খাসজমি উদ্ধারে প্রশাসনের টানা তিন দিনের অভিযান, আগাম নোটিশ না দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ও চাঁদপুর জেলার সীমান্তবর্তী মেঘনা নদী এলাকায় সরকারি খাসজমিতে নির্মিত মৎস্যঘের উচ্ছেদে অভিযান চালিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে টানা তিন দিন অভিযান চালিয়ে কয়েকটি মৎস্যঘেরের বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে ঘেরের মাছ নদীতে চলে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন মৎস্যচাষি ও ঘের মালিকেরা।

শরীয়তপুরের ফেরিঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় এসব মৎস্যঘের গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, একটি চক্র সরকারি খাসজমিতে ঘের নির্মাণ করে পরে সাধারণ ব্যবসায়ী ও মৎস্যচাষিদের কাছে সেগুলো লিজ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, মমিন দিদার নামের এক ব্যক্তি এসব ঘের নির্মাণ ও পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী স্থানীয় নেতার সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ঘেরের বাঁধ কেটে দেওয়ার পর মাছ নদীতে ছড়িয়ে পড়লে চাঁদপুর ও শরীয়তপুরের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেখানে মাছ ধরতে আসেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘের মালিকদের দাবি, অনেকে এসব মাছ কম দামে বিক্রি করেছেন। এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কেউ কেউ ক্ষতির পরিমাণ শতকোটি টাকা বলে দাবি করেছেন। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

চাঁদপুর জেলা প্রশাসনের দাবি, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মৎস্যঘেরের বাঁধের বিভিন্ন অংশ কেটে দিয়ে মেঘনা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং সরকারি খাসজমি অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে ক্ষতিগ্রস্ত ঘের মালিক ও মৎস্যচাষিদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই তাদের ঘেরের বাঁধ কেটে দেওয়া হয়েছে। এতে চাষ করা বিপুল পরিমাণ মাছ নদীতে চলে যায়। তাদের দাবি, আগে থেকে নোটিশ দিয়ে সময় দেওয়া হলে মাছ সরিয়ে নেওয়া সম্ভব হতো এবং ক্ষয়-ক্ষতি অনেকটাই কমানো যেতো।

একজন ঘের মালিক অভিযোগ করে বলেন, ‘শুধু আমাদের ঘেরের বাঁধ কাটা হয়নি, মাছের জন্য আনা খাবারও পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে আমরা আরও বেশি ক্ষতির মুখে পড়েছি। পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি।’

ঘের মালিকরা আরও বলেন, শরীয়তপুর ও চাঁদপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত কাগজপত্র নিয়ে তারা সেখানে মৎস্য চাষ করছিলেন। জমির কোনো অংশ সরকারি খাসজমি হলে প্রশাসন তাদের নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতো। কিন্তু আগাম নোটিশ ছাড়াই অভিযান পরিচালনা করায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তাদের দাবি, মৎস্যঘেরগুলোর কিছু অংশ চাঁদপুর এবং কিছু অংশ শরীয়তপুর জেলার সীমানার মধ্যে পড়েছে। দুই জেলার সীমানা নিয়ে জটিলতার কারণে তারা প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা পাচ্ছেন না। এ অবস্থায় দ্রুত সীমানা নির্ধারণ, ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ, ক্ষতিপূরণ এবং আইনসম্মতভাবে মৎস্য চাষের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শরীয়তপুরের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে দুই জেলার সীমানা সঠিকভাবে নির্ধারণ করা প্রয়োজন। ঘেরের কোন অংশ চাঁদপুর এবং কোন অংশ শরীয়তপুরের সীমানার মধ্যে পড়েছে, তা নির্ধারণের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। শরীয়তপুরের সীমানায় থাকা অংশে বিধি মেনে মৎস্য চাষের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, ঘের কেটে দেওয়ার ঘটনায় কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন ঘের মালিকেরা। তাদের আহ্বান, দুই জেলার প্রশাসন যৌথভাবে সীমানা জটিলতার সমাধান করে ক্ষয়-ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক।




সোশ্যাল মিডিয়া ব্যবহারে আত্মনিয়ন্ত্রণ জরুরি

ইসলামিক ডেস্কঃ বর্তমান যুগকে বলা হয় তথ্য ও প্রযুক্তির যুগ। পৃথিবীর কোটি কোটি মানুষ আজ ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত। প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতি মানবজীবনকে যেমন সহজ করেছে, তেমনি নতুন কিছু চ্যালেঞ্জও সৃষ্টি করেছে। আজ অনেকের দিন শুরু হয় মোবাইলের স্ক্রিন দেখে, আর শেষ হয় সোশ্যাল মিডিয়ার নিউজফিড স্ক্রল করতে করতে। ফলে অজান্তেই প্রযুক্তি মানুষের জীবন পরিচালনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে।

নামাজে যেমন ইমাম সামনে থেকে নেতৃত্ব দেন আর মুক্তাদি তাঁর অনুসরণ করেন, তেমনি আধুনিক সমাজে অনেক মানুষের জীবনযাত্রা, চিন্তাভাবনা, পছন্দ-অপছন্দ, এমনকি মূল্যবোধও অনেকাংশে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম দ্বারা পরিচালিত হচ্ছে। একজন মুমিনের জন্য এটি গভীরভাবে ভাবনার বিষয়। কারণ ইসলাম মানুষকে পরিস্থিতির দাস নয়, বরং আত্মনিয়ন্ত্রিত, সচেতন ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে চায়। তাইতো আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে।’(সুরা : আসর, আয়াত : ১-২)

বর্তমানে অসংখ্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেন, অথচ দিনের শেষে উপলব্ধি করেন যে তারা উল্লেখযোগ্য কোনো উপকারই অর্জন করেননি। ইসলাম আমাদের শিক্ষা দেয়, প্রতিটি মুহূর্তের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। মহানবী (সা.) বলেন, ‘কিয়ামতের দিন বান্দার পদযুগল নড়বে না, যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে—তার জীবন কোথায় ব্যয় করেছে।’ (তিরমিজি, হাদিস: ২৪১৭)

সুতরাং সোশ্যাল মিডিয়ায় ব্যয় করা প্রতিটি মিনিটও আমাদের আমলনামার অংশ।

যেভাবে চিন্তার স্বাধীনতা হারিয়ে ফেলছেন 

সোশ্যাল মিডিয়ার অন্যতম বড় প্রভাব হলো এটি মানুষের চিন্তাকে প্রভাবিত করে। কী ট্রেন্ডিং, কী জনপ্রিয়, কে কী বলছে—এসব দেখে অনেক মানুষ নিজের বিবেক ও বিচারশক্তির পরিবর্তে জনমতের অনুসারী হয়ে যায়।মহান আল্লাহ বলেন, ‘যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না।’(সুরা : ইসরা, আয়াত : ৩৬)

এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে অন্ধ অনুসরণ নয়, বরং যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়াই একজন মুমিনের বৈশিষ্ট্য। সোশ্যাল মিডিয়ার যুগে এটি আরও বেশি প্রাসঙ্গিক।

ইসলাম মানুষের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয়। একজন মুমিন কখনো তার ইচ্ছা, আবেগ কিংবা পরিবেশের অন্ধ অনুসারী হয় না। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, তার আবাস হবে জান্নাত।;’ (সুরা : নাজিআত, আয়াত : ৪০-৪১)

আজকের দিনে নফসের অন্যতম বড় পরীক্ষা হলো উদ্দেশ্যহীন স্ক্রলিং, সময় অপচয় এবং ডিজিটাল আসক্তি। একজন সচেতন মুসলিমকে এসব বিষয়ে আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে হবে। মহানবী (সা.) বলেন, ‘মানুষের ইসলামের সৌন্দর্যের অন্যতম লক্ষণ হলো, সে অনর্থক বিষয় পরিত্যাগ করে।’ (তিরমিজি, হাদিস : ২৩১৭)

সোশ্যাল মিডিয়ায় এমন অসংখ্য বিষয় রয়েছে যা মানুষের দুনিয়া ও আখিরাত—উভয়ের জন্যই কোনো কল্যাণ বয়ে আনে না। একজন মুমিনের উচিত উপকারী জ্ঞান, ইসলামী শিক্ষা, ব্যবসায়িক দক্ষতা, শিক্ষামূলক বিষয় এবং সমাজকল্যাণমূলক কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া।

আর সোশ্যাল মিডিয়াকে মুক্তাদি বানানোর অর্থ প্রযুক্তি বর্জন করা নয়; বরং প্রযুক্তিকে নিজের লক্ষ্য ও মূল্যবোধের অধীনস্থ করা। অর্থাৎ— আমরা সোশ্যাল মিডিয়ার দাস হব না, আমরা সময় নির্ধারণ করে ব্যবহার করব, অপ্রয়োজনীয় স্ক্রলিং কমিয়ে আনব, উপকারী ও শিক্ষামূলক কনটেন্ট অনুসরণ করব, গিবত, অপবাদ, অশ্লীলতা ও ফিতনা থেকে দূরে থাকব, প্রযুক্তিকে দ্বীনের খেদমত, জ্ঞান অর্জন ও আত্মউন্নয়নের মাধ্যম হিসেবে ব্যবহার করব ইত্যাদি। যখন প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে না, বরং আমরা প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব—তখনই সোশ্যাল মিডিয়া মুক্তাদি হবে আর আমরা নিজেদের জীবনের ইমাম হতে পারব।

একজন মুমিনের ডিজিটাল নীতিমালা:

১. দিনের নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা।
২. ফজর ও এশার পর অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমানো।
৩. প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত ও ইসলামী জ্ঞানার্জনের জন্য নির্ধারণ করা।
৪. কোনো খবর শেয়ার করার আগে যাচাই করা।
৫. গিবত, তর্ক-বিতর্ক ও অশ্লীল কনটেন্ট থেকে দূরে থাকা।
৬. বাস্তব জীবনের পরিবার, আত্মীয়স্বজন ও সমাজের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়া।
৭. প্রতিদিন নিজের স্ক্রিন টাইম পর্যালোচনা করা।

সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। এটি মানুষের জ্ঞান বৃদ্ধি করতে পারে, আবার সময় ও চিন্তার স্বাধীনতাও কেড়ে নিতে পারে। তাই একজন মুমিনের দায়িত্ব হলো প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে রাখা, প্রযুক্তির নিয়ন্ত্রণে চলে না যাওয়া। ইসলাম আমাদের আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা এবং সময়ের মূল্য শেখায়।

সুতরাং আসুন, আমরা সোশ্যাল মিডিয়াকে আমাদের জীবনের ইমাম না বানিয়ে তাকে মুক্তাদির আসনে বসাই। আমাদের চিন্তা, সময়, আমল এবং জীবন পরিচালনার নেতৃত্ব যেন থাকে কোরআন, সুন্নাহ ও বিবেকের হাতে। তখনই আমরা প্রযুক্তির সুফল ভোগ করতে পারব এবং দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই সফলতার পথে এগিয়ে যেতে পারব। মনে রাখতে হবে, একজন মুমিনের হাতে প্রযুক্তি একটি উপকারী হাতিয়ার; কিন্তু প্রযুক্তির হাতে একজন মুমিন কখনো খেলনা হতে পারে না।




বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত, অতি প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি ধীরে ধীরে গতিপথ পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী বুধবার, ২৮ অক্টোবর, অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি অতি প্রবল রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশের ওপরও পড়ার আশঙ্কা রয়েছে।

তবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি। হাফিজুর রহমানের ভাষ্য, স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের গতিপথ ও বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানলে সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার প্রভাব তুলনামূলক বেশি হতে পারে।

এদিকে চলতি মাসে দেশের অধিকাংশ অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এর আগে আগস্ট ও সেপ্টেম্বর মাসেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছিল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে পরবর্তী এক-দুই দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।




এবিজি স্পোর্টস সিটির অন্যরকম দিন

খেলাধুলা ডেস্কঃ এবিজি স্পোর্টস সিটিতে কত উৎসবই না হয়েছে। ফুটবল, ক্রিকেট, বক্সিংসহ আরও নানা আয়োজনে এখানে দর্শকরা মুগ্ধ হয়েছেন। আন্তর্জাতিক উৎসবও দেখেছেন। তবে আজ এক অন্যরকম আয়োজনে মেতে উঠতে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি। তারুণ্যের উৎসব। বাংলাদেশের অন্যতম সেরা ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ও ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ। প্রথম দিনে লড়াই হবে ব্যাটবলের। আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে সোনারগাঁও ইউনিভার্সিটি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই ম্যাচ শুরু হবে রাত ৮টায়।

গত কয়েক সপ্তাহ ধরেই এবিজি ইউনিভার্সিটি কাপ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলছে দারুণ উন্মাদনা। ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামে ক্রিকেটার ও ফুটবলার ছাড়াও সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছেন। টুর্নামেন্ট শুরুর আগেই ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। কোন বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন তর্কবিতর্কে। খেলোয়াড় বাছাই করতেও কঠোর পরিশ্রম করেছে দলগুলো। নিজেদের সেরা প্লেয়ারদের নিয়ে দল গঠন করেছে। সবার লক্ষ্যই চ্যাম্পিয়ন হওয়া।

গত বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে ছিলেন ক্রিকেট ও ফুটবল টিমের ২০ জন অধিনায়ক। তাদের নিয়ে হয়েছে ‘ক্যাপ্টেনস মিট’। রঙিন জার্সি তুলে দেওয়া হয়েছে দলগুলোর হাতে।

এবিজি ইউনিভার্সিটি কাপ আয়োজনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানেই এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান বলেছেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের অনুপ্রেরণা এবং তাঁর সুযোগ্য সন্তান, এবিজি গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের আন্তরিক ইচ্ছা ও আগ্রহেই আমাদের এ প্রচেষ্টা। তাঁর দিকনির্দেশনাতেই এ নতুন উদ্যোগের সূচনা হয়েছে।’

আনভীর ক্রিকেট স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস অ্যারিনা এরই মধ্যে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এসে প্রসংশা করেছেন আনভীর ক্রিকেট স্টেডিয়ামের। বসুন্ধরা কিংস অ্যারিনা স্বীকৃতি পেয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসির। এই মাঠে খেলেছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন আর লেবাননের মতো দল। খেলেছে মালদ্বীপ আর আফগানিস্তানও। এএফসি কাপের ম্যাচও আয়োজন করেছে কিংস অ্যারিনা। বাংলাদেশের ক্রীড়া জগতে এরই মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে এবিজি স্পোর্টস সিটি। দেশের খেলাধুলা তো বটেই, বিশ্ব ক্রীড়া আসরগুলোকেও আকর্ষণ করছে এই সিটি। ২০৩১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার জন্য নতুন এক ক্রিকেট স্টেডিয়ামও গড়ে উঠছে এবিজি স্পোর্টস সিটিতে। ২০২৭ সালের মধ্যে নতুন এই স্টেডিয়ামের কাজ শেষ হওয়ার আশা করছেন কর্তৃপক্ষ। বিশ্বকাপ ফুটবলের অংশ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারিনা। এই মাঠে খেলে যাওয়ার অস্ট্রেলিয়া দলের ১১ জন ফুটবলার আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন। এবার ক্রিকেট বিশ্বকাপেরও অংশ হতে যাচ্ছে এই সিটি।

বিশ্ববিদ্যালয়ের তরুণ ছেলেরা বিখ্যাত এই মাঠ দুটিতে খেলার সুযোগ পাচ্ছেন। তাদের পদচারণে আগামী কয়েক সপ্তাহ মুখরিত হয়ে উঠবে এবিজি স্পোর্টস সিটি। ক্রিকেট টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে ইউনিভার্সিটি অব স্কলারস, ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ‘বি’ গ্রুপে খেলবে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ‘বি’ গ্রুপে খেলবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনিভার্সিটি অব স্কলারস, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি। দলগুলো প্রস্তুত। মঞ্চও প্রস্তুত। এবার কেবল পর্দা ওঠার অপেক্ষা। আজই শেষ হচ্ছে সেই অপেক্ষার প্রহর।




মাঠে ফের বিতর্কের জন্ম দিলেন নেইমার

খেলাধুলা ডেস্কঃ মাঠে নেমে আলোচনার জন্ম দেওয়া যেন নেইমার জুনিয়রের জন্য নতুন কিছু নয়। এবার সান্তোসের হয়ে খেলতে নেমে বিতর্কের জন্ম দিলেন তিনি। মুখের ওপর হাত রেখে প্রতিপক্ষকে কিছু একটা বলেছিলেন। অভিযোগ পাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাকে লাল কার্ড দেখান প্রধান রেফারি। তবে নেইমার তাতে থামার মানুষ নন। অভিযোগকারীর দিকে তেড়ে যান এবং মাঠ ছেড়ে যাওয়ার সময় তাকে ‘দেখে নেওয়ার’ হুমকিও দেন। শনিবার রাতে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোস-বাহিয়া ম্যাচে এ ঘটনাটি ঘটে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

লাল কার্ড দেখার আগে প্রথমার্ধে একটি হলুদ কার্ডও দেখেছেন নেইমার। আগেও একটি কার্ড থাকায় তখনই নিশ্চিত হয়ে যায় পরের ম্যাচে পালমেইরাসের বিপক্ষে তিনি খেলতে পারবেন না। পরে লাল কার্ড দেখায় নেইমারের নামের পাশে নিষেধাজ্ঞা বেড়েছে আরও এক ম্যাচ।

ঘটনার সূত্রপাত প্রথমার্ধে। বল দখলের লড়াইয়ে বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেইমার। এরপর প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারায় হলুদ কার্ড দেখেন সান্তোসের ১০ নম্বর জার্সিধারী। তবে কার্ড দেখেও শান্ত হননি তিনি। নেস্টরের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি বাহিয়ার অন্য খেলোয়াড়দের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় তার। একপর্যায়ে বাহিয়ার কোচ রজেরিও সেনির সঙ্গেও কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার।

প্রথমার্ধ শেষে নেইমারের আচরণ নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানান নেস্টর। তার অভিযোগ, নেইমার শুধু তাকেই অসম্মান করেননি, অসম্মান করেছেন বাহিয়া ক্লাবকেও।

কী কথা বলেছিলেন নেইমার, তা অবশ্য প্রকাশ করতে চাননি নেস্টর। তার যুক্তি, এমন কথা শিশুদের সামনে বলা ঠিক হবে না। তবে তার এ মন্তব্যের পর দুই খেলোয়াড়ের বিরোধ যে আরও তীব্র হয়েছিল, বিরতির পরের ঘটনাতেই তা স্পষ্ট হয়ে যায়।

মুখ ঢেকে কী বলেছিলেন নেইমার?

দ্বিতীয়ার্ধ শুরুর আগে মাঠে ফিরে নেস্টরের সঙ্গে আবারও তর্কে জড়ান নেইমার। নেস্টর তাকে খেলা শুরু করতে দেওয়ার জন্য সরে যেতে বলেন। জবাবে নেইমার মুখের ওপর হাত রেখে কিছু বলেন। সঙ্গে সঙ্গে রেফারি সাভিও সাম্পাইওর কাছে গিয়ে অভিযোগ জানান নেস্টর।

এরপর পরিস্থিতি সামাল দিতে ভিএআরের সাহায্য নেন রেফারি। ভিডিও পর্যালোচনা করে নেইমারের আচরণকে শাস্তিযোগ্য অসদাচরণ হিসেবে বিবেচনা করে রেফারি তাঁকে লাল কার্ড দেখান।

লাল কার্ড দেখার পরও ক্ষোভ সামলাতে পারেননি নেইমার। নেস্টরের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অন্য খেলোয়াড়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একপর্যায়ে নেইমারকে মারকোস ভিক্টরের গলাও চেপে ধরতে দেখা যায় বলে ম্যাচের বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে মাঠ ছাড়েন তিনি।

‘আমি কিছুই বলিনি’, দাবি নেইমারের:

মাঠ ছাড়ার পথে ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার পেদ্রো লোপেসের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি দাবি করেন, নেস্টরের সঙ্গে হাসিঠাট্টা করেছিলেন। মুখ ঢেকে কথা বলার ঘটনাটিকে ভুল হিসেবে স্বীকার করলেও তাঁর দাবি, তিনি কিছু বলার আগেই নেস্টর রেফারির কাছে অভিযোগ করেছেন।

নেইমার বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে মজা করছিলাম, হাসাহাসি করছিলাম। এরপর নেস্টরের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, মুখের ওপর হাত রাখাটা আমার ভুল হয়েছে। আমি কিছু বলিইনি, অথচ সে এরই মধ্যে হাত তুলে ফেলেছে। ফুটবলে এর চেয়ে বড় নোংরা চাল আর হয় না। তবে আমি নেস্টরকে দেখে নেব।’ ব্রাজিলের সংবাদমাধ্যম স্পোরটিভির প্রতিবেদন অনুযায়ী, মাঠ ছাড়ার সময় নেস্টরকে ‘বদমাশ’ বলেও মন্তব্য করেন নেইমার।




র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলল আফগানিস্তান, নবমেই বাংলাদেশ

খেলাধুলা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। দারুণ খেলে র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছে আফগানরা। অন্যদিকে আরেক ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরেছে ইংল্যান্ড। এতে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে টপকে গেছে আফগানিস্তান।

র‍্যাঙ্কিংয়ে ছয় থেকে আটে নেমেছে ইংল্যান্ড। সাত থেকে ছয়ে উঠেছে শ্রীলঙ্কা। আর এক ধাপ উন্নতি করে সাতে অবস্থান করছে আফগানিস্তান।

আফগানিস্তানের উন্নতি এসেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। শারজায় শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে আফগানরা।

অন্যদিকে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে প্রথমে স্বাগতিকদের কাছে হারে ইংল্যান্ড। এরপর বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৯ রান করেও আবার হারে তারা। সেই জয়ের সুবাদেই ইংল্যান্ডকে টপকে ছয়ে উঠে এসেছে শ্রীলঙ্কা।

র‍্যাঙ্কিংয়ে ছয়ে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৯৫। ৭ নম্বরে উঠে আসা আফগানিস্তানের ৯৪। আর আটে নেমে যাওয়া ইংল্যান্ডের ৯৩। অর্থাৎ মাত্র ২ রেটিং পয়েন্টের মধ্যে আছে তিন দল।

শারজার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা জিম্বাবুয়েরও উন্নতি হয়েছে। দলটির রেটিং পয়েন্ট বেড়েছে ২। ৬৩ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে এখন ১১ নম্বরে। তবে বাংলাদেশ ভালো করতে পারেনি ত্রিদেশীয় সিরিজে, ফলে নেই কোন সুসংবাদ। টুর্নামেন্টে দুই ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। তাতে রেটিং পয়েন্ট কমেছে ২। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৮১। অবশ্য র‍্যাঙ্কিংয়ে অবস্থানের পরিবর্তন হয়নি। আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ১০৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নিউজিল্যান্ড। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (১০৪), পাকিস্তান (১০৩) ও অস্ট্রেলিয়া (১০২)।




স্পেন থেকে ফেরার পরদিনই মাঠে মেসি, হার এড়াতে পারলেন না মায়ামির

খেলাধুলা ডেস্কঃ স্পেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেই মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু রাজকীয় সম্মাননা পাওয়ার আনন্দ ধরে রাখা গেল না মাঠের লড়াইয়ে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে হেরে গেল ইন্টার মায়ামি। বিরতির পর বদলি হিসেবে মাঠে নেমেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।

স্পেনের ওভিয়েদো থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন লিওনেল মেসি। সঙ্গে ছিল বিশ্ব ফুটবলে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’। কিন্তু সেই অর্জনের রেশ কাটতে না কাটতেই মাঠে নেমে হতাশ হতে হলো আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ইন্টার মায়ামির হারে ম্লান হয়ে গেল তার ব্যক্তিগত অর্জনের আনন্দ।

স্পেনের রাজপরিবারের দেওয়া এই সম্মাননা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই মায়ামির হয়ে মাঠে নামেন মেসি। তবে ভ্রমণ ও ব্যস্ত সূচির বিষয়টি বিবেচনায় রেখে তাকে শুরু থেকেই খেলাননি দলের কোচ। বিরতির পর মাঠে নামলেও ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারেননি মায়ামি অধিনায়ক।

ম্যাচের শুরু থেকেই অবশ্য পিছিয়ে পড়েছিল মায়ামি। প্রথমার্ধের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। সেই ধাক্কা সামলে সমতায় ফেরার চেষ্টা করলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি মায়ামি।

দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামিয়ে আক্রমণে গতি বাড়ানোর চেষ্টা করে মায়ামি। ম্যাচের ৫৬তম মিনিটে রিকুয়েলমে ফিলিপির বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তার উপস্থিতিতে গোল শোধের আশায় আক্রমণ চালায় দলটি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। উল্টো যোগ করা সময়ে এমিল ফোর্সবার্গের গোলে ব্যবধান দ্বিগুণ করে নিউইয়র্ক রেড বুলস। শেষ পর্যন্ত ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

এই হারে মায়ামির সাম্প্রতিক দাপুটে পারফরম্যান্সেও ছেদ পড়ল। চলতি মাসে টানা তিন ম্যাচ জিতে প্রতিপক্ষের জালে নয় গোল করেছিল দলটি। রেড বুলসের বিপক্ষে সেই আক্রমণাত্মক ছন্দের ছিটেফোঁটাও দেখা যায়নি। পুরো ম্যাচে গোল করতে না পারার হতাশা নিয়েই ফিরতে হয়েছে মেসিদের।

অথচ নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যান ছিল মায়ামির পক্ষে। আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে তিনটি জয় ও একটি ড্র পেয়েছিল তারা। ওই চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোলও করেছিল দলটি। এবার সেই আধিপত্য ধরে রাখতে ব্যর্থ হলো মায়ামি।

দল হারলেও ব্যক্তিগত গোল ও গোলে সহায়তার পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছেন মেসি। চলতি মৌসুমে তার গোলসংখ্যা ২৫, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৫টি গোল করিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলে সহায়তাকারীর অবস্থানেও রয়েছেন তিনি।




স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ডেস্ক নিউজঃ ইউরোপের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক কূটনীতি আরও জোরদার করতে স্পেন ও যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।
রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর করা এবং বহুমাত্রিক সাংস্কৃতিক কূটনীতি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সফরকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট দেশ দুটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, নীতিনির্ধারক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পর্যটন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক বিনিময়ের নানা দিক গুরুত্ব পাবে।
সফরের প্রথম পর্বে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শামা ওবায়েদ। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোক্তা ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। মূলত বাংলাদেশি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, শীর্ষ আমদানিকারক ও বিনিয়োগকারীদের সরাসরি ব্যবসায়িক সংযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
স্পেনের কর্মসূচি শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। লন্ডনে তাঁর কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমৃদ্ধ শিল্প ও ঐতিহ্যের প্রসার, আন্তর্জাতিক অংশীদারত্ব বৃদ্ধি এবং দেশের বিকাশমান সৃজনশীল অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি শক্তিশালী করা, নতুন সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করা এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারে সরকারের কৌশলগত অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ এ সফর।



একনেকের আজকের সভা স্থগিত যে কারণে

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।

সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীলরা জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই গতকাল রাতে বৈঠকটি স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা কমিশন জানায়, আজ রাতের ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সফরের আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ শেষ করতে হচ্ছে। একনেকের বৈঠক শুরু হলে তা দুপুরের খাবারের আগে শেষ করা সম্ভব হতো না। সব দিক বিবেচনা করেই বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজকের একনেক বৈঠকে উপস্থাপনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ-তিতাস-৩২ ও তিতাস-৩৩ খনন। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও এই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।




শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ, তদন্তের পরও বহাল বিতর্কিত কর্মকর্তারা

বিশেষ প্রতিবেদকঃ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, সংস্কার ও উন্নয়নকাজে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি)। কিন্তু এই অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজ, কর্মকর্তাদের বদলি-পদায়ন, দরপত্র মূল্যায়ন এবং ঠিকাদারদের বিল পরিশোধ নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে বিল দেওয়া, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সুবিধা নেওয়া এবং গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তারের মতো বিষয়।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও অধিদপ্তরের বেশ কয়েকজন বিতর্কিত কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে মোজাহিদুল ইসলাম আলিফ, জাহেদুল করীম, মো. শহিদুল ইসলাম, মো. আবুল হাসেম সরদার ও সরোয়ার হোসেনের নাম আলোচনায় এসেছে। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাবেক ও বর্তমান কয়েকজন নেতার সঙ্গে সংশ্লিষ্টতা এবং অতীতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

তদন্তে উঠে এসেছে অসমাপ্ত কাজের বিল পরিশোধের অভিযোগ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রো জোনে দায়িত্ব পালন করছেন মোজাহিদুল ইসলাম আলিফ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে রাজধানীর কাফরুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৪ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের কাজ চলছিল। অভিযোগ রয়েছে, নির্মাণকাজের অগ্রগতি অনুযায়ী বিল পরিশোধ না করে ঠিকাদারকে আগাম অর্থ দেওয়া হয়েছিল। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২ কোটি ৩৩ লাখ ৪১ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর সরেজমিনে তদন্ত করে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলার কাজও তখনো শেষ হয়নি। একই সময়ে চতুর্থ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল বলে তদন্তে উল্লেখ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কাজের বাস্তব অগ্রগতি ও পরিশোধ করা অর্থের মধ্যে অসংগতি ছিল। প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার কাজ সম্পন্ন না করেই বিল পরিশোধের অভিযোগও ওঠে। এ ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি মোজাহিদুল ইসলাম আলিফসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সেই সুপারিশের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

অভিযোগ রয়েছে, সাভার জোনে দায়িত্ব পালন করার সময়ও আলিফের বিরুদ্ধে আরেকটি বড় প্রকল্পে অগ্রিম বিল পরিশোধের বিষয়টি সামনে আসে। কেরানীগঞ্জে আরবি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ কোটি টাকার প্রকল্পে কাজের অগ্রগতির তুলনায় বেশি অর্থ পরিশোধের অভিযোগ রয়েছে। এ প্রকল্পে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ২০ কোটি টাকা অগ্রিম দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া আগারগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়সংলগ্ন প্রায় ১০০ কোটি টাকার একটি প্রকল্পের দরপত্র মূল্যায়ন নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে আলিফকে ঢাকা মেট্রো জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান প্রকৌশলীর পদ নিয়ে আলোচনায় জাহেদুল করীম

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আরেক কর্মকর্তা জাহেদুল করীমকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি অতীতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০২২ সালের ২৭ জুলাই ঘোষিত ওই কমিটিতে তাঁর নাম ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে সময় তিনি ঢাকা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক যোগাযোগ কাজে লাগিয়ে অতীতে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার পরও তিনি এখন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদে আসীন হওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে পদায়ন ও প্রশাসনিক সুবিধা পাওয়ার অভিযোগ থাকলেও এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট নথি যাচাই প্রয়োজন। একজন কর্মকর্তার রাজনৈতিক সংগঠনের সঙ্গে অতীতের সংশ্লিষ্টতা একাই অনিয়মের প্রমাণ নয়; বরং তাঁর পদায়ন, দায়িত্ব পালন ও প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা যাচাই করাই গুরুত্বপূর্ণ।

প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর ভূমিকা নিয়ে প্রশ্ন

অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদীর দায়িত্ব পালন নিয়েও অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা হিসেবে অধীনস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা এবং সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ব তাঁর প্রশাসনের ওপর বর্তায়।

অভিযোগকারীদের দাবি, অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, বদলি-পদায়ন নিয়ে প্রভাব বিস্তার এবং দরপত্র মূল্যায়নে পক্ষপাতের অভিযোগ ওঠার পরও কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি নেই। এ পরিস্থিতিতে প্রধান প্রকৌশলীর প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরের নথি এবং গৃহীত প্রশাসনিক পদক্ষেপ যাচাই করা প্রয়োজন।

মোজাহিদুল ইসলাম আলিফ, জাহেদুল করীম, মো. শহিদুল ইসলাম, মো. আবুল হাসেম সরদার ও সরোয়ার হোসেনকে ঘিরে যেসব অভিযোগ আলোচনায় এসেছে, সেগুলোর প্রতিটির প্রকৃতি ও প্রমাণ আলাদাভাবে পরীক্ষা করা দরকার। কারও বিরুদ্ধে অভিযোগ ওঠা মানেই তিনি অপরাধ করেছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অভিযোগের সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আর্থিক নথি গুরুত্বপূর্ণ।

সরকারি অর্থের ব্যবহার নিশ্চিত করতে তদন্তের দাবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পগুলো সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত। এসব প্রকল্পে সরকারি অর্থের অপচয় হলে শুধু আর্থিক ক্ষতিই হয় না, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির কাজও বাধাগ্রস্ত হয়। তাই নির্মাণকাজের বাস্তব অগ্রগতি অনুযায়ী বিল পরিশোধ, দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং কর্মকর্তাদের বদলি-পদায়নে নিয়ম অনুসরণ নিশ্চিত করা জরুরি।

অভিযোগগুলোর সুষ্ঠু নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিল পরিশোধের হিসাব, বিভাগীয় তদন্তের সুপারিশ এবং পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত প্রকাশের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। একই সঙ্গে যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁদের বক্তব্য নেওয়া এবং প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের ব্যবস্থা করার দাবি উঠেছে।

শিক্ষা অবকাঠামো উন্নয়নে বরাদ্দ করা অর্থের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত না করে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ এবং অভিযোগের সত্যতা না পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে অবস্থান পরিষ্কার করাও প্রয়োজন। এতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা ফিরিয়ে আনার পথ তৈরি হতে পারে।