সরকারি গাড়িতে বন্ধুদের নিয়ে রিসোর্টে পুনর্মিলনী, কক্সবাজারের কর কমিশনার রানাকে ঘিরে বিতর্ক

বিশেষ প্রতিবেদকঃ সরকারি দায়িত্ব পালনের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করে বন্ধুদের নিয়ে কক্সবাজারের রিসোর্টে পুনর্মিলনী আয়োজনের অভিযোগ উঠেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত এই অনুষ্ঠানে কর অঞ্চলের একাধিক সরকারি গাড়ি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ঢাকা থেকে কয়েকজন মডেল নিয়ে যাওয়া, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা এবং ইনানীর একটি রিসোর্ট বুকিংসহ পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন তিনি। সরকারি পদ ও দপ্তরের সুযোগ-সুবিধা ব্যবহার করে ব্যক্তিগত আনন্দ আয়োজন করায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ অক্টোবর ২০২৬ কক্সবাজারের ইনানী রয়্যাল রিসোর্টে ঢাকা কলেজের ১৯৯২ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ওই ব্যাচের শিক্ষার্থী মর্তুজা শরিফুল ইসলাম রানা বর্তমানে কর অঞ্চল-কক্সবাজারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় শতাধিক অতিথিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্ধুদের একত্র করা, বিনোদন এবং বিভিন্ন আয়োজনের জন্য সরকারি দপ্তরের সুযোগ-সুবিধা ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা থেকে কয়েকজন নারী মডেলকেও নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তাদের যাতায়াত, থাকা-খাওয়া এবং বিনোদনমূলক আয়োজনের ব্যয় কে বহন করেছেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুরো অনুষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোগে হলেও আয়োজনের বিভিন্ন কাজে সরকারি কর্মকর্তা ও দপ্তরের গাড়ি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

অনুষ্ঠানে ব্যবহৃত সরকারি গাড়ির মধ্যে ঢাকা মেট্রো-ঘ ২১-৪২৭১ এবং চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯১৮১ নম্বরের দুটি গাড়ির তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, শুধু কর কমিশনারের যাতায়াতেই নয়, পুনর্মিলনীতে অংশ নেওয়া বন্ধুদের আনা-নেওয়ার কাজেও সরকারি গাড়ি ব্যবহার করা হয়েছে। এমনকি কর অঞ্চলের একাধিক গাড়ি ওই দিন ব্যক্তিগত অনুষ্ঠানের কাজে লাগানো হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে গাড়িগুলো ব্যবহারের অনুমোদন ছিল কি না এবং সেদিন কী কাজে সেগুলো চলেছে, তা গাড়ির লগবুক ও দাপ্তরিক রেকর্ড যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।

রিসোর্ট বুকিংয়ের তথ্যেও কর কমিশনারের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। ইনানী রয়্যাল রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পুরো রিসোর্টটি মর্তুজা শরিফুল ইসলাম রানার নামেই বুকিং করা হয়েছিল। তবে বুকিংয়ের মোট খরচ কত ছিল, সেই অর্থ কে পরিশোধ করেছেন এবং কোন উৎস থেকে টাকা এসেছে, তা প্রকাশ করা হয়নি। রিসোর্টের একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, কমিশনার নিজেই তার নামে বুকিং করেছিলেন। এর বেশি তথ্য দিতে রাজি হননি তিনি।

ঢাকা থেকে অনুষ্ঠানে যাওয়া কয়েকজন নারীও তাদের যাতায়াতের বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ঢাকায় একজনের মাধ্যমে যোগাযোগ করা হয়েছিল, যিনি কক্সবাজারে সরকারি চাকরি করেন বলে তাদের জানানো হয়। তবে কর কমিশনারের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হয়নি। কক্সবাজারে পৌঁছানোর পর একজন ব্যক্তি হায়েস গাড়িতে করে তাদের রিসোর্টে নিয়ে যান। অনুষ্ঠানে তাদের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে একজন বলেন, তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আনন্দ করেছেন। তবে তাদের নিয়োগ, পারিশ্রমিক ও আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সরকারি গাড়ি ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যবহার করার অভিযোগকে গুরুতর অনিয়ম হিসেবে দেখছেন এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি গাড়ির জ্বালানি, চালকের বেতন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য পরিচালন ব্যয় রাষ্ট্রীয় অর্থ থেকে বহন করা হয়। এসব গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে সরকারি সম্পদের অপব্যবহারের প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে রাজস্ব আদায়ের দায়িত্বে থাকা একজন কর কমিশনারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তার দাপ্তরিক দায়িত্ব, সততা এবং জবাবদিহি নিয়ে বিতর্ক তৈরি হওয়া স্বাভাবিক।

এনবিআরের এক কর্মকর্তা বলেন, কর কমিশনারের প্রধান দায়িত্ব রাজস্ব আদায় বাড়ানো, কর প্রশাসন পরিচালনা এবং করদাতাদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা। দায়িত্ব পালনের সময় কোনো করদাতা বা করযোগ্য প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়া হলে সেটিও অনিয়মের পর্যায়ে পড়তে পারে। এ ধরনের সুবিধা সরকারি দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি করে এবং রাজস্ব আদায়ের নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

সরকারি যানবাহন ব্যবহারের বিষয়ে আইনেও বিধিনিষেধ রয়েছে। সরকারি যানবাহন (ব্যবহার নিয়ন্ত্রণ) আইন, ২০১৫ অনুযায়ী সরকারি গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং অপব্যবহার বন্ধে বিধিমালা প্রণয়নের সুযোগ রয়েছে। আইনের ৩(৩) ধারায় বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর বিরুদ্ধে চাকরিসংক্রান্ত শৃঙ্খলা বিধি অনুযায়ী অসদাচরণের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ফলে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়ে থাকলে, অনুমোদন ও ব্যবহারের রেকর্ড যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের আচরণ, দায়িত্ব পালন এবং সরকারি ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রিত। সরকারি পদ ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া, দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি করা কিংবা সংশ্লিষ্ট কারও কাছ থেকে অস্বাভাবিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠলে তা তদন্তের আওতায় আসতে পারে। কোনো করদাতা, ব্যবসায়ী বা করসংক্রান্ত কাজে যুক্ত প্রতিষ্ঠানের কাছ থেকে বিনা মূল্যে কিংবা অস্বাভাবিক কম মূল্যে রিসোর্ট বা অন্য কোনো সুবিধা নেওয়া হয়ে থাকলে, সেটিও যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(১)(খ) ধারায় সরকারি দায়িত্বের সঙ্গে সম্পর্কিত ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে বা অপর্যাপ্ত প্রতিদানে মূল্যবান সুবিধা গ্রহণের বিষয়টি অপরাধের আওতায় আসতে পারে। একই আইনের ৫(১)(ঘ) ধারায় সরকারি পদ বা ক্ষমতা ব্যবহার করে নিজের কিংবা অন্য কারও জন্য আর্থিক সুবিধা নেওয়ার বিষয়েও বিধান রয়েছে। তবে এসব আইনের আওতায় কোনো অপরাধ হয়েছে কি না, তা নির্ভর করবে তদন্তে পাওয়া তথ্য, সুবিধার উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকার ওপর।

কক্সবাজারকে ২০২৫ সালে পৃথক কর অঞ্চল হিসেবে গড়ে তোলার পর রাজস্ব আদায় ও কর প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ছিল। কিন্তু এই কর অঞ্চলের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন এনবিআরের এক কর্মকর্তা। তার দাবি, কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানা দাপ্তরিক কাজের তুলনায় ব্যক্তিগত ও অন্যান্য কর্মকাণ্ডে বেশি মনোযোগ দিচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসেছে বলে ওই কর্মকর্তা দাবি করেন।

সরকারি গাড়ি ব্যক্তিগত অনুষ্ঠানে ব্যবহার করা হয়েছে কি না, রিসোর্ট বুকিংয়ের অর্থ কোথা থেকে এসেছে, মডেলদের যাতায়াত ও অন্যান্য ব্যয় কে বহন করেছেন এবং পুরো আয়োজনের সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা বা করদাতার আর্থিক সম্পৃক্ততা ছিল কি না—এসব প্রশ্নের উত্তর জানতে এনবিআরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের দাবি রাখে। অভিযোগের সত্যতা যাচাই করে সরকারি গাড়ির চলাচল রেকর্ড, জ্বালানি ব্যয়, রিসোর্ট বুকিংয়ের নথি, অর্থ পরিশোধের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে আইন ও চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম রানার বিরুদ্ধে এ ছাড়া আরও কিছু অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে বলে জানা গেছে। এসব অভিযোগের বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে তুলে ধরার কথা রয়েছে।