বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শান্তিরক্ষাীদের আত্মত্যাগ প্রমাণ করে শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই নয়, জাতিসঙ্ঘের পতাকা তলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।’

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ৬ সেনাসদস্যের স্ত্রীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। ওই হামলাসহ সম্প্রতি চলমান মিশনগুলোতে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন তিনি। এছাড়া বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীর ২ লাখেরও বেশি শান্তিরক্ষী বিশ্বের ৪৩টি দেশে প্রায় ৬৩টি মিশনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানেও ৪ হাজার ২১২ জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের ৯টি মিশনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং হাইতিতে নতুন একটি মিশনে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পুরুষের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের প্রায় ১১ শতাংশ নারী সদস্যের সাহসী অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, নারী সদস্যদের এই সক্রিয়তা শান্তিরক্ষা কার্যক্রমে এক নতুন মাত্রা যোগ করেছে।

সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশের জন্মযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ঐতিহাসিক এবং সেনাবাহিনীর একজন মেজরই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই গৌরবকে সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে তিনি বাহিনীর শৃঙ্খলা ও চেইন অফ কমান্ডের ওপর জোর দেন।

তিনি বলেন, অতীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী যেভাবে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক তেমনি ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সশস্ত্র বাহিনীর ওপর আসা সর্বগ্রাসী আঘাতসহ সব ধরণের অভ্যন্তরীণ ও বাহ্যিক ষড়যন্ত্র মোকাবিলা করে বাহিনীকে এগিয়ে যেতে হবে। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড বজায় রাখা অপরিহার্য বলে তিনি সতর্ক করেন।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও প্রযুক্তির বিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূ-রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রথাগত যুদ্ধের বাইরে এখন সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, মিডিয়া অপপ্রচার এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকট বিশ্বশান্তির নতুন অন্তরায় হিসেবে দেখা দিয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের সুবিধার্থে সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে পর্যায়ক্রমিক উদ্যোগ বাস্তবায়ন করছে।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও সাংবিধানিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। সংবিধানে ব্যক্ত হওয়া বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহ-অবস্থানের প্রতি দেশ দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশ যেকোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টা এবং জাতিসংঘের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উদযাপনের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষনেতৃবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিক ও প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।




জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হতে পারে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত পে-স্কেলে বর্তমান ২০টি বেতন গ্রেড বহাল থাকলেও বেতনের পরিমাণে উল্লেখযোগ্য পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এই কাঠামো বাস্তবায়িত হলে নিম্ন ও উচ্চ—উভয় পর্যায়ের সরকারি চাকরিজীবীদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কিছুটা সহায়তা করবে।

তবে অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হতে পারে। বাকি অংশ পরবর্তী দুই অর্থবছরে সমন্বয় করা হবে।

নতুন পে-স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার চিন্তা করছে সরকার। বিশেষ করে কম পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রস্তাবনায় কিছু ক্ষেত্রে পেনশন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখার কথাও উল্লেখ রয়েছে।

অন্যদিকে, সরকারি কর্মচারীদের একটি অংশ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, বর্তমান উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে নতুন পে-স্কেল এক ধাপেই বাস্তবায়ন করা উচিত।

অর্থনীতিবিদদের মতে, নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ক্রয়ক্ষমতা বাড়বে এবং বাজারে ভোগব্যয় বৃদ্ধি পাবে। তবে এর ফলে সরকারের ব্যয়ভারও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যা রাজস্ব ব্যবস্থাপনার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

তবে এখন পর্যন্ত নতুন পে-স্কেল ও গেজেট সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সরকারি প্রজ্ঞাপন ও বাজেট ঘোষণার দিকেই নজর রাখতে হবে।




বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্কঃ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই মেসির গোল, আর সেই প্রত্যাবর্তন ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। লিওনেল মেসির জাদুকরী ফেরাকে সামনে রেখে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বটা দারুণভাবে শেষ করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

বুধবার (১০ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার।

ম্যাচের ৭০তম মিনিটে আর্জেন্টিনার ডাগআউট থেকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এক তরুণ তারকা। তিনি মাঠে নেমেই মাঝমাঠ থেকে দুর্দান্ত এক পাস বাড়ান লাওতারো মার্টিনেজের উদ্দেশ্যে। মার্টিনেজ গোল প্রায় দিয়েই দিচ্ছিলেন, কিন্তু আইসল্যান্ডের ডিফেন্ডার ডি-বক্সের ভেতরে তাঁকে অবৈধভাবে ফাউল করায় মাঠের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আর সেই পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে গোল করতে কোনো ভুল করেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষভাগে আর্জেন্টিনার হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিতকারী শেষ গোলটি আসে লাওতারো মার্টিনেজের পা থেকে।

বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার জার্সিতে এটিই আর্জেন্টাইন জাদুকরের করা শেষ গোল। আর এই গোলের মাধ্যমে বিশ্বকাপের মূল মঞ্চে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোল করার অনন্য রেকর্ড গড়ার প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরে নিলেন এলএমটেন।

দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ না হলে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো।

এই ম্যাচে আর্জেন্টিনা উপহার দিয়েছে তাদের চিরায়ত ছোট পাসের সুন্দর ফুটবল। একইসঙ্গে দ্রুত কাউন্টারে ওঠায়ও মুন্সিয়ানা দেখিয়েছে স্ক্যালোনির দল।

এই জয়েই প্রস্তুতি শেষ আর্জেন্টিনার। আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অবশ্য ২০২২ সালের কাতার বিশ্বকাপেই পেনাল্টি থেকে ৪টি গোল করে যৌথভাবে বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে রেখেছিলেন মেসি। তবে আসন্ন ২০২৬ বিশ্বকাপে পেনাল্টি থেকে আর একটি মাত্র গোল করলেই ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে তা এককভাবে নিজের করে নেওয়ার এক সুবর্ণ সুযোগ রয়েছে মেসির সামনে। আলাবামার এই জয় নিশ্চিতভাবেই বিশ্বকাপে নামার আগে বিশ্বচ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করে দিল।




জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

ডেস্ক নিউজঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকাকে স্থায়ীভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণে এনে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড গত বৃহস্পতিবার থেকে এলাকায় চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ শুরু করেছে।

সোমবার (৮ জুন) জঙ্গল সলিমপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল আল মাসুদ জানান, প্রকল্পের আওতায় ছিন্নমূল এলাকা থেকে আলীনগর উচ্চ বিদ্যালয়, আলীনগর থেকে টেক্সটাইল এলাকা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আলীনগর থেকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) সংলগ্ন ভাটিয়ারী-বালুচড়া লিংক রোড হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পর্যন্ত এবং জঙ্গল সলিমপুরের অভ্যন্তরে আরও একটি সড়ক নির্মাণ করা হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ১০০ একর বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র অপরাধী চক্রের দখলে ছিল। ইয়াসিন ও রোকন বাহিনীর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে বাধার পাশাপাশি অতীতে র‌্যাবের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনাও ঘটেছে এ এলাকায়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভবিষ্যতে পুরো এলাকায় প্রায় ১০ কিলোমিটার সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে আলীনগর স্কুলসংলগ্ন এলাকায় সড়ক প্রশস্তকরণ ও মাটি কাটার কাজ চলছে। নির্মাণাধীন সড়কের প্রস্থ হবে ১৮ ফুট।

২৬ ইসিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আল মাসুদ জানান, পাহাড়ি ভূপ্রকৃতির কারণে প্রকল্পে অন্তত তিনটি বড় সেতু, প্রয়োজনীয় সংখ্যক কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা এবং পাহাড়ধস প্রতিরোধে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। বর্ষা মৌসুমের চ্যালেঞ্জ সত্ত্বেও বিশেষ প্রকৌশল কৌশল অনুসরণ করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে রাস্তার ভিত্তি তৈরির জন্য মাটি কেটে রাখা হলে বৃষ্টির পানিতে তা স্বাভাবিকভাবে শক্ত ও স্থিতিশীল হয়ে ওঠে, যা ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব বাড়াতে সহায়ক হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, পুরো কাজ সম্পন্ন করতে ছয় থেকে সাত মাস সময় লাগতে পারে। নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করছে।

উল্লেখ্য, গত ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জঙ্গল সলিমপুর পরিদর্শন করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দেন। এরপর প্রশাসনের অনুরোধে সেনাবাহিনী এই সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে। সংশ্লিষ্টদের মতে, এটি শুধু অবকাঠামো উন্নয়ন নয়, বরং দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলকে রাষ্ট্রীয় উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থার মূলধারায় ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর জন্য এক অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা পরিবারের সবাইকে নিয়ে টিভির সামনে বসার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তবে শুধু টেলিভিশনেই নয়, এবার মোবাইল ফোন, ট্যাব কিংবা ল্যাপটপ থেকেও সহজেই উপভোগ করা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। ফলে ঘরের বাইরে থাকলেও খেলা মিস হওয়ার সুযোগ নেই।

রাষ্ট্রীয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে দেশের দর্শকদের জন্য এই সুযোগ নিশ্চিত করেছে চ্যানেলগুলো।

এদিকে টিভি সম্প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মও বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি পরিশোধ করে স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইসে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে।

মোবাইলে বিশ্বকাপ দেখতে চাইলে ব্যবহার করা যাবে মাই রবি, টফি এবং গ্রামীনফোনের বায়োস্কোপ অ্যাপ। এসব প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা।

বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য এবার ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকারও বেশি।

তাই টেলিভিশন কিংবা মোবাইল—যে মাধ্যমই হোক না কেন, ফুটবলের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করার সুযোগ থাকছে দেশের কোটি সমর্থকের সামনে।




হাম উপসর্গে একদিনে তিনজনের মৃত্যু

ডেস্ক নিউজঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫৩৯ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১ হাজার ৮৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা নয় হাজার ৮৩৩ জন।

গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ১৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬২ হাজার ২৯২ জন।




ইউরোপে পাঠানোর নামে ৩১ লাখ টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজঃ ক্রোয়েশিয়া, পর্তুগাল, ইতালি ও সার্বিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরি ও স্টুডেন্ট ভিসার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

গ্রেপ্তাররা হলেন– শেখ মো. সাদী (৪১), মো. নাহিন (২৫) ও জাহাঙ্গীর আলম (২৪)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়ায় র‍্যাব-৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৪ সদর কোম্পানির কমান্ডার মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।

তিনি জানান, গত ২৮ মে মো. রমাজন হোসেন খান নামে এক ব্যক্তি র‍্যাবের কাছে অভিযোগ করেন যে, তিনি ও তার শ্যালক বিদেশে পাঠানোর নামে বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর র‍্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৮ জুন) রাতে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করে।

মেজর শেখ আরমান হোসাইন হৃদয় বলেন, গ্রেপ্তার শেখ মো. সাদী ‘জাহরা সাদী টিকিটিং অ্যান্ড ট্রাভেলিং’ ও ‘জেএস এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপে বৈধভাবে লোক পাঠানোর দাবি করতেন। তার সহযোগীদের সঙ্গে মিলে তিনি বিভিন্ন ব্যক্তিকে ক্রোয়েশিয়া, পর্তুগাল, ইতালি ও সার্বিয়াসহ ইউরোপের উন্নত দেশে চাকরি ও বসবাসের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিতেন।

তদন্তে জানা যায়, ভুক্তভোগীরা প্রথমে ক্রোয়েশিয়ায় যাওয়ার বিষয়ে আগ্রহ দেখালে চক্রটি তাদের ইতালিতে ওয়ার্ক পারমিটসহ পাঠানোর প্রস্তাব দেয়। এ জন্য জনপ্রতি ১৪ লাখ টাকা খরচ হবে বলে জানানো হয়। পরে বিভিন্ন চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ধাপে ধাপে ৩১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাউকে বিদেশে পাঠাতে পারেনি চক্রটি।

প্রথমে ক্রোয়েশিয়া পাঠানোর কথা বলে ব্যর্থ হওয়ার পর ছয় মাস পর পর্তুগাল পাঠানোর আশ্বাস দেওয়া হয়। এ উদ্দেশ্যে ভুক্তভোগীদের ভারতীয় দূতাবাসে পাঠানো হলেও দীর্ঘ ৭২ দিন অপেক্ষার পরও কোনো অগ্রগতি হয়নি। একপর্যায়ে ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

পরবর্তী সময়ে প্রতারকরা নিউজিল্যান্ডের ভিসা দেওয়ার কথা বলে কয়েক মাস পর একটি ভিসা দেখায়। পরে যাচাই করে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের শ্রীলঙ্কায় পাঠানো হয়। সেখানে তাদের স্থানীয় একটি চক্রের হাতে তুলে দেওয়া হয়। পরে কৌশলে দেশে ফিরে এসে তারা বুঝতে পারেন যে, তারা প্রতারণার শিকার হয়েছেন।

সংবাদ সম্মেলনে মেজর শেখ আরমান হোসাইন হৃদয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন উন্নত দেশে পাঠানোর নামে অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করার কথা স্বীকার করেছে। তাদের প্রতারণার শিকার আরও অনেক ভুক্তভোগী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, বিদেশে যেতে আগ্রহীদের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার পাশাপাশি সরকারি অনুমোদন ও কাগজপত্র পরীক্ষা করা উচিত। অন্যথায় এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারাতে পারেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।




এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে পুনরায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে হয়তো সম্পূর্ণ একা লড়াই করতে হতে পারে। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার অবসান ঘটার পর তিনি এই মন্তব্য করলেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং শান্তি প্রতিষ্ঠার আলোচনায় কোনো প্রকার অজ্ঞতা বা বোকামির স্থান নেই বলে উল্লেখ করেন।

এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মার্কিন-ইসরায়েল সম্পর্কের সম্ভাব্য টানাপোড়েনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমি বিবিকে বলেছি, তোমার আরও সতর্ক হওয়া উচিত, তা না হলে খুব শিগগিরই তোমাকে একা হয়ে যেতে হবে।’

রোববার (৭ জুন) ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক ও ভয়াবহ বোমা হামলা চালালে এই নতুন সংঘাতের সূত্রপাত হয়। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে উত্তর ইসরায়েল লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার জবাবে সোমবার ভোরে ইরানের বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোমিক্যাল কারখানায় নিখুঁত বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে ট্রাম্পের এই সতর্কবার্তার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি জানান, ট্রাম্পের সাথে আলাপকালে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং তারা প্রয়োজন অনুযায়ী তা প্রয়োগ করছে। নেতানিয়াহু আরও দাবি করেন যে, তেহরানের সন্ত্রাসী সরকারকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পর তারা আপাতত হামলা বন্ধ করেছে, তবে ইরান পুনরায় আক্রমণ করার ভুল করলে ইসরায়েল পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে।

ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার অবশ্য দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যকার এই উত্তেজনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি হননি। তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার এই বাক্যবিনিময়কে দীর্ঘ বন্ধুত্বের মাঝে একটি সাময়িক উত্তপ্ত আলোচনা বলে অভিহিত করেছেন। তবে তিনি এটিও মনে করিয়ে দেন যে, মার্কিন প্রেসিডেন্ট খুব ভালো করেই জানেন যে ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলে তেল আবিব কোনোভাবেই চুপচাপ বসে থাকবে না।

এই তীব্র আঞ্চলিক সংঘাতের জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি ওয়াশিংটনকে দায়ী করেছেন। তিনি বলেন, আমেরিকা এই যুদ্ধবিরতি আলোচনার অন্যতম প্রধান পক্ষ এবং মধ্যস্থতাকারী, তাই লোহিত সাগরে জাহাজ আটক বা দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের মতো যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার জন্য মার্কিন প্রশাসনই সরাসরি দায়বদ্ধ থাকবে। তবে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ দাবি করেছেন, এই সামরিক অভিযানের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন উচ্চতা প্রদর্শিত হয়েছে, যা ইসরায়েলকে পুনরায় যুদ্ধবিরতির জন্য অনুরোধ করতে বাধ্য করেছে।

এই চরম উত্তেজনার মধ্যেও পর্দার আড়ালে দুই দেশের মধ্যে কূটনৈতিক শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন যে তেহরান এখনো আলোচনার টেবিলে রয়েছে এবং জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি নিশ্চিত করেছেন যে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান নিয়মিত বার্তা বিনিময় করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও একটি শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

এই সংঘাতের রেশ ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও সোমবার সকালে লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে হামলা চালিয়েছে, যা ইসরায়েলি বাহিনী আকাশেই ধ্বংস করে দেয়। একই সাথে দক্ষিণ লেবাননের টায়ার এবং নাবাতিয়েহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ফিলিস বেনিস মন্তব্য করেছেন যে, ট্রাম্পের এই মৌখিক সতর্কবার্তা ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না যতক্ষণ না আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়া এবং আন্তর্জাতিক আদালতে তাদের রক্ষা করা বন্ধ করছে।

সূত্র: আল জাজিরা




গরম আবহাওয়ায় বদলে যেতে পারে বিশ্বকাপের হিসাব-নিকাশ

ক্রীড়া ডেস্কঃ ফুটবল বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, এটি বিভিন্ন দেশের ফুটবল সংস্কৃতি, কৌশল ও দর্শনেরও মিলনমেলা। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দলগুলো নিজেদের স্বতন্ত্র খেলার ধরণ নিয়ে মাঠে নামে। আর এ কারণেই এবারের বিশ্বকাপ হতে পারে ভিন্ন ভিন্ন ফুটবল দর্শনের এক আকর্ষণীয় সংঘর্ষ।

বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দলগুলোর দিকে তাকালে দেখা যায়, বলের নিয়ন্ত্রণভিত্তিক ফুটবলই এখন সবচেয়ে জনপ্রিয় ধারা। বিশেষ করে ইউরোপের শীর্ষ দলগুলো প্রতিপক্ষের চেয়ে বেশি সময় বল নিজেদের দখলে রাখতে পছন্দ করে। গরম আবহাওয়ায় বলের পেছনে কম ছুটতে হওয়ায় এই কৌশল কার্যকর হতে পারে।

স্পেন এখনও বলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই নিজেদের খেলা সাজায়, যদিও আগের তুলনায় তারা এখন বেশি সরাসরি আক্রমণে যায়। নেদারল্যান্ডসও একই ধরনের দর্শনে বিশ্বাসী, তবে তারা তুলনামূলকভাবে কিছুটা সতর্ক।

ফ্রান্স ও পর্তুগাল মাঝামাঝি অবস্থানে রয়েছে। তারা বলের দখল রাখতে চায়, আবার প্রয়োজন হলে দ্রুত আক্রমণ ও ব্যক্তিগত নৈপুণ্যের ওপরও নির্ভর করে। ২০১৮ সালে ফ্রান্স এই কৌশলেই বিশ্বকাপ জিতেছিল।

জুলিয়ান নাগেলসমানের অধীনে জার্মানি এখনও কিছুটা রহস্যময় দল। তবে সুযোগ পেলে তারা প্রতিপক্ষকে চাপে রাখতে উচ্চগতির চাপ প্রয়োগ ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে।

অন্যদিকে ইংল্যান্ড এবার কিছুটা ভিন্ন পথে হাঁটছে। তারা বেশি শারীরিক শক্তিনির্ভর ও দ্রুত পাল্টা আক্রমণভিত্তিক ফুটবলের দিকে ঝুঁকেছে। বলের নিয়ন্ত্রণভিত্তিক দলগুলোর ছন্দ নষ্ট করাই হতে পারে তাদের প্রধান লক্ষ্য।

এবারের বিশ্বকাপে আবহাওয়া বড় ভূমিকা রাখতে পারে। তাপমাত্রা বেশি থাকায় খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়বে। পাশাপাশি কিছু মাঠ ফুটবলের জন্য বিশেষভাবে নির্মিত নয়। ফলে বল নিয়ন্ত্রণ ও দ্রুত পাসের খেলা বাধাগ্রস্ত হতে পারে।

এ কারণে দক্ষিণ আমেরিকার দলগুলো কিছুটা সুবিধা পেতে পারে। গরম আবহাওয়া ও কঠিন মাঠে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। উল্লেখযোগ্যভাবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত আগের প্রতিটি বিশ্বকাপেই দক্ষিণ আমেরিকার দল শিরোপা জিতেছে।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সম্ভবত তাদের অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরেই কৌশল সাজাবে। তবে ৩৮ বছর বয়সী মেসির ওপর চাপ কমাতে দলটি আরও সুসংগঠিত ও রক্ষণভিত্তিক ফুটবলের দিকেও ঝুঁকতে পারে।

ব্রাজিলও একই ধরনের পথ অনুসরণ করতে পারে। শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি দ্রুতগতির আক্রমণভাগকে কাজে লাগিয়ে তারা ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা করবে।

অন্যদিকে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও মধ্য আমেরিকার তুলনামূলক কম আলোচিত দলগুলো রক্ষণ সামলে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে আঘাত করতে চাইবে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ শুধু সেরা দল খোঁজার মঞ্চ নয়, বরং বিভিন্ন ফুটবল দর্শন ও কৌশলের পরীক্ষাগারও হতে যাচ্ছে। বলের নিয়ন্ত্রণভিত্তিক ফুটবল হয়তো শুরুতে আধিপত্য দেখাবে, কিন্তু একটি দুর্দান্ত পাল্টা আক্রমণই পুরো হিসাব বদলে দিতে পারে। আর সেই অনিশ্চয়তাই বিশ্বকাপকে করে তোলে সবচেয়ে আকর্ষণীয়।




মেক্সিকোতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুশীলনে ইরানের ফুটবলাররা

ক্রীড়া ডেস্কঃ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোর তিজুয়ানায় প্রথম অনুশীলন করেছে ইরান জাতীয় ফুটবল দল। সোমবার দলটির এই প্রথম অনুশীলনকে ঘিরে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

মূলত টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বর্তমান উত্তেজনার কারণেই তাদের ঘিরে এমন বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ইরানের এই হাই-প্রোফাইল অনুশীলন সেশনটি সাধারণ দর্শক ও মিডিয়ার জন্য সম্পূর্ণ বন্ধ দরজার আড়ালে আয়োজন করা হয়েছিল। তবে তা সত্ত্বেও স্থানীয় ফুটবল অনুরাগী ও মেক্সিকান ভক্তরা ইরানের ফুটবলারদের এক নজর দেখার জন্য ট্রেনিং সেন্টারের আশেপাশে ভিড় জমান।

অনুশীলন কেন্দ্রে পৌঁছানোর পর বেশ কিছু সমর্থক খেলোয়াড়দের কাছাকাছি যাওয়ার সুযোগ পান। সেখানে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন পর্তুগিজ ক্লাব পোর্তোর সাবেক তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি। তিনি হাসিমুখে উপস্থিত ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাদের সঙ্গে থাকা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে স্বাক্ষর করেন।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের শুরু থেকেই ইরান দলের ওপর বিশেষ নজর ছিল ফুটবল মহলের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইরান দলের মূল বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। কিন্তু যাতায়াত ও লজিস্টিক প্রক্রিয়া গোছানোর মাঝপথেই সেই পরিকল্পনা ভেস্তে যায়। ফলে অ্যারিজোনার প্রকল্প ওখানকার মতো বাদ দিতে হয়।

যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি এবং টুর্নামেন্টের অন্যান্য লজিস্টিক জটিলতার সুরাহা হওয়ার আগ পর্যন্ত ইরান দল অন্তর্বর্তীকালীন সময় হিসেবে তুরস্কে একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্প পরিচালনা করেছিল। পরে তুরস্ক থেকেই ইরান দলকে মেক্সিকোর ভিসা দেওয়া হয়। দলটি তুরস্ক থেকে স্পেনে যাত্রাবিরতি দিয়ে গতকাল মেক্সিকোতে পৌঁছায়।

এরইমধ্যে ইরানের ফুটবলার, কোচ ও কয়েকজন সাপোর্ট স্টাফকে বিশ্বকাপ খেলার ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দলটির শীর্ষ কর্মকর্তাদের ভিসা দেয়নি ট্রাম্পের সরকার। এ নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ফিফার কাছে চিঠিও দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ক্যাম্প করার সিদ্ধান্ত থেকে সরে এসে মেক্সিকোর সীমানায় মূল বেস ক্যাম্প স্থাপন করার এই সিদ্ধান্তটি মূলত তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাব এড়ানোর একটি কৌশলগত বিকল্প। এর ফলে ইরান দল লজিস্টিক ও পরিচালনাগত ঝামেলা অনেকটাই কমিয়ে শান্তিতে মাঠের খেলায় মনোযোগ দিতে পারবে বলে মনে করা হচ্ছে।