সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : বাংলাদেশে ১ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতার সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর আওতায় সংস্থাটি বাংলাদেশে আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্পের জন্য লেনদেন-সংক্রান্ত পরামর্শক সেবা (ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস) প্রদান করবে।

মঙ্গলবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনীর ১৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির পরামর্শক সহায়তার ধারাবাহিকতায় এই নতুন সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। এটি তিন ধাপের একটি কর্মসূচিতে রূপ নেবে, যার আওতায় মোট ছয়টি প্রকল্প বাস্তবায়িত হবে।

প্রকল্পগুলো নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত উপায়ে নবায়নযোগ্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিত করবে, আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, ‘বাংলাদেশের সামনে আরও নিরাপদ, টেকসই এবং বিনিয়োগ উপযোগী জ্বালানি ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, এডিবির লেনদেন সংক্রান্ত পরামর্শক সেবার পরিধি বাড়ানো মূলত একক প্রকল্পের গণ্ডি পেরিয়ে পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগের জন্য একটি বৃহৎ ও সম্প্রসারণযোগ্য বাজার তৈরির যৌথ আকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘প্রকল্পের প্রস্তুতি, প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপকে বেগবান করতে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি ও বিশেষজ্ঞ জ্ঞান সংগ্রহে সহায়তা করতে পারি।’

এ পরামর্শক সেবার মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।

কর্মসূচির প্রথম ধাপে ফেনী জেলার ১৩০ মেগাওয়াট সক্ষমতার সোনাগাজী সৌর ফটোভোলটাইক প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর সঙ্গে ২৬ মেগাওয়াট-ঘণ্টা সক্ষমতার ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা যুক্ত থাকবে। চলতি বছরের মধ্যেই প্রকল্পটির দরপত্র আহ্বান করা হতে পারে।

এডিবি জানায়, চুক্তির আওতায় প্রথম প্রকল্প হিসেবে সোনাগাজী প্রকল্পটি পরবর্তী দুই ধাপে বাস্তবায়িতব্য অন্য পাঁচটি প্রকল্পের কাঠামো নির্ধারণ ও দরপত্র প্রক্রিয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। প্রথম প্রকল্পের অভিজ্ঞতা পরবর্তী প্রকল্পগুলোতে কাজে লাগানো হবে।

সম্প্রসারিত এ কার্যপরিধির আওতায় এডিবি ইনভেস্ট বাংলাদেশ অথরিটি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) পাঁচটি অতিরিক্ত প্রকল্পের জন্য সরকারি মালিকানাধীন জমির উপযুক্ততা যাচাইয়ে সহায়তা করবে।

প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার যাচাই, দরপত্রের নথি প্রস্তুত এবং প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান ও প্রকল্প বরাদ্দ প্রক্রিয়ায় সহায়তাসহ প্রকল্প উন্নয়নের পুরো চক্রে এডিবির পরামর্শক সেবা দেওয়া হবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিশেষ করে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগসহ বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ ত্বরান্বিত করতে চায় সরকার।

তিনি বলেন, এ প্রকল্পগুলোর পাইপলাইন গড়ে তুলতে এডিবির সঙ্গে অংশীদারিত্বকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের পরিচ্ছন্ন জ্বালানি সক্ষমতা বাড়ানো, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।

এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাত-সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ সংস্থার সদস্যসংখ্যা ৬৯টি, যার মধ্যে ৫০টিই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ।

সদস্য ও অংশীদারদের সঙ্গে কাজ করে সংস্থাটি উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, জীবনমানের পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ

    ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার পাশাপাশি তাদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার…

    এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

    ডেস্ক নিউজঃ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় কেন্দ্রের কোড নম্বর,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 9 views
    সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

    হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 11 views
    হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ

    দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 6 views
    দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

    জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 6 views
    জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

    ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 7 views
    ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

    সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 8 views
    সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
    ১৭ নভেম্বর ২০২৬

    সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob