সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

ডেস্ক নিউজঃ সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে আজ সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য বনাঞ্চলটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

বন বিভাগের চাঁদপাই রেঞ্জ ও পূর্ব সুন্দরবন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারীসহ কোনো পেশাজীবী প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের জন্যও সুন্দরবনে ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বনের মৎস্যসম্পদ ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন রাখতে ২০২০ সাল থেকে প্রতিবছর টানা তিন মাস বনাঞ্চলে সব ধরনের মানুষের প্রবেশ নিষিদ্ধ করে আসছে সরকার। তবে পাঁচ বছর পর এ সিদ্ধান্তে আংশিক পরিবর্তন আনা হয়েছে। বন বিভাগ জানিয়েছে, এবার থেকে নিষিদ্ধকালীন সময়েও ‘করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র’ পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, করমজল পশুর নদীর পাড়ে হওয়ায় মৎস্য, বন্যপ্রাণী বা বনাঞ্চলের তেমন কোনো ক্ষতি হবে না বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বনজীবীদের নৌযান চলাচল, মাছ ও কাঁকড়া আহরণ, পর্যটকবাহী ট্রলারের শব্দ এবং মানুষের উপস্থিতির কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক আচরণ ও প্রজননপ্রক্রিয়া ব্যাহত হয়। তাই এই নিষেধাজ্ঞা বনের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিষেধাজ্ঞা চলাকালে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না এবং কেউ অবৈধভাবে বনে প্রবেশ করলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে যৌথ টহল ও নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বন বন্ধ রাখার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সুন্দরবন-নির্ভর হাজারো পরিবারের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বন থেকে আহরণ কার্যক্রম বন্ধ থাকায় আয়-রোজগারের পথও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে আগামী তিন মাস পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে উদ্বেগে রয়েছেন বনজীবীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বন বন্ধ থাকায় সংসার চালাতে মহাজনসহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে বাধ্য হন তারা। এ সময় পর্যাপ্ত সরকারি সহায়তা বা বিশেষ প্রণোদনা না পাওয়ায় প্রতি বছরই নানামুখী সংকট ও দুর্ভোগের মুখোমুখি হতে হয় বননির্ভর মানুষদের।

অনেক বনজীবী অভিযোগ করেন, বন বিভাগের নিষেধাজ্ঞা প্রায়ই ‘ঘোষণাতেই সীমাবদ্ধ’ থাকে। স্থানীয় কিছু প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় এবং অসাধু বন কর্মকর্তা-প্রহরীদের ঘুষ-বাণিজ্যের সুযোগ নিয়ে একশ্রেণীর জেলেরা বনের অভয়ারণ্যের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার করে। এছাড়া, মৎস্য সম্পদ বাড়ানোর জন্য সরকার এমন সিদ্ধান্ত নিলেও বর্তমানে কোস্টগার্ড, নৌ পুলিশ ও বন বিভাগের সামনেই বন সংলগ্ন ও বনের ভেতরের নদী-খালে অবৈধ নেটজাল দিয়ে নির্বিচারে মাছের পোনা নিধন করা হচ্ছে, যা বন্ধে প্রশাসনের কোনো উদ্যোগ নেই।

সুন্দরবন ও বাংলাদেশ উপকূল সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক শুভ্র শচীন জানান, সুন্দরবন উপকূলীয় প্রান্তিক মানুষের জীবিকার প্রধান উৎস সুন্দরবন। তবে গত এক দশকে সুন্দরবনের অর্থনীতির গতিপথ অনেকটাই বদলে গেছে, তাতে ভুক্তভোগী হচ্ছে বনজীবীরা। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ নানা কারণে বনজসম্পদ আহরণসহ নানা উপায়ে বননির্ভরশীল মানুষের আয় কমেছে। মাছ-কাঁকড়া, মধু আহরণ আশঙ্কাজনকভাবে কমেছে।

তিনি আরও বলেন, বন সুরক্ষায় স্থানীয় ও বনজীবীদের কার্যকর সম্পৃক্ততাও নিশ্চিত হয়নি। যে কারণে জীবিকার তাগিদে বনজসম্পদ আহরণে তাদের কেউ কেউ অবৈধ ও অনৈতিক পন্থা অবলম্বন করেন। তবে সরকারি সহযোগিতা পেলে অপরাধ প্রবণতার পাশাপাশি বননির্ভরতা কমবেও। বনের ওপর নির্ভরশীল মানুষদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি সুন্দরবনে ‘প্রবেশনিষিদ্ধ’ সময়ে সরকারিভাবে খাদ্যসহায়তার ব্যবস্থা করতে হবে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সুন্দরবনের মোট আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার, যার প্রায় ৩১ শতাংশ জলভাগ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এ বনে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি এবং ১৪ প্রজাতির উভচর প্রাণী। সুন্দরবনকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করেন প্রায় দেড় লাখ মানুষ।

প্রতি বছর ১২ হাজারের বেশি জেলেনৌকা সুন্দরবনে প্রবেশের জন্য বোট লাইসেন্স সার্টিফিকেট (বিএলসি) সংগ্রহ করে। বন বিভাগের তালিকা অনুযায়ী, সুন্দরবন পূর্ব বিভাগে নিবন্ধিত বনজীবীর সংখ্যা ৫ হাজার ৮০০ জন এবং পশ্চিম বিভাগে ৬ হাজার ৩১০ জন। এছাড়া প্রতিবছর ২ লাখেরও বেশি দেশি-বিদেশি পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল

ডেস্ক নিউজঃ ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। কর্মদিবস শুরুর আগে রবিবার (৩১ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজধানীর কমলাপুর রেলস্টেশন, যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় ঢাকামুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে মানুষ ঢাকায় ফিরলেও যানবাহন সংকটের কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিভিন্ন গন্তব্য থেকে ৪৩টি আন্তঃনগর, ২৩টি লোকাল, মেইল ও কমিউটারসহ মোট ৬৬টি ট্রেন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।

ঢাকার রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকায় মানুষ ফিরছে। তবে অনেকে এখনো পরিবার নিয়ে ফেরেননি। উত্তরবঙ্গের কিছু ট্রেন আধাঘণ্টা থেকে এক ঘণ্টা দেরি করেছে, তবে বড় কোনো সমস্যা হয়নি।

অন্যদিকে বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঢাকামুখী মানুষের সংখ্যা বাড়লেও যানচাপ ছিল তুলনামূলক কম। যাত্রাবাড়ী, গাবতলী ও সায়েদাবাদ এলাকায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চলাচলও বেড়েছে।

পুলিশ ও পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, এখনো অনেক পোশাক শ্রমিক ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ঢাকায় ফেরেননি। আগামী দু-এক দিনের মধ্যে তাঁদের ফেরার চাপ আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।




প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুপুর ১২টায় হওয়ার কথা থাকলেও এখন এটি অনুষ্ঠিত হবে সোমবার (১ জুন) বিকেল ৩টায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে ঈদ উপলক্ষে সরকারের গৃহীত বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।




ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল সোয়া নয়টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে দাফতরিক কার্যক্রম শুরু করেন।

দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মন্ত্রিপরিষদ ভবনে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক।

এরপর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।

মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আরেকটি সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ কর্মসূচি রয়েছে।

সব কর্মসূচিই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বলেও প্রেস উইং থেকে জানানো হয়েছে।




সন্ধ্যার মধ্যে দুই জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

আবহাওয়া ডেস্কঃ সন্ধ্যার মধ্যে দেশের দুই জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সংস্থাটি জানায়।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়।

সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।

এমন পরিস্থিতিতে তিন জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।




১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি

ডেস্ক নিউজঃ পদ্মা ও যমুনা সেতু দিয়ে গত ১০ দিনে পারাপারকারী যানবাহন থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পারাপার হওয়া ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন থেকে এ টোল আদায় হয়েছে।

একই ভাবে যমুনা সেতুতে ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদ্মা ও যমুনা সেতুর কার্যকর ব্যবস্থাপনার ফলে ঈদুল আজহার ছুটিতে থাকা যাত্রীদের জন্য সড়কপথে নিরাপদ, মসৃণ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীও ঈদযাত্রায় সার্বক্ষণিক মনিটরিং করেছেন। এর ফলে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরো স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।




রামিসা হত্যা: আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ডেস্ক নিউজঃ রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে আদালতে আনা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে চার্জশিট আমলে নিয়ে আজকের দিন অভিযোগ গঠন শুনানির জন্য নির্ধারণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।




ডিবিসি’র শাফায়েতের কবলে নারী উপস্থাপিকারা, পরকীয়ায় অভিযোগ তদন্তে দোষী প্রমাণিত হয়ে চাকুরিচ্যুত

নিজস্ব প্রতিবেদকঃ টেলিভিশনের ঝলমলে পর্দা, ক্যামেরার ফ্ল্যাশ – দর্শকের চোখে সবই যেন এক আলোকিত জগতের প্রতিচ্ছবি। কিন্তু সেই আলোর নিচেই যদি জমে থাকে নিকষ অন্ধকার? যদি ক্যামেরার পেছনের করিডোরে গড়ে ওঠে ভয়, প্রভাব আর অনৈতিকতার এক অদৃশ্য সাম্রাজ্য?

ঠিক এমনই এক চাঞ্চল্যকর অভিযোগের কেন্দ্রে উঠে এসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সদস্য সাবেক নির্বাহী প্রযোজক শাফায়েত হোসাইন। অভ্যন্তরীণ তদন্তে দোষী প্রমাণিত হয়ে অবশেষে চাকরি হারিয়েছেন তিনি। তবে এই পতনের পেছনে উঠে এসেছে ভয়ংকর সব অভিযোগ, যা নাড়িয়ে দিয়েছে পুরো গণমাধ্যম অঙ্গনকে।

ফরিদপুর জেলার মাদারীপুর উপজেলার চর খোয়াজপুর গ্রামের খামারী মাহাবুব হোসেনের ছেলে শাফায়েত হোসাইন বর্তমানে রাজধানীর মিরপুরে স্ত্রী ও স্কুলগামী দুই সন্তান নিয়ে বসবাস করেন। বাহ্যিকভাবে পরিপাটি, মার্জিত ও পেশাদার পরিচয়ের আড়ালে সহকর্মীদের ভাষ্যমতে, লুকিয়ে ছিল এক ভিন্ন চরিত্র – যেখানে ক্ষমতার অপব্যবহার, নারী সহকর্মীদের প্রতি অনৈতিক আগ্রহ এবং মানসিক নিপীড়নের অভিযোগ দীর্ঘদিন ধরে চাপা পড়ে ছিল।

বিষাক্ত কর্মপরিবেশ: মুখ খুললেই ‘আউট’ : অভিযোগ রয়েছে, ডিবিসির নিউজরুমে নিজের অবস্থানকে পুঁজি করে শাফায়েত হোসাইন এমন এক প্রভাব বলয় তৈরি করেছিলেন, যেখানে তিনিই ঠিক করতেন কার ক্যারিয়ার সামনে এগোবে আর কার পথ থেমে যাবে।
বিশেষ করে নতুন ও আকর্ষণীয় নারী উপস্থাপিকাদের লক্ষ্য করে শুরু হতো তার ‘মেন্টাল গেম’। প্রথমে ভালো শিডিউল, জনপ্রিয় অনুষ্ঠান, বিশেষ টকশো কিংবা বাড়তি স্ক্রিন-টাইমের প্রলোভন দেখিয়ে তৈরি করা হতো সখ্যতা। এরপরই শুরু হতো ব্যক্তিগত ঘনিষ্ঠতার চাপ এবং অস্বস্তিকর ইঙ্গিত।

একাধিক সূত্রের দাবি, তার অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলেই শুরু হতো মানসিক নির্যাতন। তুচ্ছ ভুলকে বড় করে দেখা, অকারণে নতুন নিয়ম চাপিয়ে দেওয়া, অপমানজনক আচরণ এবং ধীরে ধীরে পর্দা থেকে সরিয়ে দেওয়ার কৌশল ছিল নিয়মিত ঘটনা।
গত মাসেই এমন ‘টক্সিক’ পরিবেশের শিকার হয়ে ডিবিসি ছেড়েছেন একাধিক নারী উপস্থাপিকা।

প্রভাবের ছায়া ও অর্থ আত্মসাৎ : শাফায়েতের এত ক্ষমতার উৎস কোথায় – এ প্রশ্ন ডিবিসির ভেতর-বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু। জানা গেছে, পরিচালনা বিভাগের এক শীর্ষ কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে দীর্ঘদিন নিজের অপকর্ম আড়াল করে আসছিলেন তিনি। এই প্রভাব খাটিয়ে তিনি শুধু নারী সহকর্মীদের নয়, পুরুষ সহকর্মীদের ক্যারিয়ার নিয়েও ছিনিমিনি খেলতেন।

ডিবিসির সাবেক স্পোর্টস ইনচার্জ তাইয়েব অনন্তকে চাকরিচ্যুত করার নেপথ্যেও শাফায়েতের কৌশলী ভূমিকার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক নারী উপস্থাপিকাকে কৌশলে ব্যবহার করে তাইয়েব অনন্তের বিরুদ্ধে সাজানো অভিযোগ দায়ের করানো হয়, যার সাক্ষী ছিলেন শাফায়েত নিজেই। এমনকি সেই অভিযোগ পুরোটাই লিখে দেয় শাফায়েত হোসাইন। ঐ উপস্থাপিকা তাতে স্বাক্ষর করে। কোনো ধরনের পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই ডিবিসি থেকে চাকরি হারাতে হয় তাইয়েব অনন্তকে।

অতীতের বিতর্ক : শাফায়েত হোসেনের অতীতও বিতর্কে ঘেরা। জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ-এর একটি স্পোর্টস শো-এর অর্থ দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিবিসি থেকে চাকরি হারানোর ঘটনাও ঘটেছে। পরে দেশ টিভিতে যোগ দিলেও স্বভাব বদলাননি বলে অভিযোগ রয়েছে। কিন্তু রহস্যজনকভাবে একাউন্টস বিভাগের এক সাবেক সহকর্মী সুপারিশে আবারও ডিবিসিতে ফিরে আসেন তিনি। আর ফিরে এসেই শুরু করেন পুরনো কৌশলের পুনরাবৃত্তি।

নেতার ছবি ও ‘জুজুর ভয়’ : সহকর্মীদের কাছে নিজের প্রভাব বিস্তারের আরেকটি হাতিয়ার ছিল রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত। মিরপুরের এক প্রভাবশালী বিএনপি নেতার সঙ্গে তোলা ছবি দেখিয়ে অফিসে এক ধরনের ‘জুজুর ভয়’ তৈরি করে রাখতেন তিনি। কথায় কথায় সেই প্রভাবের দাপট দেখিয়ে সহকর্মীদের চুপ করিয়ে রাখতেন। সহকর্মীদের ভাষায়, “তিনি যেন একজন প্রযোজক নন, বরং এক মূর্তিমান আতঙ্ক।”

ফাঁস হওয়া গোপন কথোপকথনে উন্মোচিত মুখোশ : সম্প্রতি এক নারী উপস্থাপিকার সঙ্গে শাফায়েতের গোপন কথোপকথন ফাঁস হওয়ার পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। ডিবিসির মহাখালীর প্রধান কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

সেই কথোপকথনে উঠে আসে, সাবেক উপস্থাপিকা তানিয়া হারুন চ্যানেল ওয়ানে যোগ দেওয়ার পর ‘প্রযত্নে বাংলাদেশ’-এর জন্য নতুন উপস্থাপিকা বাছাইয়ের প্রক্রিয়ায় শাফায়েত নিজের পছন্দের প্রার্থীকে সুযোগ পাইয়ে দিতে পরিচালক রুশায়েদ আহসানকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। সংবাদ বিভাগের রিপোর্টারদের বাদ দিয়ে আরটিভি থেকে সদ্য যোগ দেওয়া এক উপস্থাপিকাকে সেখানে বসানোর পরিকল্পনার কথাও উঠে আসে। শাফায়েত হোসেন ও রুশায়েদ আহসানের সেই কথোপথন রয়েছে আমাদের কাছে।

একই কথোপকথনে উঠে আসে আরো দুই প্রযোজকের নারীঘটিত প্রসঙ্গ, এমনকি এক সাবেক সচিবের নামও আলোচনায় আসে।

তদন্তে দোষী, পদত্যাগের নির্দেশ : গোপন তথ্য ফাঁসের পর ডিবিসি কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়। শাফায়েত হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয় এবং গঠন করা হয় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। দীর্ঘ অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় ডিবিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পদত্যাগের নির্দেশ দেয়। অবশেষে চাকরিচ্যুত হন শাফায়েত।

চাকরি হারিয়েও থামেননি : চাকরি হারানোর পরও থেমে নেই তার তৎপরতা। সূত্র বলছে, ইতোমধ্যে চ্যানেল ওয়ানসহ দেশের একাধিক টেলিভিশন চ্যানেলে নতুনভাবে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন তিনি। একই সাথে পুনরায় ডিবিসিতে যোগ দেওয়ার জন্য প্রতিদিনই তাকে দেখা যাচ্ছে ডিবিসি অফিসের আশেপাশে।




সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক নিউজঃ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবারের (২৬ মে) হজ বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

নতুন এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরার মো. হারুন-উর রশীদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এদিকে আজ মঙ্গলবার ঐতিহাসিক আরাফাত ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে এবং মিনায় লাখো হাজির সমাগম ঘটেছে।

এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯ হাজার১৬৪ জন হজযাত্রী হজে অংশ নিয়েছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার৯২৬ জন সৌদি আরব গেছেন।




ঢাকায় ভূমিকম্প অনুভূত

ডেস্ক নিউজঃ রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে।