ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের মঞ্চে সেলেসাও শিবিরে নেইমারের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই অনুশীলনে তার পারফরম্যান্স নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। কাফ ইনজুরি কাটিয়ে সম্প্রতি ব্রাজিলের মূল অনুশীলন সেশনে আকস্মিকভাবে যোগ দেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড। মাঠে তার ফেরা সংবাদমাধ্যমের বাড়তি নজর কাড়লেও অনুশীলনে তার নড়াচড়া এবং শারীরিক ভাষা মোটেও স্বস্তিদায়ক ছিল না। মাঠে উপস্থিত দর্শকদের অনেকেই আশা করেছিলেন প্রিয় তারকাকে চেনা ছন্দে দেখতে পাবেন, কিন্তু মাঠের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।
অনুশীলনে নেইমারকে বেশ ধীরগতির এবং ভারী শরীরের মনে হয়েছে, যেখানে তার চিরচেনা ক্ষিপ্রতা ও ড্রিবলিংয়ের ধার ছিল অনুপস্থিত। দলের বাকি সতীর্থরা যখন গতি আর আগ্রাসী ফুটবল দিয়ে মাঠ মাতাচ্ছিলেন, তখন এই নাম্বার টেনকে অনেকটাই নিষ্ক্রিয় ও ছন্দহীন দেখিয়েছে। মাঠের এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মতো সর্বোচ্চ স্তরের আসরে লড়াই করার জন্য তিনি কতটুকু প্রস্তুত।
ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সিটি এবার ভিনিসিয়াসের বদলে নেইমারের পিঠেই উঠছে এবং দলে তার জায়গাও নিশ্চিত। তবে সমালোচকরা মনে করছেন, বর্তমান ফর্মের চেয়ে তার অতীত তারকাখ্যাতিকেই এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সমর্থকদের একটি বড় অংশ যেখানে জোয়াও পেদ্রোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে দলে দেখার অপেক্ষায় ছিলেন, সেখানে নেইমারের এমন ছন্নছাড়া রূপ তাদের হতাশ করেছে। মাঠের লড়াই শুরুর আগে দলের মূল কাণ্ডারির এই অফ-ফর্ম ব্রাজিল ফুটবল দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: মার্কা









