‘টপ পে’ (TOPPAY)-এর বিরুদ্ধে কিস্তি পরিশোধের পর ফোন আনলক না হওয়া এবং অতিরিক্ত ফি কাটার অভিযোগ গ্রাহকের

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে ক্রেডিট কার্ড ছাড়াই স্মার্টফোন কেনার জনপ্রিয় কার্ডলেস ইএমআই (EMI) প্ল্যাটফর্ম ‘টপ পে’ (TOPPAY Services Limited)-এর বিরুদ্ধে গ্রাহক সেবায় চরম গাফিলতি ও অর্থিক ভোগান্তির অভিযোগ উঠেছে। বিশেষ করে অপ্পো (OPPO), রিয়েলমি (realme) এবং ওয়ানপ্লাস (OnePlus) ব্র্যান্ডের ফোনগুলো কিস্তিতে কেনার পর ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের কারিগরি ও আর্থিক জটিলতার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

টাকা পরিশোধের পরও ফোন ‘লক’, বিপাকে গ্রাহক
টপ পে অ্যাপের মাধ্যমে কিস্তি পরিশোধের স্বয়ংক্রিয় নিয়ম থাকলেও অনেক গ্রাহক দাবি করছেন, বিকাশ বা নির্ধারিত মাধ্যমে সঠিক সময়ে কিস্তির টাকা কেটে নেওয়ার পরও তাদের হ্যান্ডসেটগুলো আনলক হচ্ছে না। কোম্পানির নিয়ম অনুযায়ী টাকা পরিশোধের সর্বোচ্চ ১ ঘণ্টার মধ্যে (অফিস চলাকালীন) ফোন স্বয়ংক্রিয়ভাবে সচল হওয়ার কথা থাকলেও, অনেক গ্রাহকের হ্যান্ডসেট দিনের পর দিন লক হয়ে থাকছে।

ভুক্তভোগী এক তরুণ ফ্রিল্যান্সার জানান, “আমি বিকাশের মাধ্যমে আমার নির্ধারিত কিস্তি পরিশোধ করেছি। কিন্তু তিনদিন পার হয়ে গেলেও আমার রিয়েলমি ফোনটি লক হয়ে আছে। ফোন লক থাকায় আমি জরুরি কোনো কাজ বা যোগাযোগ করতে পারছি না।”

অতিরিক্ত চার্জ ও পেনাল্টি আরোপের অভিযোগ
গ্রাহকদের আরেকটি বড় অভিযোগ হলো, ব্যাংকিং বা টেকনিক্যাল ত্রুটির কারণে পেমেন্ট প্রসেস হতে সামান্য দেরি হলে বা অ্যাপে পেমেন্ট আপডেট না হলে গ্রাহকদের ওপর অন্যায্য বিলম্ব ফি বা পেনাল্টি চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে কিস্তির আসল অংকের চেয়েও বেশি টাকা কেটে নেওয়ার মতো ঘটনা ঘটছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নিরাপত্তা ঝুঁকি ও কাস্টমার কেয়ারের উদাসীনতা
টপ পে-র ভেরিফাইড ফেসবুক পেজে অনেক গ্রাহক অভিযোগ করেছেন যে, অ্যাপে কোনো সমস্যা দেখা দিলে বা ভুলবশত অ্যাপ ডিলিট হয়ে গেলে কিস্তি পরিশোধের বিকল্প কোনো সহজ উপায় পাওয়া যায় না। পাশাপাশি, কোম্পানির অফিসিয়াল হটলাইন নম্বরে (09677-688688) কল করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও কোনো কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে গ্রাহকদের দাবি।

একই সাথে, প্রতিষ্ঠানটি তাদের পেজে গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে যে, অফিশিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তিগত নম্বরে কিস্তির টাকা লেনদেন করলে জালিয়াতির শিকার হওয়ার ঝুঁকি থাকে। তবে গ্রাহকদের পাল্টা দাবি—অফিসিয়াল অ্যাপের ত্রুটি ও কাস্টমার কেয়ারের রেসপন্স না পাওয়ার কারণেই মূলত তারা এই ধরণের ঝুঁকিতে পড়ছেন।

দ্রুত এই কারিগরি ত্রুটি ও গ্রাহক হয়রানির সমাধান করা না হলে ডিজিটাল ফাইন্যান্স ও ইএমআই সেবার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

৩ পেশার মানুষকে কিস্তি সুবিধা দেওয়া নিয়ে বিতর্ক: ক্ষুব্ধ গ্রাহকেরা

এদিকে, টপ পে-র একটি বিশেষ ব্যবসায়িক পলিসি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি সাংবাদিক, আইনজীবী (উকিল) এবং পুলিশ সদস্যদেরও সহজ কিস্তিতে (EMI) মোবাইল ফোন সুবিধা প্রদান করছে।

তবে সাধারণ গ্রাহক ও ভুক্তভোগীদের একটি বড় অংশ এই পলিসি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অ্যাপের কারিগরি ত্রুটি ও হয়রানির শিকার হওয়া একাধিক গ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে বলছেন—”যারা এই তিন প্রভাবশালী পেশার মানুষকে কিস্তিতে ফোন দিচ্ছে, তারাই এখন সাধারণ মানুষের টাকা আটকে রেখে ভোগান্তি তৈরি করছে। তাহলে আসল চোর বা ডাকাত কারা?”

ভুক্তভোগীদের দাবি, সাধারণ মানুষ যখন টাকা পরিশোধ করেও ফোন আনলক করতে পারছে না বা অতিরিক্ত ফি দিতে বাধ্য হচ্ছে, তখন এই প্রভাবশালী পেশার মানুষদের কিস্তি সুবিধা দিয়ে কোম্পানি মূলত নিজেদের এক ধরণের ‘সুরক্ষা বলয়’ তৈরি করার চেষ্টা করছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ জনগণের টাকা নিয়ে এই ধরণের কারিগরি জটিলতা এবং হয়রানি এক ধরণের ‘ডিজিটাল ডাকাতি’র শামিল বলেও অনেকে ক্ষোভ উগরে দিয়েছেন।




ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালের আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের তথ্যমতে, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শশীদল ইউনিয়নের পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি ব্রিজের ওপর থেকে ১২ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় শফিউল আলম (২০), সালাউদ্দিন হোসেন সাগর (২২) ও আক্তার হোসেন (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পৃথক আরেক অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত মো. শহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া জিআর পরোয়ানাভুক্ত মো. সাইফুল ইসলাম (৩৬) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ১১ জনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সামারি ট্রায়ালের জন্য পাঠানো ব্যক্তিরা হলেন—সুমন মিয়া (৫০), মো. আলমগীর (৩০), মো. হাসান (২৮), মো. আনোয়ার খান (২৯), মো. মালু মিয়া (২৫), মো. মোরশেদ (২৩), মো. জসিম (৩১), মো. আলীম (৪২), মো. রমজান (২৫), মেহেদী হাসান (১৯) ও মো. জসিম (৪৫)।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাইকে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

উদ্ধার করা মাদক ও অটোরিকশা পরবর্তী আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।




প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসি চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

মোংলায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে।




বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি ৯টা ৫০ মিনিটে মোংলায় অবতরণ করেন।

মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান। এ সময় খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলালও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ ছাড়া এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, পিজিআরের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেনও সঙ্গে আছেন।

সূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হবে।

মোংলার কর্মসূচি শেষে তিনি হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা।




আজকের নামাজের সময়সূচি, ৪ নভেম্বর ২০২৬

ইসলামিক ডেস্কঃ আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু দুপুর ১১টা ৪৫ মিনিটে।

আসরের সময় শুরু ৩টা ৪১ মিনিটে।

মাগরিব ৫টা ২১ মিনিটে।

এশার সময় শুরু ৬টা ৩৬ মিনিট।

আগামীকাল ফজর শুরু ৪টা ৫৩ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ২১ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৬ মিনিটে।




মাঠে সংঘর্ষে স্প্যানিশ স্ট্রাইকারের মৃত্যুতে মেসির শোক

খেলাধুলা ডেস্কঃ স্পেনের দ্বিতীয় বিভাগে ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে মারা গেছেন ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলে একটি ছবি প্রকাশ করেছেন তিনি।

সেই স্টোরিতে মেসি লেখেন, কিছু বলার ভাষা নেই… তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং তাদের এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করছি। তার আত্মা শান্তিতে থাকুক।

সেইসঙ্গে মিগেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেসি।

এছাড়া, পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাব মিগেলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত সোমবার সিডি তেনেরিফে ও এফসি অ্যান্ডোরার ম্যাচে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুসের সাথে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরপরই তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে তুলে নেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই দে মিগেল কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। চিকিৎসকরা তাঁকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হলেও তার স্নায়বিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ নভেম্বর সকাল ৮টায় তার মৃত্যু হয়।




হ্যামস্ট্রিং চোটে একমাসের জন্য মাঠের বাইরে রদ্রি

খেলাধুলা ডেস্কঃ হ্যামস্ট্রিং চোটের কারণে একমাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। এতে করে আগামী রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাব বার্সা।

মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৩-০ গোলের জয় পায় বার্সেলোনা। ওই ম্যাচের প্রথমার্ধ শেষে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষায় তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট ধরা পড়ে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, পরীক্ষায় রদ্রির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট নিশ্চিত হয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না। তার সুস্থ হয়ে ওঠার সময় নির্ভর করবে চোটের অগ্রগতির ওপর।

লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর মাঠে খেলতে যাবে তারা। ফলে শিরোপার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রদ্রির অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা দলটির জন্য।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিকে। সেটি হলে চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচেও খেলতে পারবেন না তিনি।

তবে জাতীয় দলের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, বিশ্বকাপজয়ী স্পেন ইতোমধ্যে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

এখন রদ্রির সুস্থ হয়ে মাঠে ফেরার সময়ই নির্ধারণ করবে বার্সেলোনা ও স্পেনের হয়ে পরবর্তী ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না।




৩৫ হাজার টাকায় ছাড়, পরে ধরা পড়ল ৭৬ লাখের রাজস্ব ফাঁকি: ঢাকা কাস্টমসে সাকিব আনামকে ঘিরে তোলপাড়

বিশেষ প্রতিবেদকঃ ঢাকা কাস্টম হাউসে দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক অনিয়মের অভিযোগে আলোচনায় এসেছেন সহকারী কমিশনার সাকিব আনাম খান। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শুল্কায়ন ও পণ্য খালাসের ক্ষেত্রে নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ না করে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়েছেন। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে কুরিয়ার ইউনিটে দায়িত্ব নেওয়ার পর তাঁর কর্মকাণ্ড নিয়ে কাস্টমসের ভেতরে অসন্তোষ বাড়ছে।

সম্প্রতি একটি আমদানি চালানকে কেন্দ্র করে বড় ধরনের রাজস্ব ফাঁকির ঘটনা সামনে এসেছে। অভিযোগ অনুযায়ী, প্রকৃত পণ্যের তথ্য গোপন করে কাগজপত্রে অন্য পণ্যের ঘোষণা দিয়ে চালানটি আমদানি করা হয়। অথচ সেই চালানের বিপরীতে মাত্র ৩৫ হাজার টাকা শুল্ক-কর নির্ধারণ করে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয়। পরে কাস্টম হাউস কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে আসে, চালানটির বিপরীতে সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ ছিল প্রায় ৭৬ লাখ টাকা। অর্থাৎ প্রাথমিকভাবে নির্ধারিত শুল্ক-কর এবং প্রকৃত প্রাপ্য রাজস্বের মধ্যে বিশাল ব্যবধান ছিল।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট ফুলএভার বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ঢাকা কাস্টম হাউসের কুরিয়ার ইউনিট দিয়ে একটি পণ্য চালান আমদানি করে। চালানটির বিল অব এন্ট্রি নম্বর সি-৯৯২৬২৩। আমদানির কাগজপত্রে পণ্য হিসেবে কাগজের উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে আরএফ লেভেলের পণ্য পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কুরিয়ার ইউনিটের দায়িত্বে থাকা সহকারী কমিশনার সাকিব আনাম খান ঘোষণাপত্রের ভিত্তিতেই চালানটির শুল্কায়ন করে ছাড়ের ব্যবস্থা করেন।

পরবর্তী সময়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে চালানটির প্রকৃত অবস্থা যাচাই করা হয়। তদন্তে ঘোষণার সঙ্গে আমদানি করা পণ্যের পার্থক্য পাওয়া যায়। এরপর ফুলএভার বিডি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৭৬ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে মামলা করে কাস্টম হাউস কর্তৃপক্ষ। তবে পণ্য খালাসের পর এই অনিয়ম ধরা পড়ায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ওই অর্থ আদায় করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় কাস্টম হাউস কর্তৃপক্ষ আরও সতর্ক অবস্থান নিয়েছে। ফুলএভার বিডির পরবর্তী চালানগুলো নজরদারিতে রাখার পাশাপাশি কুরিয়ার ইউনিটের আরও ৩১টি চালানে লক দিয়েছে প্রিভেন্টিভ টিম। একই সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

কুরিয়ার ইউনিটের মাধ্যমে সাধারণত নমুনা পণ্য আমদানির সুযোগ রয়েছে। বিশেষ করে এলসি ছাড়া আমদানি করা নমুনা পণ্য নির্দিষ্ট নিয়ম মেনে এই প্রক্রিয়ায় খালাস করা যায়। প্রচলিত বিধি অনুযায়ী, একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ প্রায় ৫ হাজার ডলারের পণ্য এভাবে আনতে পারেন। কিন্তু অভিযোগ উঠেছে, এই নিয়মের সুযোগ নিয়ে কুরিয়ার ইউনিটকে বাণিজ্যিক পণ্য আমদানির মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী বাণিজ্যিকভাবে আমদানি করা পণ্য সাধারণত ফ্রেইটের মাধ্যমে আনার কথা।

কাস্টম হাউসের একাধিক কর্মকর্তার অভিযোগ, সাকিব আনাম খান দায়িত্ব নেওয়ার পর কুরিয়ার ইউনিটে বাণিজ্যিক পণ্য খালাসের প্রবণতা বেড়েছে। কোনো কোনো সময়ে ফ্রেইটের তুলনায় কুরিয়ার ইউনিটে বেশি বিল অব এন্ট্রি জমা পড়ার ঘটনাও ঘটেছে। তাঁদের দাবি, নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এই সুযোগ কাজে লাগিয়ে মিথ্যা ঘোষণা দিয়ে বিভিন্ন ধরনের পণ্য বের করে নিচ্ছে। এর পেছনে আর্থিক সুবিধা আদান-প্রদান এবং একটি অসাধু চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের কমিশনার রইচ উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফুলএভার বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাস করেছিল। পরে তদন্তে দেখা যায়, ঘোষণায় উল্লেখ করা পণ্যের পরিবর্তে আরএফ লেভেলের পণ্য আমদানি করা হয়েছে। এতে সরকারের প্রায় ৭৬ লাখ টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের পরবর্তী চালানগুলো পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে শুধু ফুলএভার বিডির চালান নয়, কুরিয়ার ইউনিটে আরও বড় ধরনের অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একজন শ্রমিকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাত্র পাঁচ দিনের মধ্যে প্রায় ৪০টি বিল অব এন্ট্রির পণ্য খালাস করা হয়েছে। এসব পণ্য ডেল্টা কার্গো মিডিয়ার নামে ছাড় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে কাস্টম হাউসের ভেতরে প্রশ্ন উঠেছে, একজন শ্রমিকের পরিচয়পত্র ব্যবহার করে এত অল্প সময়ে কীভাবে বিপুলসংখ্যক চালান খালাসের সুযোগ তৈরি হলো এবং এসব চালানের শুল্কায়ন প্রক্রিয়ায় কারা দায়িত্ব পালন করেছেন।

অভিযোগের তালিকায় থাকা বিল অব এন্ট্রিগুলোর মধ্যে রয়েছে ১০৯৯৬৯৫, ১০৯৯৭৫৬, ১০৯৯৭৪৫, ১০৮৮৭৩০, ১০৮৮৭০২, ১০৮৮৭১২, ১০৮৪৬৪২, ১০৮৪৫৪৮, ১০৮৩৩৪৫, ১০৮৩৩৩৯, ১০৭৯৬৯২, ১০৮০৯৩৭, ১০৭৮৭১৮, ১০৮০৯৮২ এবং ১০৭৯৪৭৮। এসব চালান কীভাবে খালাস হয়েছে, আমদানিকারক হিসেবে প্রকৃতপক্ষে কারা জড়িত ছিলেন এবং শুল্কায়নের সময় কী ধরনের যাচাই-বাছাই করা হয়েছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব চালান ছাড়ের ক্ষেত্রে সাকিব আনাম খানের ভূমিকা নিয়েও অভিযোগ উঠেছে।

কাস্টম হাউসের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, কুরিয়ার ইউনিটকে ঘিরে দুটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার বা ভাড়া নিয়ে পণ্য খালাসের কাজ করছে। বন্ডেড ফেব্রিক্স থেকে শুরু করে সাধারণ বাণিজ্যিক পণ্য পর্যন্ত বিভিন্ন ধরনের পণ্য কুরিয়ার ইউনিট দিয়ে বের করে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব ক্ষেত্রে পণ্যের প্রকৃত পরিচয় গোপন করে কম শুল্কে খালাস নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর আগেও কুরিয়ার ইউনিটে অন্য ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে পণ্য আমদানির ঘটনা ঘটেছে। একটি প্রতিষ্ঠানের মালিকের পরিচয় ব্যবহার করে নকল সিগারেটের ব্যান্ডরোল আমদানির অভিযোগ সামনে এসেছিল। চালানটি আটক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের তথ্য যাচাই করে তাঁর নামে শুল্ক ফাঁকির মামলা করা হয়। কিন্তু পরবর্তী সময়ে জানা যায়, ওই ব্যক্তি আসলে পণ্যটি আমদানি করেননি। অন্য কেউ তাঁর পরিচয়পত্র ব্যবহার করে চালানটি এনেছিল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি নিজের পরিচয় ব্যবহার করে অনিয়ম করার অভিযোগে থানায় মামলাও করেন। ফলে কুরিয়ার ইউনিটে পরিচয়পত্রের অপব্যবহার এবং আমদানিকারকের প্রকৃত পরিচয় যাচাইয়ের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সাকিব আনাম খানের বিরুদ্ধে অভিযোগ শুধু কুরিয়ার ইউনিটের দায়িত্ব পালনের সময়কার নয়। এর আগে অ্যাসেসমেন্ট গ্রুপে কর্মরত থাকাকালেও বিভিন্ন প্রতিষ্ঠানের ফাইল আটকে রাখার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আর্থিক সুবিধা না পেলে কোনো কোনো প্রতিষ্ঠানের কাজ দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হতো। এতে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়তেন এবং আমদানি কার্যক্রম ব্যাহত হতো বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া রাজশাহী ভ্যাট কমিশনারেটে কর্মরত থাকার সময়ও তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ ওঠে। ওই সময় তাঁকে ঈশ্বরদী ইপিজেডে পদায়ন করা হয়েছিল। কিন্তু সেখানে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রতিষ্ঠানকে হয়রানি করে সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার পর তৎকালীন রাজশাহী ভ্যাট কমিশনার তাঁকে মাত্র দুই মাসের মাথায় ওই পদ থেকে সরিয়ে দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ ঢাকা কাস্টম হাউসে কুরিয়ার ইউনিটের অনিয়ম নিয়ে আলোচনা ও তদন্তের মধ্যেই গত বৃহস্পতিবার সাকিব আনাম খানকে অন্য একটি শাখায় বদলি করা হয়েছে। তবে শুধু বদলি করেই এসব অভিযোগের নিষ্পত্তি হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফুলএভার বিডির চালানে কীভাবে ৭৬ লাখ টাকার রাজস্বের বিপরীতে মাত্র ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হলো, ডেল্টা কার্গো মিডিয়ার নামে শ্রমিকের পরিচয়পত্র ব্যবহার করে এতগুলো চালান কীভাবে ছাড় হলো এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র কাজ করেছে কি না—এসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সহকারী কমিশনার সাকিব আনাম খান। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি ফুলএভার বিডিসহ কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক বা অন্য কোনো সুবিধা নেওয়ার অভিযোগ নাকচ করেন। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পণ্যের মূল্য কম দেখিয়ে ঘোষণা দিয়েছিল। এ কারণেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির মামলা হয়েছে। তবে প্রকৃতপক্ষে প্রায় ৭৬ লাখ টাকা শুল্ক-কর প্রযোজ্য হওয়ার পরও কীভাবে মাত্র ৩৫ হাজার টাকা নির্ধারণ করে চালানটি ছাড় করা হয়েছিল, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

সব মিলিয়ে ঢাকা কাস্টম হাউসের কুরিয়ার ইউনিটে পণ্য খালাসের প্রক্রিয়া, শুল্কায়নে স্বচ্ছতা, পরিচয়পত্রের অপব্যবহার এবং কথিত সিন্ডিকেটের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে রাজস্ব ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং সরকারি অর্থ আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।




শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

ডেস্ক নিউজঃ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্ত সংস্থা। তাহসিফের শেয়ার করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের ভিডিও এবং তার কাছে সেদিনের আরও কোনো ভিডিও ফুটেজ ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আদালতে এক অভিযুক্ত নারী আসামির পুনরায় রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার ওই নারীর রিমান্ড শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তাহসিফের ধারণ (শেয়ার) করা ভিডিওটি দেশের মানুষের কাছে শেখ হাসিনার হেলিকপ্টারে দেশত্যাগের দৃশ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ওই ভিডিওর কারণে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তদন্ত কর্মকর্তা কোনো একটি বিষয়কে সামনে রেখে তদন্ত করছেন না। তাহসিফের ওই ভিডিও, সেদিনের অন্য কোনো ঘটনার ফুটেজ তার কাছে ছিল কি না এবং এসবের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না- সব বিষয়ই বিবেচনায় রাখা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে আদালতে শুনানির শুরুতে তদন্ত কর্মকর্তা আগের রিমান্ডে পাওয়া বিভিন্ন তথ্য তুলে ধরেন। পরে রাষ্ট্রপক্ষের হয়ে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, তদন্তে দুজনের সম্পৃক্ততার অভিযোগ সামনে এসেছে। তারা বিভিন্ন সময়ে একেক রকম বক্তব্য দিচ্ছেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তাদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বলেন, আমার মক্কেলকে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নিহত তাহসিফ নিজেই তাকে বাসায় পৌঁছে দিয়েছিলেন। তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে এমনটি হওয়ার কথা নয় বলে দাবি করেন তিনি। পরে আসামির নারী ও ছাত্রী পরিচয় বিবেচনায় নিয়ে আদালতের কাছে আবেদন জানান।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ওই নারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।




আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

ডেস্ক নিউজঃ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবারই (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালিকা অনুযায়ী চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন ও শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যকে বলেন, চলতি বছরের মতোই ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অন্যদিকে ঈদুল আজহার আগে দুদিন এবং পরে তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২৯ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে চারদিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি থাকবে।