মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

ডেস্ক নিউজঃ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর ফাঁকে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের যোগাযোগ আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সাইডলাইনে দুই দেশের শীর্ষ পর্যায়ের এ যোগাযোগ পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।




রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি, বাড়ছে সুবিধাভোগী

ডেস্ক নিউজঃ আসন্ন রমজানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ লক্ষ্যে সারা দেশে ৫২০টি ট্রাকে পণ্য বিক্রির পরিকল্পনা করেছে সংস্থাটি। গত রমজানে ট্রাকের সংখ্যা ছিল ৪৫০টি।

টিসিবির এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রায় ৪০ লাখ মানুষ কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। গতবারের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা ছয় লাখ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রমজানকে কেন্দ্র করে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনিসহ প্রয়োজনীয় পণ্যের বাড়তি মজুত গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি স্মার্ট কার্ডধারী পরিবারের বাইরে থাকা সাধারণ ক্রেতাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করছে টিসিবি।

সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানিয়েছেন, রমজানের চাহিদা বিবেচনায় নিয়ে পণ্য সংগ্রহের প্রস্তুতি চলছে। নিয়মিত কার্যক্রমে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে কার্ডধারীদের পাশাপাশি আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে অতিরিক্ত বিক্রির পরিকল্পনা করা হচ্ছে।

তিনি জানান, বাড়তি পণ্য সংগ্রহের জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে। কয়েকটি পণ্যের দরপত্রও আহ্বান করা হয়েছে। তবে অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে স্থানীয় ও আন্তর্জাতিক বাজার থেকে মোট ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে টিসিবি।

এদিকে চলতি অর্থবছরে দেশে বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বেড়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫ হাজার টন। এ ছাড়া সয়াবিন বীজ আমদানি হয়েছে ৫ লাখ ১ হাজার টন।

একই সময়ে চিনির আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চার মাসেরও কম সময়ে আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।

এ সময়ে মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। অন্যদিকে খেজুরের আমদানি ৪ হাজার টন থেকে বেড়ে ১১ হাজার টনে পৌঁছেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি বৃদ্ধি, সরকারি পর্যায়ে পণ্য সংগ্রহ এবং ট্রাকের মাধ্যমে বিক্রির পরিধি বাড়ানোর উদ্যোগ রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখতে পারে। তবে এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যে বিক্রি নিশ্চিত করতে হবে।




ধান-চালের ব্যবসায় বিনিয়োগের নামে কোটি টাকা হাতানোর অভিযোগ, বগুড়ার খাদ্য বিভাগের হিসাবরক্ষক শহিদুলকে ঘিরে তোলপাড়

বিশেষ প্রতিবেদকঃ বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাবরক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ধান-চাল ও খাদ্য সরবরাহের ব্যবসায় লভ্যাংশের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সরকারি চাকরির পদ পদবি এবং দাপ্তরিক প্রভাব ব্যবহার করে ভুক্তভোগীদের আস্থা অর্জনের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয় বলে জানা গেছে। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে নানা টালবাহানা শুরু করা হয় এবং একপর্যায়ে ভুক্তভোগীরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হন।

অনুসন্ধানে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার খামার পীরগাছা এলাকার নজরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম ২০১৪ সালে গাইবান্ধা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে অডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। লালমনিরহাট ও গাইবান্ধায় বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালনের পর ২০২২ সালে হিসাবরক্ষক পদে পদোন্নতি লাভ করে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যোগদান করেন। সরকারি চাকুরিজীবী হওয়ার সুবাদে খাদ্য দপ্তরে ধান-চাল সরবরাহের ব্যবসায়ে অংশীদার করার ভুয়া আশ্বাস দিয়ে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ফাঁদে ফেলতেন।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সরকারি দপ্তরের মাধ্যমে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগের নামে সঞ্চয়ের অর্থ এবং চড়া সুদে ঋণ করা টাকাও হাতিয়ে নেন শহিদুল। বগুড়ার শ্যামলী হোটেলের ব্যবস্থাপক জামিল খান খাদ্য ব্যবসায় বিনিয়োগের নামে তাঁর কাছে ১২ লাখ ৯০ হাজার টাকা খুইয়েছেন। এর বিপরীতে ইসলামী ব্যাংকের গাইবান্ধা শাখার দুটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত তহবিল না থাকায় সেগুলো ডিজঅনার হয় এবং পরবর্তীতে তিনি আদালতে মামলা করেন। একইভাবে গাইবান্ধার নীলা বেগমের কাছ থেকেও মাসিক মুনাফার আশ্বাসে ১১ লাখ টাকা নেওয়া হয় এবং মেয়াদ শেষে ভুয়া চেক প্রদান করা হয়।

এই প্রতারণার শিকার হয়েছেন কামরুল হাসান ও ব্যবসায়ী বিপু মিয়ার মতো আরও অনেকে। ২০২১ সালের আগস্ট মাসে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে কামরুল হাসান শহিদুলকে সাড়ে সাত লাখ টাকা দেন। দীর্ঘ টালবাহানার পর ডাচ্-বাংলা ও জনতা ব্যাংকের দুটি চেক দেওয়া হলেও পর্যাপ্ত অর্থের অভাবে সেগুলো প্রত্যাখ্যাত হয় এবং সেই মামলায় শহিদুল একপর্যায়ে গ্রেপ্তার হন। সব মিলিয়ে ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী লেনদেনের এই পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

আইনি জটিলতা ও দাপ্তরিক ব্যবস্থার বিষয়ে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চেক ডিজঅনার সংক্রান্ত তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২০২৪ সালের ২৮ নভেম্বর নিজ কর্মস্থল থেকেই গ্রেপ্তার হন অভিযুক্ত শহিদুল ইসলাম। একদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান এবং পরবর্তীতে বিভাগীয়ভাবে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বরখাস্তের পর ২০২৬ সালের নভেম্বরে তিনি কীভাবে পুনরায় বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাকরিতে বহাল হলেন, সে বিষয়ে স্পষ্ট কোনো দাপ্তরিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে নিজের বিরুদ্ধে আনীত যাবতীয় অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত হিসাবরক্ষক শহিদুল ইসলাম। তাঁর দাবি, অভিযোগকারীরা উল্টো তাঁর কাছে টাকা পান এবং তিনি জমি বিক্রি করে পূর্বের পাওনাদারদের সমুদয় অর্থ পরিশোধ করে দিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো পূর্বশত্রুতার জেরে তৈরি এবং এর সঙ্গে দাপ্তরিক দুর্নীতির কোনো সম্পর্ক নেই।

বর্তমান পরিস্থিতির বিষয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের অবস্থান স্পষ্ট করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হক ভূইয়া। তিনি জানিয়েছেন যে তিনি সম্প্রতি বগুড়ায় নতুন যোগদান করেছেন এবং শহিদুলের বিরুদ্ধে চলা ব্যক্তিগত লেনদেনসংক্রান্ত অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তাঁর মতে, ব্যক্তিগত আর্থিক লেনদেনের বিষয়টি দপ্তরের আওতাভুক্ত নয়, তবে সরকারি দপ্তরের নাম ব্যবহার করে কেউ দুর্নীতি বা অর্থ আত্মসাৎ করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




মালিকানা আড়াল করে ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ, আওয়ামী লীগ নেতা ফরিদকে ঘিরে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় ৬১ কোটি টাকার তিনটি ঠিকাদারি কাজ পেয়েছে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির আড়ালে রয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিজের সম্পৃক্ততা আড়াল করতে প্রতিষ্ঠানটির নাম, ঠিকানা ও ট্রেড লাইসেন্সে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। প্রথমে স্ত্রীর নামে এবং পরে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) নামে ট্রেড লাইসেন্স নেওয়ার উদ্যোগও দেখা গেছে। তবে এসব পরিবর্তনের পরও প্রতিষ্ঠানের মালিকানা ও ব্যবস্থাপনায় ফরিদ আহমেদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

নথিপত্র পর্যালোচনায় জানা যায়, ফরিদ আহমেদের আগের প্রতিষ্ঠান ছিল মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। পরে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। নতুন নাম ও পরিবর্তিত পরিচয়ে আবারও ঠিকাদারি কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আহ্বান করা দরপত্রে অংশ নিয়ে তিনটি প্যাকেজের কাজ পায় ইউটোপিয়া। এসব কাজের মোট চুক্তিমূল্য ৬০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।

দরপত্রের নথি অনুযায়ী, ইউটোপিয়ার চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফরিদ আহমেদের স্ত্রী রামিহা আহমেদ (রোজা) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে রয়েছেন ফরিদ নিজেই। প্রতিষ্ঠানে ফরিদের মালিকানা ৬০ শতাংশ এবং তাঁর স্ত্রীর ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসনিক ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সিইও আবুবকর সিদ্দীককে। এ ছাড়া ব্যবস্থাপক শাহীন আলমকেও বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, দরপত্র ও চুক্তিপত্রে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, এভাবে প্রতিষ্ঠানের প্রকৃত নিয়ন্ত্রণ ও মালিকানার বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছে।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় পাওয়া তিনটি কাজের মধ্যে রয়েছে সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য আমিনবাজার ল্যান্ডফিলে পরিবহন। এর মধ্যে অঞ্চল-১-এর ১ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৬-এর ৫১ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডের কাজের চুক্তিমূল্য ২৪ কোটি ৩৩ লাখ ৭৯ হাজার টাকা। অঞ্চল-৩-এর ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের কাজ পেয়েছে ১৭ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকায়। অন্যদিকে অঞ্চল-৭-এর ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৮-এর ৪৪ থেকে ৪৬ নম্বর ওয়ার্ডের কাজের মূল্য ১৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার টাকা। সব মিলিয়ে তিনটি প্যাকেজে ৬০ কোটি টাকার বেশি কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি।

তবে কাজ পাওয়ার পর থেকেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চুক্তিতে যতসংখ্যক কর্মী নিয়োগের কথা রয়েছে, বাস্তবে তার চেয়ে কম কর্মী দিয়ে কাজ চালানো হচ্ছে। পাশাপাশি কর্মীদের চুক্তি অনুযায়ী বেতন না দিয়ে কম মজুরি দেওয়ার অভিযোগও রয়েছে। এতে শ্রমিকদের প্রাপ্য অর্থের একটি অংশ আত্মসাতের সুযোগ তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু রাখার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা যথাযথভাবে অনুসরণ করছে না। এ কারণে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে ইউটোপিয়াকে লিখিত নোটিশও দেওয়া হয়েছে।

ডিএনসিসির দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ছিলেন তৎকালীন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ হুমায়ুন কবীর। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী। ইউটোপিয়াকে কীভাবে দরপত্রে যোগ্য হিসেবে বিবেচনা করা হলো, জানতে চাইলে ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের মালিকানা অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে এবং নতুন মালিক প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউটোপিয়া রেখেছেন। কোম্পানি আইনে নাম কিংবা মালিকানা পরিবর্তন হলেও প্রতিষ্ঠানের আগের দায় ও অধিকার বহাল থাকে। এসব বিষয় যাচাই করেই প্রতিষ্ঠানটিকে যোগ্য ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান। তবে প্রতিষ্ঠানটি কার কাছে বিক্রি হয়েছে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। অন্যদিকে ই-জিপির নথিতে ফরিদ আহমেদ ও তাঁর স্ত্রীর নাম থাকায় মালিকানা হস্তান্তরের দাবিটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফরিদ আহমেদের প্রতিষ্ঠানের পরিচয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। নথি অনুযায়ী, ওই বছরের ১৯ আগস্ট মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্রেড লাইসেন্সে নিজের নামের পরিবর্তে স্ত্রী রামিহা আহমেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে প্রতিষ্ঠানের শেয়ারসংক্রান্ত তথ্যও উল্লেখ ছিল। সেখানে রামিহা আহমেদের নামে ২ হাজার এবং ফরিদ আহমেদের নামে ৩ হাজার শেয়ার থাকার তথ্য দেওয়া হয়।

এর পরদিন, অর্থাৎ ২০ আগস্ট প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের আবেদন করেন ফরিদ আহমেদ। আগে প্রতিষ্ঠানটির ঠিকানা ছিল ভাটারার খিলবাড়িরটেক এলাকায়। পরে তা গুলশান থানাধীন শাহজাদপুরে স্থানান্তরের আবেদন করা হয়। এরপর যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নথি অনুযায়ী, ২০২৫ সালের ২২ জানুয়ারি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের নাম পরিবর্তন করে ইউটোপিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড রাখা হয়।

প্রতিষ্ঠানের পরিচয় পরিবর্তনের পরও ট্রেড লাইসেন্সে নাম পরিবর্তনের প্রক্রিয়া চলতে থাকে। ২০২৫ সালের ১২ এপ্রিল স্ত্রী রামিহা আহমেদের পরিবর্তে সিইও আবুবকর সিদ্দীকের নামে ট্রেড লাইসেন্স করার আবেদন করা হয়। তবে ওই আবেদনের সঙ্গে যুক্ত বোর্ড সভার কার্যবিবরণীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ফরিদ আহমেদের নাম উল্লেখ ছিল। সর্বশেষ গত ১৭ মে আবারও ট্রেড লাইসেন্সে আবুবকর সিদ্দীকের নাম পরিবর্তন করে রামিহা আহমেদের নাম অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স স্ত্রীর নামেই রয়েছে। অথচ কোম্পানির নথিতে ফরিদ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ট্রেড লাইসেন্সে একের পর এক নাম পরিবর্তনের পেছনে প্রকৃত মালিকানা ও নিয়ন্ত্রণ আড়াল করার উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরজেএসসির তথ্য অনুযায়ী, ২০২০ সালের ১৭ আগস্ট মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটি পরের বছর থেকেই ঢাকা উত্তর সিটি করপোরেশনে ঠিকাদারি কাজ পেতে শুরু করে। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ১২টি কাজ পায়। এসব কাজের সম্মিলিত চুক্তিমূল্য ছিল ৮৩ কোটি ২৪ লাখ ৫৮ হাজার টাকা।

প্রতিষ্ঠানটি ২০২১ সালেই ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে চারটি কাজ পায়। এসব কাজের মধ্যে ছিল সড়ক ঝাড়ু দেওয়া, নালা পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য শ্রমিক সরবরাহ। চারটি কাজের মোট মূল্য ছিল ৩৭ কোটি ১৬ লাখ ৩১ হাজার টাকা। পরবর্তী সময়ে বর্জ্য সংগ্রহ, খাল পরিষ্কার এবং মশক নিধন কার্যক্রমেও কর্মী সরবরাহের দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি।

২০২২ সালে অঞ্চল-৩ ও ৫-এর বর্জ্য সংগ্রহের কাজ প্রায় সাড়ে ৬ কোটি টাকায় পায় মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট। ২০২৩ সালে সুতিভোলা ও সাতারকুল খাল পরিষ্কারের কাজ পায় প্রায় সোয়া ২ কোটি টাকায়। একই বছর মশক নিধন কার্যক্রমে কর্মী সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় সাড়ে ২৮ কোটি টাকার চুক্তি হয়। ২০২৪ সালে অঞ্চল-২ ও ৪-এর বিশেষ বর্জ্য সংগ্রহের কাজ পায় প্রায় ৭ কোটি টাকায়।

এসব কাজের ক্ষেত্রেও কর্মীসংখ্যা ও বেতন নিয়ে অনিয়মের অভিযোগ ছিল। অভিযোগ রয়েছে, চুক্তি অনুযায়ী পর্যাপ্ত কর্মী নিয়োগ না করে কমসংখ্যক লোক দিয়ে কাজ করানো হতো। একই সঙ্গে কর্মীদের নির্ধারিত মজুরির চেয়ে কম টাকা দেওয়া হতো। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

শুধু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগেই নয়, ডিএনসিসির প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা থেকেও বিভিন্ন কাজ পেয়েছিল প্রতিষ্ঠানটি। ২০২২ সালে প্রায় অর্ধকোটি টাকায় দক্ষ ও অদক্ষ শ্রমিক সরবরাহের কাজ পায় তারা। ২০২৩ সালে একই ধরনের আরও একটি কাজ পায় ৬০ লাখ টাকায়। ওই বছর সড়কের রোড মার্কিংয়ের কাজে শ্রমিক সরবরাহের জন্যও প্রায় অর্ধকোটি টাকার চুক্তি হয়। এ ছাড়া ২০২২ সালে ১৯ লাখ টাকার ব্যাটারি ও যন্ত্রাংশ সরবরাহের কাজও পেয়েছিল মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট।

ফরিদ আহমেদের প্রতিষ্ঠানকে ঘিরে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী এ বিষয়ে তথ্য দিলেও প্রকাশ্যে বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে ২০২৩ সালের ২৬ অক্টোবরের একটি চিঠিতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই চিঠিতে বলা হয়, ২৯ অক্টোবর ই-জিপি পরিচালনাকারী প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিদের জন্য দরপত্র জমা দেওয়ার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের তালিকার ২২ নম্বরে মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি হিসেবে মো. আলামীনের নাম উল্লেখ ছিল।

অভিযোগের বিষয়টি হলো, আলামীন নিজেই ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রকৌশল শাখায় কম্পিউটার কর্মী হিসেবে কাজ করতেন। অর্থাৎ সিটি করপোরেশনের একজন কর্মী একই সঙ্গে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আলামীন স্থায়ী কর্মী ছিলেন না। ২০১৮-১৯ সালের দিকে নন-স্কেলভুক্ত কর্মী হিসেবে তাঁর নিয়োগ হয় এবং গত বছর তিনি স্কেলভুক্ত হন। তিনি করপোরেশনের একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর আত্মীয় হিসেবেও পরিচিত।

এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বি জানান, আগে বর্জ্য ব্যবস্থাপনার কাজের জন্য ঠিকাদার খুঁজে বের করতে হতো। অনেক ঠিকাদার ই-জিপির নিয়ম ও দরপত্র প্রক্রিয়া বুঝতেন না। তাঁদের সহায়তার জন্যই আলামীনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। তবে আলামিনের বক্তব্য জানতে ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা সম্পর্কে জানতে চাইলে ইউটোপিয়ার সিইও আবুবকর সিদ্দীক বলেন, বিষয়টি এক কথায় ব্যাখ্যা করা সম্ভব নয়। সরাসরি দেখা করলে বিস্তারিত জানাতে পারবেন। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানটি কেনার চেষ্টা করেছিলেন। কিন্তু ফরিদ আহমেদ উপস্থিত না হওয়ায় মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে প্রতিষ্ঠানটি এখনো ফরিদের নামেই রয়েছে। তবে ইউটোপিয়ার নামে আলাদা ব্যাংক হিসাব খোলা হয়েছে এবং সেখান থেকেই প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

অন্যদিকে ফরিদ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে প্রতিষ্ঠানের মালিকানা পরিবর্তন, ট্রেড লাইসেন্সে বারবার নাম পরিবর্তন এবং ডিএনসিসির কাজ পাওয়ার বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ই-জিপি প্রক্রিয়ার মাধ্যমে দরপত্রে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা যাচাই করা হয়। কোন প্রতিষ্ঠান কাজ পাবে, তা নির্ধারণে প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ থাকে না। ইউটোপিয়া যোগ্য বিবেচিত হওয়ায় কাজ পেয়েছে এবং দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।

প্রতিষ্ঠানটির মালিকানা আড়াল করার অভিযোগ সম্পর্কে প্রশাসক বলেন, ইউটোপিয়ার প্রকৃত মালিকানা সম্পর্কে তাঁর জানা ছিল না। এ ধরনের কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর মতে, ই-জিপিতে মূলত প্রতিষ্ঠানের দরপত্রসংক্রান্ত যোগ্যতা যাচাই করা হয়; মালিকের রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো অপরাধের তথ্য সেখানে সাধারণত থাকে না।

সব মিলিয়ে, একই প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা পরিবর্তন, ট্রেড লাইসেন্সে একাধিক ব্যক্তির নাম ব্যবহার, মালিকানা হস্তান্তর নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং ডিএনসিসির বিপুল অঙ্কের ঠিকাদারি কাজ পাওয়ার বিষয়গুলো নতুন করে প্রশ্ন তৈরি করেছে। পাশাপাশি চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগ না করা, শ্রমিকদের কম মজুরি দেওয়া এবং বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা অনুসরণ না করার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা, ঠিকাদারি কার্যক্রম এবং সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য বের করে আনার দাবি উঠেছে।




জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের দ্বিতীয় দিন সকালেই জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ-৩১)-এর মূল সম্মেলনস্থলে যোগ দিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জলবায়ু সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারী শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন ওআইসি মহাসচিব, মলদোভার প্রধানমন্ত্রী এবং পাকিস্তান, সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট।
সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির জানান, চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার আগে রোহিঙ্গা সংকটের সমাধান করা আবশ্যক। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বিষয়টির সম্ভাবনা যাচাই করে দেখতে চাই। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় অংশীদার হিসেবে আমরা আশা করি, আপনারা এই উদ্যোগে আমাদের সহযোগিতা করবেন। আমাদের লক্ষ্য হলো, সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান বের করে বিষয়টিকে ইতিবাচক পরিণতির দিকে নিয়ে যাওয়া।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানান, এবারের কপ-৩১ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ। পরিবেশবান্ধব পণ্যের প্রচারের বিষয়ে তিনি বলেন, পাট ও অন্যান্য পচনশীল পণ্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা চলছে। এ লক্ষ্যে সম্মেলনস্থলে বাংলাদেশ একটি প্যাভিলিয়ন বা স্টল স্থাপন করেছে। গতকালের বৈঠকে আমরা এ প্রস্তাবটি তুলে ধরেছি এবং সংশ্লিষ্টরা বিষয়টির অত্যন্ত প্রশংসা করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তুরস্ক সফরে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাতেও অংশ নিচ্ছেন। কূটনৈতিক মহলের মতে, প্রধানমন্ত্রীর এসব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



‘বড় ছাড়ে’ থার্ড টার্মিনাল পাচ্ছে জাপান

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের সিকিউরিপোর্ট, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন, সংযুক্ত আরব আমিরাতের ডনাটা এবং সিংগাপুরের স্যাটসকে টেক্কা দিয়ে অবশেষে বহুল আলোচিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। টার্মিনালটির অপারেশন ও মেইনটেন্যান্স (ওঅ্যান্ডএম) চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালনা পর্ষদ। একই সঙ্গে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব পরবর্তী সময়ে অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের সঙ্গে ক্রয় প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়ে বেবিচক চেয়ারম্যানের স্বাক্ষরিত দুটি প্রত্যয়নপত্র সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বেবিচকের বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা থার্ড টার্মিনাল পরিচালনার চুক্তি সম্পাদনের প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল। এখন মন্ত্রণালয়ের অনুমোদন এবং পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে চুক্তি সম্পাদনের বিষয়টি চূড়ান্ত হবে।

তবে জাইকার অর্থায়নে নির্মিত এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামকে দেওয়ার প্রক্রিয়ায় সরকারের দেওয়া বড় ধরনের ছাড় ও শর্তগুলো নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা এবং অসন্তোষ বিরাজ করছে। তাড়াহুড়ো করে চুক্তি চূড়ান্ত করতে গিয়ে জাতীয় স্বার্থ, দেশের বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি সক্ষমতা ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

তাদের ভাষ্য, শাহজালাল বিমানবন্দরের আয় থেকেই বেবিচক ও দেশের এভিয়েশন খাতের মূল ব্যয় নির্বাহ হয়। পর্যাপ্ত প্রস্তুতি ও ট্রায়াল অপারেশন ছাড়া তড়িঘড়ি করে ১৬ ডিসেম্বর টার্মিনাল চালুর লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে দীর্ঘমেয়াদি অসম শর্ত মেনে নিলে তা দেশের এভিয়েশন খাতের সক্ষমতা ও ঋণ পরিশোধের ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করবে।

বেবিচক সূত্রে জানা যায়, জাপানি কনসোর্টিয়ামের দেওয়া শর্তাবলির মধ্যে চারটি শর্ত নিয়ে মতবিরোধ তৈরি হয়। এগুলোর মধ্যে প্রথম শর্ত হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সার্বিক দায়দায়িত্ব ও ঝুঁকি বহন করতে হবে। অর্থাত্ বিমানবন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অংশীদারদের হাতে থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের দায়িত্ব ও সংশ্লিষ্ট ঝুঁকি বহন করতে হবে বাংলাদেশ বিমানকেই। এক্ষেত্রে তারা আয়ের অংশ পাবে কি না তার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

দ্বিতীয়ত, রাজস্ব ভাগাভাগির বিষয়। পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী, বিদেশি পক্ষ ২৭ শতাংশ রাজস্ব বাংলাদেশকে দেওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনাল প্রস্তুতি পর্বের নির্দিষ্ট মেয়াদে, অর্থাত্ ওপিসিটি চলাকালীন আট মাসের জন্য, তারা মাত্র সাড়ে ১৩ শতাংশ রাজস্ব পরিশোধের প্রস্তাব দিয়েছে। এতে নির্ধারিত হারের তুলনায় ১৪ শতাংশ কম রাজস্ব দেওয়ার বিষয়টি সামনে এসেছে।

তৃতীয়ত, আইনি সুরক্ষা ও দেশের আইন প্রয়োগের বিষয়েও দুই পক্ষের অবস্থান ভিন্ন। জাপানি পক্ষ এ ক্ষেত্রে বিশেষ আইনি সুবিধা ও দায়মুক্তি চেয়েছে। এর বিপরীতে বাংলাদেশ জানিয়েছে, সরকার যদি দেশের সব বিদেশি বিনিয়োগকারী বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য সাধারণ কোনো আইন প্রণয়ন করে কিংবা বিদ্যমান আইন পরিবর্তন করে, তাহলে সেই আইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাত্ দেশের আইন ও সাধারণ আইনি পরিবর্তনের বাইরে কোনো প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে সরকার একমত নয়। জাপানি পক্ষের অবস্থান হলো দেশের সাধারণ কোনো আইনি পরিবর্তন তাদের ওপর প্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে তাদের বিশেষ আইনি সুরক্ষা, দায়মুক্তি বা ছাড় দিতে হবে।

চতুর্থত, থার্ড টার্মিনাল প্রকল্পের ত্রুটি সংশোধন বা ত্রুটি শনাক্তের পর তা জানানোর নির্ধারিত সময়সীমা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড (ডিএলপি) ১২ মাস ।

বেবিচক সূত্রে আরো জানা গেছে, থার্ড টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ওঅ্যান্ডএম চুক্তির প্রস্তাব তৈরি করা হয়েছে। বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদনের পর ক্রয় প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর সঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের স্বাক্ষরিত সংযুক্ত প্রত্যয়নপত্র দুটিতে ক্রয় প্রক্রিয়ার আইনগত ও বিধিগত অনুসরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্ত নিয়ে এর আগে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং একই সঙ্গে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্তেও সম্মত হয়েছে বেবিচক। তবে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকার বিষয়টিও আলোচনায় আসে। ফলে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামো ব্যবহারের সুযোগ সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, দেশের স্বার্থবিরোধী একটা চুক্তি হলো। থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অফ করে দেওয়ার মতো মতো জটিল শর্ত মেনে নিয়ে এমন চুক্তিতে না গিয়ে বরং বেবিচকের অর্গানোগ্রাম সংশোধন করে জনবল বাড়ানো হলে বেবিচকই রাজস্ব পেত। এখন জাপানই লাভবান হবে।

এই কর্মকর্তা আরো জানান,  বর্তমানে শাহজালালের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা থাকলেও বাস্তবে এই দুই টার্মিনাল দিয়ে ১ কোটি ২৬ লাখের বেশি যাত্রী সেবা নিচ্ছেন। তৃতীয় টার্মিনাল চালু হলে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ যাত্রী ব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে। জটিল এসব শর্তে দেশ উপকৃত হবে না। বরং চুক্তির স্পর্শকাতর শর্তগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেওয়া দরকার।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সীমিত পরিসরে থার্ড টার্মিনালের কার্যক্রম চালুর লক্ষ্য রয়েছে। সরকারও এমন ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসও প্রস্তুতি নিচ্ছে। এজন্য সংস্থাটির গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার (জিএইচএসপি) লাইসেনসের কার্যপরিধি সম্প্রসারণ করে থার্ড টার্মিনালকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। ২০২৩ সালের ৭ অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন (সফট লঞ্চিং) করা হয়। ২০১৭ সালের ২৪ অক্টোবর প্রকল্পের শুরুতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করার সময় এর ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে নকশা পরিবর্তন ও কাজের পরিধি বাড়ার কারণে দ্বিতীয় সংশোধনীতে এর ব্যয় বেড়ে দাঁড়ায় ২১ হাজার ৩৬৫ কোটি টাকা। ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর একনেক সভায় তৃতীয় সংশোধনীতে আরো ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন করা হয়, যার ফলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকা।




রাতের মধ্যে দশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া ডেস্কঃ রাতের মধ্যে দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট ১০ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।




পরীক্ষায় নিম্নমানের প্রমাণ, তবু বাজারে ওষুধ বিক্রির অভিযোগ: বায়োজেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি কেন?

বিশেষ প্রতিবেদকঃ জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুটি ওষুধের নমুনা সরকারি পরীক্ষাগারে নিম্নমানের প্রমাণিত হওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি হলো মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অভিযোগ রয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্দেশনার পরও প্রতিষ্ঠানটির দুটি ওষুধের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া কার্যকরভাবে এগোয়নি। এ ঘটনায় অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের সূত্র ধরে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (এনডিসিএল), মহাখালীতে বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত দুটি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। ওষুধ দুটি হলো ম্যাক্সকরাল-ডিএক্স ট্যাবলেট (Maxcoral-DX Tablet) এবং ম্যাক্সকরাল-ডি ট্যাবলেট (Maxcoral-D Tablet)। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষাগারের প্রতিবেদনে ওষুধ দুটির নির্দিষ্ট ব্যাচে ভিটামিন-ডি৩-এর পরিমাণ নির্ধারিত মাত্রার তুলনায় অনেক কম পাওয়া যায়। পরীক্ষার ফলাফলে ওষুধ দুটি নির্ধারিত মান পূরণ করেনি বলে উল্লেখ করা হয়।

পরীক্ষাগারের তথ্য অনুযায়ী, ম্যাক্সকরাল-ডিএক্স ট্যাবলেটের ব্যাচ নম্বর 5K17274-এ প্রতি ট্যাবলেটে ৪০০ আইইউ ভিটামিন-ডি৩ থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া যায় ২৭৩ দশমিক ৮১ আইইউ। অর্থাৎ ঘোষিত মাত্রার তুলনায় প্রায় ৩১ দশমিক ৫ শতাংশ কম ভিটামিন পাওয়া গেছে। অন্যদিকে ম্যাক্সকরাল-ডি ট্যাবলেটের ব্যাচ নম্বর 5K12276-এ ২০০ আইইউ থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া যায় মাত্র ১৩৫ দশমিক ৫২ আইইউ। এ ক্ষেত্রে ঘাটতির পরিমাণ প্রায় ৩২ দশমিক ২ শতাংশ। পরীক্ষাগারের প্রতিবেদনে নমুনা দুটি নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী নয় বলে উল্লেখ করা হয়।

সরকারি পরীক্ষায় এমন অসংগতি ধরা পড়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে। একই সঙ্গে সংশ্লিষ্ট ওষুধের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মান-বহির্ভূত ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

কিন্তু অভিযোগ উঠেছে, নির্দেশনা জারির পরও পরবর্তী কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোয়নি। বিশেষ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের দায়িত্বকালীন সময়ে বিষয়টি কার্যকরভাবে নিষ্পত্তি হয়নি বলে অভিযোগকারীরা দাবি করছেন। ঔষধ আদালতে মামলা দায়েরের উদ্যোগ কেন বাস্তবায়িত হয়নি, সংশ্লিষ্ট ব্যাচের ওষুধ বাজার থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কি না এবং উৎপাদন বন্ধের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

অভিযোগকারীদের আরও দাবি, নিবন্ধন স্থগিত ও উৎপাদন-বাজারজাতকরণ বন্ধের নির্দেশ থাকা সত্ত্বেও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের সংশ্লিষ্ট ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত রাখার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বাজার থেকে সংগৃহীত ওষুধের নমুনা, বিক্রির পরিমাণ কিংবা সরবরাহসংক্রান্ত নথি প্রকাশ্যে পাওয়া না গেলে অভিযোগটির পূর্ণাঙ্গ সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়। তারপরও সরকারি পরীক্ষাগারে নিম্নমানের প্রমাণ পাওয়া ওষুধের ক্ষেত্রে পরবর্তী ব্যবস্থা গ্রহণে বিলম্ব জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়।

এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন এবং বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো ধরনের অনৈতিক যোগাযোগ বা আর্থিক লেনদেন হয়েছে কি না, তা নিয়েও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের আশঙ্কা, প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসির পেছনে প্রভাব কিংবা আর্থিক সুবিধার বিষয় থাকতে পারে। মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

এদিকে, এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট দাপ্তরিক নথি সংগ্রহ, ওষুধ দুটির বিরুদ্ধে মামলা দায়ের না হওয়ার কারণ অনুসন্ধান, সম্ভাব্য আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং দায়িত্বে অবহেলা বা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. শহিদুল ইসলাম খানকে ঘিরেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগকারীদের দাবি, মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শহিদুল ইসলাম খান বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছেন। এমনকি তাঁর পদোন্নতির ক্ষেত্রেও জ্যেষ্ঠতা উপেক্ষা করে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। এসব অভিযোগের প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট নথিপত্র, পদোন্নতির প্রক্রিয়া, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলো খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগকারীরা জানিয়েছেন, এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সরকারি পরীক্ষাগারের প্রতিবেদন পাওয়ার পরও কেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মান-বহির্ভূত ওষুধ বাজারে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসার প্রত্যাশিত সুফল থেকেও বঞ্চিত হতে পারেন। তাই বায়োজেন ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা এবং সম্ভাব্য অনিয়মের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।




দুর্নীতিবিরোধী ঘোষণার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ে নতুন সিন্ডিকেটের অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে মন্ত্রীর বৈঠক ঘিরে প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ স্বাস্থ্যখাত থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করার ঘোষণা দিয়েই দায়িত্ব নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা, রোগীদের হয়রানি বন্ধ করা এবং মন্ত্রণালয়কে সিন্ডিকেটমুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করে আলোচনায় আসেন মন্ত্রী। তবে এসব উদ্যোগের আড়ালে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে নতুন একটি প্রভাবশালী বলয় তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে পছন্দের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া, প্রশাসনিক নথিতে অনিয়ম, পদোন্নতির তালিকায় কারসাজি এবং স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদারদের সঙ্গে যোগাযোগের অভিযোগ সামনে আসায় তাঁর দুর্নীতিবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, মন্ত্রীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বলয়ে রয়েছেন তাঁর আত্মীয়, ব্যক্তিগত কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের কয়েকজন প্রভাবশালী আমলা। তাঁদের মধ্যে মন্ত্রীর ভাগ্নিজামাই ও যুগ্মসচিব (পার) মোস্তাফিজুর রহমান, ব্যক্তিগত সচিব (পিএস) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সহকারী একান্ত সচিব (এপিএস) মোস্তাফিজুর রহমান এবং কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মোহাম্মদ শফিউর রহমানের নাম উঠে এসেছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা যুগ্মসচিব হেলাল উদ্দীন এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদের বিরুদ্ধেও এই বলয়ের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, কেনাকাটা এবং পদায়নকে কেন্দ্র করে এই কর্মকর্তাদের প্রভাব বাড়ছে বলে অভিযোগকারীদের দাবি। বিশেষ করে মন্ত্রণালয়ের ক্রয় ও সংগ্রহসংক্রান্ত দায়িত্বে হেলাল উদ্দীনের পদায়ন এবং সিএমএসডির পরিচালক হিসেবে মোহাম্মদ শফিউর রহমানের দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদের পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার ছিলেন। আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি ঘিরে অনিয়মের অভিযোগ ওঠার পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই ঘটনায় গত ১৮ আগস্ট নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসকদেরও প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল বলে জানা গেছে।

এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিতর্কের রেশ কাটার আগেই ড. আ ন ম বজলুর রশীদকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারীদের দাবি, ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে ওঠা অভিযোগের যথাযথ নিষ্পত্তি হওয়ার আগেই তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৬ সেপ্টেম্বর তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. আ ন ম বজলুর রশীদ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি অনুমোদনের ক্ষেত্রে তড়িঘড়ি করেন। বিশেষ করে অক্টোবরের শুরুর দিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত তিন দিনের জন্য দেশের বাইরে থাকাকালে প্রায় ৮৭টি গুরুত্বপূর্ণ নথি মন্ত্রীর দপ্তরে পাঠিয়ে অনুমোদন করিয়ে নেওয়া হয়।

অভিযোগকারীদের ভাষ্য, এসব নথির মধ্যে আর্থিক লেনদেন ও প্রশাসনিক সিদ্ধান্তসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ও ছিল। প্রতিমন্ত্রী দেশে ফিরে আসা পর্যন্ত অপেক্ষা না করে তাঁর অনুপস্থিতির সময়েই এতগুলো নথি অনুমোদনের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, এই সুযোগ কাজে লাগিয়ে মন্ত্রণালয়ের একটি পক্ষ নিজেদের পছন্দের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করেছে। তবে কোন কোন নথিতে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অনুমোদনের ক্ষেত্রে বিধিবহির্ভূত কোনো পদক্ষেপ ছিল কি না, তা যাচাই করা প্রয়োজন।

স্বাস্থ্য ক্যাডারের ২৫ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতির সুপারিশ ঘিরেও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। গত ৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরে এসব কর্মকর্তার একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে তালিকাটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম নথি উপস্থাপন করেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, মন্ত্রণালয়ের ভেতরে নথিটি প্রক্রিয়াকরণের সময় যুগ্মসচিব (পার) মোস্তাফিজুর রহমান এবং উপসচিব ডা. উম্মে হানি তালিকায় পরিবর্তন আনেন। মূল তালিকা থেকে সাত থেকে আটজন কর্মকর্তার নাম বাদ দিয়ে তাঁদের জায়গায় নতুন সাত থেকে আটজনের নাম যুক্ত করা হয় বলে অভিযোগ রয়েছে। আরও গুরুতর অভিযোগ হলো, পরিবর্তিত তালিকাটি গ্রহণযোগ্য দেখাতে আগের তারিখ ব্যবহার করে নতুন নাম সংযোজন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের স্বাক্ষর জাল করার চেষ্টা করা হয়েছে।

নতুন করে যুক্ত করা কর্মকর্তাদের কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকার অভিযোগ রয়েছে। কারও পাঁচ বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) না থাকার কথাও বলা হয়েছে। এ ছাড়া কয়েকজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এসব অভিযোগ সত্য হলে পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও প্রশাসনিক বিধি উপেক্ষা করে পছন্দের কর্মকর্তাদের এগিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে বিবেচিত হবে।

এ ঘটনায় আরও একটি বিষয় সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, তালিকাটি প্রক্রিয়াকরণের সময় সংশ্লিষ্ট উইংয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম এবং যুগ্মসচিব (পার-২) সাইফুল ইসলাম দেশের বাইরে ছিলেন। তাঁদের স্বাক্ষর বা অনুমোদন ছাড়াই সচিব ড. আ ন ম বজলুর রশীদ ও যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান তালিকাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেন বলে অভিযোগ রয়েছে। এর পেছনে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। তবে তালিকার মূল কপি, সংশোধিত কপি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদনের নথি পরীক্ষা ছাড়া এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করা সম্ভব নয়।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হেলাল উদ্দীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি টানা তিনজন অর্থসচিবের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত হেলাল উদ্দীনের বিরুদ্ধে আর্থিক খাতের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাঁকে ভূমি সংস্কার বোর্ডের উপভূমি সংস্কার কমিশনার পদে বদলি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের উদ্যোগে তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়ে আসা হয় বলে অভিযোগ উঠেছে। সেখানে তাঁকে গুরুত্বপূর্ণ ক্রয় ও সংগ্রহ অধিশাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটা ও সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্থিকভাবে সংবেদনশীল। ফলে অতীতে বিতর্কে থাকা কোনো কর্মকর্তাকে এ ধরনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর পূর্ববর্তী কর্মকাণ্ড ও প্রশাসনিক রেকর্ড যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মন্ত্রণালয়ের ভেতরে তাঁর এই পদায়নকে ঘিরে অসন্তোষ রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

স্বাস্থ্য খাতের কেনাকাটার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি)। দেশের সরকারি হাসপাতালগুলোর জন্য ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ শফিউর রহমানকে ঘিরেও নানা অভিযোগ সামনে এসেছে।

অভিযোগকারীদের দাবি, ২৪তম বিসিএসের কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান অতীতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লট বরাদ্দসংক্রান্ত অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় নিজেকে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক পদে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

তবে শেষ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে সিএমএসডির পরিচালক পদে দায়িত্ব পাওয়ার পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও প্রভাব কাজ করেছে বলে দাবি করছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, মন্ত্রীর আত্মীয়তার সূত্র এবং যুগ্মসচিব মোস্তাফিজুর রহমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে তিনি গুরুত্বপূর্ণ এই পদে আসীন হয়েছেন। ফলে দেশের সরকারি হাসপাতালগুলোর কেনাকাটা ও সরবরাহ ব্যবস্থায় একটি নির্দিষ্ট বলয়ের প্রভাব বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে পুরোনো ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে মন্ত্রীর যোগাযোগের অভিযোগে। স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠু এবং সাজ্জাদ মুন্সীর নাম দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়মের অভিযোগের সঙ্গে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি বলয়ের প্রভাব স্বাস্থ্য খাতের কেনাকাটায় দীর্ঘদিন ধরে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে ঠিকাদার সাজ্জাদ মুন্সীর একটি গোপন বৈঠক হয়েছে। বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ওই বৈঠকের ছবি ও তথ্য গণমাধ্যমে এসেছে বলে দাবি করা হলেও বৈঠকের উদ্দেশ্য এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন।

অন্যদিকে, আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী বলয়ের সঙ্গেও মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হওয়ার অভিযোগ রয়েছে। মিঠু ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে স্বাস্থ্য খাতের বিভিন্ন কেনাকাটা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এবং বর্তমান অবস্থার বিষয়টি পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।

স্বাস্থ্য খাতের ঠিকাদারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেখানে পুরোনো বিতর্কিত ঠিকাদারদের সঙ্গে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ তৈরি হলে সরকারি কেনাকাটার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষ করে সিএমএসডির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ, মন্ত্রণালয়ের ক্রয় ও সংগ্রহ অধিশাখার দায়িত্ব বণ্টন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো স্বচ্ছভাবে যাচাই করা জরুরি।

সব মিলিয়ে, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে দায়িত্ব নেওয়া স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ঘিরে এখন একাধিক অভিযোগ সামনে এসেছে। মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, যুগ্মসচিব মোস্তাফিজুর রহমান, হেলাল উদ্দীন, সিএমএসডির পরিচালক মোহাম্মদ শফিউর রহমানসহ কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে, পদোন্নতির তালিকায় পরিবর্তন, মহাপরিচালকের স্বাক্ষর জাল, প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে নথি অনুমোদন এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠকের অভিযোগগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে।

এসব অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা, সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা প্রয়োজন। কারণ স্বাস্থ্য খাতের কেনাকাটা, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম হলে তার প্রভাব শেষ পর্যন্ত সরকারি হাসপাতাল এবং সাধারণ রোগীদের চিকিৎসাসেবার ওপরই পড়ে।




বন্ড সুবিধার নামে ৬ প্রতিষ্ঠানে রাজস্ব ফাঁকির অভিযোগ, সরকারের ২৬৯ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

বিশেষ প্রতিবেদকঃ রপ্তানিমুখী শিল্পের জন্য দেওয়া শুল্ক-করমুক্ত আমদানির সুযোগকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বন্ড সুবিধায় আমদানি করা সুতা, কাপড়, কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল নির্ধারিত উৎপাদনে ব্যবহার না করে খোলাবাজারে বিক্রির অভিযোগ পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সংস্থাটির প্রাথমিক অনুসন্ধানে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার শুল্ক-কর ফাঁকির তথ্য উঠে এসেছে।

গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকায় অবস্থিত ছয়টি বন্ডেড প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির একাধিক প্রতিরোধ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে বিশেষ প্রতিক্রিয়া বাহিনী (এসআরবি)। এ সময় প্রতিষ্ঠানগুলোর গুদামে থাকা সুতা, ফেব্রিক্স, কেমিক্যালসহ বিভিন্ন ধরনের কাঁচামালের মজুত সরেজমিনে পরীক্ষা করা হয়।

অভিযানকারীরা প্রতিষ্ঠানের নিজস্ব স্টক রেজিস্টারে উল্লেখ করা পণ্যের পরিমাণের সঙ্গে বাস্তবে গুদামে থাকা পণ্যের হিসাব মিলিয়ে দেখেন। পাশাপাশি কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিবিএমএস) তথ্যও যাচাই করা হয়। এতে কাগজে-কলমে দেখানো মজুত এবং বাস্তবে পাওয়া পণ্যের মধ্যে বড় ধরনের পার্থক্য ধরা পড়ে। কোথাও ঘোষণার তুলনায় সুতা ও ফেব্রিক্স কম পাওয়া গেছে, আবার কোথাও হিসাবের চেয়ে বেশি পণ্য মজুত থাকার তথ্য পাওয়া যায়।

গোয়েন্দা সংস্থার প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, কয়েকটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় শুল্ক-কর ছাড়ে আমদানি করা কাঁচামাল অনুমোদিত উৎপাদন কাজে ব্যবহার না করে অন্যত্র সরিয়ে নিয়েছে। এসব পণ্য দিয়ে রপ্তানির জন্য পোশাক বা টেক্সটাইল পণ্য তৈরির কথা থাকলেও তার যথাযথ হিসাব পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, আমদানি করা কাঁচামালের একটি অংশ অবৈধভাবে স্থানীয় খোলাবাজারে বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে শুল্ক-কর পরিশোধ না করেই ব্যবসায়িক সুবিধা নেওয়া হয়েছে বলে সন্দেহ করছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।

পরবর্তী সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস) থেকে প্রতিষ্ঠানগুলোর আমদানি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সরেজমিনে পাওয়া হিসাবের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এসব তথ্য বিশ্লেষণ করে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬৯ কোটি ৪৮ লাখ ৫৫ হাজার ৮০৭ টাকার সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির হিসাব পাওয়া গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি অনিয়মের তথ্য পাওয়া গেছে রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক হিসাব পাওয়া গেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বন্দরের জাহিন নীটওয়্যার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য উঠে এসেছে।

এ ছাড়া রূপগঞ্জের সানজানা ফেব্রিক্স লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা এবং আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যদিকে রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দরের জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার সম্ভাব্য রাজস্ব ফাঁকির তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থাটি।

সংশ্লিষ্টদের মতে, বন্ড সুবিধার মূল উদ্দেশ্য হলো রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ করে দেওয়া। এ ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্তে শুল্ক-কর ছাড়ে কাঁচামাল আমদানি করতে পারে। তবে এসব পণ্য শুধু অনুমোদিত উৎপাদন কাজে ব্যবহার করে তৈরি পণ্য রপ্তানি করার বাধ্যবাধকতা রয়েছে। আমদানি করা কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে দেশের বাজারে বিক্রি করলে সরকারের প্রাপ্য শুল্ক-কর আদায় হয় না। এতে একদিকে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি হয়, অন্যদিকে শুল্ক-কর দিয়ে কাঁচামাল আমদানি করা বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার মুখে পড়েন।

কাস্টমস গোয়েন্দা বিভাগের অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানের গুদামে ঘোষিত হিসাবের তুলনায় বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সের ঘাটতি পাওয়া গেছে। আবার কিছু প্রতিষ্ঠানে ঘোষণার বাইরে অতিরিক্ত পণ্য মজুত থাকার তথ্যও মিলেছে। এসব পণ্যের উৎস, আমদানি, ব্যবহার এবং প্রকৃত মজুতের মধ্যে কী ধরনের অসংগতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে আমদানি করা কাঁচামাল কোথায় ব্যবহার করা হয়েছে, কতটুকু দিয়ে উৎপাদন হয়েছে এবং কতটুকু রপ্তানি কার্যক্রমে গেছে, তা যাচাই করা হচ্ছে।

অভিযানের সময় ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে আমদানি, উৎপাদন, পণ্য মজুত এবং কাঁচামাল ব্যবহারের হিসাব-নিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। এসব নথি ও তথ্য বর্তমানে যাচাই-বাছাই এবং বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। ফলে প্রাথমিকভাবে পাওয়া ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির পরিমাণ চূড়ান্ত তদন্তে কমতে বা বাড়তে পারে। তদন্ত শেষে প্রকৃত রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মতে, বন্ড সুবিধার অপব্যবহার করে কাঁচামাল অবৈধভাবে বাজারে সরবরাহ এবং রাজস্ব ফাঁকির প্রবণতা ঠেকাতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। এ ধরনের অনিয়ম বন্ধ করা গেলে সরকারের রাজস্ব আদায় বাড়ার পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোও সমান প্রতিযোগিতার সুযোগ পাবে।