মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহার ইরানের, ক্ষুব্ধ ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্চের শুরুতে এসব হামলায় স্টারলিংক ব্যবহারের তথ্য সামনে এসেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক।

রোববার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ হলেও দেশটিতে গোপনে ডিভাইস সরবরাহ ও স্থাপনের তথ্য রয়েছে। এসব ডিভাইস ব্যবহার করেই মার্কিন সেনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় স্টারলিংক ব্যবহারের বিষয়টি জানতে পেরে মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন।

এদিকে মাস্কের দল তাকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের অপব্যবহার করছে। কম দামের প্ল্যান কিনে সেটি ভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেনারা স্থল অভিযান পরিচালনার জন্য স্টারশিল্ডের প্ল্যান কিনলেও তা ওয়ান ওয়ে ড্রোন উৎক্ষেপণের কাজে ব্যবহার করেছে। মূলত ড্রোন উৎক্ষেপণের কাজে ব্যবহারের জন্য স্টারলিংকের ইন্টারনেট সেবার মূল্য বেশি নির্ধারণ করে থাকে কোম্পানিটি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মাস্কের কোম্পানি স্পেসএক্স কোনো মন্তব্য করেনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত এবং রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছে ইলন মাস্কের কোম্পানি।

সূত্র: ওয়াশিংটন পোস্ট