জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

বিনোদন ডেস্কঃ জাদুবিদ্যা, নারীর ক্ষমতায়ন ও মা-মেয়ের সম্পর্ক, এই তিন বিষয়কে কেন্দ্র করে নতুন অ্যানিমেটেড চলচ্চিত্র ‘হেক্সড’ নিয়ে আসছে ওয়াল্ট ডিজনি। ছবিটিতে তিন নারী জাদুকরীকে গল্পের কেন্দ্রে রাখা হয়েছে। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতাকে ভয় বা হুমকি হিসেবে নয়, বরং ইতিবাচক শক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা।

চলচ্চিত্রটিতে জাদুকরীদের শাসক কুইন সেলেস্তে চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউড অভিনেত্রী জোডি ফস্টার। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নারীর ক্ষমতাকে দীর্ঘদিন ধরে হুমকি হিসেবে দেখা হয়েছে কিংবা দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ‘হেক্সড’ এ সেই ক্ষমতাকেই ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর ভাষায়, জাদুকরীরা আবার ফিরে এসেছে, কারণ তারা শক্তিশালী।

আগামী ২৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এটি পরিচালনা করেছেন ফন ভিরাসুনথর্ন, জেসন হ্যান্ড ও জোসি ত্রিনিদাদ। ‘হেক্সড’র গল্পের কেন্দ্রে রয়েছে বিলি ডো নামের এক কিশোরী। চরিত্রটিতে কণ্ঠ দিয়েছেন হেইলি স্টেইনফেল্ড। একসময় বিলি আবিষ্কার করে, তার মধ্যে জাদুকরী ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার সূত্র ধরেই সে প্রবেশ করে ‘হেক্সে’ নামের জাদুকরীদের জগতে।

ডিজনির প্রচলিত রাজকন্যাদের আদর্শায়িত রূপের বাইরে বিলিকে এক ভিন্নধর্মী চরিত্র হিসেবে তুলে ধরতে চেয়েছেন নির্মাতারা। স্টেইনফেল্ডের মতে, বিলি এমন এক কিশোরী, যার চুল কিছুটা এলোমেলো, পোশাকের রং ও ধরনে মিল নেই, জুতার ফিতাও এক রকম নয়। তার সাজসজ্জায় রয়েছে নিজস্বতা। সব মিলিয়ে সে নিখুঁত নয়, বরং অসম্পূর্ণতাসহ এক বাস্তবধর্মী তরুণী।

ছবির গল্প শুধু বিলির বেড়ে ওঠা ও নিজের ক্ষমতা আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। এতে তার মা অ্যালিস ডোর ব্যক্তিগত পরিবর্তনের গল্পও গুরুত্ব পেয়েছে। অ্যালিস চরিত্রে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী রাশিদা জোনস। তিনি একজন সতর্ক ও কিছুটা নিয়ন্ত্রণপ্রবণ মা, যিনি মেয়ের জীবনে পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে নিজের অবস্থান নিয়েও নতুন করে ভাবতে শেখেন।

পরিচালক ফন ভিরাসুনথর্ন বলেন, আত্ম-অনুসন্ধানের এই যাত্রা কেবল বিলির নয়; তার মা অ্যালিসের জন্যও নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ তৈরি করে। রাশিদা জোনসের মতে, মেয়ের বড় হয়ে ওঠা এবং নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারকে মেনে নিতে শেখার মধ্য দিয়েই অ্যালিসের ব্যক্তিগত পরিবর্তন ঘটে। একসময় মেয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয় তাকে।

ছবিতে আরও কণ্ঠ দিয়েছেন ওয়ালটন গগিন্স। তিনি ‘বিফ রজার’ নামের তিন চোখবিশিষ্ট সবুজ রঙের একটি বিড়াল চরিত্রে কণ্ঠ দিয়েছেন। নারীর আত্মপরিচয়, প্রজন্মের ব্যবধান, মা-মেয়ের সম্পর্ক এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা- এসব বিষয়কে জাদুর কল্পজগতের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছে ‘হেক্সড’। ডিজনির নতুন এই চলচ্চিত্রে প্রচলিত রূপকথার জাদুর পাশাপাশি সমকালীন নারী চরিত্রের আত্মবিশ্বাস ও ব্যক্তিস্বাতন্ত্র্য তুলে ধরার চেষ্টা রয়েছে।