ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আজ রোববার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন এবং কক্সবাজারে ৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর।