মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তন, এক লাইনে লেখার অনুমতি

ডেস্ক নিউজঃ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ছাড়া একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থের বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ।

নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে বিআরটিএকে। পাশাপাশি দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণ করতে পারবে সংস্থাটি।

একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।




বিমান, সিভিল এভিয়েশন ও পর্যটনের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি

ডেস্ক নিউজঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি।

একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রস্তাবিত সাব-কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন সদস্য থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ ও বদলি এবং বিমানবন্দরের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করবে এই সাব-কমিটি।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শূন্য পদগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে দ্রুত পূরণের সুপারিশ করা হয়। পাশাপাশি গত আট মাসে বেবিচকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটা সংক্রান্ত প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে জানানো হয়, বিদেশের সঙ্গে কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

কমিটির সভাপতি মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্য জনবলকে উপযুক্ত পদে পদায়নের সুপারিশ করেন। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কমিটি সহযোগী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণে নিয়মিত বৈঠক আয়োজনের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আ. হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কমিটির সভাপতি। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বৈঠকে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান ও মো. আবু তালিব অংশগ্রহণ করেন। কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।




বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

ডেস্ক নিউজঃ দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসেসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।




সংরক্ষিত বন উজাড়ের অভিযোগ, খেয়াচল্যং রেঞ্জের ডেপুটি রেঞ্জার রাশেদুজ্জামানকে ঘিরে নানা প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে বন বিভাগের খেয়াচল্যং রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেঞ্জার মো. রাশেদুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ভুয়া জোত পারমিট তৈরি, একই হোল্ডিং একাধিকবার ব্যবহার এবং সরকারি কাগজপত্রের আড়ালে মূল্যবান গাছ কাটার সুযোগ করে দিয়ে একটি কাঠ ব্যবসায়ী চক্রকে সহায়তা করছেন তিনি। দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে ২০টি জোত পারমিট অনুমোদনের বিষয়টি নিয়েও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

অভিযোগ রয়েছে, বান্দরবান বন বিভাগের সাবেক ডিএফও মোহাম্মদ আবদুর রহমানের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত রাশেদুজ্জামান শুরুতে সদর রেঞ্জের দায়িত্ব পাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে ডেপুটি রেঞ্জার কাজী মো. সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার দেনদরবারও করেন বলে অভিযোগ রয়েছে। তবে সেখানে সফল না হয়ে পরবর্তী সময়ে রোয়াংছড়ি উপজেলার দুর্গম খেয়াচল্যং রেঞ্জের দায়িত্ব নেন তিনি। স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওই এলাকার বনজ সম্পদ নিয়ে অনিয়মের কর্মকাণ্ড শুরু হয়।

খেয়াচল্যং রেঞ্জ কার্যালয়ের কার্যক্রম নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। সরেজমিনে কার্যালয়টিতে গিয়ে প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষে তালা ঝুলতে দেখা যায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামানসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই সেখানে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কর্মস্থলে থাকেন না। এমনকি রেঞ্জ এলাকায় তাঁদের স্থায়ী বা ভাড়াটিয়া আবাসনের ব্যবস্থাও নেই। তাঁরা অধিকাংশ সময় বান্দরবান জেলা শহরে অবস্থান করেন বলে অভিযোগ স্থানীয়দের। ফলে দুর্গম এলাকার সংরক্ষিত বনাঞ্চল দেখভাল, অবৈধ গাছ কাটা বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব কার্যত অবহেলিত হয়ে পড়েছে।

তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে জোত পারমিট অনুমোদনকে কেন্দ্র করে। খেয়াচল্যং রেঞ্জের আওতাধীন ৩১৭ নম্বর ক্যাচলং মৌজা এবং ৩৪৯ নম্বর ঘেরাউ মৌজায় ব্যক্তিমালিকানাধীন জোতের সংখ্যা সীমিত। এসব মৌজায় আগেও একাধিকবার জোত পারমিটের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এরপরও রাশেদুজ্জামান দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে ২০টি জোত পারমিট অনুমোদন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের প্রশ্ন, এত অল্প সময়ের মধ্যে এতগুলো পারমিট দেওয়ার ক্ষেত্রে জমির মালিকানা, গাছের প্রকৃত সংখ্যা এবং কাঠের পরিমাণ যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না।

অভিযোগের বিবরণ অনুযায়ী, দুর্গম পাহাড়ি এলাকায় সরেজমিনে গাছ শনাক্ত ও পরিমাপ না করেই কিছু ক্ষেত্রে পারমিট তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ কাজে স্থানীয় এসিল্যান্ড অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভুয়া এ-ফরম তৈরি করে জোতের মালিকানা ও গাছের হিসাব দেখানো হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। একই মৌজা ও একই হোল্ডিং নম্বর ব্যবহার করে একাধিকবার কাগজপত্র তৈরি করার অভিযোগও উঠেছে।

এভাবে কাগজে-কলমে বৈধ জোত দেখিয়ে বাস্তবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার সুযোগ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, জেলা শহরে বসেই কাঠ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে গাছের খাড়া মার্কা ও পাশ মার্কা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর বিনিময়ে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। এতে সরকারি নিয়মের বাইরে মূল্যবান বনজ সম্পদ কেটে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এই কর্মকাণ্ডের ফলে বান্দরবানের বন ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশবাদীরা। চম্পাফুল, গুটগুটিয়া, বৈলাম, গর্জন ও শিউরীর মতো মূল্যবান ও পুরোনো গাছ নির্বিচারে কাটার অভিযোগ রয়েছে। এসব বড় গাছ বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ কমে যাওয়ায় এশীয় হাতি, মায়াহরিণ ও বিরল প্রজাতির উল্লুকসহ বিভিন্ন বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণক্ষেত্র সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বন উজাড়ের কারণে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাতও বাড়তে পারে।

পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার ওপরও এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ের গাছপালা কমে গেলে বর্ষায় পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি বাড়ে। অন্যদিকে শুষ্ক মৌসুমে পাহাড়ের ঝিরি ও ছড়ার পানির প্রবাহ কমে যেতে পারে। এতে স্থানীয় জনগোষ্ঠীর পানির সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

খেয়াচল্যং এলাকার বিভিন্ন পরিবেশবাদী ও ছাত্র সংগঠনের অভিযোগ, সরকারি কাগজপত্রের সুযোগ নিয়ে দরিদ্র ও সাধারণ পাহাড়ি মানুষের নাম ব্যবহার করে কৃত্রিম জোত ও হোল্ডিংয়ের কাগজ তৈরি করা হচ্ছে। এতে প্রকৃত জমির মালিকেরা প্রতারিত হওয়ার পাশাপাশি তাঁদের অধিকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে কিছু বাঙালি কাঠ ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে একটি চক্র সংরক্ষিত বনাঞ্চলের কাঠ সংগ্রহ ও বাণিজ্য পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি অভিযোগকারীদের।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি দুর্গম রেঞ্জ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি এবং অল্প সময়ে বিপুলসংখ্যক জোত পারমিট অনুমোদনের বিষয়টি আলাদাভাবে তদন্ত করা প্রয়োজন। বিশেষ করে ৩১৭ নম্বর ক্যাচলং ও ৩৪৯ নম্বর ঘেরাউ মৌজায় গত ছয় মাসে অনুমোদিত ২০টি পারমিটের নথি, এ-ফরম, হোল্ডিংয়ের মালিকানা, গাছের পরিমাপ এবং খাড়া ও পাশ মার্কা দেওয়ার রেকর্ড যাচাই করা হলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।

এ ঘটনায় ডেপুটি রেঞ্জার মো. রাশেদুজ্জামান, সাবেক ডিএফও মোহাম্মদ আবদুর রহমান এবং ডেপুটি রেঞ্জার কাজী মো. সাইফুল ইসলামের সংশ্লিষ্টতার বিষয়ে অভিযোগে যেসব তথ্য এসেছে, সেগুলোও যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় এসিল্যান্ড অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের যেসব কর্মকর্তার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ রয়েছে, তাঁদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে।

বনাঞ্চল রক্ষা, সরকারি সম্পদের সুরক্ষা এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকেরা। তাঁদের দাবি, রাশেদুজ্জামানের দায়িত্ব গ্রহণের পর অনুমোদিত সব জোত পারমিটের নথি পরীক্ষা করে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত না হলে বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চল আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।




রাজনৈতিক প্রভাব, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদের অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা জিকরুল আলম

বিশেষ প্রতিবেদকঃ মাদারীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের বিরুদ্ধে চাকরিতে নিয়োগ থেকে শুরু করে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার, ঘুষ গ্রহণ, নিয়োগ ও বদলি বাণিজ্য, সরকারি খাদ্যশস্য সংগ্রহে অনিয়ম এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে রাজধানী ঢাকা ও নিজ জেলা গোপালগঞ্জে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব সম্পদের একটি অংশ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের নামে কেনা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনও (দুদক) অনুসন্ধান করছে। তবে এত অভিযোগের পরও এখনো স্বপদে বহাল রয়েছেন এই খাদ্য কর্মকর্তা।

শেখ জিকরুল আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগ নেতা শেখ আবুল হোসেন ও কুলসুম বেগমের ছেলে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় গোপালগঞ্জের পরিচয় এবং রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি সরকারি চাকরি লাভ থেকে শুরু করে বিভিন্ন কর্মস্থলে প্রভাব বিস্তার করেছেন। তৎকালীন রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে তিনি দপ্তরের ভেতরে নিজের অবস্থান শক্ত করেন। আর সেই প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন অনিয়ম ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০১৩ সালে খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য পরিদর্শক হিসেবে চাকরিতে যোগ দেন শেখ জিকরুল আলম। ওই নিয়োগ পরীক্ষা নিয়ে তখন থেকেই অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ছিল। পরবর্তী সময়ে নিয়োগসংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রায় ৫০ জনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক তদবির ও প্রভাব ব্যবহার করে তিনি চাকরি পাওয়ার পাশাপাশি প্রথম কর্মস্থল হিসেবে নিজের জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পদায়ন পান।

চাকরির শুরু থেকেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠতে থাকে। কোটালীপাড়ায় দায়িত্ব পালনকালে নানা বিতর্কের সৃষ্টি হলে পরবর্তী সময়ে তাকে ফরিদপুর সদরে বদলি করা হয়। এরপর বাগেরহাটের মোল্লাহাট এবং ঢাকাসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন তিনি। অভিযোগ রয়েছে, কর্মস্থল পরিবর্তন হলেও অনিয়মের ধরন বদলায়নি। বরং প্রতিটি কর্মস্থলেই নিজের প্রভাব কাজে লাগিয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। বিশেষ করে ঢাকায় এরিয়া রেশনিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে।

সরকারি খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়মের অভিযোগগুলোর মধ্যে রয়েছে ধান, চাল ও গম সংগ্রহের সময় ওজনে কারসাজি করা। ভালো মানের খাদ্যশস্যের পরিবর্তে নিম্নমানের চাল ও গম গুদামে গ্রহণ করার বিনিময়ে মিল মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, মিল মালিকদের সঙ্গে যোগসাজশ করে সরকারি খাদ্যশস্যের বরাদ্দ ছাড় করার ক্ষেত্রেও অনিয়ম করা হতো। এসব কাজে ব্যক্তিগত আর্থিক লেনদেনের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়া মিল মালিকদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে শেখ জিকরুল আলমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, অনৈতিক আর্থিক সুবিধা দিতে রাজি না হলে ব্যবসায়ীদের বিভিন্ন নিয়মকানুন ও আইনি জটিলতায় ফেলে চাপ সৃষ্টি করা হতো। কেউ অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে হয়রানির মুখে পড়তে হতো। এভাবে সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী আর্থিক বলয় গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০২৪ সালের ৪ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগের দিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে পদোন্নতি পেয়ে মাদারীপুরে যোগ দেন শেখ জিকরুল আলম। তার বিরুদ্ধে আগে থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে তিনি পদোন্নতি পেলেন, তা নিয়ে খাদ্য অধিদপ্তরের ভেতরে প্রশ্ন রয়েছে। অভিযোগকারীদের দাবি, যেসব অনিয়মের জন্য তার বিরুদ্ধে তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সেসব অভিযোগের নিষ্পত্তি না করেই তাকে উচ্চতর পদে দায়িত্ব দেওয়া হয়।

তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ, দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ বর্তমানে দুদকের অনুসন্ধানে রয়েছে বলে জানা গেছে। এ অনুসন্ধানের অংশ হিসেবে তার স্ত্রী তানিয়া ইসলাম, শ্বশুর আবুল হাসেম, শাশুড়ি রেশমা বেগম এবং তিন সন্তান মুমতাহিনা নূর তাজ, তানজিল জুবাইর ও মো. আওয়ান জুনায়েদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়স্বজনের নামেও সম্পদ থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, সরকারি চাকরির আয় ও দৃশ্যমান উপার্জনের সঙ্গে সামঞ্জস্যহীনভাবে শেখ জিকরুল আলম বিপুল সম্পদের মালিক হয়েছেন। রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সদর পৌরসভাসহ বিভিন্ন এলাকায় তার একাধিক প্লট, ফ্ল্যাট ও জমিজমা রয়েছে বলে দাবি করা হয়েছে। এসব সম্পদের অনেকগুলো নিজের নামে না কিনে স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের নামে কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর মাধ্যমে সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করার চেষ্টা করা হয়েছে কি না, সেটিও তদন্তের বিষয়।

গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এজি মিশন রোডের ১০০ নম্বর ডুপ্লেক্স বাড়িটি নিয়েও রয়েছে আলোচনা। অভিযোগে বলা হয়েছে, বিপুল অর্থ ব্যয় করে তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন। তার সম্পদের প্রকৃত পরিমাণ, আয়ের উৎস এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের সঙ্গে তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হলে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন অভিযোগকারীরা। তার সম্পদের বিস্তারিত বিবরণ নিয়ে আরও অনুসন্ধানের কথা জানানো হয়েছে।

এতসব অভিযোগের পরও শেখ জিকরুল আলম কীভাবে চাকরিতে বহাল রয়েছেন, তা নিয়ে খাদ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজেকে শেখ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিতেন এবং রাজনৈতিক প্রভাবের কথা বলে দপ্তরের বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করতেন। বদলি ও পদায়ন ঘিরেও তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। কর্মকর্তাদের দাবি, তার বিরুদ্ধে অধিদপ্তরে একাধিক অভিযোগ জমা পড়লেও প্রভাবের কারণে সেগুলোর কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের মতে, নিরপেক্ষ তদন্ত হলে নিয়োগ, বদলি, খাদ্যশস্য সংগ্রহ এবং আর্থিক লেনদেনসংক্রান্ত আরও অনেক অনিয়মের তথ্য সামনে আসতে পারে।

অন্যদিকে, এত অভিযোগের পরও তার বিরুদ্ধে দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট মহলে প্রশ্ন তৈরি হয়েছে। অভিযোগগুলো সত্য হলে সরকারি খাদ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে কীভাবে একজন কর্মকর্তা দীর্ঘদিন ধরে অনিয়মের সুযোগ পেয়েছেন, সেটিও খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে তার পদোন্নতি প্রক্রিয়া, বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে আর্থিক লেনদেন এবং পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা সম্পদের উৎস অনুসন্ধানের দাবি উঠেছে।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বর্তমান মাদারীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ জিকরুল আলমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা এখন গুরুত্বপূর্ণ।




চিলমারী নদীবন্দর প্রকল্পে পাইলের গভীরতা ও ব্যাস কমিয়ে কাজের অভিযোগ, ভুয়া MB-তে বিল উত্তোলন ও অর্থ ভাগাভাগির বিতর্কে প্রকল্প পরিচালক আবুল কালাম

বিশেষ প্রতিবেদকঃ ব্রহ্মপুত্রের তীরে একটি আধুনিক নদীবন্দর। লক্ষ্য—ভারতের সঙ্গে নৌ-বাণিজ্য বাড়ানো, উত্তরবঙ্গের অর্থনৈতিক করিডোর শক্তিশালী করা এবং নদীপথের সম্ভাবনাকে কাজে লাগানো। কিন্তু সেই অবকাঠামোর মাটির নিচের ভিত্তি নিয়েই উঠেছে গুরুতর প্রশ্ন। চিলমারী নদীবন্দর স্থাপন প্রকল্পে অনুমোদিত নকশা ও কার্যাদেশের সঙ্গে মাঠপর্যায়ের পাইলিংয়ের অমিল, বিকল্প নকশার অনুমোদন, সাব-কন্ট্রাক্ট, ভুয়া পরিমাপ বইয়ে বিল উত্তোলন এবং সরকারি অর্থের সম্ভাব্য অপব্যবহারের অভিযোগ সামনে এসেছে।

অভিযোগগুলো প্রমাণিত সত্য নয়। তবে যেসব কারিগরি পরিমাপ, আর্থিক লেনদেন ও নথির কথা বলা হচ্ছে, সেগুলো যদি স্বাধীন তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে প্রশ্নটি শুধু একটি প্রকল্পের অনিয়মে সীমাবদ্ধ থাকবে না—প্রশ্ন উঠবে সরকারি অবকাঠামোর নিরাপত্তা, প্রকল্প তদারকি এবং রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনা নিয়ে। চিলমারী নদীবন্দর প্রকল্পের প্রাথমিক অনুমোদিত ব্যয় ছিল ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা। সংশোধিত ডিপিপিতে তা বেড়ে দাঁড়ায় ৩৩৫ কোটি ৫৯ লাখ টাকা। নদী তীর সংরক্ষণ, জেটি ও পন্টুন, টার্মিনাল ভবন, সাইট ডেভেলপমেন্ট এবং গভীর পাইলিং ছিল প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে। প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পান বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ আবুল কালাম আজাদ মোল্লা। এখন মূল প্রশ্ন—এই বিপুল অর্থের বিনিময়ে যে অবকাঠামো নির্মিত হচ্ছে, তার মাটির নিচের ভিত্তি কি অনুমোদিত নকশা অনুযায়ী হয়েছে?

৫০০ মিলিমিটারের পাইল ৩০০ মিলিমিটার—কেন: উত্থাপিত নথি ও অভিযোগ অনুযায়ী, অনুমোদিত কার্যাদেশ ও BOQ-তে পাইলের ব্যাস ৫০০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৪০ দশমিক ৫০ মিটার নির্ধারিত ছিল। কিন্তু সাইটে বাস্তবায়িত পাইলের ব্যাস ৩০০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ২৩ মিটার বলে অভিযোগ করা হয়েছে। অর্থাৎ ব্যাসে ৪০ শতাংশ এবং দৈর্ঘ্যে প্রায় ৪৩ দশমিক ২১ শতাংশ ঘাটতির অভিযোগ রয়েছে।

আরও বলা হচ্ছে, অনুমোদিত ১৬ মিলিমিটার ব্যাসের ১০টি প্রধান রডের পরিবর্তে ৭টি রড ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে ৪৫০ মিলিমিটার ইনার ডায়ারের নির্ধারিত স্টিল কেসিংও বাস্তবে স্থাপন করা হয়নি—এমন অভিযোগ রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ কারিগরি বিষয় রয়েছে। পাইলের ব্যাস কমলে তার ক্রস-সেকশনাল ক্ষেত্রফল সরাসরি কমে যায় না; ব্যাসের বর্গের সঙ্গে তা পরিবর্তিত হয়। ৫০০ মিলিমিটার ব্যাসের বৃত্তাকার পাইলের ক্ষেত্রফল প্রায় ০.১৯৬৩ বর্গমিটার। ৩০০ মিলিমিটারে তা নেমে আসে প্রায় ০.০৭০৭ বর্গমিটারে—অর্থাৎ প্রায় ৬৪ শতাংশ কম।

তবে এসব পরিমাপ থেকে প্রকল্পটি নিশ্চিতভাবে ঝুঁকিপূর্ণ—এমন সিদ্ধান্তে যাওয়ার আগে স্বাধীন প্রকৌশলগত পরীক্ষা প্রয়োজন। কারণ কোনো পাইলের প্রকৃত নিরাপত্তা নির্ধারণে শুধু ব্যাস বা দৈর্ঘ্য নয়, মাটির স্তর, কংক্রিটের গুণমান, রডের বিন্যাস, পাইলের সংখ্যা, নকশাগত লোড এবং অন্যান্য কাঠামোগত বিষয়ও বিবেচনা করতে হয়। তাই প্রশ্নটি আরও নির্দিষ্ট: যদি অনুমোদিত নকশা ৪০ দশমিক ৫০ মিটার গভীরতার পাইল দাবি করে থাকে, তাহলে ২৩ মিটার পর্যন্ত পাইল করার অনুমতি কে দিলেন এবং কোন কারিগরি পরীক্ষার ভিত্তিতে দিলেন?

TYPE-1 ও TYPE-2—নকশা বদলের ক্ষমতা কার: প্রকল্পটিতে ‘TYPE-1’ ও ‘TYPE-2’ নামে বিকল্প ড্রয়িং ব্যবহারের অভিযোগও গুরুতর প্রশ্ন তৈরি করেছে। অভিযোগকারীদের বক্তব্য, এসব ড্রয়িং অনুমোদিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করেই সাইটে ব্যবহার করা হয়েছে। যদি সত্যিই মূল অনুমোদিত নকশা পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে সেই পরিবর্তনের পেছনে কারিগরি কারণ কী ছিল? সংশোধিত নকশা কে তৈরি করেছেন? কে পরীক্ষা করেছেন? কে অনুমোদন দিয়েছেন? এবং সেই অনুমোদনের নথি কোথায়?

সরকারি প্রকল্পে নকশা পরিবর্তন সাধারণ কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এর সঙ্গে কাঠামোর নিরাপত্তা এবং সরকারি ব্যয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছভাবে প্রকাশ করা প্রয়োজন—এই দুই ড্রয়িংয়ের অনুমোদনকারী কর্তৃপক্ষ কে এবং বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় নথিতে সেগুলোর অনুমোদিত কপি আছে কি না।

ঠিকাদার এক, সাইটে আরেক প্রতিষ্ঠান—কেন: প্রকল্পের কার্যাদেশ ‘কেএসএল-এসইএল জেভি’—Khandaker Shahin Ahmed Ltd & Sign Engineering Ltd JV-এর নামে দেওয়া হয়েছিল বলে তথ্য রয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ রড কাটিং ও বাইন্ডিংয়ের কাজ ‘মায়ের দোয়া কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে করানো হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হিসেবে মোঃ নাসির উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে। এখানে প্রশ্ন সাব-কন্ট্রাক্টিংয়ের বৈধতা নিয়ে। চুক্তির শর্ত অনুযায়ী সাব-কন্ট্রাক্টের অনুমোদন ছিল কি? থাকলে কে দিয়েছেন? প্রতিষ্ঠানটির কারিগরি সক্ষমতা যাচাই হয়েছিল কি? এবং সংশ্লিষ্ট কাজের দায়ভার শেষ পর্যন্ত কার ওপর ছিল?

এসব প্রশ্নের উত্তর ছাড়া সাব-কন্ট্রাক্টকে অবৈধ বা দুর্নীতির প্রমাণ হিসেবে ঘোষণা করা আইনগতভাবে নিরাপদ নয়। কিন্তু নথিভিত্তিক তদন্তের দাবি অবশ্যই তৈরি হয়।

বিলের টাকা কোথায় গেল: সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি অর্থপ্রবাহ নিয়ে। উত্থাপিত তথ্য অনুযায়ী, মূল কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের পরিবর্তে ‘ডি. জি. বাংলা’ (DG BANGLA)-এর এনআরবি ব্যাংক, মিরপুর শাখার হিসাবে প্রকল্পের বিল স্থানান্তরের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রকল্প পরিচালক মোঃ আবুল কালাম আজাদ মোল্লার স্বাক্ষরিত পেমেন্ট সার্টিফিকেটের স্মারক নম্বর 18.14.0000.298.19.021.23/279 উল্লেখ করা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে, এই অর্থের একটি অংশ নির্দিষ্ট অনুপাতে ভাগ করা হয়েছে। উত্থাপিত হিসাব অনুযায়ী, আরশাদ পারভেজের নামে ৩ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার ৩৫২ টাকা ৯৯ পয়সা এবং প্রকল্প পরিচালক মোঃ আবুল কালাম আজাদ মোল্লার নামে ২ কোটি ৭৬ লাখ ১৬ হাজার ৩৭৯ টাকা ৭২ পয়সার আর্থিক ভাগের অভিযোগ করা হয়েছে।

সতর্কতা জরুরি: ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর হয়েছে—এটি প্রমাণিত হলেও, সেই অর্থ আত্মসাৎ বা ব্যক্তিগত ভাগ হিসেবে নেওয়া হয়েছে কি না, তা ব্যাংক স্টেটমেন্ট, পেমেন্ট ভাউচার, চুক্তি, বিল, হিসাবরক্ষণ নথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য দিয়ে যাচাই করতে হবে। একইভাবে সজল চন্দ্র দত্তের নাম মধ্যস্থতাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে এবং পূবালী ব্যাংক পিএলসির ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার একটি হিসাব নম্বরও দেওয়া হয়েছে। তবে কোনো ব্যাংক হিসাবের উল্লেখমাত্রই অপরাধের প্রমাণ নয়; অর্থের উৎস, উদ্দেশ্য ও চূড়ান্ত সুবিধাভোগী শনাক্ত করাই হবে তদন্তের মূল বিষয়।

বালু না ফেলেই শতভাগ বিল: সাইট ডেভেলপমেন্ট নিয়েও অভিযোগ আরও গুরুতর। অভিযোগ রয়েছে, কোনো কোনো অংশে বালু ভরাট না করেই ভুয়া পরিমাপ বই বা MB তৈরি করে শতভাগ বিল উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে পাইলিংয়ের স্টিল কেসিংয়ের জন্য বরাদ্দ অর্থ কাজ না করেই উত্তোলনের অভিযোগও রয়েছে। যদি কোনো সরকারি প্রকল্পে বাস্তবে কাজ না করে পরিমাপ বইয়ে কাজ সম্পন্ন দেখিয়ে বিল দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি শুধু কারিগরি অনিয়ম নয়—সরকারি অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্প তদারকির গুরুতর প্রশ্ন তৈরি করে।

তাই সংশ্লিষ্ট MB, বিল, Measurement Sheet, Running Account Bill, পেমেন্ট সার্টিফিকেট এবং সাইটের পরিমাপ—সবকিছু স্বাধীনভাবে মিলিয়ে দেখা জরুরি।

রাজনৈতিক প্রভাবের অভিযোগ কতটা সত্য: প্রকল্পে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। তৎকালীন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস বাশার এবং ডি. জি. বাংলার স্বত্বাধিকারী আরশাদ পারভেজের রাজনৈতিক প্রভাবের কারণে প্রকল্পের অভ্যন্তরে আপত্তি চাপা পড়েছিল—এমন অভিযোগ করা হয়েছে। এমনকি প্রকল্প এলাকায় তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন প্রমাণ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, জিডি, মামলা বা অন্য কোনো যাচাইকৃত নথি প্রকাশ না হওয়া পর্যন্ত এগুলোকে অভিযোগ হিসেবেই দেখা প্রয়োজন।

প্রশ্ন হলো—কোনো সাংবাদিককে হুমকি দেওয়া হয়ে থাকলে তার তদন্ত হয়েছে কি? কোনো প্রকৌশলী লিখিত আপত্তি জানিয়েছিলেন কি? অডিট বা অভ্যন্তরীণ পরিদর্শন প্রতিবেদনে কী পাওয়া গেছে?

বক্তব্য কোথায়: গুরুতর অভিযোগ ওঠার পর সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া সাংবাদিকতার অপরিহার্য অংশ। প্রকল্প পরিচালক মোঃ আবুল কালাম আজাদ মোল্লার বক্তব্য জানতে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে বলে উত্থাপিত তথ্যে উল্লেখ আছে। কিন্তু তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মূল ঠিকাদারি পক্ষ ও ‘মায়ের দোয়া কনস্ট্রাকশন’-এর পক্ষ থেকেও অভিযোগগুলোর প্রকৌশলগত ব্যাখ্যা বা দাপ্তরিক অনুমোদনের নথি পাওয়া গেছে—এমন তথ্য উপস্থাপিত হয়নি। ফলে এসব পক্ষের বক্তব্য ছাড়া অভিযোগগুলোর পূর্ণাঙ্গ ভারসাম্যপূর্ণ নিষ্পত্তি সম্ভব নয়। সংশ্লিষ্টরা বক্তব্য দিলে তা প্রতিবেদনে যথাযথভাবে যুক্ত করা প্রয়োজন।

এখন সবচেয়ে জরুরি পরীক্ষা: চিলমারী নদীবন্দর প্রকল্পের ক্ষেত্রে তদন্তের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত মাটির নিচের বাস্তবতা যাচাই। স্বাধীন প্রকৌশল বিশেষজ্ঞ বা বুয়েটের মতো নিরপেক্ষ কারিগরি প্রতিষ্ঠানের মাধ্যমে পাইল ইন্টিগ্রিটি টেস্ট (PIT), পাইল লোড টেস্ট এবং প্রয়োজনীয় মাটির ভারবহন সক্ষমতা পরীক্ষা করা যেতে পারে। এর মাধ্যমে কাগজের নকশা এবং বাস্তবে নির্মিত কাঠামোর মধ্যে পার্থক্য আছে কি না, তা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব।

একই সঙ্গে ‘TYPE-1’ ও ‘TYPE-2’ ড্রয়িংয়ের উৎস, অনুমোদন, সংশোধন-ইতিহাস এবং ব্যবহার-সংক্রান্ত নথির ফরেনসিক পর্যালোচনা প্রয়োজন। অর্থের ক্ষেত্রে প্রয়োজন ব্যাংক লেনদেনের পূর্ণাঙ্গ ট্রেইল। কোন হিসাব থেকে কোন হিসাবে টাকা গেছে, কোন বিলের বিপরীতে গেছে, কার অনুমোদনে গেছে এবং শেষ পর্যন্ত কারা সুবিধা পেয়েছে—এসব প্রশ্নের উত্তর নথি ছাড়া পাওয়া সম্ভব নয়। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা এবং সরকারি অর্থ পুনরুদ্ধারের প্রশ্ন আসবে। আর অভিযোগ প্রমাণিত না হলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদেরও দায়মুক্তির সুযোগ দিতে হবে।

চিলমারী নদীবন্দর শুধু একটি নির্মাণ প্রকল্প নয়; এটি উত্তরবঙ্গের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত একটি রাষ্ট্রীয় বিনিয়োগ। সেখানে যদি সত্যিই অনুমোদিত নকশা বদলে থাকে, কাজের পরিমাণ কমিয়ে বিল দেওয়া হয়ে থাকে কিংবা সরকারি অর্থের অপব্যবহার হয়ে থাকে, তাহলে দায় শুধু কয়েকজন ব্যক্তির নয়—প্রকল্প তদারকির পুরো ব্যবস্থার। তাই এখন প্রশ্ন একটাই—ব্রহ্মপুত্রের তীরে যে বন্দরের ভিত্তি গড়ে তোলা হচ্ছে, সেই ভিত্তি কি প্রকৌশলগতভাবে যতটা শক্ত, নথি ও হিসাবের দিক থেকেও কি ততটাই স্বচ্ছ? আর যদি অভিযোগগুলোর সত্যতা মেলে, তাহলে এত বড় সরকারি প্রকল্পে সেই অনিয়ম সময়মতো শনাক্ত করতে রাষ্ট্রের নজরদারি ব্যবস্থা কোথায় ছিল?




গণপূর্ত কর্মকর্তা মোয়াজ্জেমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, শ্রমিকের মজুরি কম দেওয়া ও পার্কের ফল বিক্রির টাকায় অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও পার্কের সবুজায়ন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের আরবরিকালচার উপবিভাগ-২-এর উপবিভাগীয় কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, শ্রমিকদের মজুরি কম দেওয়া, পার্কের গাছের ফল বিক্রির টাকা আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভুয়া ভাউচার তৈরি করে সরকারি অর্থ উত্তোলন, কর্মস্থলে অনিয়মিত উপস্থিতি, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ এবং পার্কের ভেতরে অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব বিষয়ে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি নতুন করে উত্থাপিত অভিযোগগুলো তদন্তের জন্য গণপূর্ত অধিদপ্তর থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পদায়ন নিয়ে বিরোধ, গড়ায় আদালত পর্যন্ত

গণপূর্ত অধিদপ্তরের প্রধান আরবরিকালচারিস্টের পদ নিয়ে মোয়াজ্জেম হোসেন ও শেখ মোহাম্মদ কুদরত-ই-খুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই বিরোধ একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তী সময়ে শেখ মোহাম্মদ কুদরত-ই-খুদাকে ওই পদ থেকে সরিয়ে অধিদপ্তরের রিজার্ভে রাখা হয়। এরপর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদকে প্রধান বৃক্ষপালনবিদের দায়িত্ব দেওয়া হয়।

দাপ্তরিক নথিতে দেখা যায়, ২০১৭ সালে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এ করা একটি মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, সরকারি কর্ম কমিশনের সচিব এবং প্রধান আরবরিকালচারিস্টকে নোটিশ দেওয়া হয়। মামলাটির আবেদনকারী ছিলেন মোয়াজ্জেম হোসেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৬ মে দেওয়া একটি আদেশের বিরুদ্ধে শেখ মোহাম্মদ কুদরত-ই-খুদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (১২৫/২০২৫) দায়ের করেন। ওই আদেশের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য ২০২৫ সালের ১৯ মে দিন ধার্য করেন বিচারপতি মো. রেজাউল হক।

ভুয়া ভাউচারে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের আরবরিকালচার বিভাগের জন্য বছরে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ থাকে। এই বিভাগের উপবিভাগ-২-এ দায়িত্ব পালনের সময় ভুয়া ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, মাত্র তিন মাসের মধ্যে ৬ হাজার ৯৫৯ টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলন করা হয়।

এ ঘটনায় ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী একটি চিঠি দিয়ে সংশ্লিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে মোয়াজ্জেম সেই টাকা জমা দেননি বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অর্থ উত্তোলনের বিষয়ে তার দেওয়া ব্যাখ্যাও কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় তাকে দায়িত্ব না দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার অভিযোগ

মোয়াজ্জেম হোসেনের কর্মজীবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পদায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন ব্যক্তির সুপারিশ ব্যবহার করে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এ ক্ষেত্রে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি বিশ্বনাথ সরকার বিটু এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের লিখিত সুপারিশ কাজে লাগানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, ২০০৪ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন ও রমনা পার্কের সবুজায়ন প্রকল্পের কাজের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। সেখানে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০০৯ সালে তাকে চট্টগ্রামে বদলি করা হয়। এরপর ২০১১ সালে রাজশাহীতে পাঠানো হয়। ২০১২ সালে আবার ঢাকার গণপূর্ত ভবনে ফিরে এলে প্রথমদিকে তাকে রিজার্ভে রাখা হয়। বর্তমানে তিনি আরবরিকালচার উপবিভাগ-২-এর উপবিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে রাজধানীর দক্ষিণখানের আশকোনা পানির পাম্পসংলগ্ন এলাকায় পাঁচ কাঠা জমির একটি প্লট কিনেছেন তিনি।

ঊর্ধ্বতন কর্মকর্তাকে গালাগাল ও লাঞ্ছিত করার অভিযোগ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর মোয়াজ্জেম হোসেন এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করারও চেষ্টা করেন তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন প্রধান বৃক্ষপালনবিদ আবুল কালাম আজাদ। সরকারি দপ্তরে একজন কর্মকর্তার এমন আচরণ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে।

১৮০ শ্রমিকের মজুরি কম দেওয়ার অভিযোগ

প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন এলাকায় সবুজায়নের কাজে নিয়োজিত দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে মোয়াজ্জেমের বিরুদ্ধে। শ্রমিক মনিরের অভিযোগ, ওই এলাকায় প্রায় ১৮০ জন শ্রমিক কাজ করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের নির্ধারিত হারে সমান মজুরি পাওয়ার কথা থাকলেও মোয়াজ্জেম হোসেন সেই নির্দেশনা মানেননি।

অভিযোগ অনুযায়ী, শ্রমিকদের প্রাপ্য মজুরির চেয়ে কম টাকা দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নারিকেল ও কাঁঠাল বিক্রির টাকা সরকারি হিসাবে জমা না দেওয়ার অভিযোগ

মোয়াজ্জেমের দায়িত্বাধীন বিভিন্ন পার্কে গাছের ফল বিক্রির অর্থ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এসব পার্কে প্রায় ২৪৫টি নারিকেল ও ১৪৫টি কাঁঠালগাছ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, এসব গাছের ফল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা।

কিন্তু অভিযোগ রয়েছে, নিয়ম অনুযায়ী নিলাম না করে সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে ফল বিক্রি করা হয়। পরে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। ফলে ফল বিক্রির অর্থ সরকারি হিসাবে জমা পড়ছে না বলে অভিযোগকারীরা দাবি করেছেন। সরকারি সম্পদ থেকে আয় হওয়া অর্থের হিসাব কোথায় যাচ্ছে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

পার্কে ভ্রাম্যমাণ ব্যবসা ও দর্শনার্থীদের হয়রানির অভিযোগ

পার্কের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, পার্কের ভেতরে অনুমতি ছাড়া ভ্রাম্যমাণ বিক্রেতাদের চলাচল ও ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু ব্যক্তি সাধারণ দর্শনার্থীদের জোর করে ছবি তুলে পরে টাকা দাবি করেন। কেউ ছবি তুলতে রাজি না হলে তাদের সঙ্গে অশালীন আচরণ ও মন্তব্য করা হয়।

এ ছাড়া পার্কে আসা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং অসাধু নিরাপত্তাকর্মী ও তদারককারীদের উৎকোচের মাধ্যমে অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগকারীদের দাবি। দীর্ঘদিন ধরে এসব ঘটনা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে।

অফিসে দেরিতে আসা ও দাপ্তরিক শৃঙ্খলাভঙ্গ

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দাপ্তরিক নিয়ম না মানার অভিযোগও পুরোনো। অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা হলেও তিনি সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে কর্মস্থলে উপস্থিত হতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো এবং দাপ্তরিক কাজে অসদাচরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব কারণে অতীতেও তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এমনকি চূড়ান্ত সতর্কবার্তাও দেওয়া হয়েছিল বলে দাপ্তরিক সূত্রে জানা গেছে। কিন্তু এরপরও তার আচরণ ও কর্মপদ্ধতিতে প্রত্যাশিত পরিবর্তন আসেনি বলে অভিযোগকারীদের দাবি।

অগ্রণী ব্যাংকের ঋণ পরিশোধ না করার বিষয়েও মামলা

তার আর্থিক লেনদেন নিয়েও পুরোনো একটি মামলা সামনে এসেছে। ঢাকার প্রথম অর্থঋণ আদালতে অগ্রণী ব্যাংক লিমিটেডের শেরাটন হোটেল শাখার করা অর্থঋণ মামলা নম্বর ১০/২০১০-এর সমনে ২ লাখ ৬ হাজার ৫৩১ টাকা অনাদায়ি থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। ব্যাংকের পাওনা অর্থ দীর্ঘদিন পরিশোধ না করার কারণে এ আইনি কার্যক্রম শুরু হয় বলে জানা গেছে। মামলাটির বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে তদন্তের দায়িত্ব

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ও প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সারওয়ার জাহান জানান, তার বিরুদ্ধে এর আগেও একাধিকবার অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। সর্বশেষ অভিযোগগুলো যাতে নিরপেক্ষভাবে তদন্ত করা যায়, সে জন্য বিষয়টি সরাসরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে অভিযোগের বিষয়ে মোয়াজ্জেম হোসেনের বক্তব্য জানতে রমনা পার্কে অবস্থিত উপবিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। পার্কের সুপারভাইজার ফজলুল হক জানান, ঢাকা ক্লাবের পাশের পুরোনো কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। ফলে বর্তমানে কর্মকর্তার বসার জন্য নির্দিষ্ট কোনো কক্ষ বা ব্যবস্থা নেই। এ কারণে মোয়াজ্জেম হোসেন বেশিরভাগ সময় গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে অবস্থান করেন।

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেনের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয় এবং খুদে বার্তা পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রকাশ করা হবে।




শ্রীমঙ্গলের ভূমি অফিস থেকে সিলেট জেলা প্রশাসন—শ্রীপদ দেবের শতকোটি টাকার সম্পদের অভিযোগ, একাধিক মামলা সত্ত্বেও পদোন্নতি নিয়ে বিতর্ক

বিশেষ প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে কানুনগো হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে এবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীপদ দেব। কানুনগো থেকে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে তাঁর পদোন্নতি, একই শাখায় পুনরায় পদায়ন, সম্পদের উৎস এবং অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নানা প্রশ্ন ও অভিযোগ উঠেছে।

শ্রীপদ দেব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের ঠাকুর চাঁদ দেবের ছেলে। তিনি দীর্ঘদিন ভূমি অফিসে কানুনগো পদে কর্মরত ছিলেন। শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে কয়েক বছর দায়িত্ব পালনের পর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় কানুনগো হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই শাখায় পদোন্নতি নিয়ে অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা যায়।

সরেজমিনে অনুসন্ধান ও স্থানীয় তথ্য অনুযায়ী জানা যায়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ২০২১ সাল পর্যন্ত শ্রীপদ দেবের পদটি ১৩তম গ্রেডভুক্ত ছিল। এ গ্রেডের মূল বেতন ছিল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। পরবর্তী সময়ে ১০ম গ্রেডে বেতন নির্ধারণের তথ্য পাওয়া যায়।

অন্যদিকে তাঁর নিজ এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, শ্রীমঙ্গলে তাঁর একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার নির্মাণ ব্যয় কয়েক কোটি টাকা। স্থানীয় সূত্র ও তাঁর সাবেক সহকর্মীদের দাবি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সিলেট শহরে তাঁর নামে-বেনামে একাধিক জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে তাঁর। এমনকি ভারতের কলকাতায়ও তাঁর ফ্ল্যাট বা বাড়ি থাকার বিষয়ে অভিযোগ রয়েছে।

এসব সম্পত্তির প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য, দলিল, অর্থের উৎস এবং বিদেশে সম্পদ থাকার অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা জরুরি প্রয়োজন।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা যায়, গত আওয়ামী লীগ সরকারের সময় শ্রীপদ দেবের সঙ্গে তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এবং শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বানু লাল রায়ের ঘনিষ্ঠতা ছিল। তাঁদের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন প্রকল্পের তদবির এবং ভূমি-সংক্রান্ত কাজে প্রভাব বিস্তার করতেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় ও তাঁর সাবেক সহকর্মীদের দাবি, শ্রীমঙ্গল উপজেলা ভূমি অফিসে দায়িত্ব পালনকালে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা, প্রকল্পের তদবির এবং প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা থাকা ও সে সময়ে শ্রীপদ দেব কৃষিমন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যানের আশীর্বাদপুষ্ট হওয়ার কারণে কেউ তাঁর বিরুদ্ধে কিছু প্রকাশ কিংবা মন্তব্য কিংবা কথা বলতে সাহস পাননি। এই রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এই শ্রীপদ দেব বর্তমানে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক।

সরেজমিনে অনুসন্ধানকালে জানা যায়, শ্রীপদ দেব সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল এবং পরবর্তী পদোন্নতি নিয়ে। অভিযোগ রয়েছে, পাঁচ বছরেরও বেশি সময় ধরে একই শাখায় কানুনগো হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে আবারও একই শাখায় দায়িত্ব গ্রহণ করেন।

সংশ্লিষ্টদের অভিযোগ, একই কর্মস্থলে দীর্ঘদিন কানুনগো হিসেবে দায়িত্ব পালন এবং পরবর্তী সময়ে উচ্চতর পদে একই শাখায় যোগদানের ফলে দাপ্তরিক কার্যক্রমে তাঁর বেপরোয়া প্রভাব বেড়েছে। এতে শাখার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে।

প্রশ্ন উঠেছে, তাঁর পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান, জ্যেষ্ঠতা, যোগ্যতা এবং প্রশাসনিক নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সরেজমিনে অনুসন্ধানে আরও জানা যায়, গত ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় শ্রীপদ দেবের বিরুদ্ধে একাধিক মামলায় আসামি থাকার অভিযোগও সামনে এসেছে। স্থানীয়দের দাবি, এসব মামলার এজাহারে তাঁর নাম রয়েছে এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও ছাত্র হত্যাসংশ্লিষ্ট ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে। প্রশ্ন উঠেছে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার সত্ত্বেও কীভাবে শ্রীপদ দেবের পদোন্নতি হলো। আবার যেখানে তিনি দীর্ঘ ৫ বছরের সময় বেশি ধরে কানুনগো পদে চাকরি করার পরও কীভাবে তাঁকে একই শাখায় অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য সুযোগ দেওয়া হলো?

অভিযুক্ত শ্রীপদ দেবের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এবং তাঁর হোয়াটসঅ্যাপে বক্তব্যের জন্য নক দিলেও তিনি কোনো রিপ্লাই দেননি।

এদিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় তাঁর পদোন্নতি ও পদায়নের প্রক্রিয়া, সম্পদের উৎস, মামলা-সংক্রান্ত তথ্য এবং দায়িত্ব পালনকালে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।




সংসদে সাউন্ড সিস্টেম বিপর্যয় ও অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে বদলি, তদন্তের মধ্যেই গণপূর্তের কঠোর পদক্ষেপ

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) মো. আনোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। অপরদিকে জাতীয় সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ সংসদ কমিটি। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম ও প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন করতে হবে। এ বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে বলা হয়।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন ও আবুল হাসনাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সাউ- সিস্টেম ছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনসমূহ বরাদ্দের নিমিত্ত সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, সুপেয় পানি সংকট, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নিশ্চিত ও এমপি হোষ্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ইন্টারনেটের ধীরগতি দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ ও আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসা প্রস্তুতপূর্বক সংসদ সদস্যেদর বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেম বিভ্রাট ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী (ই/এম-৭) বিতর্কিত সেই নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের বদলি করা হয়েছে। গতকাল গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে গণপূর্ত ই/এম বিভাগ-১২, ঢাকায় বদলি করা হয়েছে। তাকে আজকের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় আগামী রোববার থেকে তিনি তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি নতুন কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

গত ১২ মার্চ থেকে ত্রয়োদশ সংসদের প্রথম প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের শুরু হয়। প্রথম দিনই শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে অধিবেশন কিছু সময় বন্ধ রাখতে হয়। পরদিনের বৈঠকেও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলীয় জামায়াতের একজন এমপি। তবে এ ঘটনার জাতীয় সংসদের জামায়াত পন্থ’ী নির্বাহী প্রকৌশলীরা ঘটিয়েছে বলে গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কারণ তারা জানতো প্রথম অধিবেশনে প্রেসিডেন্ট বক্তব্য দিবেন তার আগে এটি করা হয়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইনকিলাবকে বলেন, আসলে গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর সময় জাতীয় সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে হাজার হাজার ছাত্র-জনতা। তারা প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপদের কার্যালয়সহ ৯ তলা ভবনের প্রায় সব কক্ষ তছনছ করে। এসব মেরামতকাজের জন্য সরকারকে প্রায় ৩০০ কোটি টাকার প্রস্তাব দেয়া হয়। এ পরে অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন এবং জানুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ অধিবেশন বসবে, এমন বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে জাতীয় সংসদ সচিবালয়। সেখানে বেশিভাগই কর্মকর্তা এবং প্রকৌশলী জামায়াতপন্থীরা দায়িত্ব পালন করেছেন এখনো করে আসছেন। তারা মনে করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব থেকে শুরু করে গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলী এবং সংসদের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী সকলেই জামায়াতপন্থী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্কার সুপারিশের আলোকে সাজানো হয়েছিলো সংসদ অধিবেশন কক্ষ।

জাতীয় সংসদের শব্দযন্ত্রের সমস্যা কি ভাবে করা হয়েছে তারাই বলতে পারবেন বলে মনে করছেন সংসদের কর্মকর্তা ও কর্মচারীরা। এ ঘটনার পরে গণপূর্ত অধিদপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্তের প্রতিবেন আজ গণপূর্ত অধিদপ্তরে হাতে দেয়া হবে বলে জানা গেছে। উদ্বোধনী অধিবেশনেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ সংসদ সদস্যরা সাউন্ড সিস্টেম ও হেডফোনে মারাত্মক বিভ্রাটের সম্মুখীন হন। যান্ত্রিক ত্রুটির কারণে একপর্যায়ে স্পিকার হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। নতুন সংসদের প্রথম দিনেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে গত ২৯ মার্চ দৈনিক ইনকিলাবে ‘আতঙ্কে জামায়াতপন্থী প্রকৌশলীরা” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। সাউন্ড সিস্টেমের এই বিপর্যয় কোনো ‘সাবোটাজ’ বা অন্তর্ঘাতমূলক কি না, তা খতিয়ে দেখতে গত ২৮ মার্চ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সংসদীয় কমিটি। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন এবং কমিটি গঠনের মাত্র চার দিনের মাথায় দায়িত্বপ্রাপ্ত এই প্রকৌশলীকে বদলি করা হলো। গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, শব্দযন্ত্রের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে এ ধরনের লজ্জাজনক পরিস্থিতি এড়াতে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিমুল সিন্ডিকেটের নিয়ন্ত্রণে! সরকারি চাকরিতে থেকেও ঠিকাদারি বাণিজ্য, ভাইয়ের প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে (ইইডি) ঘিরে আবু সাঈদ আকন্দ শিমুলের বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের নানা অভিযোগ। সরকারি চাকরিতে নিয়োজিত থেকেও ঠিকাদারি ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ‘মিস্টার ম্যানেজ’ হিসেবে পরিচিত শিমুলের প্রভাবের কারণে একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও তিনি এখনো আছেন বহাল তবিয়তে।

অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, সরকারি বিধিবিধান উপেক্ষা করে নিজের মতো করে কাজ পরিচালনার অভিযোগ রয়েছে শিমুল আকন্দের বিরুদ্ধে। তাঁর সাবেক কর্মস্থল রংপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অধীনে একাধিক উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এসব কাজের বেশ কয়েকটি তিনি নিজের ভাই বাবুল আক্তারের মাধ্যমে বাস্তবায়ন করছেন। বাবুল আক্তার ‘মা কনস্ট্রাকশন’-এর স্বত্বাধিকারী এবং শিমুল আকন্দের আপন ভাই।

বিশ্বস্ত সূত্রের তথ্য মতে, ২০২৪-২০২৫ অর্থবছরে পরিচালন বাজেটের ৭০১৬ কোডের আওতায় কয়েক কোটি টাকার উন্নয়নকাজে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে শিমুল আকন্দের বিরুদ্ধে। এসব কাজ বণ্টনের ক্ষেত্রে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সূত্রের তথ্যমতে, রংপুরের কাউনিয়া উপজেলার প্রাণনাথ চর উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজটি ২০২৪-২০২৫ অর্থবছরের পরিচালন বাজেটের ৭০১৬ কোডের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। চারতলা ভবনের ভিত্তির ওপর একতলা ভবন নির্মাণে বরাদ্দের পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

কাগজপত্রে কাজটি বসুন্ধরা হাউজ বিল্ডার্সের নামে থাকলেও বাস্তবে নির্মাণকাজটি শিমুল আকন্দের আপন ভাই বাবুল আক্তার পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। বাবুল আক্তার মা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী।

একই অর্থবছরে কাউনিয়া উপজেলার বল্লভবিশু দাখিল মাদ্রাসার চারতলা ভিত্তিবিশিষ্ট একতলা ভবন নির্মাণের ১ কোটি ৪৫ লাখ টাকার কাজও মা কনস্ট্রাকশন বাস্তবায়ন করছে বলে জানা গেছে। এ প্রকল্পটিও পরিচালন বাজেটের ৭০১৬ কোডের আওতাভুক্ত।

শুধু ভবন নির্মাণ নয়, ২০২৪-২০২৫ অর্থবছরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহের একাধিক কাজেও মা কনস্ট্রাকশনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

সূত্রের দাবি, রংপুরের কাউনিয়া উপজেলার ধুমের কুঠি হায়দারিয়া উচ্চ বিদ্যালয়, বদরগঞ্জের খিয়ারপাড়া উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জের খেদমতপুর উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফার্নিচার সরবরাহের কাজ করছে প্রতিষ্ঠানটি। এসব কাজের বেশির ভাগই শিমুল আকন্দকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।