আদালত অবমাননা করায় ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ডেস্ক নিউজঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে মন্তব্য করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামীপন্থি দুই আইনজীবী।

সোমবার (২৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। শুনানি শেষে দুই আইনজীবীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগ কতটা গুরুতর, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ট্রাইব্যুনাল।

এদিকে এ মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল-২-এর সব মামলার শুনানি বাতিল করা হয়েছে এবং আইনজীবীদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা হয়েছে কড়াকড়ি।

অভিযুক্ত দুই আইনজীবী হলেন হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। সেদিনও আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছিলেন তারা। এ সময় আওয়ামীপন্থি আরও কয়েকজন আইনজীবী তাদের সঙ্গে এলেও নিরাপত্তার কারণে সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করার অভিযোগে পরদিন, ১৬ সেপ্টেম্বর, দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের বক্তব্য ছিল, আইনজীবী হিসেবে তাদের এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। এ কারণে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

এখন দুই আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর এ বিষয়ে ট্রাইব্যুনাল কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।




বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে তিন বিভাগে বৃষ্টির শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সোমবার (২৬ অক্টোবর) গতিপথ পরিবর্তন করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে। অনুকূল পরিস্থিতিতে এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার দেশের তিন বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা

আন্তর্জাতিক ডেস্কঃ প্রথম ধাপের ভোটে পিছিয়ে থেকেও দ্বিতীয় ধাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
রোববারের (২৫ অক্টোবরের) নির্বাচনে শতকরা ৫১ ভাগের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেন আশি বছর বয়সী এই রাজনীতিক। আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্টের তথ্যমতে, লুলা ৬ কোটি ৪০ লাখের বেশি ভোট পেয়েছেন, যেখানে বলসোনারো পেয়েছেন ৪৮ শতাংশ বা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি ভোট। প্রাথমিক ধাপে লুলার ভোট ছিল ৪৫ শতাংশ এবং বলসোনারোর ছিল ৪৭ শতাংশ। ব্রাজিলের আধুনিক ইতিহাসে প্রথম ধাপে হেরে গিয়ে দ্বিতীয় ধাপে বিজয়ী হওয়ার ঘটনা এটিই প্রথম। আগামী ২০২৭ সালের ৫ জানুয়ারি চতুর্থ মেয়াদে শপথ গ্রহণ করবেন লুলা।

ভোটিং প্রক্রিয়ার দিন পরিবহন সংকট এবং ভারী বৃষ্টির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বেশি সময় ভোটগ্রহণ খোলা রাখা হয়। এই বিজয়কে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম ও মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তবে বিরোধী প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভোটের সময়সীমা বাড়ানো নিয়ে আইনি জটিলতার অভিযোগ তুলে নির্বাচন বাতিলের ইঙ্গিত দিয়েছেন।

বিজয়ী ভাষণে লুলা স্বীকার করেন, ডানপন্থী সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের মুখোমুখি হতে হবে তাকে। লুলার এই জয় ল্যাটিন আমেরিকায় ডানপন্থীদের উত্থানের মাঝে এক নতুন রাজনৈতিক পরিবর্তন এনেছে। নির্বাচিত হলে কর্মসপ্তাহ ছোট করা ও অর্থনৈতিক চাপ কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, লুলার সাবেক প্রতিদ্বন্দ্বী ও ফ্লাভিও বলসোনারোর বাবা জাইর বলসোনারো অভ্যুত্থান চেষ্টার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত রয়েছেন, যা নিয়ে ট্রাম্প প্রশাসন ব্রাজিলের ওপর পূর্বে বিভিন্ন শুল্ক আরোপ করেছিল।

সূত্র: আল জাজিরা।




১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন

ডেস্ক নিউজঃ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকদের যাতায়াত ও ভ্রমণ নির্বিঘ্ন করতে দ্বীপটিতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

রোববার (২৫ অক্টোবর) পর্যটকদের সেন্ট মার্টিন ভ্রমণসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন।

এর আগে দৈনিক দুই হাজার পর্যটক ভ্রমণের সীমা নির্ধারিত ছিল। নতুন সিদ্ধান্তে সেই সংখ্যা আরও এক হাজার ৫০০ জন বাড়ানো হয়েছে। পর্যটন মৌসুমকে সামনে রেখে দ্বীপটিতে পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে।




কারও সঙ্গে শত্রুতা নেই, কেন আমার ওপর হামলা হলো: টাইগার শ্রফ

বিনোদন ডেস্কঃ ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এখনো হতবাক তিনি। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা না থাকার পরও কেন তাঁকে হত্যার চেষ্টা করা হলো, তা বুঝতে পারছেন না এই অভিনেতা। সম্প্রতি মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা তাঁর বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের বিএমডব্লিউ গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালায় দুই দুর্বৃত্ত। এ সময় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ফিরদৌস বালুচ ও ভ্লগার উমেশ চৌহান আহত হন।

পুলিশের কাছে দেওয়া বক্তব্যে টাইগার শ্রফ বলেন, ‘আমি ভীষণ হতবাক। এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না। কে বা কেন আমার ওপর এমন প্রাণঘাতী হামলা চালাতে চাইবে? কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন আমার ওপর হামলা হলো?’

এ ঘটনায় পুলিশ তাঁর গাড়িচালক ও ভ্লগারের বক্তব্য রেকর্ড করেছে। হামলার সময় অভিনেতা ফুটবল খেলে ফিরছিলেন। তিনি গাড়ির সামনের আসনে বসা ছিলেন। গুলিবর্ষণের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দুই ব্যক্তিকে গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়। পরে টাইগার শ্রফ নিজেই গাড়ি চালিয়ে আহত চালককে হাসপাতালে নিয়ে যান।

টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় শনিবার ভারতের ইন্দোর থেকে ২২ বছর বয়সী প্রাঞ্জল থাকরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।




নিজের গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ আকবর

বিনোদন ডেস্কঃ রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মামলা করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িতেও অন্য কেউ ছিলেন না।

এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে।

ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি গুলি ছোড়ার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা করছে পুলিশ।




সম্পূর্ণ এআই দিয়ে তৈরি চীনের প্রথম সিনেমা মুক্তি পেল

বিনোদন ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবার পৌঁছেছে চলচ্চিত্র নির্মাণেও। চীনে প্রথমবারের মতো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

শুক্রবার  মুক্তি পাওয়া ছবিটির নাম ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’।

সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমাটি চীনের ১০ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

মুক্তির আগে ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহের প্রতিফলন দেখা যায়নি আগাম টিকিট বিক্রিতে। ফলে বক্স অফিসে প্রত্যাশিত আয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চীনের টিকিট বিক্রির প্ল্যাটফর্ম মাওইয়ানের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত সিনেমাটির আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে মাত্র ৮০ হাজার ইউয়ান, যা প্রায় ১১ হাজার ৯৮০ মার্কিন ডলারের সমান।

প্রাথমিক ধারণা অনুযায়ী, সব মিলিয়ে ছবিটির বক্স অফিস আয় দেড় লাখ ইউয়ানের নিচে থাকতে পারে।

নির্মাণ ব্যয়ের তুলনায় এ আয় হবে অনেক কম। নির্মাতা প্রতিষ্ঠান বোনা ফিল্ম গ্রুপ জানিয়েছে, প্রায় ১শ’ জনের একটি দল দুই বছরের বেশি সময় ধরে সিনেমাটি নির্মাণে কাজ করেছে। এতে ব্যয় হয়েছে এক কোটি ইউয়ানের বেশি, যা প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের সমান।

ছবিটির অভিনয়শিল্পী, কণ্ঠস্বর ও পটভূমি, সবই তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির সাহায্যে। গল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মানবতার ভবিষ্যৎ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বোনা ফিল্মের প্রধান নির্বাহী জিয়াং দেফু বলেন, দর্শকদের আগ্রহ কম থাকলেও সিনেমাটি চলচ্চিত্র নির্মাণে নতুন দিগন্ত উন্মোচনের প্রচেষ্টা। তার ভাষ্য, এ ধরনের সিনেমা তৈরির উদ্যোগ তারাই প্রথম নিয়েছেন। একইসঙ্গে দর্শকদের সামনে প্রথমবারের মতো এমন একটি নির্মাণের পরীক্ষা হচ্ছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে এআই দিয়ে তৈরি ভিডিওর জনপ্রিয়তা রয়েছে। ভিডিও শেয়ারিংয়ের স্থানীয় প্ল্যাটফর্ম দৌইনে, যা টিকটক নামে পরিচিত, শুধু সেপ্টেম্বর মাসেই এআই দিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য নাটকগুলো ২০০ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে।




‘আমাকেই লক্ষ্য করে গুলি, তবে বেঁচে গেছি’: আসিফ

বিনোদন ডেস্কঃ রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় মুখ খুলেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালালেও অক্ষত রয়েছেন এই গায়ক। তার ধারণা, দুর্বৃত্তরা তাকেই লক্ষ্যবস্তু করেছিল। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে পার্ক করা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় গাড়িতে ছিলেন না এই সংগীতশিল্পী। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ঘটনার পর শনিবার বিকেলে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসিফ আকবর বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। সকালে পুলিশের সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফিরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। পরে বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাসায় গিয়ে ঘটনার বিষয়ে কথা বলেন।

কেন তাকে লক্ষ্য করা হতে পারে, সে বিষয়ে কথা বলতে গিয়ে আসিফ আকবর জানান, তার প্রতিদিনের যাতায়াতের সময় সম্পর্কে হামলাকারীদের ধারণা থাকতে পারে। তিনি সাধারণত রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অফিসে যান এবং ফজরের নামাজের আগে কিংবা পরে বাসায় ফেরেন।

গায়কের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি অফিসেই ছিলেন। সিসিটিভি ক্যামেরার দৃশ্য দেখার সময় ঘটনাটি তার নজরে আসে। তবে গুলির শব্দ তিনি শুনতে পাননি।

আসিফ আকবর বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছেন, তারা ভালো করেই জানেন তিনি কখন অফিসে যান এবং কখন বের হন। তার ধারণা, ওই সময়ের হিসাব করেই তাকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। তবে ঠিক কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি বলতে পারছেন না।

ঘটনার বিবরণ দিতে গিয়ে এই সংগীতশিল্পী জানান, তিনি আর কিছুক্ষণ পরেই নিচে নামতেন। সে সময় গাড়ির আশপাশে তার উপস্থিতি থাকলে পরিস্থিতি অন্য রকম হতে পারত বলে আশঙ্কা করছেন তিনি।

তবে ব্যক্তিগত কোনো বিরোধ, শত্রুতা কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন এই সংগীতশিল্পী। কাউকে সন্দেহ করার মতো নির্দিষ্ট তথ্যও তার কাছে নেই।

এদিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। বিশাল সেন্টারের সামনে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে ভোরে গুলি চালানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশের অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিংয়ের জায়গায় গাড়িটি রাখা ছিল। ভোর পৌনে ৫টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়েন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাতিরঝিল থানা-পুলিশ। পরে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী উদ্দেশে গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।




প্রয়াত চিত্রশিল্পী যোগেন চৌধুরী, শোকজ্ঞাপন শুভেন্দু অধিকারী ও মমতার

বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী। রবিবার সকালের দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (রুবি জেনারেল) তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে গত প্রায় ১৪ মাস ধরে রক্তে ক্যান্সারের রোগে ভুগছিলেন যোগেন। বেশ কয়েকটি কেমোথেরাপিও নিলেও শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি।

দুর্গাপূজা চলাকালীন সময়ে গত ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন মূত্রনালীর গুরুতর সংক্রমণ ও সেফসিসের উপসর্গ নিয়ে ইএম বাইপাসের ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক জগতে। শোকজ্ঞাপন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মেদিনীপুরের রামনগরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, “উনি (যোগেন চৌধুরী) বড় মাপের শিল্পী ছিলেন। দেশ এবং জাতিকে যে সম্পদ, সৃষ্টি উনি দিয়ে গেছেন এগুলো অক্ষয় ও অমর থাকবে। উনার বিদেহী আত্মার প্রণাম জানাই। অমরত্ব প্রার্থনা করি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লির রাজিনা হিলস’এর রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে বহু সরকারি স্থাপত্যে তিনি তার উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। যেটা কয়েক শতাধিক বছর ধরে থাকবে।”

এক্স হ্যান্ডেলে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, “যোগেন চৌধুরী ছিলেন বাংলা ও ভারতের গর্ব। তিনি বিশ্বজুড়ে শিল্পীদের জন্য—এবং ব্যক্তিগতভাবে আমার জন্যও—এক বিশাল অনুপ্রেরণা ছিলেন। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং বিশ্বজুড়ে থাকা তাঁর সকল অনুরাগীর প্রতি আমি সমবেদনা জানাই।”

তিনি ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ (এআইটিসি)-এর পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং ২০১২ সালে তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতির জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করবে।

১৯৩৯ সালের ১৬ ফেব্রুয়ারি অবিভক্ত বাংলার ফরিদপুরের দাহারপাড়া গ্রামে এক জমিদার পরিবারে তাঁর জন্ম। বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন জমিদার। তবে যোগেন চৌধুরীর মধ্যে শিল্পের বীজ বুনে দিয়েছিলেন তাঁর মা। মায়ের আঁকা আলপনা দেখেই ছোটবেলায় ছবি আঁকার প্রতি গভীর আগ্রহ জন্মায় যোগেনের।

দেশভাগের সময় ভিটেমাটি ছেড়ে ১৯৪৮ সালে সপরিবার কলকাতায় চলে আসেন তাঁরা। ১৯৫১ সাল থেকে তাঁদের পাকাপাকি ঠিকানা হয় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া।

১৯৬০ সালে কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করে হাওড়ার একটি স্কুলে শিল্পের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। পরবর্তীকালে মাদ্রাজেও টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেছেন।

১৯৬৫ সালে ফরাসি সরকারের বৃত্তি নিয়ে শিল্পের পাঠ নিতে পাড়ি দেন স্বপ্নের শহর প্যারিসে।

দেশে ফিরে তিনি রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্ব পালন করেন অত্যন্ত সুনামের সঙ্গে। শান্তিনিকেতনের কলাভবনেও তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন।

শুধু শিল্প নয়, রাজনীতির জগতেও পা রেখেছিলেন তিনি। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ হওয়ার কারণে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন যোগেন চৌধুরী।




বিলের শাপলায় জীবিকা: ঘাম-শ্রমে গড়ে ওঠা গ্রামীণ অর্থনীতি

কৃষি ডেস্কঃ ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। চারদিকে বিস্তীর্ণ বিলের পানি, তার ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে সাদা-লাল শাপলা। নৌকা নিয়ে বিলে নেমেছেন একজন, আরেকজন পানির বুক থেকে তুলে নৌকায় জমা করছেন শাপলা। তীরে বসে কেউ সেগুলো গুছিয়ে আঁটি বাঁধছেন। কিছুক্ষণের মধ্যেই এসব শাপলা নিয়ে ছুটতে হবে গ্রামের হাটে। সেখানে অপেক্ষায় আছেন পাইকার ও সবজি ব্যবসায়ীরা। এরপর শাপলার আঁটি যাবে দূরবর্তী বাজারে, এমনকি রাজধানী ঢাকার খাবার টেবিলেও।

দূর থেকে দেখলে এটি কেবল শাপলা সংগ্রহ ও বিক্রির একটি সাধারণ দৃশ্য। কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে শত শত মানুষের ঘাম-শ্রম, পরিবারের বেঁচে থাকার সংগ্রাম এবং প্রকৃতিকে ঘিরে গড়ে ওঠা এক স্বতন্ত্র অর্থনৈতিক কর্মকাণ্ড। বিলের পানিতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শাপলা যে কতগুলো দরিদ্র পরিবারের চুলায় আগুন জ্বালায়, কত শিশুর মুখে খাবার তুলে দেয়, তার হিসাব সাধারণত বাজারের ক্রেতাদের অজানাই থেকে যায়।

প্রকৃতির উপহার, মানুষের জীবিকা

বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। দেশের হাওর, বিল, খাল ও জলাভূমিতে প্রাকৃতিকভাবেই জন্মে এই জলজ উদ্ভিদ। বিশেষ করে বরিশালের উজিরপুর, ধামুরা, আগৈলঝাড়া ও আশপাশের বিস্তীর্ণ জলাভূমিতে শাপলার প্রাচুর্য চোখে পড়ে। বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব বিলে শাপলা জন্মাতে শুরু করে। বছরের একটি নির্দিষ্ট সময়ে বিলজুড়ে ছড়িয়ে পড়ে শাপলার সবুজ পাতা আর ফুলের সমারোহ।

শাপলা শুধু সৌন্দর্যের জন্য নয়, খাবার হিসেবেও গ্রামবাংলায় দীর্ঘদিনের পরিচিত। শাপলার ফুলের নিচের নরম কাণ্ড থেকে শুরু করে নিচের অংশ পর্যন্ত বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। এর স্বাদ ও সহজলভ্যতার কারণে গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের বাজারেও এর চাহিদা আছে। শাপলায় খাদ্য-আঁশ থাকায় পুষ্টিগুণের বিবেচনায়ও এটি গুরুত্বপূর্ণ। ফলে প্রকৃতিতে বিনা চাষে জন্ম নেওয়া এই জলজ উদ্ভিদ মানুষের খাদ্যাভ্যাস ও জীবিকায় ভূমিকা রাখছে। শাপলার এই প্রাচুর্য বাংলাদেশের গ্রামীণ জনপদে প্রকৃতির মূল্যবান উপহার। সাধারণ কৃষিপণ্যের মতো শাপলা উৎপাদনের জন্য জমি চাষ, বীজ বপন, সার প্রয়োগ কিংবা নিয়মিত পরিচর্যার প্রয়োজন হয় না। স্থানীয় কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, জমি থেকে পানি নেমে গেলেও মাটিতে থেকে যায় শাপলা-শালুকের বীজ। পরবর্তীতে পানি জমলে সেই বীজ থেকেই আবার জন্ম নেয় নতুন শাপলা। অর্থাৎ শাপলা জন্মাতে কৃষকের সরাসরি উৎপাদন ব্যয় না থাকলেও এটি সংগ্রহ, আঁটি বাঁধা, পরিবহন ও বাজারজাত করতে প্রয়োজন হয় মানুষের শ্রম ও সময়। আর এই শ্রমের বিনিময়েই প্রাকৃতিক সম্পদটি পরিণত হয় একটি বিক্রয়যোগ্য খাদ্যপণ্যে।

বিল থেকে বাজার: শ্রমের দীর্ঘপথ

শাপলার বাজারজাতকরণ প্রক্রিয়াটি শুরু হয় খুব ভোরে। দিনের আলো তীব্র হওয়ার আগেই সংগ্রহকারীদের বিলে নামতে হয়। কারণ, শাপলা সংগ্রহ করে তা গুছিয়ে বাজারে পৌঁছাতে সময় লাগে। দেরি হলে বাজারের উপযুক্ত সময়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। একটি পরিবারের কয়েকজন সদস্য মিলে এ কাজ করেন। পরিবারের পুরুষ সদস্য নৌকা চালিয়ে বিলের ভেতরে যান। নৌকা থেকে বা পানিতে নেমে শাপলা সংগ্রহ করে নৌকায় তোলা হয়। এরপর তীরের অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসে পরিবারের নারী সদস্যরা শাপলাগুলো গুছিয়ে আঁটি বাঁধেন। অনেক ক্ষেত্রে স্কুলপড়ুয়া শিশুরাও পরিবারের কাজে হাত লাগায়। ফলে শাপলা সংগ্রহ কেবল একজনের কাজ থাকে না; হয়ে ওঠে পরিবারের সম্মিলিত শ্রমের আয়োজন।একেকটি আঁটি তৈরি করতে যে সময় ও পরিশ্রম লাগে, তার প্রতিফলন অবশ্য সব সময় বিক্রয়মূল্যে দেখা যায় না। বিল থেকে শাপলা সংগ্রহ, নৌকায় বহন, বাছাই, আঁটি বাঁধা এবং বাজারে পৌঁছানো—প্রতিটি ধাপেই শ্রম আছে। কিন্তু পণ্যটির উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এবং স্থানীয়ভাবে সহজলভ্য হওয়ায় শাপলা সাধারণত কম দামেই বিক্রি হয়।

স্থানীয় বাজারে প্রতিটি আঁটি শাপলা বিক্রি হয় প্রায় ৮ থেকে ১০ টাকায়। পরে পাইকারি ক্রেতা বা সবজি ব্যবসায়ীরা এসব আঁটি কিনে দূরের বাজারে নিয়ে যান। পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় দূরবর্তী বাজারে প্রতি আঁটির দাম বেড়ে ১২ থেকে ১৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রতিটি আঁটিতে থাকে আনুমানিক ৩০ থেকে ৪০টি শাপলা। দামের এই ব্যবধানের পেছনে আছে পরিবহন ব্যয়, বাজারের দূরত্ব, সরবরাহের পরিমাণ এবং মধ্যস্বত্বভোগীদের ব্যবসায়িক হিসাব।

শাপলায় চলে সংসার

বরিশালের উজিরপুর ও আশপাশের বিলাঞ্চলে শাপলা মৌসুমে বহু দরিদ্র পরিবারের কর্মব্যস্ততা বেড়ে যায়। সরেজমিনে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দরিদ্র কৃষিনির্ভর পরিবারগুলো কোনো না কোনোভাবে শাপলা সংগ্রহ ও বিক্রির সঙ্গে যুক্ত হয়। কৃষিকাজে ব্যস্ততা কমে গেলে কিংবা বর্ষায় জমিতে কাজের সুযোগ সীমিত হলে শাপলা হয়ে ওঠে তাদের বাড়তি আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস।

জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস পর্যন্ত অনেক বিল ও জলাভূমিতে পানি জমে থাকে। তবে ভাদ্র, আশ্বিন ও কার্তিক—এই তিন মাসে শাপলার প্রাচুর্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। এ সময় বিলের পানি যেন দরিদ্র মানুষের জন্য বিকল্প কর্মক্ষেত্রে পরিণত হয়। যেসব কৃষক পরিবার বছরের অন্য সময়ে জমিতে কাজ করে; তারাও শাপলা মৌসুমে এ কাজে যুক্ত হয়। পাশাপাশি ভূমিহীন শ্রমজীবী পরিবার, যাদের নিয়মিত কাজের নিশ্চয়তা নেই, তারাও শাপলা সংগ্রহ করে আয় করার সুযোগ পায়। ফলে এই কার্যক্রম শুধু কৃষকের আয় বাড়ায় না; কাজের সন্ধানে থাকা আরও কিছু মানুষের জন্য সাময়িক কর্মসংস্থান সৃষ্টি করে। শাপলা সংগ্রহ করতে জমির মালিকানা লাগে না, বড় বিনিয়োগও প্রয়োজন নেই। শারীরিক শ্রম দেওয়ার সামর্থ থাকলেই অনেকে এ কাজে অংশ নিতে পারেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষ এ সুযোগ নিচ্ছেন। তবে এ আয় মৌসুমনির্ভর। পানি কমে গেলে কিংবা শাপলার প্রাপ্যতা হ্রাস পেলে এ কাজের সুযোগও সীমিত হয়ে আসে। তাই শাপলা থেকে পাওয়া আয় অনেক পরিবারের জন্য সহায়ক হলেও সারাবছরের জীবিকা নিশ্চিত করা যায় না।

একটি আঁটির পেছনে একটি পরিবার

দৃশ্যটি গত বছরের। মাথায় শাপলার আঁটি নিয়ে হাটের পথে হাঁটছিলেন ৬০ বছর বয়সী হারুন মিয়া। তার গন্তব্য স্থানীয় বাজার। সেখানে শাপলা বিক্রি করে সংসারের প্রয়োজনীয় সদাইপাতি কিনবেন। চার ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। প্রতিদিনের খাবারের সংস্থান করতে তাকে নির্ভর করতে হয় নিজের শ্রমের ওপর।

কথা প্রসঙ্গে জানালেন, ছেলে ক্রিকেট বল কিনে দেওয়ার বায়না ধরেছে। শাপলা বিক্রির টাকা থেকে সংসারের বাজার করার পাশাপাশি ছেলের জন্য একটি বলও কিনতে চান তিনি।

হারুন মিয়ার কাছে শাপলা কেবল বিক্রির পণ্য নয়; এটি তার পরিবারের খাবার, সন্তানের ছোট্ট আবদার পূরণ এবং পরদিন আবার নতুন করে কাজ শুরু করার সাহস। তার জীবনে বড় কোনো ব্যবসায়িক পরিকল্পনা নেই, নেই সঞ্চয়ের নিশ্চয়তা। আছে ভোরে বিলে নামা, শাপলা সংগ্রহ করা এবং হাটে গিয়ে বিক্রি করার নিরন্তর চেষ্টা।

ছবি তোলার জন্য দাঁড়ালে কিছুক্ষণ থমকে যান তিনি। ছবি তোলা শেষে কথা বলতে গিয়ে তার চোখ ছলছল করে ওঠে। স্থানীয় ভাষায় বললেন, ‘ক্ষেতে কোলার কাম না থাকলে, বিলে শাপলা তুলি। বিলে শাপলা ছিল বইলা চুলার পাহায় পাইলা ওডে, নইলে না খাইয়া থাহোন লাগতো। এই শাপলাই আমাগো সম্বল, শাপলা আমাগো মতো গরিবের প্যাডের ভাত জোগায়।’

তার কথায় লুকিয়ে ছিল বিলাঞ্চলের বহু পরিবারের বাস্তবতা। বাজারে শাপলার আঁটি দেখে ক্রেতা হয়তো এর দরদাম করেন। কিন্তু সেই আঁটির সঙ্গে জড়িয়ে থাকা একটি পরিবারের শ্রম, অনিশ্চয়তা এবং খাবার জোগাড়ের সংগ্রামের হিসাব সচরাচর সামনে আসবে না।

শাপলার অর্থনীতি: গ্রাম থেকে শহরের খাবার টেবিলে

শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে পাইকাররা একসঙ্গে বিপুল পরিমাণ শাপলা কেনেন। পরে সেগুলো বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। স্থানীয় বাজারের সবজি বিক্রেতারা যেমন এ ব্যবসার সঙ্গে যুক্ত, তেমনি দূরবর্তী শহরে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে পরিবহন ও পাইকারি বিপণনের একটি ধারাও তৈরি হয়েছে।

এই ব্যবস্থায় একদিকে শাপলা সংগ্রহকারী পরিবার আয় করে; অন্যদিকে পাইকার ও খুচরা বিক্রেতারা ব্যবসার সুযোগ পান। পরিবহনকর্মীসহ পণ্য সরবরাহের বিভিন্ন ধাপের মানুষেরও কাজের সুযোগ তৈরি হতে পারে। ফলে শাপলাকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক কার্যক্রম একটি পরিবারের আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি স্থানীয় বাজারব্যবস্থার সঙ্গেও যুক্ত হয়।

আজ শহরের সবজির ভ্যানে বা বাজারে শাপলা দেখা গেলে তার পেছনের দীর্ঘযাত্রাটি সহজেই চোখ এড়িয়ে যায়। অথচ গ্রামের বিল থেকে শাপলা সংগ্রহ করে আঁটি বাঁধা, পাইকারের কাছে বিক্রি, দূরের বাজারে পরিবহন এবং খুচরা বিক্রির মধ্য দিয়ে পণ্যটি ক্রেতার হাতে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়াই গ্রামীণ অর্থনীতির একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ উদাহরণ।

সম্ভাবনা আছে, প্রয়োজন পরিকল্পনার

শাপলা প্রকৃতিতে সহজলভ্য হলেও এর সংগ্রহ ও বিপণনব্যবস্থা পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। জোয়ার-ভাটা-বর্ষার পানি, আবহাওয়া, জলাভূমির অবস্থা এবং বাজারের চাহিদার ওপর নির্ভর করে সংগ্রহের পরিমাণ ওঠানামা করে। পাশাপাশি দ্রুত পচনশীল পণ্য হওয়ায় সময়মতো বাজারে পৌঁছানো জরুরি। পরিবহনব্যবস্থা দুর্বল হলে বা বাজারে চাহিদা কমে গেলে সংগ্রহকারীদের আয়ও ক্ষতিগ্রস্ত হতে পারে।

কিছু উদ্যোগ শাপলানির্ভর পরিবারগুলোর আয় ও কাজের পরিবেশ উন্নত করতে পারে। যেমন- সংগ্রহকারীদের জন্য স্থানীয় পর্যায়ে সংগঠিত বাজারব্যবস্থা গড়ে তোলা, ন্যায্যদাম নিশ্চিত করতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং পরিবহনের খরচ কমানোর ব্যবস্থা করা। একই সঙ্গে শাপলা সংগ্রহ ও সংরক্ষণের উপযোগী স্বাস্থ্যসম্মত পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।

শাপলা যেহেতু জলাভূমিনির্ভর, তাই এর দীর্ঘমেয়াদি প্রাপ্যতা নিশ্চিত করতে বিল, খাল ও প্রাকৃতিক জলপ্রবাহ রক্ষাও গুরুত্বপূর্ণ। জলাভূমির স্বাভাবিক পরিবেশ নষ্ট হলে শাপলার প্রাচুর্য কমে যেতে পারে; তার প্রভাব পড়বে এ সম্পদের ওপর নির্ভরশীল মানুষের জীবিকায়ও।

প্রকৃতির দান, শ্রমের মর্যাদা

শাপলা নিয়ে গ্রামবাংলার মানুষের অনুভূতিও আলাদা। বছরের একটি নির্দিষ্ট সময়ে বিলজুড়ে শাপলা ফুটলে অনেকের কাছে তা প্রকৃতির আশীর্বাদ হয়ে আসে। স্থানীয় কেউ কেউ একে ‘স্রষ্টার পক্ষ থেকে উপহার’ বলেও মনে করেন। কারণ এই ফুলের সৌন্দর্যের বাইরেও আছে জীবনের সঙ্গে গভীর সম্পর্ক—শাপলা আছে বলে কাজ আছে, কাজ আছে বলে আয় আছে, আর আয় আছে বলেই অনেক পরিবারের চুলায় আগুন জ্বলে।

তাই তো হারুন মিয়ার মতো মানুষ প্রতিদিন সকালে বিলে নামেন। নৌকায় শাপলা তোলেন, আঁটি বাঁধেন, তারপর হাটে নিয়ে বিক্রি করেন। হয়তো আবার সংসারের বাজার করবেন, সন্তানের কোনো ছোট্ট আবদার পূরণ করবেন। তার স্বপ্ন বড় নয়, কিন্তু সেই স্বপ্নপূরণের জন্য প্রতিদিনের শ্রমটি তার কাছে অনেক বড়।

বিলের পানিতে ফুটে থাকা শাপলা শুধু জাতীয় ফুল নয়, শুধু সবজি হিসেবেও সীমাবদ্ধ নয়। অনেক দরিদ্র পরিবারের কাছে এটি জীবিকার অবলম্বন, অনিশ্চিত দিনের ভরসা এবং বেঁচে থাকার লড়াইয়ে প্রকৃতির কাছ থেকে পাওয়া এক মূল্যবান সহায়তা।

শহরের বাজারে যখন এক আঁটি শাপলা বিক্রি হয়; তখন তার সঙ্গে বিক্রি হয় না শুধু কয়েকটি জলজ কাণ্ড। এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের ভোরবেলার পরিশ্রম, বিলের পানিতে বৈঠা চালানো হাত, আঁটি বাঁধা নারীর শ্রম, সন্তানের ভবিষ্যতের স্বপ্ন আর রাতের খাবার জোগাড়ের নিশ্চয়তা খোঁজার চেষ্টা।

প্রকৃতি শাপলা জন্ম দেয় বিনা চাষে; কিন্তু সেই শাপলাকে জীবিকায় রূপ দিতে মানুষের শ্রমের কোনো বিকল্প নেই। আর এই শ্রমের মর্যাদা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে বিলের শাপলা শুধু দরিদ্র মানুষের তাৎক্ষণিক বেঁচে থাকার অবলম্বন হয়েই থাকবে না, গ্রামীণ অর্থনীতির আরও কার্যকর সম্পদ হয়ে উঠবে।