মরণ করে তিনি বলেন, একসময় যাদের নাম দেশের প্রতিটি ঘরে ঘরে উচ্চারিত হতো, তাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আলোকিত করেছে।

পাশাপাশি ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট সফল করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা সচিব আসাদুজ্জামান, বিভাগীয় প্রধানগণ এবং জোনাল পর্যায়ের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রতিটি ম্যাচে স্থানীয় নেতৃবৃন্দকে সশরীরে মাঠে উপস্থিত থেকে তরুণদের উৎসাহ দেওয়ার আহ্বানও জানান প্রশাসক।

ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আগামী ২৯ নভেম্বর ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণাও দেন শফিকুল ইসলাম খান। তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে হাতিরঝিলে নৌকাবাইচ, ৩০০ ফিট সড়কে ম্যারাথন, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

সবশেষে বনানী কামাল আতাতুর্ক মাঠে ফ্লাওয়ার শো এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে দিনরাত কাজ করা কর্মীদের মধ্য থেকে সেরাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘সিটিজ হিরো’ পুরস্কার প্রদানের মধ্য দিয়ে ১৫ বছর পূর্তি উৎসবের পর্দা নামবে বলে উল্লেখ করেন তিনি।