আন্তর্জাতিক ডেস্কঃ বন্যা, বৃষ্টি আর হিমেল বাতাসের আশঙ্কায় আবারও কঠিন এক শীতের মুখোমুখি হতে যাচ্ছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। যুদ্ধের ধ্বংসস্তূপের পাশে কিংবা উপকূলীয় এলাকায় অস্থায়ী তাঁবুতে গাদাগাদি করে বসবাস করছেন লাখো মানুষ। জীর্ণ তাঁবু, আশ্রয়ের সংকট, খাবার ও বিশুদ্ধ পানির অভাব তাদের কাছে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আবহাওয়া আরও খারাপ হলে বন্যা ও তাঁবু ধসের মতো দুর্ঘটনা বাড়তে পারে।
চলতি মাসের শুরুর দিকে এক বৃষ্টিমুখর ও ঝড়ো রাতে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি বালুর স্তূপ ধসে চারজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে কয়েক গজ দূরে তাঁবুতে ছিলেন ৩০ বছর বয়সী আবদুল করিম আল-সাহার। তিনি বলেন, ‘এটি ছিল ভয়াবহ দৃশ্য। আতঙ্কে আমার পা যেন জমে গিয়েছিল। বালুর নিচে চাপা পড়া আমার মাকে খুঁজে পাই। তাকে বের করে আনার পর দেখি, অন্য লোকজনও বালু ও পাথরের নিচে চাপা পড়ে আছেন। পাশের তাঁবুটি পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল।’
উত্তর গাজার বেইত হানুনের বাসিন্দা আল-সাহারের বাড়ি যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহেই ধ্বংস হয়ে যায়। এখন তার কোনো চাকরি, আয় কিংবা সঞ্চয় নেই। পরিবারের সদস্যদের নিয়ে তাঁবুতে দিন কাটছে আতঙ্কে। তিনি বলেন, ‘যাওয়ার মতো অন্য কোনো জায়গা নেই। ভাড়া বাসায় থাকার সামর্থ্যও আমার নেই।’ গাজায় বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষের একটি অংশ আল-মাওয়াসিতে তাঁবুতে বসবাস করছেন। সেখানে পানি ও পয়ঃনিষ্কাশনের সংকট তীব্র। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বৃষ্টিতে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের আঞ্চলিক পরিচালক ওয়াদাহ হুবাইশি বলেন, ‘প্রতি শীতেই এমন ঘটনা ঘটে। প্রতিটি শীত অত্যন্ত কঠিন। এটি একটি চলমান প্রাকৃতিক দুর্যোগ।’ তার সংস্থা কাঠের খাবারের প্যালেট ভেঙে তাঁবুর খুঁটি তৈরি করছে। পুরনো খাবারের বস্তা ব্যবহার করা হচ্ছে বালুর বস্তা হিসেবে। বন্যার পানি ঠেকাতে দেওয়া হচ্ছে পুরনো ধাতব হাঁড়িও।
শীত মোকাবিলায় জরুরি সরঞ্জামের সংকটও প্রকট। গত সপ্তাহে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য ও ইতালি সীমান্তে আটকে থাকা ১ লাখ ৫০ হাজার তাঁবু ও অন্যান্য জরুরি সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি ফষপশ ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ত্রাণ কর্মকর্তাদের অভিযোগ, প্রয়োজনীয় সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ আটকে থাকায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সচল রাখাও কঠিন হয়ে পড়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ গাজার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ পর্যন্ত মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারেন। যুদ্ধের কারণে ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিজমির মাত্র ৩ শতাংশ এখনও ব্যবহারযোগ্য ও অক্ষত রয়েছে। ফলে আয় ও খাদ্যের সংকটের পাশাপাশি শীত মোকাবিলার সামর্থ্যও হারিয়েছেন বহু পরিবার।
খান ইউনিসের বাসিন্দা ৩৯ বছর বয়সী মোহাম্মদ আবু দাক্কা স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে আল-কারারা এলাকায় একটি ছেঁড়া তাঁবুতে থাকেন। যুদ্ধ শুরুর পর থেকে তার কোনো আয় নেই। তাঁবু উড়ে যাওয়া ঠেকাতে সন্তানদের এর কিনারা ধরে রাখতে হয়। পানি ঢোকা ঠেকাতে তাঁবুর চারপাশে নালা খুঁড়েছেন তারা। কিন্তু সমুদ্রের ঢেউয়ের পানি ঢুকে পড়লে এ ব্যবস্থা কাজে আসবে না বলে আশঙ্কা করছেন।
আবু দাক্কা বলেন, ‘প্রতিটি শীতই আমাদের জন্য নতুন করে সংগ্রামের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠাণ্ডা, বৃষ্টি ও প্রবল বাতাসের মুখোমুখি হতে হয়। তাঁবুটি এখন এতটাই জীর্ণ, আবহাওয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই।’ তার একমাত্র চাওয়া, পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকা। তিনি বলেন, ‘এমন একটি উপযুক্ত আশ্রয়ে বসবাসের সুযোগ চাই, যেখানে আমার মর্যাদা অক্ষুণ্ন থাকবে এবং আমার পরিবার নিরাপদ থাকবে।’
মৌসুমের প্রথম শীতকালীন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে গাজা উপত্যকাজুড়ে হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে গেছে। এতে অবরুদ্ধ ভূখণ্ডটিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার ভোরে বৃষ্টি শুরু হওয়ার পর মাত্র ১০ ঘণ্টায় তাদের কর্মীরা প্রায় ১ হাজার ৫০০টি জরুরি সহায়তার ফোন পেয়েছেন। কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানির উচ্চতা ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘কয়েকটি আশ্রয়কেন্দ্র পুরোপুরি পানিতে তলিয়ে গেছে। সেখানে থাকা সবাইকে এখন অনিশ্চিত অবস্থার মধ্যে বাইরে চলে যেতে হয়েছে।’ তিনি বলেন, ‘যারা তাঁবুতে বসবাস করছেন, তারা যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। যে কোনো সময় তারা অসুস্থ হয়ে পড়তে পারেন।’ ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলোও ঝড়ের প্রভাবে ধসে পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, প্রবল বাতাস ও বৃষ্টিতে মধ্য গাজার নুসেইরাত এলাকায় একটি ভবনের আংশিক ধসের পর সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া উত্তর গাজায় ভারী বৃষ্টির কারণে আরেকটি ভবনের দেয়াল ধসে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। গাজার বিভিন্ন শরণার্থীশিবির থেকে পাওয়া ভিডিওচিত্রে দেখা গেছে- গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল-বালাহতে পরিবারগুলো হাঁটুপানিতে চলাচল করছে। তাদের বিছানার তোশক ও কম্বল ভিজে গেছে। শিশুরা খালি পায়ে কাদা ও পয়োবর্জ্য মেশানো পানিতে দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণ গাজার আল-মাওয়াসি উপকূলীয় এলাকায় ৯ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন। খান ইউনিসে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টা থেকে বৃষ্টি হচ্ছে। গাজার জরুরি কমিটি জানিয়েছে, শীতকালীন দুর্যোগের ঝুঁকিতে রয়েছেন ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ। এ পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রায় ২ লাখ তাঁবুর পাশাপাশি শীত মোকাবিলার সরঞ্জাম প্রয়োজন।
গাজা গভর্নরেটের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক রায়েদ আল-দাহশান বলেন, বন্যাকবলিত পরিবারগুলোর কাছে পৌঁছানোর পরও উদ্ধারকর্মীদের তেমন কিছু করার থাকে না। তিনি বলেন, ‘বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কাছে এক টুকরো ত্রিপল বা একটি তাঁবুও নেই।
আমরা শুধু মানুষের জীবন বাঁচানোর কাজ করি। কিন্তু সেটুকুও যথেষ্ট নয়।’ ত্রাণ সংস্থাগুলো আশ্রয়কেন্দ্র নির্মাণের সামগ্রী গাজায় প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধকে এ পরিস্থিতির জন্য দায়ী করছে। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের পরিচালক মোহাম্মদ সালহা বলেন, প্রতিদিন মাত্র ১৮০ থেকে ২০০টি ট্রাক গাজায় প্রবেশ করছে। অথচ ‘যুদ্ধবিরতি’র মানবিক প্রটোকল অনুযায়ী প্রতিদিন ৬০০টি ট্রাক প্রবেশের কথা ছিল। প্রবেশ করা ট্রাকগুলোর মধ্যে মাত্র ৪০টির মতো ট্রাকে মানবিক সহায়তা রয়েছে। সালহা বলেন, ‘তাঁবু পানিতে তলিয়ে যাওয়ার পর আমরা ব্যবস্থা নিতে চাই না।’ তিনি জানান, মিশর সীমান্তের ওপারে ৫০ হাজার তাঁবু প্রবেশের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘বিপর্যয় ঘটে যাওয়ার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে।’ ইসরায়েলের ওপর আরও বেশি ত্রাণ ও সহায়তা সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপকে তিনি ‘নিষ্প্রভ’ বলে বর্ণনা করেন।











