জুলাই হত্যা মামলার আসামিদের হাতেও ডিএনসিসির শত শত কোটি টাকার কাজ, ৫ আ.লীগ নেতার ৬ প্রতিষ্ঠানের নামে ৮০৫ কোটি টাকার ঠিকাদারি

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগ সরকারের আমলে স্বেচ্ছাসেবক দল নেতা সাজেদুল ইসলাম সুমনকে গুমের স্বীকারোক্তি দিয়েছিলেন কিসমৎ হায়াৎ। তিনি ছাড়াও গত এক বছরে ডিএনসিসির ঠিকাদারি কাজের বড় একটি অংশ গেছে আ.লীগ নেতা ও তাদের ঘনিষ্ঠদের প্রতিষ্ঠানের হাতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন যুবলীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আবদুল হাই। সাত মাসের মাথায় জুলাই অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। সেখান থেকে যান নেপালে। পরে দেশে ফিরে সক্রিয় হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে। ২০২৫ সালের ৬ এপ্রিল রাজধানীর গুলিস্তান থেকে গ্রেপ্তার হন। মুগদা থানায় জুলাই হত্যাকাণ্ডের মামলার এই আসামি এখন ডিএনসিসির সবচেয়ে বড় ঠিকাদার। আবদুল হাইসহ জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি পাঁচ আওয়ামী লীগ নেতার মালিকানাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৮০৫ কোটি টাকার কাজ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

২০২৫ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৫ অক্টোবর। এই এক বছর তিন মাসে ২ হাজার ৭৭৭ কোটি টাকার ঠিকাদারি কাজ দিয়েছে ডিএনসিসি। এই সময়ে কাজ পাওয়া ১৯৩ প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির হাতে গেছে মোট কাজের প্রায় ৭০ শতাংশ।

আবদুল হাইয়ের মতো আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অন্য ঠিকাদাররাও ডিএনসিসির বড় অঙ্কের কাজ পেয়েছেন। শুধু পাঁচ আওয়ামী লীগ নেতার ছয় প্রতিষ্ঠানকেই দেওয়া হয়েছে ৮০৫ কোটি টাকার কাজ। এটি একই সময়ে দেওয়া মোট কাজের প্রায় ২৯ শতাংশ।

পাঁচ আওয়ামী লীগ নেতার ছয় প্রতিষ্ঠান

ডিএনসিসির কাজ পাওয়া পাঁচ আওয়ামী লীগ নেতার ছয়টি প্রতিষ্ঠান হলো মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, এইচ এম হেলাল অ্যান্ড কোং লিমিটেড, আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এম এস আলিফ ট্রেডার্স, ইউটোফিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও জনি এন্টারপ্রাইজ। এর সবকটির মালিকদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

আবদুল হাইয়ের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে মুগদা থানায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে। এ ছাড়া পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা আছে। দেশকে অস্থিতিশীল করতে গুলিস্তান ও পল্টন এলাকায় মিছিলে নেতৃত্ব দেওয়া এবং অর্থ জোগানোর অভিযোগে পল্টন মডেল থানায় এই দুই মামলা হয়।

মুগদা থানার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সেটি গোপন করে পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিনে মুক্তি পান আবদুল হাই। তাঁর প্রতিষ্ঠান আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এখন ডিএনসিসির বড় ঠিকাদার।

আসিফ ইনফ্রাস্ট্রাকচারের একই ঠিকানায় রয়েছে এম এস আলিফ ট্রেডার্স। কাগজে-কলমে দুই প্রতিষ্ঠানের মালিক আলাদা। এম এস আলিফ ট্রেডার্সের লাইসেন্স আবদুল হাইয়ের ভাতিজা এবং অফিসের কর্মচারী আবু বক্কর সিদ্দিকের নামে। ওই লাইসেন্স ব্যবহার করে এবং আসিফ ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে একক ও যৌথভাবে কাজ করা হয়েছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে গত ৫ অক্টোবর পর্যন্ত এভাবে ডিএনসিসি থেকে ৫৭টি দরপত্রে ৩০২ কোটি টাকার কাজ পেয়েছে তারা।

সরেজমিনে দেখা যায়, নয়াপল্টনের ইনার সার্কুলার রোডের ৫০/১ নম্বর রিজ আহমেদ স্কয়ারের ১১ তলায় একই ফ্লোরে চারটি প্রতিষ্ঠানের কার্যালয়। এগুলো হলো আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এম এস আলিফ ট্রেডার্স, জান্নাত ট্রেডার্স এবং ওয়াই অ্যান্ড এস ট্রেডিং। সবকটির লাইসেন্স নেওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে।

এম এস আলিফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকি বলেন, ‘আমি চাচার কোম্পানিতে স্টাফ হিসেবে আছি। এম এস আলিফ ট্রেডার্সের লাইসেন্স আমার নামে করা। বাকি দুটি প্রতিষ্ঠানও আমাদের নামে।’

একই ঠিকানায় একাধিক প্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়ার বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা আতাহার আলী খানের সঙ্গে। তিনি বলেন, ‘একই ভবনের একই ফ্লোর ব্যবহার করে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স নেওয়া অনৈতিক। করপোরেশন থেকে এ ধরনের লাইসেন্স দেওয়া হয় না। এটি খতিয়ে দেখতে হবে যে তারা জালিয়াতির আশ্রয় নিয়ে একই ঠিকানায় একাধিক লাইসেন্স নিয়েছে কি না। এমন হয়ে থাকলে লাইসেন্স বাতিল করা হবে।’

পুলিশের তথ্য অনুযায়ী, জুলাই অভ্যুত্থানের পর আবদুল হাই ভারত ও নেপালে পলাতক ছিলেন। পরে দেশে ফিরে সরকারবিরোধী নানা তৎপরতা শুরু করেন।

মাইশা কনস্ট্রাকশন লিমিটেডের মালিক মোহাম্মদ পারভেজ কাফরুল থানা আওয়ামী লীগের সহসভাপতি। মিরপুর মডেল থানায় তাঁর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

এইচ এম হেলাল অ্যান্ড কোং লিমিটেডের মালিক এইচ এম হেলাল। তিনি ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের ছোট ভাই। ঠিকাদারি প্রতিষ্ঠানটি তাদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান।

২০২৪ সালের ৫ আগস্টের পর উত্তরা পশ্চিম থানায় হেলালের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা হয়। এজাহারে তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ঘনিষ্ঠ পাগলা মিজান। জুলাই অভ্যুত্থানের সময় মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও আসাদগেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ আছে তাঁর বাহিনীর বিরুদ্ধে। তখন আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অস্ত্র ও অর্থ সরবরাহকারী হিসেবে পাগলা মিজানের নাম সামনে আসে। হেলালের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে পাগলা মিজানের প্রভাবে ডিএনসিসি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একচেটিয়া টেন্ডার বাণিজ্যের অভিযোগ রয়েছে।

জনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী দিলীপ কুমার ঘোষ। ভাটারা থানায় জুলাই হত্যাকাণ্ডের মামলার এজাহারে তাঁকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। দিলীপ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তের ব্যবসায়িক অংশীদার।

ইউটোফিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ৬০ ভাগ শেয়ারের মালিক ফরিদ আহমেদ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। বাকি ৪০ ভাগ স্ত্রী রামেহা আহমেদ রোজার নামে দিয়ে তাঁকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে। ফরিদের বিরুদ্ধে ভাটারা থানায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রয়েছে।

২ হাজার ৭৭৭ কোটি টাকার কাজ

ই-জিপির তথ্য বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের ১ জুলাই থেকে গত ৫ অক্টোবর পর্যন্ত ডিএনসিসিতে ৫৬৮টি কার্যাদেশ হয়েছে। এসব কাজের মোট মূল্য ২ হাজার ৭৭৭ কোটি টাকা। এর মধ্যে ৫২৫টি দরপত্রে ২ হাজার ৭৫৫ কোটি টাকার কাজ হয়েছে উন্মুক্ত দরপদ্ধতিতে (ওটিএম)।

সীমিত দরপদ্ধতিতে (এলটিএম) হয়েছে ৬৪ লাখ টাকার একটি কাজ। এ পদ্ধতিতে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। সিঙ্গেল সোর্স ও আরএফকিউ (কোটেশন চেয়ে কাজ দেওয়ার পদ্ধতি) পদ্ধতিতে ৪২টি কাজ হয়েছে ২০ কোটি ৪৮ লাখ টাকায়।

এসব দরপত্রে কাজ করেছে ১৯৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১০৪টি প্রতিষ্ঠান একটি করে কাজ পেয়েছে। একাধিক কাজ করেছে ৮৯টি। তাদের মধ্যে ২৫টি প্রতিষ্ঠান ২৪০টি দরপত্রে ১ হাজার ৯১০ কোটি টাকার কাজ করেছে। এটি মোট কাজের প্রায় ৭০ শতাংশ। এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ আওয়ামী লীগ নেতাদের বা তাঁদের ঘনিষ্ঠদের প্রতিষ্ঠান।

বিশ্লেষণ অনুযায়ী, এক বছর তিন মাসে ডিএনসিসিতে এইচ এম হেলাল অ্যান্ড কোং লিমিটেড ২৪টি দরপত্রে ১৮৭ কোটি ২৫ লাখ টাকার কাজ করেছে। মাইশা কনস্ট্রাকশন লিমিটেড ১৩টি দরপত্রে ১৫৫ কোটি ৭২ লাখ টাকার কাজ করেছে। আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড করেছে ১২৮ কোটি ১১ লাখ টাকার কাজ।

আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং এম এস আলিফ ট্রেডার্স যৌথভাবে ১৪টি দরপত্রে ১৩৮ কোটি ১১ লাখ টাকার কাজ করেছে। এম এস আলিফ ট্রেডার্স এককভাবে ১৯টি দরপত্রে করেছে ৩৬ কোটি টাকার কাজ। দুই প্রতিষ্ঠানের ঠিকানা নয়াপল্টনের ইনার সার্কুলার রোডের ৫০/১ রিজ আহমেদ স্কয়ারের ১১ তলা।

জনি এন্টারপ্রাইজ চারটি দরপত্রে ৯৯ কোটি ৮৬ লাখ টাকার কাজ পেয়েছে। সোহেল ইঞ্জিনিয়ারিং আটটি দরপত্রে ১০৬ কোটি টাকার, জামান কনসোর্টিয়াম ১১টি দরপত্রে ৯৮ কোটি ২৫ লাখ টাকার এবং এমআর এন্টারপ্রাইজ পাঁচটি দরপত্রে ৮৪ কোটি ১১ লাখ টাকার কাজ পেয়েছে। এর মধ্যে জামান কনসোর্টিয়ামের মালিক মো. কামরুজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।

২৫ প্রতিষ্ঠানের দখলে ৭০ ভাগ কাজ

জুলাই অভ্যুত্থানের পর ডিএনসিসিতে প্রশাসকের দায়িত্ব পান মোহাম্মদ এজাজ। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় এক বছর দায়িত্বে ছিলেন তিনি। গত নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২৩ ফেব্রুয়ারি তাঁর স্থলাভিষিক্ত হন বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টন।

ডিএনসিসিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত হওয়া ১ হাজার ৬৬৮ কোটি টাকার ৩৩০টি দরপত্র বিশ্লেষণ করেছে। এর মধ্যে ২৮৯টিতে ১ হাজার ৬৪৭ কোটি টাকার কাজ হয়েছে উন্মুক্ত দরপদ্ধতিতে। সিঙ্গেল সোর্স ও আরএফকিউ পদ্ধতিতে ২০ কোটি ৩৮ লাখ টাকার ৪১টি কাজ হয়েছে। এ সময়ে ২৫টি প্রতিষ্ঠান ১১৭টি দরপত্রে ১ হাজার ১৪৬ কোটি টাকার কাজ করেছে। এটি মোট কাজের প্রায় ৭০ শতাংশ।

একই সময়ে মাইশা কনস্ট্রাকশন লিমিটেড ১২টি দরপত্রে ১৪৮ কোটি ৪৭ লাখ টাকার কাজ পেয়েছে। এইচ এম হেলাল অ্যান্ড কোং লিমিটেড ১৪টি দরপত্রে পেয়েছে ১২৬ কোটি টাকার কাজ। আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ১৮টি দরপত্রে ৮৮ কোটি ৮৯ লাখ টাকার কাজ পেয়েছে।

আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও এম এস আলিফ ট্রেডার্স যৌথভাবে সাতটি দরপত্রে ৮০ কোটি ৬১ লাখ টাকার কাজ করেছে। এম এস আলিফ ট্রেডার্স এককভাবে ১৪টিতে করেছে ৩১ কোটি টাকার কাজ। মেসার্স শহীদ ব্রাদার্স আটটিতে ৫৫ কোটি ৪৭ লাখ টাকার কাজ করেছে।

চলতি অর্থবছরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফরিদ আহমেদের ডিএনসিসির ইউটোফিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ৬০ কোটি ৫৮ লাখ টাকার তিনটি দরপত্র ইউটোফিয়া কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রতিষ্ঠানটি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফরিদ আহমেদের। গত ২ জুলাই একই দিনে তিনটি দরপত্রের চুক্তি হয়। আ.লীগ আমলে তিনি মাল্টি ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে ঠিকাদারি করতেন।

নৌবাহিনীর প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড পাঁচটি দরপত্রে ৫২ কোটি ৮৬ লাখ টাকার কাজ পেয়েছে। এমআর এন্টারপ্রাইজ তিনটিতে পেয়েছে ৫২ কোটি ১২ লাখ টাকার কাজ। সোহেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড পাঁচটি দরপত্রে ৪৯ কোটি ৪৬ লাখ টাকার, জামান কনসোর্টিয়াম লিমিটেড পাঁচটিতে ৪৪ কোটি ৬৩ লাখ এবং ইয়াসিন ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড পাঁচটিতে ৪৩ কোটি ৬৪ লাখ টাকার কাজ পেয়েছে।

মেসার্স লরিন এন্টারপ্রাইজ ছয়টি দরপত্রে ৩৪ কোটি ১৯ লাখ টাকার কাজ পেয়েছে। হৃদয় কনস্ট্রাকশন লিমিটেড পাঁচটিতে পেয়েছে ২৬ কোটি ১৩ লাখ টাকার কাজ। এসএবি-ওয়াইআইপিএল যৌথ উদ্যোগ একটি দরপত্রে ২৫ কোটি ২৪ লাখ টাকার কাজ পেয়েছে।

এস এম রহমান ইন্টারন্যাশনাল চারটি দরপত্রে পেয়েছে ২৫ কোটি টাকার কাজ। আরএনএল-এইচটিবিএল যৌথ উদ্যোগ একটি কাজে ২৪ কোটি ৭৯ লাখ টাকার এবং জনি এন্টারপ্রাইজ লিমিটেড একটি দরপত্রে ২৪ কোটি ৪০ লাখ টাকার কাজ পেয়েছে।

করপোরেশন সূত্র বলছে, ডিএনসিসিতে আওয়ামী লীগ আমলের প্রকৌশল ঠিকাদারের সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর দুজন প্রশাসক এলেও তাঁরাও সিন্ডিকেটের সঙ্গে মিলে দরপত্র দেওয়া অব্যাহত রাখেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএনসিসির সাতজন ঠিকাদার ও প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা যায়। তাঁদের দাবি, ই-জিপিতে এসএলটি ও টিডিএসের ভিত্তিতে কাজ দেওয়া হলেও সেখানে ডিজিটাল জালিয়াতি হয়। তবে এটি শুধু এখানেই নয়, সব সরকারি প্রতিষ্ঠানেই হয়।

ঠিকাদার ও প্রকৌশলীরা বলছেন, ক্রয়কারী সংস্থা (প্রকিউরিং এনটিটি বা পিই) পছন্দের ঠিকাদারদের কাজ দিতে দরপত্র খোলার পর টিডিএসের (টেন্ডার ডেটা শিট) শর্ত যাচাইয়ের সময় অনানুষ্ঠানিকভাবে এক্সেল শিটে এসএলটি পরিমাপ করে। কোনোভাবে পছন্দের ঠিকাদার বাদ পড়লে তাঁকে প্রথম করার জন্য অন্য যোগ্য প্রতিযোগীদের বাদ দেওয়া হয়। বাদ দেওয়ার অজুহাত হয় টিডিএসের ছোটখাটো শর্ত পূরণ না হওয়া। পরে রেসপনসিভ ঠিকাদারদের এসএলটি পরিমাপ করা হয়।

অনেক সময় পিইর কাছ থেকে প্রাক্কলিত দর জেনে নিয়ে ঠিকাদাররা কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্রে অংশ নেন। এতে নির্দিষ্ট কোম্পানির কাজ পাওয়া নিশ্চিত করতে দরপত্রে প্রতিটি প্রতিষ্ঠানের দর কমবেশি করে দেওয়া হয়। দরপত্রে চাওয়া শর্ত, নিরীক্ষা প্রতিবেদন, সরাসরি যাচাইয়ের কোড এবং যন্ত্রপাতি যাচাইয়ের ক্ষেত্রেও জালিয়াতি হয় বলে দাবি তাঁদের। দরপত্র জমার দিনে ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (এনপিপিএ) তথ্য ধরে ঠিকাদার ও পিই যৌথভাবে পরিমাপ করে আনুমানিক কাছাকাছি দর ঠিক করেন।

প্রতিষ্ঠানের টেন্ডার ক্যাপাসিটির ক্ষেত্রেও জালিয়াতি হয় বলে দাবি করেন ঠিকাদার ও প্রকৌশলীরা। তাঁদের বক্তব্য, অনেক ক্ষেত্রে সিমিলার ক্যাপাসিটি (অনুরূপ কাজের সক্ষমতা) পূরণ না হলেও প্রকৌশলীরা সাধারণ ক্যাপাসিটি গ্রহণ করেন। আবার ক্যাপাসিটির পরিমাণ অনেক বেশি হলেও দরপত্রে তার অর্ধেক বা আরও কম দেখানো হয়। এসব জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারদের দরপত্র দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘সিটি করপোরেশনে দরপত্রের কার্যক্রম ইজিপিতে হয়। এখানে যারা এসএলটিতে ও টিডিএসে এগিয়ে থাকে তারা কাজ পায়। কোনো ধরনের ম্যানিপুলেশনের সুযোগ থাকে না। অনেক সময় যেসব ঠিকাদার যোগ্যতার অভাবে কাজ পায় না তারা ম্যানিপুলেশনের অভিযোগ তোলেন।’




আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, ঢাকাসহ দেশের ১২ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

আবহাওয়া ডেস্কঃ দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে উল্লেখ করা হয়, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান

ডেস্ক নিউজঃ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এ সময় বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়।

এ ছাড়া বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণ এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এসব উদ্যোগের মাধ্যমে জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থান দেশটিকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় করে তুলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে তার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আসামের হোটেলে গুলিতে নিহত ৫, অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের আসামের গুয়াহাটিতে একটি হোটেলে গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সোমবার শহরের বোরা সার্ভিস এলাকায় অবস্থিত বিলাস ইন হোটেলে এ ঘটনা ঘটে। হোটেলের মালিক ও ইজারাদারের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এ ঘটনায় অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোটেলটি ইজারা নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তার ছেলে দেবর্ষি কাশ্যপ, দেবর্ষির স্ত্রী রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভারালি। গুলিতে আহত পরিবারের আরেক আত্মীয় সত্যেন্দ্র পাঠক গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে হোটেলের ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধকে হামলার কারণ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ কমিশনার আরও জানান, নিহত সবাই হোটেল মালিকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং ইজারাদার নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এদিকে, এ ঘটনায় গুয়াহাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে জননিরাপত্তা এবং ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।




সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আভা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে জারি করা জরুরি সতর্কতা মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সৌদি আরবের সিভিল ডিফেন্স জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সতর্ক করে। সাইরেন বাজিয়ে স্থানীয়দের নিরাপদ থাকতে এবং নির্ধারিত সুরক্ষা নির্দেশনা মেনে চলতে বলা হয়।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নাজরানে সতর্কবার্তা জারির প্রায় আট মিনিট পর তা তুলে নেওয়া হয়। এরপর আভা শহর থেকেও একইভাবে সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

প্রাথমিক সতর্কবার্তায় কী কারণে এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও এখনো নিশ্চিত করা যায়নি।

প্রতিবেশী ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার জেরে সাম্প্রতিক সময়ে সৌদিতে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। হুথিরা সৌদির বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে আসছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সেসব হামলা প্রতিহত করার খবর দিয়েছে।




নতুন পে স্কেলে উল্টে যাচ্ছে গ্রেডের ক্রম, কমবে বাড়ি ভাড়া

ডেস্ক নিউজঃ নবম পে-স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে উল্টো চিত্র দেখা দিতে পারে। প্রারম্ভিক মূল বেতনে এগিয়ে থাকা ১১তম গ্রেডের কর্মচারীরা নতুন কাঠামোয় ১২তম গ্রেডের কর্মচারীদের তুলনায় কম বেতন পেতে পারেন।

একই সঙ্গে পদোন্নতির পর মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় কারও কারও মোট আয় কমার আশঙ্কা রয়েছে। অনেকের আবার মূল বেতন বাড়লেও মূল বেতন ও বাড়িভাড়া ভাতা মিলিয়ে মাসিক আয় কমে যেতে পারে।

কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, নতুন বেতনকাঠামোয় ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা। অর্থাৎ প্রারম্ভিক বেতনে ১১তম গ্রেড ৭০০ টাকা এগিয়ে। তবে আগের কাঠামোতে পাওয়া বেতন বৃদ্ধির পর নতুন বেতন নির্ধারণ করতে গিয়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।

১১তম গ্রেডের একজন কর্মচারীর ২০১৫ সালের প্রারম্ভিক মূল বেতন ছিল ১২ হাজার ৫০০ টাকা। গত ৩০ জুন তার মূল বেতন দাঁড়ায় ২৩ হাজার ৬৬০ টাকা। আগের কাঠামোয় তার বেতন বেড়েছিল ১১ হাজার ১৬০ টাকা। নতুন কাঠামোর প্রারম্ভিক বেতনের সঙ্গে এই বৃদ্ধি যোগ করলে দাঁড়ায় ৩৬ হাজার ১৬০ টাকা। তবে এই অঙ্কের নির্ধারিত ধাপ না থাকায় তার বেতন ৩৭ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে।

অন্যদিকে, ১২তম গ্রেডের একজন কর্মচারীর ২০১৫ সালের প্রারম্ভিক মূল বেতন ছিল ১১ হাজার ৩০০ টাকা। গত ৩০ জুন তার মূল বেতন দাঁড়ায় ২৩ হাজার ৫৮০ টাকা। আগের কাঠামোয় বেতন বেড়েছিল ১২ হাজার ২৮০ টাকা। নতুন কাঠামোর প্রারম্ভিক বেতনের সঙ্গে এই বৃদ্ধি যোগ করলে হয় ৩৬ হাজার ৫৮০ টাকা। পরবর্তী ধাপ অনুযায়ী তার বেতন নির্ধারণ হচ্ছে ৩৭ হাজার ৭০০ টাকা।

ফলে প্রারম্ভিক বেতনে এগিয়ে থেকেও নতুন কাঠামোয় ১১তম গ্রেডের কর্মচারী ১২তম গ্রেডের কর্মচারীর চেয়ে ৭০০ টাকা কম মূল বেতন পাচ্ছেন।

কর্মচারীদের হিসাব অনুযায়ী, নতুন কাঠামোর সুবিধা পর্যায়ক্রমে কার্যকর হলেও দুই গ্রেডের বেতনের ব্যবধান বজায় থাকছে। ১ জুলাই ২০২৬ থেকে ৫০ শতাংশ সুবিধা কার্যকর হলে ১১তম গ্রেডের মূল বেতন দাঁড়াবে ৩১ হাজার ২৩০ টাকা, আর ১২তম গ্রেডের ৩১ হাজার ৫৯০ টাকা। ব্যবধান হবে ৩৬০ টাকা।

একইভাবে, ১ জানুয়ারি ২০২৭ থেকে ৭৫ শতাংশ সুবিধা কার্যকর হলে দুই গ্রেডের মূল বেতন হবে যথাক্রমে ৩৫ হাজার ১৫ টাকা ও ৩৫ হাজার ৫৯৫ টাকা। তখন ব্যবধান দাঁড়াবে ৫৮০ টাকা। আর ১ জুলাই ২০২৭ থেকে শতভাগ সুবিধা কার্যকর হলে ১১তম গ্রেডের বেতন হবে ৪০ হাজার ৮০০ টাকা এবং ১২তম গ্রেডের ৪১ হাজার ৬০০ টাকা। তখন ব্যবধান বেড়ে হবে ৮০০ টাকা।

নতুন বেতনকাঠামোয় বাড়িভাড়া ভাতা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মচারীরা। দশম গ্রেডের একজন কর্মচারী ১০ বছর চাকরি পূর্ণ করার পর নবম গ্রেডে পদোন্নতি বা প্রথম উচ্চতর গ্রেড পেলে তার মূল বেতন ৪৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৫১ হাজার টাকা হবে। অর্থাৎ মূল বেতন বাড়বে ১ হাজার ৩০০ টাকা।

কিন্তু দশম গ্রেডে মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ২৪ হাজার ৮৫০ টাকা হলেও নবম গ্রেডে ৪৫ শতাংশ হারে তা হবে ২২ হাজার ৯৫০ টাকা। ফলে বাড়িভাড়া ভাতা কমবে ১ হাজার ৯০০ টাকা। এতে মূল বেতন বাড়লেও মূল বেতন ও বাড়িভাড়া ভাতা মিলিয়ে মাসিক আয় কমে যেতে পারে।

এ ছাড়া উচ্চতর গ্রেড পাওয়ার সময় নির্ধারণ নিয়েও আপত্তি জানিয়েছেন কর্মচারীরা। তাদের আশঙ্কা, চাকরির বয়স ও উচ্চতর গ্রেড পাওয়ার সময়ের ব্যবধানের কারণে জ্যেষ্ঠ ও জুনিয়র কর্মচারীদের বেতনে অসংগতি তৈরি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে জুনিয়র কর্মচারীর বেতন জ্যেষ্ঠ কর্মচারীর চেয়েও বেশি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কর্মচারীদের দাবি, নতুন বেতনকাঠামোতে এসব অসংগতি দূর করতে বেতন নির্ধারণ ও উচ্চতর গ্রেড দেওয়ার নিয়ম পুনর্বিবেচনা করা প্রয়োজন।




হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ওপর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে ইরান মারফত ইয়েমেনের হুথি গোষ্ঠীকে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব। গালফ অঞ্চলের কূটনৈতিক সূত্রগুলোর বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অফ ইন্ডিয়াতে এই সংবাদের সত্যতা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। একটি কূটনৈতিক সূত্র দাবি করেছে, সৌদি মন্ত্রী তার হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে এই ১০০ কোটি ডলার অর্থ তেহরানে নিয়ে এসেছিলেন। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি কোনো সৌদি কর্মকর্তা নিশ্চিত করেননি।

তেহরানের এই আলোচনায় উপস্থিত ছিলেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা। সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ক্রমাগত হামলার কারণে সৌদি আরবে অর্থনৈতিক ক্ষতি হওয়ায় ইরান মধ্যস্থতার এই প্রস্তাব দিয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়ে এক সরকারি বিবৃতিতে জানায়, ‘প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফরটি বর্তমান সংকটের পক্ষগুলোর মধ্যে উত্তেজনা হ্রাস, সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহিত করা এবং কাতার রাজ্য ও ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের পরিচালিত মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ন্যাটো-রীতির এই জোটের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এসেছে।’

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত না করলেও জানান, তিন বছর আগে পৌঁছানো সমঝোতা বাস্তবায়নেই সংঘাতের মূল কারণ।

ঐ সমঝোতার আওতায় হুথিদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলের সরকারি কর্মচারীদের বেতন এবং অবকাঠামো পুনর্নির্মাণে সরাসরি অর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল, যার বিনিময়ে হুথিরা হামলা বন্ধ রাখবে। হুথিরা সৌদি আরবকে অঙ্গীকার ভঙ্গের অভিযুক্ত করলেও সৌদি আরবের অবস্থান হলো তারা কোনো সামরিক ব্ল্যাকমেইলের মুখে নতুন করে যুদ্ধবিরতিতে যাবে না।

মক্কা যৌথ প্রতিরক্ষা জোট এবং ইরানি নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা মূলত গত সপ্তাহে পাকিস্তানি সেনাপ্রধানের তেহরান সফরের সময় রূপ নেয়। ইরানের ১০০ কোটি ডলারের এই প্রস্তাব বা বিমানে অর্থ বহনের দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া




মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থন বেড়ে ৩২ শতাংশে

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন সামান্য বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। তবে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে দলীয় লড়াইয়ে ডেমোক্র্যাটরা এগিয়ে রয়েছেন। সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

পাঁচ দিন ধরে পরিচালিত দেশব্যাপী জরিপে নিবন্ধিত ভোটারদের মধ্যে কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন ৪৭ শতাংশ, আর রিপাবলিকানদের ৩৬ শতাংশ। অর্থাৎ ডেমোক্র্যাটরা ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে। সিদ্ধান্তহীন ভোটারদের পছন্দ বিবেচনায় নিলে ব্যবধান কমে ৯ শতাংশ পয়েন্টে দাঁড়ায় ডেমোক্র্যাটদের ৫০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশ সমর্থন।

নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা করছেন। দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে তার নীতিগত কর্মসূচি বাস্তবায়ন জটিল হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ ধরে রাখার লড়াইয়ে ডেমোক্র্যাটদের সম্ভাবনা ভালো হলেও সিনেটে জয় পাওয়া তাদের জন্য তুলনামূলক কঠিন।

জরিপে জীবনযাত্রার ব্যয় নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে। ৭৩ শতাংশ ভোটার মনে করেন, জীবনযাত্রার ব্যয় ভুল দিকে এগোচ্ছে। অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের ওপর আস্থা প্রকাশ করেছেন ৩৭ শতাংশ ভোটার, যেখানে রিপাবলিকানদের পক্ষে রয়েছেন ৩৩ শতাংশ।

এ ছাড়া, মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যে আগ্রহ তুলনামূলক বেশি। দলটির ৪৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তারা নির্বাচনে ভোট দিতে খুবই উৎসাহী। রিপাবলিকানদের মধ্যে একই মনোভাবের কথা বলেছেন ৩০ শতাংশ।

অনলাইনে পরিচালিত এ জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৮০ জন। জরিপে সব প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ত্রুটির সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।




আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত

ডেস্ক নিউজঃ আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই সিদ্ধান্তের আলোকে, বর্তমানে এলএলবি অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের স্বার্থ বিবেচনায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা আগামী ১ জানুয়ারি ২০৩০ তারিখ হতে কার্যকর হবে।

তদনুযায়ী, উল্লিখিত তারিখ হতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবংতালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, গতি হতে পারে ১৪০ কিমি

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে আরও শক্তিশালী হতে পারে ঝড়টি।

এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলা ও ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে ফেরার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ঝড়ের আশঙ্কায় মঙ্গলবার ও বুধবার পাঁচটি জেলার স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ওড়িশা সরকার। নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নেয়ার প্রস্তুতিও চলছে। দুই রাজ্যেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নেয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৭ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। একই সময়ে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।