দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত

বিশেষ প্রতিবেদকঃ বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. আমানউল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী ২৫ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৬ নভেম্বর থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। অভিযোগের মধ্যে রয়েছে অন্য কর্মকর্তার স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কারের নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ, ঘুষের বিনিময়ে সিলগালা করা বেসরকারি ক্লিনিক খুলে দেওয়ার ব্যবস্থা এবং দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশও তার কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজের জন্য সরকারি অর্থ ব্যয়ের নথিতে অন্য ব্যক্তির স্বাক্ষর জাল করা হয়। পরে ওই কাজের নামে ৩০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, অনিয়মের কারণে প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করা একটি ক্লিনিক ঘুষের বিনিময়ে পুনরায় চালু করার সুযোগ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন, তদারকি ও নিয়মকানুনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এদিকে এসব অভিযোগ ও বিভিন্ন প্রতিবেদন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের নজরে আসে বলে জানা গেছে। পরবর্তী সময়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে প্রথমে ডা. আমানউল্লাহ আল মামুনকে ওএসডি করা হয়। সর্বশেষ তাকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার আদেশ জারি করা হলো।

এ বিষয়ে রাশেদ খান বলেন, স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ও প্রকাশিত তথ্যের সত্যতা পাওয়ার পর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। কালীগঞ্জের মানুষের স্বার্থে তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানান। পরবর্তী সময়ে মন্ত্রণালয় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। রাশেদ খানের ভাষ্য, ওই কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার খবর জানার পর কালীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফোন করে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।

ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও দেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২২ সালে বরিশালের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে স্থানীয় বাসিন্দা এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেছিলেন বলে জানা যায়। সে সময় তার কর্মকাণ্ড নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

এরপর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন তিনি। সেখানেও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর তাকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরবর্তী সময়ে ২০২৬ সালের জুনে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন তিনি। তবে সেখানে দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই নতুন করে বিতর্ক ও দুর্নীতির অভিযোগ সামনে আসে।

ডা. আমানউল্লাহ আল মামুনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং একাধিক কর্মস্থলে দায়িত্ব পালনকালে তৈরি হওয়া বিতর্কের কারণে তার প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সরকারি অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি এবং ঘুষের বিনিময়ে সিলগালা করা ক্লিনিক চালুর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে ডা. আমানউল্লাহ আল মামুনের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের মতে, একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব শুধু হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা নয়, বরং সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানের কার্যক্রম তদারক করাও তার দায়িত্বের অংশ। এ ধরনের পদে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা জরুরি। শুধু কর্মস্থল পরিবর্তন নয়, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।