ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তার পদত্যাগের দাবি তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, ‘নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের পদে থাকতে পারেন না।’

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট রোববার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

রোববার এর আগে ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে অভিযোগ করা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর দপ্তরের প্রধান ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর দপ্তরের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের সূত্র হিসেবে পুলিশের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন নর্ডেন।

ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চ্যানেল ১২।

এরপর নির্বাচনের দিনজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান নেতানিয়াহু। এসব দল রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পর নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন তিনি। তবে সেই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি নেতানিয়াহু।

পরে পুলিশের তদন্তে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে ওই তিনজনকে মুক্তি দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তাদের ওপর নজরদারি চালানোর উদ্দেশ্যে এই আবেদন করা হয়। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর পরে সেই আবেদন প্রত্যাখ্যান করে।

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকট এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এই ঘটনার তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানাচ্ছি। প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে অবিলম্বে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।’

তবে আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ‘উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য’ বলে আখ্যা দিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ।

এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নির্বাচনের সময় ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালিয়েছেন নেতানিয়াহু।

শনিবার আবারও আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা ওই আহ্বানকে ‘ভাঁওতাবাজি’ বলে অভিহিত করেন।

অবশ্য যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে নিজের ইয়াশার দল ও নেতানিয়াহুর লিকুদ দলের মধ্যে আলোচনার বিষয়টি স্বীকার করেছেন আইজেনকট।

এদিকে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন এখনো নিশ্চিত করতে পারেননি নেতানিয়াহু কিংবা আইজেনকটের নেতৃত্বাধীন কোনো জোটই। ফলে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা আরও বেড়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের গণপরিবহনে যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে বিশেষ পিংক ইলেকট্রিক বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রাথমিকভাবে ৩০টি গোলাপি রঙের বৈদ্যুতিক বাস নিয়ে এ সেবা…

    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    আন্তর্জাতিক ডেস্কঃ এক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে থাকা অন্য দুটি মার্কিন বিমানবাহী রণতরির সঙ্গে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ যোগ দেবে বলে একজন মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 6 views
    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 5 views
    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 8 views
    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 7 views
    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 10 views
    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 11 views
    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল
    ১৬ নভেম্বর ২০২৬

    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob