সৌদি আরব থেকে জমজমের পানি পাচারের চেষ্টা, মোটা অঙ্কের জরিমানা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব থেকে ৩৮০ লিটার জমজমের পানি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। গাড়ির পেছনে লুকিয়ে এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

সৌদি আরবের রিয়াদে অবস্থিত দ্বিতীয় প্রাথমিক কাস্টমস কমিটির এক রায়ে এ তথ্য জানানো হয়েছে।

রায়ের বিবরণ অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কিং ফাহাদ কজওয়ে কাস্টমস তল্লাশিচৌকিতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার গাড়িতে তল্লাশি চালিয়ে বুটের ভেতরে লুকিয়ে রাখা ৩৮০ লিটার জমজমের পানি উদ্ধার করেন কর্মকর্তারা।

কাস্টমস কমিটি জানিয়েছে, সৌদি আরবের আইন অনুযায়ী জমজমের পানি রপ্তানি নিষিদ্ধ। যথাযথ ঘোষণা ছাড়া এসব পানি দেশের বাইরে নেওয়ার চেষ্টা শুল্ক আইনে চোরাচালান বা পাচার হিসেবে গণ্য হয়েছে।

কমিটি ওই ব্যক্তিকে জব্দ করা জমজমের পানির সমপরিমাণ মূল্যের ৩ হাজার ৮০০ সৌদি রিয়াল জরিমানা করেছে। একই সঙ্গে জব্দ করা পানিগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।

সরকারি কৌঁসুলিপক্ষ ওই ব্যক্তিকে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়ার এবং জব্দ করা পানি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছিল।

তবে কমিটি কারাদণ্ডের আবেদন নাকচ করেছে। রায়ে বলা হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড নেই। এ ছাড়া আর্থিক জরিমানাই তার অপরাধের জন্য যথেষ্ট শাস্তি।

গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশগুলোর সমন্বিত শুল্ক আইনের ১৪২, ১৪৪ ও ১৪৫ নম্বর ধারার আওতায় এ রায় দেওয়া হয়েছে। এসব ধারায় শুল্ক ফাঁকি দিয়ে পণ্য পাচারের সংজ্ঞা এবং এ ধরনের অপরাধের শাস্তির বিধান উল্লেখ রয়েছে।

সূত্র: খালিজ টাইমস




হরমুজ প্রণালিতে ২ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালির কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তাসনিম বার্তা সংস্থা জানায়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দুটি এমকিউএম-১৭০ ড্রোনের বিরুদ্ধে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে এই অভিযান পরিচালনা করে। এর মাধ্যমে ইরানি বাহিনীর হাতে অবিকল বা নিয়ন্ত্রিত অবস্থায় আসা এই ধরণের ড্রোনের সংখ্যা চারে পৌঁছাল। এই পদক্ষেপের মাধ্যমে ড্রোনগুলোকে নির্ধারিত মিশন সম্পন্ন করা থেকে বিরত রাখা সম্ভব হয়েছে বলে তাসনিম উল্লেখ করলেও অতিরিক্ত কোনো বিস্তারিত তথ্য সরবরাহ করেনি।

গত সপ্তাহেও একই ধরণের দুটি পৃথক দাবির পর এই নতুন ঘোষণাটি সামনে এলো। বার্তা সংস্থা ইরনা শুক্রবারে জানায়, কেশম দ্বীপের ওপর একই মডেলের একটি ড্রোন ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এর একদিন আগে আইআরজিসি নেভি হরমুজ প্রণালির পশ্চিমাংশে আরেকটি ড্রোন নিয়ন্ত্রণ নিয়ে অক্ষত অবস্থায় অবতরণ করানোর দাবি করলেও মার্কিন সামরিক বাহিনী তা প্রত্যাখ্যান করে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ কূটনৈতিক যোগাযোগের মধ্যেই এই খবর প্রকাশিত হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সোমবার জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় দেশ তথ্য আদান-প্রদান অব্যাহত রেখেছে। পররাষ্ট্র উপমন্ত্রী কাজেম গরিবাবাদি কাতারের মধ্যস্থতায় এই প্রক্রিয়া সহজ করতে দোহা সফর করেছেন বলেও তিনি নিশ্চিত করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে অঞ্চলজুড়ে পাল্টা আক্রমণ চালায় তেহরান, যা পরবর্তীতে এপ্রিলে যুদ্ধবিরতির দিকে গড়ায়। পরে ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও প্রণালির নিরাপত্তা সম্পর্কিত মতভেদের কারণে তার বাস্তবায়ন স্থবির হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি




সূর্যের আলোকে সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তর করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দিনে দেশকে একটি আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এর ফলে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ আমদানিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং বাংলাদেশকে বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে হয়। এই নির্ভরতা কাটিয়ে উঠতে আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচপাম্পকে সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে বলে ঘোষণা দেন সরকারপ্রধান।

তিনি বলেন, সরকার, উদ্যোক্তা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং দেশের সাধারণ মানুষ একযোগে কাজ করলে সৌরবিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা মোটেও অসাধ্য নয়।

অনুষ্ঠানে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে দিনের বেলা অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজঃ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এবারের বাংলাদেশ সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।




কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর দুই দিনব্যাপী ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে বাংলাদেশ। 

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবার অত্যন্ত সংক্ষিপ্ত সফরে যাবেন, তিনি দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দেবেন।’

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ৩১) আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ার আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত হবে। সম্মেলনের অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর উচ্চপর্যায়ের ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হবে।

শামা ওবায়েদ জানান, সম্মেলনে জলবায়ু সহনশীলতা ও অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন তুলে ধরার পাশাপাশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর দায়িত্ব পালনে চাপ দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরবে। কারণ, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে যেসব দেশের অবদান নগণ্য, জলবায়ু পরিবর্তনের পরিণতি মোকাবিলায় তাদের ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপানো উচিত নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কার্বন নির্গমনে বাংলাদেশের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় হলেও শেষ পর্যন্ত আমাদেরই এর পরিণতি ভোগ করতে হয়।’

তিনি জানান, আন্তর্জাতিক জলবায়ু চুক্তির অধীনে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও বাংলাদেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।

গত ছয় মাসে বিএনপি নেতৃত্বাধীন সরকারের নেওয়া পরিবেশ ও জলবায়ুসংক্রান্ত বিভিন্ন উদ্যোগও সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উদ্যোগের মধ্যে রয়েছে খাল খনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি এবং সৌরবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ।

শামা ওবায়েদ বলেন, এসব উদ্যোগ জলবায়ু সহনশীলতা জোরদার, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি আরও বলেন, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশিয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে এবং এর বিরূপ প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, তা-ও সম্মেলনে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি, সফরসঙ্গীদের তালিকা এবং সম্মেলনে বাংলাদেশের বিস্তারিত আলোচ্য অবস্থান সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরের আগে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশত্যাগের আগে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।’

সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা, জলবায়ু অভিযোজন জোরদার, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো এবং পরিচ্ছন্ন জ্বালানির দিকে বৈশ্বিক রূপান্তর এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও পূর্বানুমানযোগ্য করার দাবি জানিয়ে আসছে। বিশেষ করে জলবায়ু অভিযোজন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় এ অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে দেশটি।

জলবায়ু সংকটের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার জোরদার, জলবায়ু চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।

তুরস্ক কপ৩১ সম্মেলন আয়োজন ও সভাপতিত্ব করবে। অন্যদিকে, সম্মেলনের আলোচনা ও দরকষাকষির মূল সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।




পরীক্ষায় মানহীন প্রমাণিত ওষুধ বাজারে বিক্রির অভিযোগ, ব্যবস্থা নিতে নীরব ঔষধ প্রশাসন

বিশেষ প্রতিবেদকঃ জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ওষুধের মান নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থার ভূমিকা নিয়েই এবার প্রশ্ন উঠেছে। সরকারি পরীক্ষাগারে মানহীন হিসেবে শনাক্ত হওয়ার পরও মেসার্স বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দুটি ওষুধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বরং সংশ্লিষ্ট ওষুধের উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ এবং মামলা করার উদ্যোগ নেওয়ার পরও বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার শুরু চলতি বছরের এপ্রিল মাসে। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার (NDCL), মহাখালী, ঢাকায় বায়োজেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত দুটি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। ওষুধ দুটি হলো Maxcoral-DX Tablet এবং Maxcoral-D Tablet। গত ৬ এপ্রিল প্রকাশিত পরীক্ষার প্রতিবেদনে উভয় ওষুধের নির্দিষ্ট ব্যাচে ভিটামিন-ডি৩-এর পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে অনেক কম পাওয়া যায়। পরীক্ষার ফলাফলে ওষুধ দুটিকে নির্ধারিত মান অনুযায়ী নয় বলে উল্লেখ করা হয়।

পরীক্ষাগারের তথ্য অনুযায়ী, Maxcoral-DX Tablet-এর ব্যাচ নম্বর 5K17274-এ প্রতি ট্যাবলেটে ৪০০ IU ভিটামিন-ডি৩ থাকার কথা থাকলেও পরীক্ষায় পাওয়া যায় ২৭৩.৮১ IU। অর্থাৎ ঘোষিত মাত্রার তুলনায় প্রায় ৩১.৫ শতাংশ কম উপাদান পাওয়া গেছে। অন্যদিকে Maxcoral-D Tablet-এর ব্যাচ নম্বর 5K12276-এ ২০০ IU থাকার কথা থাকলেও পাওয়া গেছে মাত্র ১৩৫.৫২ IU। এ ক্ষেত্রেও ভিটামিন-ডি৩-এর পরিমাণ প্রায় ৩২.২ শতাংশ কম। পরীক্ষাগারের ড্রাগ অ্যানালিস্ট তাঁর প্রতিবেদনে নমুনা দুটি নির্ধারিত স্পেসিফিকেশন পূরণ করেনি বলে স্পষ্টভাবে উল্লেখ করেন।

সরকারি পরীক্ষায় এমন ঘাটতি ধরা পড়ার পর ঔষধ প্রশাসন অধিদপ্তর ওষুধ দুটির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে। একই সঙ্গে উৎপাদন ও বাজারজাত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট মানহীন ওষুধের বিষয়ে ঔষধ আদালতে মামলা করার উদ্যোগ নিতেও নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে অভিযোগ রয়েছে, এসব নির্দেশনার পরও পরবর্তী আইনগত পদক্ষেপ কার্যকরভাবে এগোয়নি। যে ঘটনায় মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেটি কী কারণে আটকে গেল, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও লাইসেন্সিং অথরিটি মোহা. আলমগীর হোসেনের দায়িত্ব পালনকালে বিষয়টির কার্যকর অগ্রগতি দেখা যায়নি। আদালতে মামলা করার নির্দেশ থাকা সত্ত্বেও কেন মামলা করা হয়নি, কারা এর দায়িত্বে ছিলেন এবং কোন পর্যায়ে ফাইল আটকে ছিল, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি বলে অভিযোগকারীদের দাবি। আরও গুরুতর অভিযোগ হলো, নিবন্ধন স্থগিতের পরও বায়োজেন ফার্মাসিউটিক্যালসের সংশ্লিষ্ট ওষুধ বাজারে সরবরাহ ও বিক্রি অব্যাহত ছিল। যদি এ অভিযোগ সত্য হয়, তাহলে তা শুধু ওষুধ নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘন নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের ঝুঁকি।

এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সরকারি পরীক্ষাগারে ওষুধের মান নিয়ে অনিয়ম ধরা পড়ার পরও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হলো না? উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশ কতটা বাস্তবায়ন হয়েছে? বাজারে থাকা সংশ্লিষ্ট ব্যাচের ওষুধ জব্দ করা হয়েছে কি না? ঔষধ আদালতে মামলা করার নির্দেশ থাকা সত্ত্বেও মামলা না হওয়ার কারণ কী? এসব বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

এছাড়া অনেক অভিযোগকারীরা মনে করছেন ডিজি মোহা. আলমগীর হোসেন এবং বায়োজেন ফার্মাসিউটিক্যালসের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে কোনো ধরনের অনৈতিক আর্থিক লেনদেন বা যোগসাজশ ছিল, এজন্য দিনের পর দিন ডিজি এসব বিষয় দেখেও না দেখার ভান ধরে ছিলেন। অভিযোগকারীরা মনে করছেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে সিদ্ধান্ত বাস্তবায়নে গড়িমসি, সম্ভাব্য ক্ষমতার অপব্যবহার এবং কোনো আর্থিক অনিয়ম হয়ে থাকলে তা বেরিয়ে আসতে পারে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। আবেদনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ, মামলা দায়ের না হওয়ার কারণ অনুসন্ধান, সম্ভাব্য আর্থিক লেনদেন ও ব্যাংক হিসাব যাচাই এবং দায়িত্বে অবহেলা কিংবা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ওষুধের মান নিয়ে কোনো অনিয়ম প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ নির্ধারিত উপাদানের ঘাটতি থাকলে রোগীরা প্রত্যাশিত চিকিৎসাগত উপকার থেকে বঞ্চিত হতে পারেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে কোনো ওষুধ সেবনকারী রোগীদের ক্ষেত্রে এর প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই শুধু উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েই দায়িত্ব শেষ করা যায় না; বাজার থেকে সংশ্লিষ্ট ব্যাচের ওষুধ প্রত্যাহার, সরবরাহ বন্ধ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি।

এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহা. আলমগীর হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। ফলে সরকারি পরীক্ষাগারে মানহীন হিসেবে শনাক্ত হওয়া ওষুধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিলম্বের কারণ এবং বাজারজাত বন্ধের নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জনস্বার্থে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য প্রকাশ করা প্রয়োজন।




ক্ষমতার পালাবদলেও বহাল রমজান খান, বদলি বাণিজ্য ও বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রেও এসেছে বড় ধরনের পরিবর্তন। কিন্তু প্রশাসনের কিছু কর্মকর্তার প্রভাব ও অবস্থানের পরিবর্তন হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে এক সরকারের আমল থেকে অন্য সরকারের সময়েও সুবিধা ধরে রাখার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এমনই একজন কর্মকর্তা মুন্সিগঞ্জের বর্তমান জেলা রেজিস্ট্রার মো. রমজান খান। তাঁর বিরুদ্ধে বদলি বাণিজ্য, ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন, রাজনৈতিক প্রভাব খাটানো এবং বিদেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন রমজান খান। অভিযোগ রয়েছে, সাবেক আইনমন্ত্রীর সঙ্গে সম্পর্ক এবং রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালন করেছেন। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টিও তাঁর রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবের উদাহরণ হিসেবে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর প্রশাসনিক প্রভাব কমেনি বলে অভিযোগকারীদের দাবি। বরং রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন তিনি। অভিযোগ রয়েছে, বর্তমানে বিএনপির শীর্ষ পর্যায়ের আইনবিষয়ক নেতৃত্বের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান ধরে রেখেছেন রমজান খান। একই সঙ্গে নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বদলি, পদায়ন ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে তদবির বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার হিসেবে চাকরিতে যোগ দেন মো. রমজান খান। এর আগে তিনি জেল পুলিশে চাকরি করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। যশোর কারাগারে দায়িত্ব পালনকালে বন্দীদের ওপর নির্যাতন করে অর্থ আদায়ের অভিযোগ ওঠার পর তাঁর সেই চাকরি চলে যায় বলেও অভিযোগকারীরা দাবি করেছেন। পরবর্তী সময়ে সাব-রেজিস্ট্রার পদে যোগদানের পর তাঁর কর্মজীবনে দ্রুত পরিবর্তন আসে।

নরসিংদী সদর, কালামপুর, ফতুল্লা, গুলশান, নেত্রকোনা সদর এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অভিযোগকারীদের দাবি, এসব কর্মস্থলে দায়িত্ব পালনের সময় দলিল নিবন্ধন, সরকারি রাজস্ব আদায় এবং কর্মকর্তা-কর্মচারীদের বদলি প্রক্রিয়াকে কেন্দ্র করে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন রমজান খান। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও বেশি আয় হয় এমন সাব-রেজিস্ট্রি অফিসে পদায়নকে কেন্দ্র করে একটি প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

শুধু ব্যক্তিগতভাবে অর্থ উপার্জন নয়, নিবন্ধন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদোন্নতিতেও তাঁর প্রভাব ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (BRSA) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে এই সিন্ডিকেটের মাধ্যমে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্য পরিচালনা করা হচ্ছে বলেও অভিযোগকারীদের দাবি।

এমন পরিস্থিতিতে বদলি বাণিজ্য বন্ধ এবং কথিত অবৈধ সম্পদের অনুসন্ধানের দাবি জানিয়ে গত বছরের মে মাসে আইন উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন একজন ভুক্তভোগী। নিবন্ধন অধিদপ্তরের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে দেওয়া ওই অভিযোগে রমজান খানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ, বদলি বাণিজ্য এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রমজান খানের বাড়ি হওয়ায় তিনি রাজনৈতিক যোগাযোগের সুবিধা পেয়েছেন। এই সম্পর্ক ব্যবহার করে দেশের গুরুত্বপূর্ণ ও লাভজনক কর্মস্থলে দায়িত্ব নেওয়ার সুযোগ তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্বকে ব্যবহার করে তিনি বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন।

রমজান খানের বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। অভিযোগ অনুযায়ী, আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর বদলি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঢাকার গুলশান-১ এলাকার গ্লোরিয়া জিন্স হোটেলে সন্ধ্যার পর বদলি নিয়ে আলোচনা ও অর্থ লেনদেনের বৈঠক বসত বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেখানে সাব-রেজিস্ট্রার, জেলা রেজিস্ট্রার এবং বিভিন্ন পর্যায়ের অফিস সহকারীদের বদলি নিয়ে দরকষাকষি হতো বলে দাবি করা হয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম সদর, গুলশান, শ্যামপুর, কেরানীগঞ্জ, গজারিয়া, রূপগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর, গাজীপুর সদর, রাঙ্গুনিয়া, কক্সবাজার সদর, পটিয়া, নোয়াখালী সদর, টাঙ্গাইল সদর, নবাবগঞ্জ, মধুপুর, ঘাটাইল, ত্রিশাল, কান্দিরপাড়, ফুলপুর ও খিলগাঁওসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দেড় শতাধিক সাব-রেজিস্ট্রারের বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হয়েছে। এসব বদলির মাধ্যমে গত এক বছরে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আইন মন্ত্রণালয়ের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং কয়েকজন সাব-রেজিস্ট্রারকে নিয়ে এই চক্র কাজ করছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

বদলি বাণিজ্যের একটি নির্দিষ্ট ঘটনার বিবরণও অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নীলফামারীর জলঢাকা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লাকে চট্টগ্রাম সদর অথবা রূপগঞ্জে বদলি করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা নেন রমজান খান। কিন্তু পরবর্তী সময়ে তাঁকে সীতাকুণ্ডে বদলি করা হয়। অভিযোগকারীদের দাবি, অন্যদের কাছ থেকে বেশি অর্থ পাওয়ার কারণে চট্টগ্রাম সদর ও রূপগঞ্জের মতো গুরুত্বপূর্ণ কর্মস্থলে তাঁদের পদায়ন করা হয়।

এ ঘটনার পর সীতাকুণ্ডের বর্তমান সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের বদলি আদেশ বাতিলের জন্যও অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, আনডিউ বদলির বিষয়টি সামনে এনে তাঁর কাছ থেকে ৬০ লাখ টাকা নেওয়া হয়। তবে লুৎফর রহমান মোল্লার কাছ থেকে নেওয়া ১ কোটি ২০ লাখ টাকার অর্থ যথাযথভাবে ফেরত দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারীরা। তাঁদের অভিযোগ, বদলির আশ্বাস দিয়ে নেওয়া অর্থের একটি বড় অংশ আত্মসাৎ করেছেন রমজান খান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে নতুন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বিএনপির ঘনিষ্ঠ হিসেবে নিজেকে পরিচিত করতে শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির কমিটি গঠনেও ভূমিকা রাখার দাবি করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকশ ব্যক্তিকে বিএনপিতে যোগদান করিয়ে তাঁদের রাজনৈতিকভাবে পুনর্বাসন এবং বিভিন্ন মামলায় সহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর মামলাবাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে মামলা এবং বিভিন্ন তদবিরের মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন তিনি। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট নথি, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক সিদ্ধান্ত তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সাব-রেজিস্ট্রার থেকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি এবং মুন্সিগঞ্জে দায়িত্ব পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, রাজনৈতিক তদবিরের মাধ্যমে পদোন্নতি নিয়ে একই জেলার জেলা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রমজান খান। এ ক্ষেত্রে প্রচলিত বদলি ও পদায়নসংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও বেশ গুরুতর। অভিযোগপত্রে বলা হয়েছে, রাজধানীর গুলশান এলাকায় তাঁর নামে-বেনামে প্রায় ৩০টি ফ্ল্যাট ও প্লট বুকিং রয়েছে। গুলশানের নিকেতনে সপরিবারে বসবাস করেন তিনি। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকশ একর জমি, বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ এবং বিদেশে একাধিক বাড়ি থাকার অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের একটি বড় অংশের অর্থ এসেছে বদলি বাণিজ্য, ঘুষ এবং সরকারি রাজস্ব ফাঁকির মাধ্যমে। তাঁর শ্যালকের মাধ্যমে লন্ডন, মালয়েশিয়া ও দুবাইয়ে অর্থ বিনিয়োগ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ওই তিন দেশে প্রায় অর্ধডজন বাড়ি থাকার দাবি করেছেন অভিযোগকারীরা।

এদিকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা জেলার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে জেলা রেজিস্ট্রার হিসেবে আসার চেষ্টা করছেন রমজান খান—এমন তথ্যও অভিযোগপত্রে তুলে ধরা হয়েছে। এ নিয়ে নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। তাঁদের আশঙ্কা, তিনি ঢাকায় দায়িত্ব পেলে জেলার ২২টি সাব-রেজিস্ট্রি অফিসে বদলি বাণিজ্য, দলিল নিবন্ধনে অনিয়ম এবং ঘুষের প্রভাব আরও বাড়তে পারে।

অভিযোগে আরও বলা হয়েছে, রমজান খানের সঙ্গে প্রায় ৩০ জন ব্যক্তিগত দালালের যোগাযোগ রয়েছে। এসব ব্যক্তি ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন রেজিস্ট্রেশন কমপ্লেক্সে প্রভাব বিস্তার করেন। দলিল নিবন্ধনের ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারদের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের পছন্দের দলিল সম্পন্ন করানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। ফলে গুরুত্বপূর্ণ কোনো পদে তাঁর নিয়োগ হলে এই কথিত নেটওয়ার্ক আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সব মিলিয়ে রমজান খানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুধু একজন কর্মকর্তার বদলি বাণিজ্য বা অবৈধ সম্পদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদায়ন, সরকারি রাজস্ব আদায়, দলিল নিবন্ধন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে কি না, সেই প্রশ্নও সামনে এসেছে।

এ অবস্থায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপির হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা। তাঁদের দাবি, রমজান খানের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। বিশেষ করে কথিত বদলি বাণিজ্যে অর্থ লেনদেন, সম্পদের উৎস, বিদেশে বাড়ি কেনার অর্থের উৎস এবং প্রশাসনিক পদায়নে রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন।

একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যাচ্ছে—সরকার পরিবর্তনের পরও যদি একই ব্যক্তিরা রাজনৈতিক পরিচয় বদলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে প্রভাব ধরে রাখতে পারেন, তাহলে দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের উদ্যোগ কতটা কার্যকর হবে? শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, প্রশাসনের ভেতরে থাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ প্রমাণিত না হলে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও স্বচ্ছ অবস্থান নিশ্চিত করা জরুরি।




জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

ডেস্ক নিউজঃ তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে কার্যকর করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একই সঙ্গে মজুরি বোর্ডের কার্যক্রমে বিলম্ব না করে দ্রুত ধারাবাহিক বৈঠকের মাধ্যমে মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলেছেন শ্রমিক প্রতিনিধিরা।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আক্তার।

তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। সে হিসাবে ২০২৬ সালের ডিসেম্বরে তিন বছর পূর্ণ হবে। তাই এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান, সেটি তারা চান।

বাবুল আক্তার বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব চান না তারা। আগের মতো ১৫ দিন পরপর বৈঠক কিংবা কোনো প্রতিনিধি দেশে থাকবেন কি না, এমন অজুহাতে আলোচনা পিছিয়ে দেওয়া যাবে না। একটি বৈঠকের পর পরবর্তী বৈঠকের জন্য এক বা দুই দিন বিরতি দিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সারা রাত বৈঠক করেও দ্রুত মজুরি নির্ধারণ করতে হবে।

মজুরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ড গঠনের কথা থাকলেও বাস্তবে অনেক দেরিতে তা করা হয়েছে। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন দমাতে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার শ্রমিকদের দ্রুত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

শ্রমিকদের উদ্দেশে বাবুল আক্তার বলেন, সবাইকে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। কোনো ধরনের ঘোষণা ছাড়া আন্দোলন-সংগ্রামে না জড়ানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক পক্ষের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন।

তিনি অবিলম্বে মজুরি বোর্ডের সভা আহ্বানের দাবি জানান। আনোয়ার হোসাইন বলেন, দ্রুত সভা আয়োজনের জন্য তারা চেষ্টা করবেন। আজ অথবা আগামীকাল শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে চিঠি দিয়ে মজুরি বোর্ডের সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও শ্রমিক নেতা নাজমা আক্তার, মোছা. সুলতানা বেগম, লাভলী ইয়াসমিন, খালিকুজ্জামান লিপু, সোহেল রানাসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।




ঔষধ প্রশাসনের পরিচালক আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের পুরোনো অনুসন্ধান পুনরায় চালুর দাবি

বিশেষ প্রতিবেদকঃ ঔষধ প্রশাসন অধিদফতরের পরিচালক ড. মো. আকতার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।

আইনি নোটিশে আকতার হোসেনের বিরুদ্ধে আগে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান আবার শুরু করার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদফতরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়মের মাধ্যমে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে একসময় দুদক অনুসন্ধানও শুরু করেছিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে সেই অনুসন্ধানের অগ্রগতি কতদূর, কী ধরনের তথ্য পাওয়া গেছে কিংবা অভিযোগের বিষয়ে শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। তার অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও আগের অনুসন্ধান দৃশ্যমান কোনো অগ্রগতি পায়নি। এ কারণে বিষয়টি নতুন করে খতিয়ে দেখা এবং আগের অনুসন্ধান কার্যক্রম পুনরায় সচল করার দাবি জানিয়েছেন তিনি।

ফ্যাক্টরি অনুমোদন ও নবায়নেও অনিয়মের অভিযোগ

ড. মো. আকতার হোসেনের বিরুদ্ধে ওষুধ উৎপাদনকারী কারখানা পরিদর্শন, নতুন অনুমোদন এবং পুরোনো কারখানার লাইসেন্স নবায়ন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও আনা হয়েছে আইনি নোটিশে।

এতে দাবি করা হয়েছে, কিছু ক্ষেত্রে কারখানা সরেজমিনে পরিদর্শন না করেই ওষুধ উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে নির্ধারিত নিয়ম ও প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই পুরোনো কারখানার লাইসেন্স নবায়নের ছাড়পত্র দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগগুলো সত্য হলে তা শুধু প্রশাসনিক অনিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং ওষুধ উৎপাদনের মান নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ ওষুধ পাওয়ার বিষয়টিও ঝুঁকির মুখে পড়তে পারে। কারণ, কোনো ওষুধ কারখানার অনুমোদন দেওয়ার আগে তার অবকাঠামো, উৎপাদনব্যবস্থা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, সংরক্ষণব্যবস্থা এবং মান নিয়ন্ত্রণের সক্ষমতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ পরিদর্শন ছাড়া অনুমোদন বা নবায়ন দেওয়া হলে নিম্নমানের ওষুধ উৎপাদনের ঝুঁকি তৈরি হতে পারে।

জনস্বাস্থ্য সুরক্ষায় নিরপেক্ষ তদন্তের দাবি

আইনজীবী আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য অনুযায়ী, ঔষধ প্রশাসন অধিদফতর দেশের ওষুধের মান নিয়ন্ত্রণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব পালন করে। ফলে এই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ওষুধ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন উদ্যোক্তা ও ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এসব অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, ঔষধ প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ অবস্থায় ড. মো. আকতার হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিস্তারিত তদন্ত, আগের দুদক অনুসন্ধানের নথি পর্যালোচনা এবং ফ্যাক্টরি অনুমোদন ও নবায়নের প্রক্রিয়ায় কোনো আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে আইনি নোটিশে।

এদিকে অভিযোগের বিষয়ে ড. মো. আকতার হোসেনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে দুদকের পক্ষ থেকেও আইনি নোটিশের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।




‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, আঘাত হানবে কখন কোথায়?

আবহাওয়া ডেস্কঃ এক সপ্তাহের ব্যবধানে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে যাচ্ছে আরও একটি ঘূর্ণিঝড়। এবারের ঘূর্ণিঝড়ের নাম ‘মুরাসু’। ঝড়টি আজ সোমবার রাতেই ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বাংলাদেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার ভোররাত ৩টায় প্রবল ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এ সময় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৪৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ঘূর্ণিঝড়টি।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ ভোররাতে প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর অন্ধ্রের উপকূলে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। নামটি ছিল বাংলাদেশের দেওয়া। আর ‘মুরাসু’ নামটি দিয়েছে ভারতই। ‘মুরাসু’একটি তামিল শব্দ। এর অর্থ হলো বিশাল আকারের ড্রাম বা রণঢাক জাতীয় বাদ্যযন্ত্র। কোনো দুর্যোগ সম্পর্কে বা কিছু ঘোষণা করতে, সবাইকে সচেতন করতে এই বাদ্যযন্ত্র বাজানো হয়। অনেক সময় এটিকে যুদ্ধের বাদ্য হিসেবেও ধরে নেওয়া হয়।