এলজিইডির রিভার প্রকল্পের পিডি আতিকুলের বিরুদ্ধে হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ, যুক্তরাষ্ট্র-থাইল্যান্ডে সম্পদের অনুসন্ধান চেয়ে দুদক-বিএফআইইউ-সিআইডিতে আবেদন

বিশেষ প্রতিবেদকঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘রিভার’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য, ব্যাপক অনিয়ম এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

এলজিইডির সদর দপ্তরে কর্মরত সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম (নিরাপত্তার স্বার্থে ছদ্মনাম ব্যবহৃত) সম্প্রতি বিএফআইইউর নির্বাহী পরিচালক বরাবর এই অভিযোগ দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, অভিযোগের অনুলিপি দুদকের মানিলন্ডারিং অনুবিভাগের মহাপরিচালক এবং সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগের প্রধানের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, পিডি মো. আতিকুল ইসলামের স্ত্রী ও সন্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। বিভিন্ন সূত্রেও এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা হুন্ডি বা অন্যান্য অবৈধ মাধ্যমের সাহায্যে আমেরিকায় পাচার করে সেখানে বাড়ি ক্রয়, পরিবারকে সেটেল করা এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি থাইল্যান্ডে তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে এবং সেখানেও অর্থ স্থানান্তরের গুরুতর অভিযোগ রয়েছে।

এর আগে বরিশাল জেলায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন আতিকুল ইসলাম। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজের সঠিক বাস্তবায়ন না করে ঠিকাদারদের সাথে গোপন আঁতাতের মাধ্যমে ভুয়া বিল-ভাউচার তৈরি করে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে এলজিইডির সদর দপ্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘রেসিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর এডাপটেশন এন্ড ভালনারএবিলিটি রিডাকশন (রিভার)’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি পুনরায় দুর্নীতি ও কমিশন বাণিজ্যের সেই সিন্ডিকেট সক্রিয় করেছেন বলে দাবি করা হয়েছে।

দাখিলকৃত অভিযোগপত্রে মো. আতিকুল ইসলাম, তাঁর স্ত্রী-সন্তান এবং সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের নামে দেশে ও বিদেশে—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে—থাকা সকল ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। একই সাথে অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখে তাদের ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে ফ্রিজ বা জব্দ করার জোরালো দাবি জানানো হয়।

রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ, অর্থ পাচার বন্ধ এবং এলজিইডির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সুশাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এদিকে আনীত এসব অভিযোগের বিষয়ে মো. আতিকুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগপত্র সম্বলিত বার্তা পাঠিয়ে মতামত চাওয়া হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।




গণপূর্তের মোয়াজ্জেমের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ, শ্রমিকের মজুরি কম দেওয়া ও পার্কের অর্থ লোপাটের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও পার্কের সবুজায়ন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের আরবরিকালচার উপবিভাগ-২-এর উপবিভাগীয় কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনকে ঘিরে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া ভাউচার তৈরি, দিনমজুরদের প্রাপ্য মজুরি কম দেওয়া, পার্কের গাছের ফল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়া এবং পার্কে অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

শুধু আর্থিক অনিয়মই নয়, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ, দাপ্তরিক শৃঙ্খলা না মানা এবং সরকারি নির্দেশনা অমান্য করার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে অতীতে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সর্বশেষ অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য বিষয়টি গণপূর্ত অধিদপ্তর থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

দাপ্তরিক নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধান আরবরিকালচারিস্টের পদকে কেন্দ্র করে মোয়াজ্জেম হোসেন ও শেখ মোহাম্মদ কুদরত-ই-খুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ একপর্যায়ে আদালত পর্যন্ত গড়ায়। এর পরিপ্রেক্ষিতে শেখ মোহাম্মদ কুদরত-ই-খুদাকে পদ থেকে সরিয়ে গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভে রাখা হয়। পরে নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদকে প্রধান বৃক্ষপালনবিদের দায়িত্ব দেওয়া হয়।

নথিপত্রে দেখা যায়, ২০১৭ সালে প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এ দায়ের করা একটি মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, সরকারি কর্ম কমিশনের সচিব এবং প্রধান আরবরিকালচারিস্টকে নোটিশ দেওয়া হয়। ওই মামলার আবেদনকারী ছিলেন মোয়াজ্জেম হোসেন। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১৬ মে দেওয়া একটি আদেশকে চ্যালেঞ্জ করে শেখ মোহাম্মদ কুদরত-ই-খুদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (১২৫/২০২৫) করেন। আদেশটির কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য ২০২৫ সালের ১৯ মে দিন ধার্য করেছিলেন বিচারপতি মো. রেজাউল হক।

এদিকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের একটি অভিযোগও রয়েছে। দাপ্তরিক হিসাব অনুযায়ী, গণপূর্ত অধিদপ্তরের আরবরিকালচার বিভাগে বছরে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বিভাগের উপবিভাগ-২-এ দায়িত্ব পালনকালে ভুয়া ভাউচার ব্যবহার করে তিন মাসে ৬ হাজার ৯৫৯ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি সামনে আসার পর ঢাকা গণপূর্ত সার্কেল-১-এর তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কাদের চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে ওই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দেওয়ার পাশাপাশি অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেননি তিনি বলে নথিতে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলীর তদন্ত প্রতিবেদনে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন ও বাংলাদেশ সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় তাকে পদায়ন না করার সুপারিশও করা হয়েছিল।

তবে অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন ব্যক্তির সুপারিশ ব্যবহার করে গুরুত্বপূর্ণ স্থাপনায় দায়িত্ব পাওয়ার চেষ্টা করেছেন মোয়াজ্জেম। বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি বিশ্বনাথ সরকার বিটু এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের লিখিত সুপারিশ কাজে লাগিয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

২০০৪ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গভবন ও রমনা পার্কের সবুজায়ন প্রকল্পে কাজের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। সেখানে প্রায় পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০০৯ সালে চট্টগ্রামে এবং ২০১১ সালে রাজশাহীতে বদলি হন। ২০১২ সালে আবার ঢাকার গণপূর্ত ভবনে যোগ দিলে প্রথমে তাকে রিজার্ভে রাখা হয়। বর্তমানে তিনি আরবরিকালচার উপবিভাগ-২-এর উপবিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে রাজধানীর দক্ষিণখানের আশকোনা পানির পাম্পের কাছে পাঁচ কাঠা জমির একটি প্লট কিনেছেন।

অন্যদিকে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার পর ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, ওই কর্মকর্তাকে অশালীন ভাষায় গালাগাল করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন মোয়াজ্জেম। এ ঘটনার পর তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেন বর্তমান প্রধান বৃক্ষপালনবিদ আবুল কালাম আজাদ।

শ্রমিকদের মজুরি নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার বাসভবনসংলগ্ন এলাকায় আরবরিকালচারের কাজে নিয়োজিত দিনমজুর মনির অভিযোগ, সেখানে প্রায় ১৮০ জন দৈনিকভিত্তিক শ্রমিক কাজ করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সবার সমান হারে নির্ধারিত মজুরি পাওয়ার কথা থাকলেও মোয়াজ্জেম তাদের প্রাপ্য টাকা কম দিয়েছেন। এতে শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পার্কের গাছের ফল বিক্রির অর্থ নিয়েও প্রশ্ন উঠেছে। মোয়াজ্জেমের দায়িত্বাধীন বিভিন্ন পার্কে প্রায় ২৪৫টি নারিকেল গাছ ও ১৪৫টি কাঁঠাল গাছ রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এসব গাছের ফল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি হিসাবে জমা দেওয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, নিয়ম মেনে নিলাম না করে সংশ্লিষ্টদের যোগসাজশে ফল বিক্রি করা হয়। পরে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। ফলে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা পড়ে না বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

পার্কের ভেতরে অবৈধ কর্মকাণ্ড চলার অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন পার্কে ভ্রাম্যমাণ বিক্রেতাদের অবাধে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু ব্যক্তি দর্শনার্থীদের অনুমতি ছাড়াই ছবি তুলে সেই ছবি দেওয়ার নামে টাকা দাবি করেন। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে অশালীন আচরণ করা হয়। এমনকি দর্শনার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার মতো ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর নজরদারি না থাকার পাশাপাশি অসাধু নিরাপত্তাকর্মী ও তদারককারীদের উৎকোচ দিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

দাপ্তরিক কাজের ক্ষেত্রেও মোয়াজ্জেমের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানা গেছে। অফিসের নির্ধারিত সময় সকাল ৯টা হলেও তিনি সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে কর্মস্থলে উপস্থিত হতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া নিয়ম না মেনে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগেও তাকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ ও চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

এ ছাড়া ব্যাংকঋণ পরিশোধ না করার বিষয়টিও সামনে এসেছে। ঢাকার প্রথম অর্থঋণ আদালতে অগ্রণী ব্যাংক লিমিটেডের শেরাটন হোটেল শাখার দায়ের করা অর্থঋণ মামলা নম্বর ১০/২০১০-এর সমন অনুযায়ী, ব্যাংকের ২ লাখ ৬ হাজার ৫৩১ টাকা দীর্ঘদিন ধরে অনাদায়ি রয়েছে। এ নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে।

এত অভিযোগের পরও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া নিয়ে গণপূর্ত অধিদপ্তরের ভেতরে প্রশ্ন উঠেছে। অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে সারওয়ার জাহান জানান, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এসেছে। এবারের অভিযোগগুলো যাতে নিরপেক্ষভাবে তদন্ত করা যায়, সে জন্য বিষয়টি সরাসরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মোয়াজ্জেম হোসেনের বক্তব্য জানতে রমনা পার্কে অবস্থিত উপবিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। সেখানে কর্মরত সুপারভাইজার ফজলুল হক জানান, ঢাকা ক্লাবের পাশের পুরোনো কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। ফলে বর্তমানে কর্মকর্তার বসার জন্য নির্দিষ্ট কোনো কক্ষ বা ব্যবস্থা নেই। এ কারণে মোয়াজ্জেম হোসেন বেশিরভাগ সময় গণপূর্ত অধিদপ্তরের কার্যালয়ে অবস্থান করেন।

পরে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়ে অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য চাওয়া হলেও তিনি কোনো সাড়া দেননি। ফলে সরকারি অর্থ আত্মসাৎ, শ্রমিকদের মজুরি কম দেওয়া, ফল বিক্রির টাকা আত্মসাৎ এবং অন্যান্য অনিয়মের অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটিই দেখার বিষয়।




সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার

ডেস্ক নিউজঃ ২০০৯ সালের পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডে নেপথ্য ষড়যন্ত্র, ঘাতকদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর অভিজাত এলাকা বনানীতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, গ্রেপ্তারকৃত সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী বিভিন্ন তৎপরতায় যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ রয়েছে। বিশেষ করে ইতিহাসের অন্যতম বর্বরোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সক্রিয় চক্রান্ত এবং সরাসরি জড়িত চক্রের সঙ্গে তার যোগাযোগ ও ভূমিকা নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনার পরপরই গ্রেপ্তারকৃত খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে স্থানান্তর করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, নিরাপত্তা ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের গভীরতা খতিয়ে দেখতে তাকে বর্তমানে সংস্থাটির কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?

ডেস্ক নিউজঃ দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে সবশেষ গত ৩০ অক্টোবর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬২ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।




তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজঃ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।

এদিন দুপুর সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে একটি অজ্ঞাত মরদেহ ভাসছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করে।

পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিল আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করে যে, নিহত সাউরি তার সিনিয়র বড় ভাই ছিলেন।

প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে আসামি দীপের সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে এবং আসামি যাতে জামিনে বের হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে বলা হয়।




৫০ লাখ টাকার ঘুষের অভিযোগে চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে ঘিরে নতুন করে অনিয়ম ও ঘুষ লেনদেনের অভিযোগ সামনে এসেছে। তাঁকে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের যে আলোচনা চলছে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন। একই সঙ্গে দেশের বড় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) সঙ্গে তাঁর কথিত ঘনিষ্ঠতা, ঠিকাদারি কাজে প্রভাব বিস্তার এবং সরকারি প্রকল্পে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও আলোচনায় এসেছে। বিশেষ করে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চট্টগ্রাম করভবন প্রকল্পকে কেন্দ্র করে তাঁর দায়িত্ব পাওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ ঠিকাদারি স্বার্থ কাজ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মো. মেহেদী হাসান ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই বিভাগে যোগ দেওয়ার পর থেকে তাঁর অধীন বিভিন্ন সরকারি প্রকল্পের দরপত্র, ঠিকাদার নির্বাচন, কাজের অনুমোদন এবং বিল পরিশোধের প্রক্রিয়া নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে দরপত্রের মূল্যায়ন, সর্বনিম্ন দরদাতা নির্বাচন, কার্যাদেশ প্রদান এবং প্রকল্পের বিল অনুমোদনের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি বা পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের দাবি উঠেছে।

মেহেদী হাসানের চট্টগ্রামে পদায়ন নিয়েও রয়েছে নানা প্রশ্ন। প্রায় ৪০০ কোটি টাকার করভবন নির্মাণ প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ কাজকে কেন্দ্র করে তাঁকে গণপূর্ত বিভাগ-৪-এ পদায়নের পেছনে কোনো বিশেষ মহলের তদবির ছিল কি না, এমন অভিযোগও আলোচনায় এসেছে। অভিযোগকারীদের দাবি, বড় অঙ্কের সরকারি প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পদায়ন ও প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের চেষ্টা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে পদায়নসংক্রান্ত সরকারি আদেশ, প্রশাসনিক নথি, দাপ্তরিক নোটশিট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা পরীক্ষা করা প্রয়োজন।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগকে ঘিরে। অভিযোগ রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইকে কেন্দ্র করে অতীতে ওঠা বিভিন্ন অনিয়ম ও জটিলতা সামাল দিতে মন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ এবং তদবিরের চেষ্টা হয়েছিল। এই প্রক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানের ভূমিকা ছিল বলে অভিযোগকারীদের একটি অংশ দাবি করছে। এমনকি এ সংক্রান্ত কাজে প্রায় ৫০ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগও সামনে এসেছে। তবে কার কাছ থেকে কার কাছে এই অর্থ দেওয়া হয়েছে, কী উদ্দেশ্যে লেনদেন হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়ে নির্ভরযোগ্য নথি বা আর্থিক প্রমাণ প্রকাশ্যে আসেনি। ফলে অভিযোগটির সত্যতা যাচাইয়ে ব্যাংক লেনদেন, অর্থের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ এবং মন্ত্রণালয় পর্যায়ের নথিপত্র পরীক্ষা করা জরুরি।

অন্যদিকে, এনডিইকে ঘিরে সরকারি কাজ পাওয়া এবং দরপত্র প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের অভিযোগও নতুন নয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে কাজ পাওয়া, দরপত্রে প্রভাব খাটানো এবং রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও এসব অভিযোগ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকৌশলগত সক্ষমতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি প্রকল্পে অংশ নেওয়ার দাবি করে আসছে। ফলে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে হলে সংশ্লিষ্ট প্রকল্পের দরপত্র, মূল্যায়ন প্রতিবেদন এবং কার্যাদেশের নথি পর্যালোচনা করা প্রয়োজন।

এনডিইর বিরুদ্ধে অতীতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জাল ও ভুয়া নথিপত্র ব্যবহারের অভিযোগও সামনে এসেছিল। এ অভিযোগের পর প্রতিষ্ঠানটিকে নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছিল বলে জানা যায়। পরে প্রতিষ্ঠানটি উচ্চ আদালতের শরণাপন্ন হয় এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি স্থগিতাদেশ পায়। ২০২৪ সালে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টির অভিযোগও আলোচনায় আসে। তবে এ বিষয়ে আদালতের আদেশ, নিষেধাজ্ঞার কারণ এবং পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত পর্যালোচনা করেই প্রকৃত পরিস্থিতি নির্ধারণ করা সম্ভব।

এ ছাড়া চট্টগ্রাম কাস্টমসকে ঘিরেও এনডিইর একটি পুরোনো বিতর্ক রয়েছে। ২০২১ সালে আমদানি করা বিটুমিন খালাসের ক্ষেত্রে জাল মানসনদ ব্যবহারের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগ ছিল, নিম্নমানের বিটুমিন আমদানির পর সেটি খালাসের জন্য মানসংক্রান্ত নথিপত্রে জালিয়াতি করা হয়েছিল। এ ঘটনায় তৎকালীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এনডিইকে প্রায় ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে অভিযোগসংক্রান্ত তথ্যে উল্লেখ রয়েছে। সরকারি কাজে ব্যবহারের জন্য আমদানি করা নির্মাণসামগ্রীর মান নিয়ে এমন অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নিম্নমানের উপকরণ ব্যবহার হলে সরকারি প্রকল্পের নির্মাণমান ও স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে এনডিইর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন রয়েছে। একটি প্রকল্পে প্রতিষ্ঠানটি প্রায় ৯৮ কোটি টাকার সর্বনিম্ন দরদাতা হিসেবে সুপারিশ পেয়েছিল বলে তথ্য সামনে এসেছে। তবে সর্বনিম্ন দরদাতা হওয়া নিজে কোনো অনিয়মের প্রমাণ নয়। প্রশ্ন হচ্ছে, ওই দরপত্রে অন্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ কতটা নিশ্চিত করা হয়েছিল, মূল্যায়ন কমিটি কীভাবে সিদ্ধান্ত নিয়েছিল এবং কাজ পাওয়ার ক্ষেত্রে সব প্রতিষ্ঠান সমান সুযোগ পেয়েছিল কি না। এসব বিষয় যাচাইয়ের জন্য দরপত্র বিজ্ঞপ্তি, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা, মূল্যায়ন কমিটির প্রতিবেদন ও চুক্তিপত্র পরীক্ষা করা প্রয়োজন।

এদিকে, প্রকৌশলী মো. মেহেদী হাসান এবং এনডিই কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে ৫০ লাখ টাকা ঘুষ লেনদেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথিত যোগসাজশ এবং পদায়নসংক্রান্ত অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

সব মিলিয়ে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসানকে ঘিরে ওঠা অভিযোগগুলো এখন গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি রাখে। বিশেষ করে ৫০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ, এনডিইর সঙ্গে কথিত যোগাযোগ, ৪০০ কোটি টাকার করভবন প্রকল্পে পদায়নের নেপথ্য এবং প্রায় ৯৮ কোটি টাকার দরপত্রের বিষয়গুলো আলাদাভাবে খতিয়ে দেখা প্রয়োজন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তদন্ত করলে এসব অভিযোগের প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তদন্ত ছাড়া কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও নথিপত্রের ভিত্তিতে প্রকৃত ঘটনা তুলে ধরাও জরুরি।




ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, অর্ধেক উদ্ধারের দাবি বাইন্যান্সের

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, বড় ধরনের সাইবার হামলায় চুরি হওয়া অর্থের প্রায় অর্ধেক তারা জব্দ করতে সক্ষম হয়েছে। এই হামলায় প্রায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে, যা ইতিহাসের অন্যতম বৃহত্তম ক্রিপ্টো চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চুরি হওয়া ডিজিটাল সম্পদের মধ্যে ৩০০ কোটি ডলারের অর্থ নিরাপদে জব্দ করা হয়েছে। তবে বিপুল পরিমাণ অর্থ এখনো অজ্ঞাতপরিচয় হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল, একজন প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক করে অননুমোদিতভাবে অর্থ তুলে নেওয়া হয়েছে। পরে তদন্তে জানা যায়, হামলার পরিধি ছিল আরও বিস্তৃত।

বেশ কয়েকটি বিশ্লেষক প্রতিষ্ঠান এই সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়ার একটি হ্যাকার গোষ্ঠীর সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে। ২০২৫ সালে বাইবিট লেনদেন প্ল্যাটফর্ম থেকে ১৫০ কোটি ডলারের সম্পদ চুরির ঘটনাকেও ছাড়িয়ে গেছে এবারের ঘটনা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিস জানিয়েছে, চুরি হওয়া অর্থ শনাক্ত, জব্দ, অনুসরণ এবং উদ্ধার করতে তারা ‘দিনরাত কাজ করছে’।

আর্থিক অপরাধ তদন্তে যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় সংস্থাটি আরও জানিয়েছে, সাইবার অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। বাইন্যান্সও জানিয়েছে, এ ঘটনায় তারা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।

বাইন্যান্সের যুক্তরাষ্ট্রভিত্তিক লেনদেন প্ল্যাটফর্ম এই হামলায় আক্রান্ত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চুরি হওয়া অর্থের অনুসন্ধান ও উদ্ধারে যুক্তরাষ্ট্রের তদন্তের এখতিয়ার রয়েছে। এ ধরনের ঘটনায় সাধারণত বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করে।

এই হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সম্পদও জড়িত ছিল। এর মধ্যে রয়েছে টেথার ও সার্কেলের মতো স্থিতিশীল ক্রিপ্টো মুদ্রা, যেগুলোর মূল্য ডলারের সঙ্গে সমন্বিত রাখা হয়।

ব্যবহারকারীদের আশ্বস্ত করে বাইন্যান্স জানিয়েছে, ‘আপনাদের অর্থ নিরাপদ রয়েছে। সব ধরনের ক্ষতির দায়ভার আমরা বহন করব।’

হামলার পর শুরুতে সব ধরনের অর্থ জমা ও উত্তোলন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে পরবর্তী হালনাগাদ তথ্যে জানানো হয়, অর্থ জমা দেওয়ার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং বলেন, ‘এই হামলা একজনের পক্ষে চালানো সম্ভব নয়। আমাদের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় একজন প্রকৌশলীর ল্যাপটপ আক্রান্ত হয়ে থাকতে পারে। তবে পরবর্তী তদন্তে হামলার আরও কয়েকটি প্রবেশপথের সন্ধান পাওয়া গেছে।’

হ্যাকারদের কৌশল সম্পর্কে তিনি আরও বলেন, ‘তারা এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করেছে, যার মাধ্যমে নিজেদের ব্যবহৃত সরঞ্জাম ও হামলার চিহ্ন ধ্বংস করে ফেলেছে। এতে হামলার উৎস শনাক্ত করা এবং তদন্ত পরিচালনা করা আরও কঠিন হয়ে পড়েছে।’

প্রথম দিকে বাইন্যান্স জানিয়েছিল, প্রতিষ্ঠানটির উন্নয়ন ও পরিচালনাসংশ্লিষ্ট একজন প্রকৌশলীর ল্যাপটপ আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে হামলার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে পরবর্তী বিবৃতিতে আরও বিস্তৃত নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে।

পরবর্তী এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, চুরি হওয়া সম্পদের ক্ষতিপূরণ দিতে তারা নিজেদের তহবিল থেকে ৬৩৪ কোটি ডলারের বেশি অর্থ সংরক্ষণ করেছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রিপ্টো মুদ্রা কেনার কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।

বাইন্যান্সে এই হামলার প্রভাব পড়েছে শুক্রবারের ক্রিপ্টোকারেন্সি বাজারেও। নিউইয়র্কে শুক্রবার বিকেলের লেনদেনে বিটকয়েনের দাম ৫ শতাংশ কমে ৭৬ হাজার ৮০০ ডলারে নেমে আসে।

ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রতিষ্ঠান কয়েনবেসের শেয়ারের দাম কমেছে ১২ শতাংশ। প্রত্যাশার তুলনায় সামান্য কম আয় প্রকাশ করায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। ক্রিপ্টোকারেন্সি লেনদেনসংশ্লিষ্ট আর্থিক সেবা প্রতিষ্ঠান রবিনহুডের শেয়ারের দামও কমেছে ৭ দশমিক ৮ শতাংশ।

২০১৭ সালে চীনে প্রতিষ্ঠিত বাইন্যান্স ব্যবহারকারীদের ডিজিটাল সম্পদ কেনাবেচার সুযোগ দেয়। বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটির বেশি বলে ধারণা করা হয়।

২০২৪ সালে বাইন্যান্স জানিয়েছিল, তাদের হেফাজতে থাকা সম্পদের পরিমাণ ১৬ হাজার কোটি ডলারের বেশি।

বাইন্যান্সের ব্যবহারকারী এবং সামগ্রিক ক্রিপ্টোকারেন্সি খাতের মধ্যে এখন সবচেয়ে বড় উদ্বেগ হলো, এত বিপুল আর্থিক ক্ষতি সামাল দেওয়ার সক্ষমতা প্রতিষ্ঠানটির আদৌ আছে কি না।

প্রতিষ্ঠানটি বারবার আশ্বস্ত করেছে, গ্রাহকদের অর্থের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং এই সংকট কাটিয়ে ওঠার মতো আর্থিক সক্ষমতা তাদের রয়েছে।

তবে ক্রিপ্টোকারেন্সির ইতিহাস পর্যবেক্ষণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২২ সালে ধসে পড়া এফটিএক্সের উদাহরণ টানছেন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম ব্যাংকম্যান-ফ্রাইডও ধসের আগে একই ধরনের আশ্বাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে গেলে গ্রাহক ও পুরো খাতকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।

বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করেছেন, বাইন্যান্সের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতিকে আইনগতভাবে বাধ্যতামূলক নিশ্চয়তা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। অর্থ ফেরত পেতে গ্রাহকদের আইনি পদক্ষেপও নিতে হতে পারে।

লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান এডউইন কো-এর আইনজীবী ড্যানিয়েল টাঙ্কেল বলেন, বিষয়টি নির্ভর করবে ‘গ্রাহকদের সঙ্গে চুক্তিতে কী ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং প্রতিশ্রুতি রক্ষা না করলে বিন্যান্সের বিরুদ্ধে কোথায় ও কীভাবে মামলা করা সম্ভব, তার ওপর’।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে বাইন্যান্সের কার্যক্রম নিয়ে আগে থেকেই নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি রয়েছে।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ তদন্ত প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস জানিয়েছে, এবারের হামলার বেশ কিছু কৌশলের সঙ্গে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট আগের সাইবার হামলার মিল রয়েছে। এর মধ্যে ২০২৫ সালের বাইবিটে হামলার ঘটনাও রয়েছে।

গত পাঁচ বছরে হ্যাকারদের হামলায় ক্রিপ্টোকারেন্সি খাত বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। প্রায় প্রতিটি বড় ঘটনায় তদন্তকারীরা উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছেন। এসব হামলার সঙ্গে দেশটির কুখ্যাত লাজারাস গ্রুপের নামও উঠে এসেছে। ট্রেডারট্রেইটর নামেও পরিচিত এই গোষ্ঠীর সদস্যদের উত্তর কোরিয়ার সরকারের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষক প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিস জানিয়েছে, এই হামলার সঙ্গে উত্তর কোরিয়ার কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের ‘উচ্চমাত্রার আস্থা’ রয়েছে।

উত্তর কোরিয়া দরিদ্র একটি দেশ। দেশটিতে শিল্পকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর সীমিত। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি চাপে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অর্থ সংগ্রহের বিকল্প উপায় হিসেবে দেশটির সরকার সাইবার অপরাধকে কাজে লাগায়।

উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। তবে ক্রিপ্টোকারেন্সির লেনদেন বিশ্লেষণ এবং দেশত্যাগী ব্যক্তিদের সাক্ষাৎকার থেকে পাওয়া বিপুল তথ্য-প্রমাণ দেশটির সংশ্লিষ্টতার অভিযোগকে জোরালো করেছে।

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় তহবিল সংগ্রহের হাতিয়ার হিসেবে হ্যাকিংকে ব্যবহার করে—এমন দেশ হিসেবে উত্তর কোরিয়াই এখন সবচেয়ে বেশি সন্দেহের মুখে রয়েছে।




চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

আন্তর্জাতিক ডেস্কঃ মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ হঠাৎ একদিন ব্যাংক হিসাবে দেখা গেল ১০ হাজার কোটি রুপি জমা হয়েছে। ভারতের রাজস্থানে ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে ঘটেছে এই ঘটনা।

রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামের একটি ওষুধের দোকানে কাজ করেন সমীর খান। বুধবার (২৮ অক্টোবর) নিজের প্রিপেইড মুঠোফোন নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে অ্যাপ চালু করেন তিনি। পিন নম্বর দেওয়ার পর প্রথমে হিসাবে কোনো টাকা দেখতে পাননি। পরে বিস্তারিত তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারেন, তার অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ জমা হয়েছে। 

তবে বিপুল অঙ্কের এই অর্থ দেখে আনন্দিত হওয়ার সুযোগ পাননি তিনি। কারণ, কিছুক্ষণের মধ্যেই ব্যাংক হিসাবে ওই অর্থের ওপর লিয়েন আরোপ করা হয়।

লিয়েন আরোপের অর্থ হলো, সংশ্লিষ্ট অর্থ উত্তোলন বা ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা। এর ফলে সমীর শুধু ওই বিপুল অঙ্কের অর্থই নয়, নিজের জমা থাকা টাকাও তুলতে পারছিলেন না। তার হিসাবে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল।

বিষয়টি জানার পর নিজের নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান সমীর। পরে দুজন সিকারের সাইবার পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করেন। পুলিশ তাদের ব্যাংকের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সমীরকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণেই তার হিসাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

পরে ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করলে সমীরের হিসাবের প্রকৃত স্থিতি ফিরে আসে এবং অর্থ ব্যবহারের জটিলতাও দূর হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সমীর খান বলেন, ‘আমার অ্যাকাউন্টে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। পরে জানতে পারি, ১০ হাজার কোটি রুপির ওপর লিয়েন আরোপ করা হয়েছে। নিজের যে টাকা ছিল, সেটাও তুলতে পারছিলাম না। আমি পুলিশের কাছে যাই এবং ব্যাংকের সঙ্গে কথা বলি। পরে সমস্যার সমাধান হয়েছে।’

সমীরের নিয়োগকর্তা ধীরজ শর্মা বলেন, জানুয়ারি থেকে তার দোকানে কাজ করছেন সমীর। মাসিক বেতন ১০ হাজার রুপি। সমীর যখন ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপের কথা জানান, তখন তিনি বিস্মিত হন। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখেছেন বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি




মালয়েশিয়া যেতে ৬-৭ লাখ টাকা দাবি করার অভিযোগ

ডেস্ক নিউজঃ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ ৩১ অক্টোবর থেকে দেশটিতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে নিয়োগপ্রক্রিয়া শুরুর আগেই অভিবাসন ব্যয় নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠাতে দেড় লাখ টাকার কিছু বেশি খরচের প্রাথমিক হিসাব থাকলেও বেসরকারি এজেন্সির মাধ্যমে যেতে কর্মীদের কাছ থেকে ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত দাবি করার অভিযোগ উঠেছে। 
সংশ্লিষ্ট কয়েকটি বেসরকারি এজেন্সির সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের ধরন অনুযায়ী কর্মীদের কাছে ৬ থেকে সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। কারখানার কাজে ৭ লাখ, চিকিত্সাসেবায় সাড়ে ৭ লাখ এবং নির্মাণ খাতে ৬ লাখ টাকা চাওয়ার তথ্য পাওয়া গেছে। কোনো কোনো এজেন্সি পাসপোর্ট জমা নেওয়ার সময় ১ থেকে ২ লাখ টাকা অগ্রিম নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কর্মী পাঠানোর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা। আগের নিয়োগপর্বে সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বেসরকারি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যেতে খরচ ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত ধারণা, সরকারের নির্ধারিত কোনো ব্যয় নয়। তিনি জানিয়েছেন, বোয়েসেলের মাধ্যমে প্রথমে কর্মী পাঠানোর প্রস্তুতি চলছে। এরপর বেসরকারি এজেন্সির মাধ্যমেও নভেম্বরের প্রথম সপ্তাহে কর্মী পাঠানো শুরু হতে পারে। ১ নভেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়ার প্রস্তুতি শেষ করার আশা রয়েছে। মেডিক্যাল পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দুই থেকে চার দিনের মধ্যে প্রথম কর্মীদের যাত্রা শুরু হতে পারে।
মালয়েশিয়া যেতে প্রায় ৬-৭ লাখ টাকা নেওয়া হচ্ছে, যেটি অনেক বেশি নেওয়া হচ্ছে বলেও সোশ্যাল মিডিয়ায় অনেকে অভিযোগ করেছেন। এমন প্রশ্নে এজেন্সিগুলো জানায়, ‘এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে। ক্যাটাগরি অনুযায়ী প্রাইস কম-বেশি হতে পারে। তবে সম্প্র্রতি ৩-৪ লাখ টাকায় মালয়েশিয়ার ভিসা করানো অসম্ভব বলে মনে করছেন তারা।
সিপিডির সম্মাননীয় ফেলো ফাহমিদা খাতুনের মতে, বিদেশে কাজ পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হলে কর্মীদের ঋণের বোঝা বাড়ে এবং তারা শোষণের ঝুঁকিতে পড়েন। তাই নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি।
এজেন্সিগুলো যা বলছে :এজেন্সিগুলোর ভাষ্য, প্রাইভেট এজেন্সিগুলোকে ভিসা করাতে মালয়েশিয়াকেই অনেক অর্থ দিতে হচ্ছে। বাইরে অনেক কিছু মনে হলেও বাস্তবতা ভিন্ন বলে জানান তারা। নাম প্রকাশ না করার শর্তে বেসরকারি একটি এজেন্সির মালিক জানায়, একটি নিয়োগাদেশের বিপরীতে মালয়েশীয় এজেন্টকে তাদের প্রায় ১০ হাজার রিঙ্গিত কমিশন দিতে হয়। বিমানভাড়া ও মেডিক্যাল পরীক্ষার খরচ যোগ করলে একজন কর্মীর ব্যয় ৬ লাখ টাকা ছাড়াতে পারে। ঐ এজেন্সির কাছে প্রায় ১৫ হাজার কর্মী নিয়োগের চাহিদাপত্র রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সরকারি হিসাবের সঙ্গে কর্মীদের প্রকৃত ব্যয়ের ব্যবধান আগেও বড় ছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ভেরিতের এক গবেষণায় দেখা গেছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়ায় কাজ পেতে বাংলাদেশি কর্মীরা গড়ে ৫ লাখ ৪৪ হাজার টাকা ব্যয় করেছেন। গবেষণায় অংশ নেওয়া কর্মীদের ব্যয়ের এই গড় হিসাব আগের সরকারি নির্ধারিত ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার তুলনায় অনেক বেশি। ফলে নতুন করে শ্রমবাজার চালুর সময়ও কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের আশঙ্কা তৈরি হয়েছে।
নতুন নিয়োগব্যবস্থায় মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর জন্য ৩৩৮টি নিয়োগ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরাসরি ২৫টি মূল রিক্রুটিং এজেন্সি নির্বাচন করেছে। আরো ৩১২টি এজেন্সিকে সহযোগী হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবে। সহযোগী এজেন্সিগুলো মূল এজেন্সি অথবা বোয়েসেলের সঙ্গে যুক্ত হয়ে নিয়োগ কার্যক্রমে অংশ নেবে। অর্থাত্ ৩১২টি এজেন্সি সরাসরি স্বাধীনভাবে কর্মী পাঠাতে পারবে না।
জানতে চাইলে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক ইত্তেফাককে বলেন, ‘মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হবে। যে ১০ হাজার কর্মী নেওয়া হবে, তাদের মধ্য থেকে প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা ও শারীরিক সক্ষমতা যাচাই করে তবেই চূড়ান্ত করা হবে। আমরা খুব শিগিগর সার্কুলার দেব। কোনো প্রকার দালাল ছাড়াই সরাসরি বোয়েসেলে যোগাযোগ করে সঠিক তথ্য জেনে সঠিক পদ্ধতিতে কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবে।’ 
মেডিক্যালের জন্য সরকারি নির্ধারিত ফি ৮ হাজার টাকা :জানা যায়, মালয়েশিয়ায় যেতে মালয়েশিয়া অনুমোদিত নির্দিষ্ট মেডিক্যালে সেন্টারে মেডিক্যাল সম্পন্ন করতে হবে। বর্তমানে মালয়েশিয়া অনুমোদিত প্রায় ১৫টি মেডিক্যাল সেন্টার রয়েছে। মেডিক্যালের জন্য সরকারি নির্ধারিত ফি ৮ হাজার টাকা রাখা হয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আজ ৩১ অক্টোবর থেকে সরকার অনুমোদিত মেডিক্যাল সেন্টারে পরীক্ষা শুরু হবে। এর আগে করা কোনো পরীক্ষার প্রতিবেদন অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ করা হবে না। অনুমোদিত কেন্দ্রের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের কথা রয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষার কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং সংশ্লিষ্ট মেডিক্যাল সেন্টার ও এজেন্সির অনুমোদন যাচাই না করে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।



মার্কিন নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়েছেন পোপ লিও চতুর্দশ। এর মধ্য দিয়ে দেশটির নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে ইতিহাসে নাম লেখালেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিকাগোতে ডাকযোগে ব্যালট পাঠিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পোপ। শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান তার ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই তিনি ভোট দিয়েছেন বলে জানানো হয়েছে।

ভ্যাটিকানের প্রেস অফিসের বিবৃতিতে বলা হয়, আগে রবার্ট প্রিভোস্ট নামে পরিচিত পোপ লিও একজন মার্কিন নাগরিক হিসেবে নির্বাচনে ভোট দিয়েছেন। তবে তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ভ্যাটিকান।

শিকাগোতে জন্ম নেওয়া পোপ লিও ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ। শিকাগো সান-টাইমসের প্রতিবেদনে উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, জন্মসূত্রে পাওয়া নাম রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট পরিচয়ে ইলিনয় অঙ্গরাজ্যে ভোটার হিসেবে নিবন্ধিত তিনি। গত ৩ অক্টোবর ভোট দেওয়ার জন্য ব্যালটের আবেদনও করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি পেরুর নাগরিকত্বও রয়েছে পোপ লিওর। দেশটিতে তিনি ২০ বছরের বেশি সময় যাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভ্যাটিকানের নাগরিক হিসেবে তিনি বর্তমানে সেখানকার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে রয়েছেন।

মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত দেশটির নাগরিকেরা অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে নির্বাচনে ভোট দিতে পারেন। এমনকি বিদেশি সরকারের হয়ে কাজ করা মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য।