ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের সকল নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর দেওয়া হয়েছে, সেগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭

এছাড়া, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।




ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে হতে পারে—এমনটি ধরে নিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই হিসেবে ঈদযাত্রার শেষ দিন অর্থাৎ ২৭ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (১৭ মে)। বরাবরের মতোই যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ আসনের টিকিট অনলাইনে (অ্যাপ ও ওয়েবসাইটে) বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি।

ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের ৫ দিনের টিকিট অগ্রিম দেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় গত ১৩ মে দেওয়া হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে দেওয়া হয়েছে ২৪ মে’র, ১৫ মে দেওয়া হয়েছে ২৫ মে’র এবং ১৬ মে দেওয়া হয়েছে ২৬ মে’র টিকিট। আজ ১৭ মে দেওয়া হচ্ছে ২৭ মে’র টিকিট। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট পরবর্তী সময়ে বিক্রি করা হবে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট সর্বোচ্চ একবারই কিনতে পারবেন এবং একটি আইডিতে সর্বোচ্চ ৪টি টিকিট কেনা যাবে। এই টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না। তবে সাধারণ ও কর্মজীবী যাত্রীদের অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে।



হঠাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি, আবহাওয়া অফিসের জরুরি বার্তা

আবহাওয়া ডেস্কঃ দেশের ১৪ জেলায় আজ দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার (১৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।




হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু, পৌঁছেছেন ৫৮,৩৪৭ হজযাত্রী

ডেস্ক নিউজঃ হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৬ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন।

এ পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।

হজ পালন করতে গিয়ে মারা যাওয়া ১৫ বাংলাদেশির মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে মক্কায় ১১ জন এবং মদিনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরব যাত্রা চলবে। আর হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।




এক বছরের মধ্যে ৫০ লাখ মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে। আগামী এক বছরের মধ্যে  দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

শনিবার দুপুরে চাঁদপুরের জনসভায় পৌঁছানোর পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। এরপর জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের ব্যাপারে বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকে চাঁদপুর সফর করছি। আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

এসময় কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম উপস্থিত ছিলেন।




না ফেরার দেশে কারিনা কায়সার

বিনোদন ডেস্কঃ লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি বলেন, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

কয়েক দিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় সংকটাপন্ন ছিলেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন তিনি। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখায় ব্যস্ত ছিলেন কারিনা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

পরে ওটিটি ও নাটকে কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ, ৩৬ ২৪ ৩৬।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তদের শোক প্রকাশ করতে দেখা গেছে।




সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, সন্ধার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাস হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।

এমন অবস্থায় সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে সকাল ৯টা থেকে সারা দেশের জন্য ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মাদারীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।




মে মাসে আসছে সাড়ে ৫ লাখ টন জ্বালানি তেল

ডেস্ক নিউজঃ দেশের জ্বালানি তেলের বাজারে স্বস্তি বজায় রাখতে চলতি মে মাসে সাড়ে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি পরিশোধিত ও অপরিশোধিত তেল দেশে আসছে। এর মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) আমদানিকৃত ১৪টি তেলবাহী জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চলতি মাসেই আরও পাঁচটি জাহাজ বন্দরে ভেড়ার কথা রয়েছে।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশনস) মোহাম্মদ জাহিদ হোসাইন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিপিসি সূত্রে জানা গেছে, চলতি মে মাসে মোট ১৯টি জাহাজে করে বিপুল পরিমাণ জ্বালানি তেল দেশে আসছে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল। এ ছাড়া আজ শনিবারও একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করার কথা রয়েছে।

জ্বালানি আমদানির এই ধারাবাহিকতা আগামী মাসেও বজায় থাকবে বলে জানিয়েছে বিপিসি। জুনের চাহিদা মেটাতে ইতিমধ্যে পরিশোধিত ও অপরিশোধিত তেলবাহী আরও ১৬টি জাহাজের শিডিউল নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে চাহিদার বিপরীতে পর্যাপ্ত জ্বালানির মজুত রয়েছে এবং সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, প্রায় ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে ‘এমটি ফসিল’ নামের একটি বড় জাহাজ গত সোমবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ মে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি মাদার ভেসেল কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছেছিল। বিপিসি কর্মকর্তারা বলছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা স্বাভাবিক রাখতে সরকার ও বিপিসির যৌথ উদ্যোগে নিয়মিত বিরতিতে এই তেল আমদানি প্রক্রিয়া সচল রাখা হয়েছে।




কুমিল্লায় প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন। তিনি ইতোমধ্যে দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের আসন অতিক্রম করেছেন। এ সময় নেতাকর্মীরা সবাই ব্যানার-ফেস্টুন নিয়ে শুভেচ্ছা জানান তারেক রহমানকে।

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুরে পথসভা করবেন প্রধানমন্ত্রী। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিটি উপজেলায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয়।

জানা যায়, দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আসছেন জানিয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, ‘আমাদের মাঝে আনন্দের সীমা নেই। আমরা মাননীয় ধর্মমন্ত্রীর নির্দেশে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে তাকে স্বাগত জানাতে আসছি।’




ট্রেনে ঈদযাত্রার ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি আজ

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে যাত্রার চতুর্থ দিনের অর্থাৎ ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ।

শনিবার (১৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর আগে ২৩ মে’র টিকিট ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়েছে। ২৭ মে’র টিকিট বিক্রি হবে আগামী ১৭ মে। 
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। তবে অগ্রিম কেনা টিকিট ফেরতযোগ্য নয়।
এদিকে যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।