তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত দুই সপ্তাহের মধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্তের এটি দ্বিতীয় ঘটনা। বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এএস-৫৩২ কুগার মডেলের হেলিকপ্টারটি তুরস্কের এসকিশেহির শহর থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল। শহরটিতে দেশটির বিমানবাহিনীর প্রথম প্রধান জেট ঘাঁটি অবস্থিত।

প্রাথমিক এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা বিমানবাহিনীর এএস-৫৩২ মডেলের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান চলছে।

পরে পৃথক বিবৃতিতে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়। নিহতদের ‘বিমানবাহিনীতে দায়িত্ব পালনরত পাঁচ বীর সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করা হয়।

গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, এসকিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচায়ের নামের একটি গ্রামের কাছে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এতে উড়োজাহাজটির মূল কাঠামোর বড় অংশই ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এএস-৫৩২ কুগার একটি দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী সামরিক হেলিকপ্টার, যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যবহার করে থাকে।

এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মালাতিয়া এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চারজন ক্রু সদস্য নিহত হন।

দুই সপ্তাহের ব্যবধানে পরপর দুটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় তুরস্কের সশস্ত্র বাহিনীর মোট নয়জন সদস্য প্রাণ হারালেন।