সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ তীব্র হওয়ার মধ্যে দেশটির আত্মরক্ষায় সামরিক সহায়তা পাঠাতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিস্তিকে অনুমোদন দিয়েছে মিশরের পার্লামেন্ট। এতে করে এবার সরাসরি সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাতে পারবে মিশর। সোমবার (২৬ অক্টোবর) স্পিকার হিসাম বাদাবীর সভাপতিত্বে প্রতিনিধি পরিষদে এক ভোটের মাধ্যমে এই অনুমোদন দেওয়া হয়।

রয়টার্সকে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রিয়াদ সহায়তা চাইলে সৌদি আরবকে আত্মরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আল-সিস্তিকে ক্ষমতা প্রদান করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং সৌদি আরামকোর স্থাপনায় হুতি হামলার কারণে ফ্লাইট চলাচল ও তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় মিশর এই সিদ্ধান্ত নিল।

মিশরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হোসেন হরিদি আল জাজিরাকে জানিয়েছেন, এই পদক্ষেপটি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। তিনি বলেন, ‘আজ মিশরের পার্লামেন্ট গৃহীত সিদ্ধান্তটি অবশ্যই প্রেসিডেন্টকে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বাইরের যেকোনো আক্রমণের বিরুদ্ধে সৌদি আরবকে তার ভূখণ্ড ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের পূর্ণ ক্ষমতা দেয়।’

তিনি আরও যোগ করেন, ‘মিশরীয় দৃষ্টিভঙ্গি থেকে এই মিশনটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক, অর্থাৎ এটি অঞ্চলের কোনো রাষ্ট্র বা গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত নয়। তাই এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা।’

মিশরীয় প্রেসিডেন্ট আল-সিস্তি গত বুধবারে নিশ্চিত করেন, মিশরের সামরিক পদক্ষেপ কেবল সৌদি ভূখণ্ড ও সীমান্ত সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং ইয়েমেনে কোনো হামলা চালানো হবে না। একই দিনে কায়রোতে কায়রোর পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, মিশর কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান করছে।

মিশরের সংবিধানে বিদেশে সৈন্য পাঠানোর জন্য আইনপ্রণেতাদের দুই-তৃতীয়াংশের অনুমোদনের প্রয়োজন হয়। এর আগে ২০১৫ সালেও রেড সি বা লোহিত সাগরের নৌপথ রক্ষায় সৌদি জোটের সঙ্গে যুক্ত হয়েছিল মিশর। কায়রো ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর আর বড় কোনো আন্তর্জাতিক স্থল অভিযান চালায়নি।

একই দিনে প্রেসিডেন্ট আল-সিস্তি কায়রোতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। গুতেরেস আঞ্চলিক উত্তেজনা হ্রাসে মিশরের প্রচেষ্টার প্রশংসা করেন এবং সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে বলেন, সংঘাত বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সূত্র: আল জাজিরা




মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

ডেস্ক নিউজঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে বাংলায় ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে সরকারি কার্যক্রমে মন্ত্রণালয়ের বাংলা নাম ব্যবহারের ক্ষেত্রে নতুন নামটি কার্যকর হবে।
গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।
মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে নতুন বাংলা নাম ব্যবহারের প্রয়োজন হবে। তবে ইংরেজি নাম অপরিবর্তিত থাকায় ইংরেজি ভাষায় মন্ত্রণালয়ের পরিচিতি ও নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না।
নারী ও শিশুদের উন্নয়ন, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় এ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি মন্ত্রিসভার অনুমোদন ও পরবর্তী সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।



জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজঃ বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো ও গভীর সমুদ্রবন্দরসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ।

আজ মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি ও শিল্পায়নের লক্ষ্য অর্জনে জাপান সরকার ও দেশটির বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যৌথ সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বাংলাদেশকে একটি অর্থনৈতিক, প্রযুক্তি ও উৎপাদনশিল্পের কেন্দ্রে পরিণত করার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা অর্থনীতিতে পরিণত হতে পারে এবং ২০৩৪ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ স্থান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাপান প্রথমদিকের স্বীকৃতিদানকারী দেশগুলোর একটি এবং স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে ভূমিকা রেখে আসছে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দুবার জাপান সফর এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে অবদানের কথা স্মরণ করেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা 

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অপরিহার্য।

এ ক্ষেত্রে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এশিয়ায় জ্বালানি নিরাপত্তা জোরদারে ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় সাম্প্রতিক ৫০ বিলিয়ন জাপানি ইয়েনের জরুরি সহায়তা ঋণের কথা উল্লেখ করেন। বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো, দক্ষ বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান সরকারপ্রধান।

প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ গবেষণা 

প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের মাধ্যমে জাপানের কোম্পানি, বিশ্ববিদ্যালয় ও বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের তরুণ মেধা, উদ্যোক্তা ও প্রযুক্তি খাতের দক্ষ জনশক্তির সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রস্তাবিত টেক পার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস এবং ইলেকট্রনিকস উৎপাদনের মতো খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মহাকাশ বিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে জাপানের অগ্রসর সক্ষমতার সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।

অবকাঠামো, দ্রুতগতির রেল ও যোগাযোগ ব্যবস্থা 

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক ও সমন্বিত যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক এবং দেশব্যাপী উড়াল সড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি।

এ ধরনের বৃহৎ অবকাঠামো প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন, কারিগরি সহায়তা, বিনিয়োগ ও অর্থায়নে জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। জাপানের অবকাঠামো উন্নয়ন ও আধুনিক পরিবহনব্যবস্থায় দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ 

বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নতুন বিনিয়োগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নে তার সরকার নিয়ন্ত্রণব্যবস্থা, করনীতি, শুল্ক ছাড়করণ এবং অর্থ স্থানান্তর প্রক্রিয়ায় স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্যতা ও দক্ষতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করে তারেক রহমান বলেন, এ চুক্তির সুফল দুই দেশের জনগণের কাছে পৌঁছে দিতে উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে।

জাতিসংঘ, ইন্দো-প্যাসিফিক ও রোহিঙ্গা সংকট 

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনায় বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার বিষয়ে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনে জাপানের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার সভাপতিত্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন দৃষ্টিভঙ্গির কথা পুনর্ব্যক্ত করে তিনি আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্যের অবাধ প্রবাহ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মিয়ানমারের ক্রমাবনতিশীল পরিস্থিতি এবং এর ফলে সৃষ্ট রোহিঙ্গা বাস্তুচ্যুতি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি সব ধরনের সহিংসতা বন্ধ, নির্বিঘ্ন মানবিক সহায়তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপের আহ্বান জানান।

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের মানবিক প্রচেষ্টায় জাপানের সহযোগিতার প্রশংসা করেন তিনি। রাখাইনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সব পক্ষের সঙ্গে জাপানের সক্রিয় সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে দ্রুত নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

যৌথ কমিশন গঠনের প্রস্তাব, সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যয়

বৈঠকের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ-জাপান সম্পর্কের ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এ শীর্ষ বৈঠক দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। এ অধ্যায় আরও গভীর আস্থা, বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতা, শক্তিশালী বিনিয়োগ সম্পর্ক এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুই দেশের অগ্রাধিকারভিত্তিক খাতগুলো চিহ্নিত করা, সেগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সহযোগিতার সুযোগগুলোকে কার্যকর উদ্যোগে রূপ দিতে মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে গঠনমূলক আলোচনার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা আরও সুদৃঢ় হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে।




কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ডেস্ক নিউজঃ ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে পাঁচটি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতিসহ এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




ঘূর্ণিঝড় বোয়েলের তাণ্ডবে যুক্তরাজ্যে নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার পরিবার

আন্তর্জাতিক ডেস্কঃ ঘূর্ণিঝড় বোয়েলোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার গ্রাহক। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্নের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ভোগ এখনই কাটছে না। নতুন করে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

রোববার (২৫ অক্টোবর) রাত পর্যন্ত চলা এই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডে। এসব অঞ্চলে সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এছাড়া স্কটল্যান্ডের কিছু এলাকায় মাত্র দুই দিনে স্বাভাবিক সময়ের এক মাসের প্রায় এক-তৃতীয়াংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঝড়ের সময় গাছপালা উপড়ে পড়ে হতাহতের এসব মর্মান্তিক ঘটনা ঘটে। স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে ৬০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয় এবং উত্তর লন্ডনে একটি চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে বিশের কোঠার এক তরুণ প্রাণ হারান। এছাড়া, গাছচাপা পড়ে আহত অপর দুই নারীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টানা বৃষ্টিপাতের কারণে নদী ও নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পরিবেশ সংস্থাগুলো একাধিক বন্যা সতর্কতা জারি করেছে।

ঝড় ও রাস্তার ওপর গাছ ভেঙে পড়ার কারণে দেশটির সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। স্কটল্যান্ডের বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখা হয়েছে এবং ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন বিমানবন্দরে বহু বিমানের ফ্লাইট বাতিল কিংবা তাদের যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকলেও মঙ্গলবার থেকে নতুন করে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হতে পারে। এই আশঙ্কায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় নতুন করে সতর্কতা জারি রাখা হয়েছে।




এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ প্রদর্শন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাঁচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রোববার পাটনায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে করা মন্তব্যের জবাবে খাড়গে ‘মোদি কা বাপ ভি জায়েগা’ বলে মন্তব্য করলে এই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। এর প্রতিবাদে বিহার ও জম্মুতে বিজেপি কর্মীরা খাড়গের কুশপুত্তলিকা ও পোস্টার দাহ করে এবং বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিশাল প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক… এই পুরো ঘটনার সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো এই মন্তব্যগুলো সাধারণ কোনো কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং দেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল হিসেবে দাবি করা একটি দলের জাতীয় সভাপতি করেছেন।’

তিনি আরও বলেন, ‘কংগ্রেস এখানেই থামেনি; তারা খাড়গে জির কথাগুলোকে যুক্তিযুক্ত করার চেষ্টা করে মানুষের অনুভূতিতে আঘাত করছে। ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশের বদলে কংগ্রেস এই বক্তব্যকে রক্ষা করতে ব্যস্ত।’

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী মন্তব্য করেন, ‘তাদের দলের সবাই অপক্ব, হতাশ ও হতাশগ্রস্ত হয়ে পড়েছে। এত নিচে নেমে তারা ভারতের সংস্কৃতি নষ্ট করছে। যেকোনো প্রয়াত পিতা-মাতা বা যিনি আর জনজীবনে নেই এমন ব্যক্তির নাম টেনে আনা রাহুল গান্ধীর সঙ্গের প্রভাব ও হতাশা প্রকাশ করে।’

কংগ্রেস সভাপতির ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে এর জবাবে বলেন, ‘এই সংস্কৃতিবান মানুষগুলো মোদি ও শাহ অতীতে কী বলেছেন তা ভুলে গেছেন। আমাদের তাদের কাছ থেকে সংস্কৃতি শেখার দরকার নেই।’

অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া-র শরিক আরজেডি সংসদ সদস্য মনোজ ঝা খাড়গের মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি ক্ষোভের এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘অতীতে যখন বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করেছিলেন, তখন সংবাদমাধ্যম বা অন্য দলগুলোর মধ্যে এমন ক্ষোভ দেখা যায়নি।’

সূত্র: এনডিটিভি




খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিবেদকঃ খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলমসহ আটজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রকল্পের কাজ বাস্তবায়নে নির্ধারিত পরিকল্পনা অনুসরণ না করা এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুদকের খুলনা কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত বিভাগের উপপরিচালক বায়েজিদুর রহমান খান স্বাক্ষরিত চিঠিতে মামলার অনুমোদনের বিষয়টি জানানো হয়। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং প্রকল্প বাস্তবায়নে কী ধরনের অনিয়ম হয়েছে, তা মামলার মাধ্যমে তদন্তের আওতায় আসবে।

মামলায় আসামি করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আতাউর রহমান খান লিমিটেডের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমানকে। এ ছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ, নির্বাহী প্রকৌশলী মো. আরমান হোসেন, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুতাসির মামুন, সহকারী প্রকৌশলী বাসুদেব কুমার বিশ্বাস এবং উপসহকারী প্রকৌশলী শরীফ ওয়াহিদুজ্জামান মামলার আসামি হয়েছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের কাজ বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স লিমিটেডকে দেওয়া হয়েছিল। তবে প্রকল্পের নির্ধারিত পরিকল্পনা ও শর্ত অনুযায়ী সড়ক নির্মাণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এভাবে কাজের ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে সরকারের কয়েক কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রকল্পের কাজের দায়িত্বে থাকা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা অর্থের বিপরীতে যথাযথভাবে কাজ সম্পন্ন হয়েছে কি না, কাজের মান ও পরিমাণ নির্ধারিত শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না এবং অর্থ ব্যয়ে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে অভিযোগের বিষয়ে আসামিদের দোষ আদালতে প্রমাণিত হওয়া এখনো বাকি।

এদিকে, খুলনা শিপইয়ার্ড সড়কের নির্মাণকাজ দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা সফরে গিয়ে সড়কটির নির্মাণকাজে প্রায় ১৩ বছর ধরে চলা বিলম্বের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ সময়েও গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়নকাজ নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলার উদ্যোগ—সব মিলিয়ে প্রকল্পটি নতুন করে আলোচনায় এসেছে। এখন তদন্তের মাধ্যমে প্রকল্পের অর্থ ব্যয়, নির্মাণকাজের বাস্তব অবস্থা এবং অভিযুক্ত ব্যক্তিদের দায় কতটুকু, তা নির্ধারিত হবে।




মোংলা কাস্টমসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, কর্মকর্তা মামুনের অপসারণ দাবি ব্যবসায়ীদের

বিশেষ প্রতিবেদকঃ মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনৈতিক সুবিধা দাবি, ব্যবসায়ীদের হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিপিং ব্যবসায়ীরা। রোববার (২৫ অক্টোবর) দুপুরে মোংলা কাস্টমস হাউজের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে কাস্টমস কমিশনারের কাছে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া ব্যবসায়ীদের অভিযোগ, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে নিজের প্রভাব বিস্তার করে আসছেন। বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের চাপের মুখে ফেলা, অনৈতিক সুবিধা দাবি করা এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্যবসায়ীদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং তাঁরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, মোংলা বন্দরে আসা বিদেশি জাহাজের ক্যাপটেনদের কাছ থেকে জোরপূর্বক মার্কিন ডলার, হুইস্কি ও সিগারেট নেওয়া হয়। পরে এসব সামগ্রী অবৈধভাবে বিক্রি করার অভিযোগও তুলেছেন তাঁরা। তাঁদের দাবি, একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

এ ছাড়া জাহাজের আগমনসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা এবং ক্লিয়ারেন্স কার্যক্রমের সঙ্গে যুক্ত আইজিএম শাখায় অনিয়মের অভিযোগও সামনে এনেছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, ওই শাখার কার্যক্রমকে কেন্দ্র করে ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অনৈতিক সুবিধা চাওয়া হয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য দেন শিপিং ব্যবসায়ী আবুল কালাম আজাদ, নুরউদ্দিন টুটুল, কামাল হোসেন, মো. শামিম, মো. ইউসুফ, মো. সেলিম, মো. মামুন ভুঁইয়া, মো. সুমন মল্লিক, মো. আল-আমিন, মো. বেল্লাল হোসেন, মো. মহসিন পাটোয়ারী, মো. সোহাগ ও মো. রাজ বাপ্পা। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তাকে দ্রুত বর্তমান কর্মস্থল থেকে অপসারণের দাবি জানান।

পরে ব্যবসায়ীরা মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামালের সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামাল অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট অভিযোগগুলো তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ মক্কা প্রতিরক্ষা চুক্তির অংশীদার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের একটি যৌথ প্রতিনিধি দল তেহরানে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান হুতি হামলা ও যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে আঞ্চলিক সমন্বয়ের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

বৈঠকে সৌদি আরবের প্রতিনিধিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের পক্ষে অংশ নেবেন সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনীর এবং তুরস্কের প্রতিনিধিত্ব করবেন গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। যৌথ প্রতিরক্ষা জোট গঠনের পর এই তিন দেশীয় ব্লকের সঙ্গে ইরানের এটিই প্রথম উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক।

সৌদি পাবলিক ডিপ্লোমেসির ডেপুটি মিনিস্টার রায়েদ ক্রিমলি সামাজিক মাধ্যম এক্স-এ জানান, ‘এই সফরটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর মূল ভূমিকা এবং তা অর্জনে অঞ্চলের সব রাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিকে তুলে ধরে।’ তিনি আরও উল্লেখ করেন, চলমান সংকট প্রশমন ও কূটনৈতিক সমাধানের অংশ হিসেবেই এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের উচ্চ নিরাপত্তা পর্ষদের সহ-সম্পাদক আলী বাকেরি-কানি নিশ্চিত করেছেন, প্রতিনিধি দল তেহরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করবে। গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের সময় এই উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তাবটি ওঠে।

কেনি এবং কাতারি মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় গত জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও তা স্থায়ী হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় সামরিক অভিযানের ইঙ্গিত দিলে তার বিপরীতে ইরানও কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আঞ্চলিক সংঘাত কমাতে কূটনৈতিক আলোচনা শুরু করল দেশগুলো।

সূত্র: রয়টার্স




জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে দুই আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

এদিকে এ মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি।

অভিযুক্ত দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন তারা। এ সময় আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী তাদের সঙ্গে এলেও নিরাপত্তার কারণে সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন, ১৬ সেপ্টেম্বর, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের বক্তব্য ছিল, আইনজীবী হিসেবে তাদের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

এখন দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর এ বিষয়ে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।