১৬ ডিসেম্বরের আগেই শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রী

শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শিল্প, পাট ও বস্ত্র এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফিরলে সমস্যা কোথায়? দেশে ফিরে তাকে প্রাপ্য বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে দেশ ছেড়ে যাওয়ার কারণও তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

দেশের সরকারি মালিকানাধীন অধিকাংশ কলকারখানার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এসব কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। বেসরকারি খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো সচল করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে বন্ধ বা অকার্যকর হয়ে পড়া শিল্পকারখানাগুলোকে উৎপাদনে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

আমদানি-রফতানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রফতানির তুলনায় বেশি। তবে এ ব্যবধান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বরং দেশের চাহিদা অনুযায়ী সামগ্রিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।

এ ছাড়া সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয়েও কথা বলেন মন্ত্রী। প্রতিষ্ঠানটির সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।