খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও পদায়নে ৫০ লাখ টাকার লেনদেনের অভিযোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অদক্ষ কর্মকর্তাকে নিয়োগ!

বিশেষ প্রতিবেদনঃ গণ-অভ্যূত্থানের পর দেশের আপামর জনসাধারণ মনে করেছিল দুর্নীতি শূণ্যের কোঠায় নেমে আসবে, কিন্তু মানুষের সেই আশা দূরাশায় পরিণত হয়েছে অনেক ক্ষেত্রেই। দুর্নীতি অনেকাংশেই লাগামহীন অবস্থায় রয়েছে। এক শ্রেণীর দালাল, তদ্বিরবাজ, রাজনৈতিক নেতৃত্ব ও দুর্নীতিবাজ আমলারা গিলে খাচ্ছে সর্বত্র। সবকিছুই সামাল দিতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে।

আজকের এই প্রতিবেদন খাগড়াছড়ি বন বিভাগের নতুন ডিএফও’র পদায়ন নিয়ে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের উপর ভিত্তি করেই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ বন অধিদপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সংস্থা। এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির অনেক সুনামও রয়েছে। কিন্তু কোন কোন পোস্টিং বাণিজ্য নিয়েই সুনামের পরিবর্তে দুর্নাম ছড়াচ্ছে সর্বত্র। এতে করেই সমস্ত অর্জন ম্লাণ হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হচ্ছে বন প্রশাসনকে।

সারা দেশের মাঠ পর্যায়ের বিভাগীয় বন কর্মকর্তাদের পদায়নের প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বন প্রশাসন ও মন্ত্রণালয়ের সদিচ্ছার উপর ভর করেই পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু অপ্রিয় হলেও সত্য লোভনীয় পোস্টিংয়ের ক্ষেত্রে জোরালো তদ্বিরসহ মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টি ওপেন সিক্রেট। তবে এই রেওয়াজটি দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে এ রকমই ঘটনার সৃষ্টি হওয়ায় তীব্র অসন্তোষ বিরাজ করছে মাঠ পর্যায়ে।

গত ১৪ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-৩ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মাহমুদা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফরিদপুর সামাজিক বন বিভাগের ডিএফও (চলতি দায়িত্ব) তারিকুল ইসলামকে খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও হিসেবে পদায়ন করা হয়। অর্থাৎ তিনি এখনও বিভাগীয় বন কর্মকর্তা পদে চলতি দায়িত্বে পদোন্নতিপ্রাপ্ত। প্রজ্ঞাপন পর্যালোচনা করে স্পষ্টই প্রতীয়মান হয়েছে তাকে অকালীন বদলী করে খাগড়াছড়ি বন বিভাগে পদায়ন করা হয়েছে। তারিকুল ইসলামের পদায়নের প্রজ্ঞাপন জারি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এতে বোদ্দামহলে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

কিছুদিন পূর্বে খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও ফরিদ মিঞা অবসরোত্তর ছুটি যাওয়ায়  ডিএফওর পদটি শূণ্য হয়ে পড়ে। সূত্র জানায়, খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও’র পদ শূণ্য হওয়ার পূর্ব থেকেই একটি প্রভাবশালী মহল এই পদে একজন ডিএফও পদায়নের ক্ষেত্রে ফরিদপুর সামাজিক বন বিভাগে কর্মরত ডিএফও (চলতি দায়িত্ব) তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। দুর্নীতিবাজ এই বন কর্মকর্তার গ্রীণ সিগনাল পেয়েই ঐ প্রভাবশালী মহলটি পরিবেশ, বন ও জলবায় পরিবর্তন মন্ত্রণালয়ের একজন নির্ভরযোগ্য ব্যক্তির সন্তানের শরনাপন্ন হন।

সূত্র জানায়, যেহেতু খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার পদটি যেমন লোভনীয় তেমনি স্পর্শকাতর। সেই বিবেচনায় ৫০ লাখ টাকার চুক্তিতে ডিএফও (চলতি দায়িত্ব) তারিকুল ইসলাম সম্মতি প্রকাশ করেন। এরপরই ফরিদপুর সামাজিক বন বিভাগের ডিএফও তারিকুল ইসলামের পদায়নের প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সূত্র জানায়, তারিকুল ইসলামের পদায়নের পর গত ১৮ অক্টোবর রাজধানীর পান্থপথের কাছাকাছি অবস্থিত মোনায়েম টাওয়ারের পাশে একজন প্রভাবশালী নেতার ব্যবসায়িক অফিসে ঐ অর্থের লেনদেন করা হয়। আর্থিক লেনদেনের বিষয়টি যখন জানাজানি তখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন প্রশাসনে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশে একজন নন ক্যাডার বন কর্মকর্তাকে খাগড়াছড়ি বন বিভাগে পদায়নের জন্য বন প্রশাসনকে প্রস্তাব পাঠানোর জন্য চাপ প্রয়োগ করা হয়। পদায়নকৃত এই বন কর্মকর্তা ইতোপূর্বে খাগড়াছড়ি বন বিভাগের গুরুত্বপূর্ণ রেঞ্জ মাটিরাঙ্গায় রেঞ্জ কর্মকর্তা (ফরেষ্ট রেঞ্জার) হিসেবে দায়িত্ব পালন করেন। ঐ সময় তিনি জোতের মাধ্যমে রিজার্ভের কাঠ পাচার করে মোটা অঙ্কের (কয়েক কোটি টাকা) আর্থিক লাভবান হয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানায়। যে কারণে খাগড়াছড়ি বন বিভাগের আওতাধীন প্রতিটি রেঞ্জ, চেক স্টেশন কাম বিট এবং অন্যান্য বিট এলাকায় সম্পর্কে তার ব্যাপক ধারণাও রয়েছে বলে সূত্র জানায়। সেই হিসাব নিকাষ মাথায় রেখে তিনি মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেই খাগড়াছড়ি বন বিভাগের মতো লোভনীয় পোস্টিংয়ের ক্ষেত্রে ঝুঁকি নিয়েছেন।

বন প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিককে বলেন, ‘খাগড়াছড়ি বন বিভাগে তারিকুল ইসলামের পদায়ন বন অধিদপ্তরের জন্য একটি আত্মঘাতি সিদ্ধান্ত। তিনি একজন নন ক্যাডার কর্মকর্তা। এছাড়া অদক্ষ এবং অযোগ্যও বটে। বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে পদায়ন মানেই হচ্ছে খাগড়াছড়ি বন বিভাগকে গিলে খাবেন তিনি। সেখানে একজন সাহসী, চৌকস, দক্ষ এবং সৎ কর্মকর্তার পদায়ন একেবারেই জরুরী ছিল’। তারিকুল ইসলামের ঘনিষ্ঠ সূত্র জানায়, খাগড়াছড়ি বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ অর্থ আয় করেন। এরপর তিনি সহকারী বন সংরক্ষক (এসিএফ) হিসেবে পদোন্নতি পেয়ে পটুয়াখালী উপকূলীয় বন বিভাগে যোগদান করেন। সেখানে সাড়ে ৪ বছর কর্মরত থাকার সুযোগে সুফল প্রকল্পের উন্নয়ন কাজ থেকে শতকরা ৫ শতাংশ কমিশন আদায় করেন। রাষ্ট্রীয় সম্পদ লুটের মাধ্যমে এক পর্যায়ে তিনি বিপুল সম্পদের মালিক বনে যান। সেই অর্থ বিনিয়োগ করেই খাগড়াছড়ি বন বিভাগের লোভনীয় পোস্টিং বাগিয়ে নিতে সক্ষম হয়েছেন তারিকুল ইসলাম।

তারিকুল ইসলামের পদায়নের কারণে বন প্রশাসনে সাহসী, দক্ষ ও চৌকস বন কর্মকর্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা দুর্নীতি বন্ধে এ ধরনের পদায়ন বাণিজ্যের তীব্র বিরোধিতা করে বলেন, এতে দুর্নীতিবাজরা আরও উৎসাহিত হবে। তারিকুল ইসলামের পদায়নের বিষয়টি পুনঃবিবেচনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বন প্রশাসনের সচেতন কর্মকর্তারা। একজন সহকারী বন সংরক্ষক (এসিএফ) যিনি বিভাগীয় বন কর্মকর্তার চলতি দায়িত্বে রয়েছেন, তাকে পার্বত্যাঞ্চলের এই ঝুঁকিপূর্ণ বন বিভাগে পদায়ন করায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

সূত্র নিশ্চিত করেছে, যিনি কোন যোগ্যতার মাপকাঠিতে খাগড়াছড়ি বন বিভাগের ডিএফও হিসেবে পদায়নের ক্ষেত্রে মোটেই বিবেচ্য নয়, অথচ তাকেই পদায়ন করা হয়েছে। মন্ত্রণালয়েরও একটি সূত্র জানায়, একদিকে জোরালো তদ্বির অন্যদিকে মোটা অঙ্কের আর্থিক লেনদেন এই দুই পরাশক্তির ফলেই এ ধরনের লোভনীয় পোস্টিং বাগিয়ে নিতে সক্ষম হন তারিকুল ইসলাম।

বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করলেও অর্থের লোভে কেউ কেউ এ ধরনের অনৈতিক কর্মকান্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলছেন। এতে সরকারের ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। বিষয়টির গুরুত্বানুধাবন করে দ্রুত তদন্তের মাধ্যমে বদলী আদেশ বাতিল করে জড়িতদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন সচেতনমহল। এ ব্যাপারে ডিএফও তারিকুল ইসলামের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি শুনেই লাইন কেটে দেন। এরপর কয়েকবার ফোন দিলেও তিনি ফোন আর রিসিভ করেননি।




এনআইডি সংশোধনে সাড়ে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় সোয়া লাখ

ডেস্ক নিউজঃ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ১ লাখ ২৮ হাজার ১০টি আবেদন। এ ছাড়া বিভিন্ন কারণে বাতিল হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১৫৭টি আবেদন। 

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য বিশ্লেষণে এসব চিত্র পাওয়া গেছে। আবেদন নিষ্পত্তিতে অগ্রগতি হলেও অযৌক্তিক আবেদন বাছাই, জালিয়াতি প্রতিরোধ ও অপেক্ষমাণ আবেদন কমানোকে গুরুত্ব দিচ্ছে কমিশন। এ জন্য নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ, মাঠপর্যায়ে কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো এবং ঊর্ধ্বতন পর্যায়ে নিয়মিত তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত জমা পড়া এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। ২০২৫ সালের আবেদনগুলোর নিষ্পত্তিও প্রায় শেষ পর্যায়ে। তবে প্রতি মাসে গড়ে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ায় কিছু আবেদন অপেক্ষমাণ থাকছে। এর মধ্যে সংশোধনযোগ্য নয় এমন আবেদন এবং একই বিষয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুনরায় আবেদন করার প্রবণতাও রয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ‘ঘ’ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে ৬৮ হাজার ২৬৯টি আবেদন। ২০২৫ সালের একই ক্যাটাগরিতে অপেক্ষমাণ রয়েছে ৯৮৩টি আবেদন। সব মিলিয়ে এ ক্যাটাগরিতে নিষ্পত্তির অপেক্ষায় থাকা আবেদনের সংখ্যা ৬৯ হাজার ২৫২টি।

অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ১০ হাজার ৬১৫টি, ফরিদপুরে ৫ হাজার ১৪০টি, খুলনায় ৫ হাজার ৮৭১টি, ময়মনসিংহে ৮ হাজার ৩৩২টি এবং রংপুরে ৪ হাজার ৪৭৭টি আবেদন অপেক্ষমাণ রয়েছে। এ ছাড়া সিলেটে ৬ হাজার ৪৬৯টি, রাজশাহীতে ৬ হাজার ৮৭৫টি, বরিশালে ৪ হাজার ২২৬টি, চট্টগ্রামে ৬ হাজার ৬৮৮টি এবং কুমিল্লায় ১০ হাজার ৫৫৯টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ঢাকা ও কুমিল্লা অঞ্চলে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা তুলনামূলক বেশি।

আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে ইসি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে আবেদন নিষ্পত্তির সুযোগ বাড়ানো হয়েছে। সিনিয়র ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট পরিচালকেরা নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আবেদন নিষ্পত্তির মূল লক্ষ্য নির্ভুলভাবে কাজ করা। এমনভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে পরে সংশোধনের প্রয়োজন না পড়ে।

তিনি বলেন, অতীতে অযৌক্তিক আবেদন সব ক্ষেত্রে যথাযথভাবে যাচাই করা হয়নি। এখন যুক্তিসংগত নয় এমন আবেদন বাতিল করা হচ্ছে এবং প্রতিটি আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গত বছর বিশেষ কর্মসূচির মাধ্যমে বিপুলসংখ্যক আবেদন নিষ্পত্তি করা হয়েছে বলেও জানান তিনি।

আখতার আহমেদ আরও বলেন, সংশোধনের জন্য জমা পড়া কিছু আবেদনের ক্ষেত্রে এখন আর সংশোধনের প্রয়োজন নেই। আবার বিদেশে অবস্থানরত ভোটারদের কিছু আবেদনে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে দেওয়া তথ্যের অসংগতি পাওয়া যায়। যাচাই করে এসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাসনদের ভিত্তিতে আবেদন নিষ্পত্তির কার্যক্রমে নজরদারি বাড়িয়েছে কমিশন। সম্প্রতি এ বিষয়ে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।

গত ১৩ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, মাধ্যমিক বা সমমানের শিক্ষাসনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নির্দেশনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অধীনস্থ কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার অন্তত তিনটি আবেদন যাচাই করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে জন্মতারিখ সংশোধনে সিদ্ধান্তের যথার্থতা ও কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে চায় কমিশন।

অপেক্ষমাণ ও বাতিল আবেদনের কারণ ব্যাখ্যা করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বলেন, অনেক আবেদন সংশোধনযোগ্য নয়। বয়স সংশোধনের ক্ষেত্রে কখনো দেখা যায়, বাবা ও সন্তানের বয়সের ব্যবধান মাত্র ১০ বছর। আবার সংশোধনের পর কোনো ব্যক্তির ভোটার হওয়ার সময় বয়স ১৮ বছরের কম ছিল বলে দেখা যায়। এসব অসংগতি থাকলে আবেদন বাতিল করা হয়।

তিনি বলেন, কোনো আবেদন একটি ক্যাটাগরিতে বাতিল হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি অন্য ক্যাটাগরিতে আবার আবেদন করেন। এতে একই ধরনের আবেদনের পুনরাবৃত্তি ঘটে এবং অপেক্ষমাণ আবেদনের সংখ্যা বেশি বলে মনে হতে পারে। অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তিতে নিয়মিত বৈঠক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এনআইডি-সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইসি। সচিব আখতার আহমেদ বলেন, জালিয়াতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হচ্ছে। কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জালিয়াতির বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জালিয়াতি ঘটার আগেই তা প্রতিরোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি প্রযুক্তিগত ব্যবস্থা চালুর সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

এদিকে, প্রতারক চক্রের প্রলোভনে না পড়তে সাধারণ মানুষকে সতর্ক করছে এনআইডি বিভাগ। এ বিষয়ে হেল্পডেস্ক থেকেও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক মো. সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার নতুন আবেদন জমা পড়ার বাস্তবতায় শুধু নিষ্পত্তির গতি বাড়িয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নিবন্ধনের সময় তথ্য যাচাই জোরদার করা, আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার বিষয়ে সচেতন করা এবং প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করাই হবে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ।




টেলিভিশন সাংবাদিকতায় জান্নাতুল কলির এক দশক

বিনোদন ডেস্কঃ করপোরেট জগতে কাজ করার স্বপ্ন নিয়ে কর্মজীবনের প্রস্তুতি শুরু করলেও শেষ পর্যন্ত সাংবাদিকতাকেই নিজের পরিচয় গড়ার ক্ষেত্র হিসেবে বেছে নেন জান্নাতুল কলি। নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যয়, নিরলস পরিশ্রম আর পেশার প্রতি ভালোবাসায় পেরিয়েছেন এক দশকের পথ। বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উপস্থাপনা করছেন দুটি রাজনৈতিক অনুষ্ঠান। সংবাদ উপস্থাপনা থেকে রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা—বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে তাঁর পেশাগত জীবন।

এমন একটি জগতে নিজেকে খুঁজে পান, যেখানে প্রতিদিন নতুন মানুষের গল্প, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সময়ের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। খুব অল্প বয়সেই কর্মজীবন শুরু করেন তিনি। এরপর টেলিভিশন সংবাদমাধ্যম হয়ে ওঠে তাঁর পেশাগত জীবনের প্রধান ক্ষেত্র। এক দশকের এই পথচলায় নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, প্রতিনিয়ত শেখা, দক্ষতা বাড়ানো এবং প্রতিটি দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

তাঁর পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সংবাদ উপস্থাপনা। তবে তাঁর কাছে উপস্থাপনা কেবল সংবাদ পড়ে শোনানোর মধ্যে সীমাবদ্ধ নয়। একজন উপস্থাপকের দায়িত্ব শুধু দর্শকের কাছে খবর পৌঁছে দেওয়া নয়, বরং খবরের প্রাসঙ্গিকতা তুলে ধরা এবং সঠিক তথ্যের ভিত্তিতে বিষয়গুলো বুঝতে সহায়তা করাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তাঁর বিশ্বাস, সংবাদ তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা মানুষের চিন্তাকে সমৃদ্ধ করে, প্রশ্ন করতে শেখায় এবং চারপাশের বাস্তবতা সম্পর্কে সচেতন করে।

এই দৃষ্টিভঙ্গিই পেশার প্রতি তাঁর আগ্রহ আরও গভীর করেছে। সংবাদ উপস্থাপনার পাশাপাশি সমাজ, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগকেও পেশাগত দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখেন তিনি।

নিজের পরিচয় সম্পর্কে বলতে গিয়ে জান্নাতুল কলি নিজেকে একজন পরিশ্রমী ও বিনয়ী মানুষ হিসেবেই দেখতে চান। তাঁর কাছে সাফল্য কোনো নির্দিষ্ট পদবি বা পরিচয়ে পৌঁছানোর নাম নয়; বরং নিজের কাজের প্রতি সৎ থাকা, দায়িত্বকে গুরুত্ব দেওয়া এবং প্রতিদিন আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়াই সাফল্যের অংশ। পেশাগত জীবনের উত্থান-পতনকেও তিনি শেখার প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেন।

দশ বছর আগে শুরু হওয়া তাঁর এই যাত্রা এখনো চলমান। ভবিষ্যতে সংবাদমাধ্যমে কাজ করতে আগ্রহীদের উদ্দেশে জান্নাতুল কলির পরামর্শ, সাংবাদিকতাকে শুধু চাকরি বা উপার্জনের মাধ্যম হিসেবে দেখলে এই পেশার প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব নয়।

তাঁর মতে, সাংবাদিকতার প্রভাব সময় ও আর্থিক প্রাপ্তির হিসাবকে ছাড়িয়ে যেতে পারে। মানুষের কথা বলা, সমাজের বাস্তবতা তুলে ধরা, জনস্বার্থের প্রশ্ন সামনে আনা এবং দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগের মধ্যেই এ পেশার গভীরতা নিহিত।




ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ

ডেক নিউজঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পড়ে থাকা এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও ওয়াশরুমের অবস্থাও তদারকি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার হঠাৎ পরিদর্শনে এসে হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনের হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন।

এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে ছুটির কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানানো হয়।

এর আগে সকালে আকস্মিক পরিদর্শনে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে টেন্ডার আহ্বান করা হবে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, এ খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা আনা এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলল আফগানিস্তান

খেলাধুলা ডেস্কঃ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলেছে দলটি। আট নম্বর থেকে সাত নম্বরে উঠে এসেছে আফগানরা। অন্যদিকে টানা দুই হারে দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।

শারজাহতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গতকাল জিম্বাবুয়েকে ১৬৯ রানে অলআউট করে আফগানিস্তান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিন উইকেট নেন অধিনায়ক রশিদ খান। এ ছাড়া ফজলহক ফারুকী, মোহাম্মদ নবি ও বিলাল সামি দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫তম ওভারেই জয় নিশ্চিত করে আফগানিস্তান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইব্রাহিম জাদরান। ৯৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

উদ্বোধনী জুটিতে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ৬৮ রান যোগ করেন ইব্রাহিম। গুরবাজের ৩৬ রানে সাজানো ইনিংসের পর তৃতীয় উইকেটে অধিনায়ক রহমত শাহর সঙ্গে আরও ৮২ রানের জুটি গড়েন তিনি। রহমত করেন ৪৩ রান। ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও ওঠে ইব্রাহিমের হাতে।

অন্যদিকে পুরো টুর্নামেন্টে বল হাতে দুর্দান্ত ছিলেন রশিদ খান। ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন আফগান এই তারকা।

সিরিজ জয়ের প্রভাব পড়েছে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও। দুই পয়েন্ট অর্জন করে সাত নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। বিপরীতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে দুই পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড। ফলে ছয় নম্বর থেকে আট নম্বরে নেমে গেছে ইংলিশরা।

ইংল্যান্ডের এই পতনে লাভ হয়েছে শ্রীলঙ্কার। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। ফাইনালে ওঠার সুবাদে দুই পয়েন্ট পেলেও ১১ নম্বরেই রয়েছে জিম্বাবুয়ে।

এদিকে পুরো সিরিজে কোনো ম্যাচ জিততে না পারায় দুই পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। তবে পয়েন্ট কমলেও র‍্যাঙ্কিংয়ে নবম অবস্থান ধরে রেখেছে টাইগাররা।




ফিলিপাইনের আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, সংঘর্ষের পর দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হলেও অন্য কেউ হতাহত হননি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এর আগে গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায়ও দুই পাইলট নিহত হয়েছিলেন।




প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে সামনে রেখে ঢাকা-নারিতা রুটে ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটির পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বর্তমানে ঢাকা থেকে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সোমবার একটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। নতুন সূচি অনুযায়ী, সোমবারের পাশাপাশি প্রতি বৃহস্পতিবারও ফ্লাইট চলাচল করবে। এতে দুই দেশের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, চলতি মাসের শেষ দিকেই ঢাকা-নারিতা রুটে দ্বিতীয় ফ্লাইট যুক্ত হচ্ছে। আগামী ২৯ অক্টোবর থেকে নতুন ফ্লাইটটি নিয়মিত পরিচালিত হবে।

তিনি জানান, ফ্লাইটের সংখ্যা বাড়ায় জাপানপ্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই থেকে রুটটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তী সময়ে চলতি বছরের জুলাইয়ে ঢাকা-নারিতা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করে বিমান। এবার প্রধানমন্ত্রীর জাপান সফরকে সামনে রেখে রুটটিতে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে।




হাইব্রিড মডেলেই হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

খেলাধুলা ডেস্কঃ ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছাড়া অন্য সব ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান। অন্যদিকে, ভারতীয় দলের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হচ্ছে। আইসিসি জানিয়েছে, ১২ দলের এই আসরটি ২০২৮ সালের ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে প্রধান আয়োজক হিসেবে থাকবে পাকিস্তান।

ভারতের ম্যাচগুলোর জন্য নিরপেক্ষ ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে আইসিসি নিশ্চিত করেছে, টুর্নামেন্টে এমন একটি ব্যবস্থা থাকবে। পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান টুর্নামেন্টটি আয়োজনে প্রস্তুত থাকলেও, তারা আইসিসির কাছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যবহৃত ‘হাইব্রিড মডেল’  আয়োজন পদ্ধতিটিই অনুসরণ করার অনুরোধ জানাবে। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্রটি বলছে, আমরা উভয় গ্রুপের ম্যাচগুলো এবং নকআউট পর্বের যেসব ম্যাচে ভারত নেই, সেগুলো আয়োজন করতে চাই।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত সম্ভবত সবার জন্যই নিরপেক্ষ ভেন্যু হিসেবে সেরা পছন্দ হবে; কারণ পাকিস্তান থেকে দুবাইয়ের দূরত্ব কম, ফলে লজিস্টিক বা ব্যবস্থাপনার খরচ কম হবে এবং কাজগুলো পরিচালনা করাও সহজ হবে। এই ব্যবস্থাটি ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসি ইভেন্টগুলোর জন্য সম্মত হওয়া ‘হাইব্রিড মডেল’-এর অংশ।

এই মডেল অনুযায়ী, কোনো একটি দেশ টুর্নামেন্ট আয়োজন করলে, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়। আইসিসি ২০২৪ সালের ডিসেম্বরে এই ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করে এবং ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও তা কার্যকর রাখার সিদ্ধান্ত নেয়। ‘হাইব্রিড মডেল’-এর আয়োজিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির সময়ও কার্যকর ছিল, যেখানে ভারতের ম্যাচগুলোর জন্য দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা হয়েছিল। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলেছিল, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচটিও ছিল। টুর্নামেন্টের মোট ১৫টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছিল।

অন্যান্য বড় টুর্নামেন্টেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৩ এশিয়া কাপের সময় ভারত তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলেছিল। একইভাবে ভারতে অনুষ্ঠিত ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো কলম্বোতে খেলেছিল, যার মধ্যে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিও অন্তর্ভুক্ত ছিল।

পিসিবি-এর একটি সূত্র অনুযায়ী, ভারত যদি যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়, তবে লাহোরে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। যদিও আইসিসি এখনও ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। সূত্রটি আরও জানিয়েছে, এই টুর্নামেন্ট আয়োজন করলে পাকিস্তানে নারী ক্রিকেটের ব্যাপক উন্নতি হবে। পাকিস্তানও এই বৈশ্বিক আসরের আগে একটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়ে তোলার ব্যাপারে অত্যন্ত আগ্রহী।

২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘হাইব্রিড মডেল’-এর জন্য আরও একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে, কারণ ভারত ও পাকিস্তান বিভিন্ন বহুজাতিক টুর্নামেন্টে এখনও নিরপেক্ষ ভেন্যুতেই তাদের ম্যাচগুলো খেলে আসছে।




মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

খেলাধুলা ডেস্কঃ বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬’ জিতে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ঐতিহাসিক এই অর্জনের পর আবেগঘন বার্তা দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব এফসি বার্সেলোনা। ২০২১ সালে কাতালান ক্লাবটিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন মেসি।

শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে এই সম্মানজনক স্মারক গ্রহণ করেন ৩৯ বছর বয়সী মেসি। তার এই অর্জনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করে সাবেক ক্লাব বার্সেলোনা।

ক্লাবের অফিশিয়াল বার্তায় জানানো হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় লিও মেসিকে অভিনন্দন। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। তোমার অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার এবং মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’

মেসির সঙ্গে নিজেদের দীর্ঘ সম্পর্কের কথাও স্মরণ করেছে বার্সেলোনা। ক্লাবটির ভাষ্য, মেসির বর্ণাঢ্য ও সফল ক্যারিয়ারে বার্সেলোনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই সম্পর্ক শুধু অতীতের সাফল্যের স্মৃতি নয়, বরং ক্লাবের ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ। মেসির সঙ্গে এই বন্ধন সব সময় তাদের গর্বের উৎস হয়ে থাকবে।

বার্সেলোনার এই বার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে ২০২১ সালের সেই বিদায়। দীর্ঘ দুই দশকের সম্পর্কের ইতি টেনে সেবার অশ্রুসিক্ত চোখে প্রিয় ক্লাব ছাড়তে হয়েছিল মেসিকে। আর্থিক সংকটের কারণে তার সঙ্গে নতুন চুক্তি করতে পারেনি বার্সেলোনা। এরপর ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেইয়ে যোগ দেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

তবে পুরস্কারটি ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল। ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর স্পেনে মেসিকে এই সম্মাননা না দেওয়ার দাবিতে কিছু আবেদন ও পিটিশন জমা পড়েছিল। শেষ পর্যন্ত সেসব বিতর্ক উপেক্ষা করেই প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন মেসির নাম চূড়ান্ত রাখে।

উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দিয়েছিলেন মেসি। সেখান থেকেই শুরু হয় তাঁর কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা। মূল দলের হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছেন তিনি। তার হাত ধরেই ক্লাবটি জিতেছে ১০টি লা লিগা ও চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য শিরোপা।




নতুন টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে পিসিবি

খেলাধুলা ডেস্কঃ ভারতের সঙ্গে চলমান বৈরীতার কারণে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস’ (ডব্লিউসিএল) থেকে সরে আসার পর নতুন করে নিজেদের একটি লিগ চালু করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ‘হংকং সিক্সস’-এর আদলে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি ছয়জনের দলের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা ক্রমাগত বাড়তে থাকায় পিসিবি তাদের পরিধি আরও বিস্তৃত করতে যাচ্ছে। তারা নতুন প্রতিভা খুঁজে বের করতে এবং দর্শকদের আরও আনন্দদায়ক ও আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চায়। পিএসএলের একটি পডকাস্টে কথা বলার সময় লিগটির প্রধান নির্বাহী সালমান নাসির জানান, মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি একটি নতুন ছয়জনের টুর্নামেন্ট নিয়ে কাজ করছে, যার নাম হবে ‘পিএসএল সিক্সস’।

তিনি বলেন, এখনও চূড়ান্ত কিছু হয়নি, তবে বেশ কিছু চমৎকার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি হলো ‘পিএসএল সিক্সস’ নামে ছয়জনের টুর্নামেন্ট, যা অফ-সিজনে আয়োজন করা হবে। আমরা এটি চালু করার সম্ভাবনা খতিয়ে দেখছি। নিয়মিত আয়োজিত হলে এটি দর্শকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর, আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়ে উঠবে।

এই কর্মকর্তা আরও বলেন, আমরা হয়তো ছোট স্টেডিয়াম বা ছোট শহরগুলোতেও যেতে পারি, যেখানে এখন পর্যন্ত পিএসএল নিয়ে যাওয়া সম্ভব হয়নি, অথচ সেখানকার দর্শকরা ক্রিকেট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাই ছোট পরিসরের কোনো আয়োজন করা সম্ভব হতে পারে, সেই বিষয়টিই খতিয়ে দেখছি।

‘হংকং সিক্সস’-এ বিশ্বের বিভিন্ন দেশের দলগুলো অংশ নেয়, কিন্তু এই টুর্নামেন্টটি পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিভিন্ন দেশের পরিবর্তে বিভিন্ন শহর ও অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলগুলো অংশ নেবে।

উল্লেখ্য, ‘হংকং সিক্সস’-এর ইতিহাসে পাকিস্তান সবচেয়ে সফল দল। ১৯৯২ সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে তারা ছয়বার শিরোপা জিতেছে এবং বর্তমানেও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টুর্নামেন্টটির পরবর্তী আসর ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।