দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডি থানার কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক জিজ্ঞাসাবাদের জন্য সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে, গত ১৭ নভেম্বর এ মামলায় দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওইদিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।